পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতির অস্থিতিশীল রঙ্গমঞ্চের চিত্রনাট্য উল্টোদিকে বাঁক নিয়েছে। দশকের পর দশক যেখানে ওয়াশিংটন ও তেহরানের ক্ষমতার অলিন্দ পারস্পরিক সন্দেহে ভরপুর ছিল, সেখানে প্রচলিত কূটনীতি তেমন কিছুই করতে পারেনি। কিন্তু ২০২৬ সালের ইরান-মার্কিন সংঘাত যখন তুঙ্গে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সেতু আমরা দেখেছি ইসলামাবাদে; জেনেভা বা দোহায় নয়।
চলমান সংকটে পাকিস্তানের অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভাবের প্রেক্ষিতে নয়াদিল্লির কাছ থেকে পরিপক্ব ও পরিশীলিত প্রতিক্রিয়া আসা দরকার। বর্তমান সংকটের ব্যাপকতা অনুভব করা দরকার, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন এবং উক্ত অঞ্চলে এর প্রভাব হতো মারাত্মক। এসব মোকাবিলায় রাষ্ট্রনায়কোচিত অবস্থান অপরিহার্য করে তুলেছে। সত্য যে, পাকিস্তানি প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় আপাতদৃষ্টিতে ওয়াশিংটনে রচিত বার্তা পোস্ট করে কূটনৈতিকভাবে ভুল করেছেন, যা ইঙ্গিত দেয়– যুক্তরাষ্ট্র হয়তো কেবল পাকিস্তানকে যুদ্ধবিরতিতে নিরপেক্ষ বা মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করছে। পাকিস্তান যদি প্রকৃত উদ্যোক্তার বদলে কূটনৈতিক ঢাল হয়েও থাকে, তবুও ভারতকে এখন কৌশলগত সংযম, আঞ্চলিক দায়িত্ববোধ এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে তার ভূমিকা পালন করতে হবে।
পাকিস্তান হঠাৎ কেন ট্রাম্প প্রশাসন ও ইরানি নেতৃত্বের মধ্যে মধ্যস্থতায় নেমেছে– বুঝতে হলে দেশটি যে অনন্য ‘কানেকটিভিটি ম্যাট্রিক্স’ বা যোগাযোগ সূত্রের চর্চা করেছে, তা দেখতে হবে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্ক আর পেছনের দরজার গুজবের বিষয় নয়; এটি এখন বাস্তবতা। ব্যক্তিকেন্দ্রিক কূটনীতির প্রতি ট্রাম্পের ঝোঁক রয়েছে, যেখানে মুনিরকে তিনি তাঁর ‘প্রিয় ফিল্ড মার্শাল’ বলে ডাকেন। অপারেশন সিন্দুরের সময় ভারত-পাকিস্তান সংকটের মধ্যে তাদের এই সখ্য গড়ে ওঠে।
একই সঙ্গে ইরানের বাইরে বৃহত্তম শিয়া জনগোষ্ঠী পাকিস্তানে বাস করে। প্রায় চার কোটি শিয়ার কারণে ইসলামাবাদের যে সাংস্কৃতিক ও সাম্প্রদায়িক গুরুত্ব রয়েছে, তেহরান তাকে সমীহ করে। পাকিস্তানে উপসাগরীয় দেশগুলোর রাজতন্ত্র নেই, যাদের ইরান তার অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে দেখে বা তুরস্কের মতো নয়, যার ন্যাটো সদস্যপদ অবিশ্বাসের একটি স্থায়ী কাচের দেয়াল তৈরি করে। ইরান পাকিস্তানকে প্রতিবেশী হিসেবে দেখে। যদিও উভয়ের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল না বা পাকিস্তান তার শিয়া সংখ্যালঘুদের প্রতি সদয় নয়, ইরানের সেখানে ‘সরাসরি স্বার্থ’ আছে। পাকিস্তানের সঙ্গে ইরানের ৯০০ কিলোমিটার সীমান্ত, ইসলামাবাদের কাছে যুদ্ধ মানে কেবল বিমূর্ত ভূ-রাজনীতি নয় বরং সম্ভাব্য শরণার্থী ঢল ও সাম্প্রদায়িক সংকটের দুঃস্বপ্ন।
এটিই ‘ইসলামাবাদ চ্যানেল’, যে চ্যানেল ইতোমধ্যে তার শক্তি প্রমাণ করেছে। চীনের সঙ্গে পাকিস্তানের ‘অল-ওয়েদার’ বা সব সময়কার জোট; সৌদি আরবের সঙ্গে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি এবং ইসলামী বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ হিসেবে তার মর্যাদা রয়েছে। যা মিসর, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ইসলামাবাদ সফরে আরও শক্তিশালী হয়েছে। ফলে এই চ্যানেলের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে।
এই উদ্যোগ বিকাশের সময় ভারত দ্বিধা-দ্বন্দ্বে ভুগেছে। পাকিস্তানের কূটনৈতিক সাফল্যকে খারিজ করার প্রবৃত্তি ‘জিরো সাম’ (ওর লাভ মানেই আমার ক্ষতি) যুগের আলামত, যা একবিংশ শতাব্দীর তৃতীয় দশকের ভূ-রাজনীতি ভেঙে দিয়েছে। তার পরিবর্তে, নয়াদিল্লির উচিত একটি ত্রিস্তরীয় কৌশল গ্রহণ করা, যা সংকীর্ণ প্রতিদ্বন্দ্বিতার ওপর আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেয়।
প্রথমত, ভারতকে অবশ্যই গ্লোবাল সাউথে শান্তির পক্ষে জোরালো আহ্বান জানাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানকে আক্রমণ করছে এবং ইরান যখন তার উপসাগরীয় প্রতিবেশীদের বিরুদ্ধে পাল্টা আঘাত করছে, তখন বাকি বিশ্ব জ্বালানি মূল্যস্ফীতি ও সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার ফলস্বরূপ এই সংঘাতের সর্বোচ্চ মূল্য দিচ্ছে। এই দেশগুলোর একটি শীর্ষস্থানীয় কণ্ঠস্বর হিসেবে ভারতের নৈতিক ও কূটনৈতিক প্রভাব যুদ্ধ বন্ধের দাবিতে ব্যবহার করা উচিত। কোনো যুদ্ধরত পক্ষকে নিন্দা না করেই শান্তির পক্ষে দাঁড়িয়ে ভারত দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে তার পরিচয় আরও দৃঢ় করেছে।
দ্বিতীয়ত, ভারতকে পাকিস্তানি উদ্যোগকে একজন বিক্ষুব্ধ সমালোচকের নয় বরং একজন আগ্রহী প্রতিবেশীর তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে হবে। শান্তি প্রক্রিয়ার ব্যর্থতা কামনা করায় কোনো কৌশলগত সুবিধা নেই। যদি ‘ইসলামাবাদ চ্যানেল’ ওয়াশিংটন ও তেহরানকে একই লক্ষ্যে আনতে সফল হয়, তাহলে তা হবে আঞ্চলিক নিরাপত্তার জয়। প্রশমিত ইরান যুদ্ধ মানে স্থিতিশীল জ্বালানি বাজার এবং ভারতীয় স্বার্থ রক্ষা। আমরা কেন তার নিন্দা করব?
ইসলামাবাদের সংলাপ সফল হলে ভারতের উচিত শান্তির প্রত্যাবর্তন উদযাপনে প্রথমদের মধ্যে থাকা। প্রতিবেশীর সফল মধ্যস্থতা উদযাপন আমাদের মর্যাদা হ্রাস করবে না; সবাই জানে, পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের স্থিতিশীলতার জয় সবার জন্যই জয়। তাকে বিদ্রূপ করা বিশ্বকে সংকেত দেবে– ভারতের পররাষ্ট্রনীতি বিদ্বেষ দ্বারা চালিত; বাস্তবতা দ্বারা নয়। ভারতের কণ্ঠস্বর স্পষ্ট হওয়া চাই: আমরা শান্তির পক্ষে, মধ্যস্থতাকারী যে-ই হোক না কেন।
শশী থারুর: ভারতের রাজনীতিবিদ ও বিশ্লেষক; কংগ্রেসের সংসদ সদস্য; ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
