বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে ফেব্রুয়ারি মানেই এক অমর আবেগের নাম আর একুশে । শহীদ দিবসের বেদনা, মাতৃভাষার গৌরব, আর বইয়ের প্রতি আমাদের অবিচল ভালোবাসা- এই তিনটির সম্মিলনেই দাঁড়িয়ে আছে মহান একুশে বইমেলা। এই মেলা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি বাংলাদেশের আত্মপরিচয়ের প্রতীক, ভাষা ও চিন্তার স্বাধীনতার প্রাণস্পন্দন। আশ্চর্যের বিষয়, বর্তমানে বইমেলাকে কেন্দ্র করেও রাজনীতি, সিদ্ধান্তহীনতা এবং প্রশাসনিক টালবাহানা দেখা যাচ্ছে। একে ফেব্রুয়ারির গণ্ডি থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে- কখনো নির্বাচনের অজুহাতে, কখনো ধর্মীয় উৎসব বা রমজানের ছুতোয়। কিন্তু প্রশ্ন হলো, বইমেলা কি কোনো প্রশাসনিক সুবিধার বিষয়, নাকি জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অঙ্গ? বইমেলার জন্ম ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি।
মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ তখনও ধ্বংসস্তূপ থেকে দাঁড়াতে শিখছে। ঠিক সেই সময় বইপ্রেমী মানুষ চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বটতলায় এক টুকরো চটের ওপর সাজালেন মাত্র ৩২টি বই। বইগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত। সেই দিনটিই বাংলাদেশের বইমেলার ইতিহাসের সূচনা দিন। পরের বছর বাংলা একাডেমি একুশে উপলক্ষে বই বিক্রির আয়োজন করে। ধীরে ধীরে এই প্রদর্শনী রূপ নেয় জাতির আত্মপরিচয়ের উৎসবে-অমর একুশে গ্রন্থমেলায়। বইমেলা কেবল একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম নয়; এটি বাঙালির চিন্তা, মতপ্রকাশ ও পাঠসংস্কৃতির উৎস। এই মেলাকে ফেব্রুয়ারির বাইরে সরানো মানে কেবল একটি তারিখ পরিবর্তন নয়- এটি মানে ইতিহাসের কেন্দ্রবিন্দু থেকে জাতির হৃদয়কে সরিয়ে নেওয়া।
ভাষার প্রতি ভালোবাসা ও বইয়ের মিলনমেলা ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজনের পেছনে কেবল ঐতিহাসিক কারণই নয়, রয়েছে আবেগ ও মানবিক যোগসূত্র। একদিকে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অন্যদিকে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস-এই সময়টিই সারা দেশের তরুণ-তরুণী, লেখক-পাঠক, প্রকাশক ও শিল্পমনা মানুষদের মিলনের এক অনন্য সন্ধিক্ষণ। ফেব্রুয়ারির বইমেলা মানেই রঙিন এক সামাজিক উল্লাস যেখানে ভালোবাসা, ভাষা, চিন্তা ও সংস্কৃতি একই মঞ্চে মিলিত হয়। প্রিয়জনকে বই উপহার দেওয়া, লেখকের স্বাক্ষর নেওয়া, কিংবা নতুন বইয়ের গন্ধে ভরে ওঠা একাডেমি প্রাঙ্গণ-এসবই ফেব্রুয়ারির স্মারকচিহ্ন। এই মেলাকে ডিসেম্বর বা জানুয়ারিতে সরিয়ে নেওয়া মানে সেই জীবন্ত স্মৃতিগুলোকে ক্যালেন্ডারের পৃষ্ঠায় নির্বাসনে পাঠানো।
\r\nবাংলাদেশে রাজনীতি প্রায়ই সংস্কৃতির ওপর ছায়া ফেলেছে। কিন্তু ইতিহাস বলে, যে জাতি সংস্কৃতি ও ভাষার জন্য রক্ত দিয়েছে, সে জাতি কখনোই রাজনীতির অজুহাতে তার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিলীন হতে দেয় না। বইমেলা পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে নির্বাচন, প্রশাসনিক ব্যস্ততা, কিংবা নিরাপত্তা ইস্যু। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ সব কারণ কি ফেব্রুয়ারির বইমেলা থামাতে পারে? অবশ্যই না। কারণ বইমেলা কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়; এটি জাতির অনুষ্ঠান। এখানে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দল নেই-এখানে আছে লেখক-পাঠক-প্রকাশকের এক অরাজনৈতিক মানবিক ঐক্য। সরকার ও নীতি-নির্ধারকদের বুঝতে হবে, সংস্কৃতির ওপর রাজনীতি চাপিয়ে দিলে রাষ্ট্রের আত্মা শুকিয়ে যায়। একুশের বইমেলা বাতিল বা স্থানান্তর মানে জাতীয় চেতনার ওপর আঘাত।
বর্তমান সময়ের বইমেলাগুলোয় আমরা লক্ষ্য করছি এক ধরনের বিচ্ছিন্নতা। অনেকে অভিযোগ করেন- বই বের হয় বেশি, পাঠক কম। এই বক্তব্যে আংশিক সত্য থাকলেও, এর অন্তর্নিহিত মানসিকতা আসলে আত্মবিরোধী। কারণ পাঠক তৈরি হয় বইমেলার মতো প্ল্যাটফর্ম থেকেই। লেখকের উপস্থিতি, স্বাক্ষর, আলোচনা, পাঠ প্রতিযোগিতা-সব মিলিয়ে বইমেলা হয়ে ওঠে পাঠক তৈরির কারখানা। যখন কেউ বলে পাঠক নেই , তখন সে আসলে নিজের আওতাকেই স্বীকার করছে। পাঠকের ঘাটতি নয়, বরং বইয়ের প্রতি জাতির আবেগ ফিরিয়ে আনাই এখন চ্যালেঞ্জ। আর তার জন্য ফেব্রুয়ারির বইমেলা হলো সর্বশ্রেষ্ঠ সুযোগ। \r\nবাংলা একাডেমি বরাবরই এই মেলার আয়োজক হিসেবে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একাডেমির সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও দূরদৃষ্টি নিয়ে প্রশ্ন উঠছে।
২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর একাডেমি ঘোষণা দেয়, ২০২৬ সালের বইমেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলবে। যুক্তি দেওয়া হয় নির্বাচন ও রমজানের কথা ভেবে সময় এগিয়ে আনা হচ্ছে। এই সিদ্ধান্ত প্রকাশক, লেখক এবং সংস্কৃতি-মনস্ক নাগরিকদের এক বড় অংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে আবার ২৮ সেপ্টেম্বর একাডেমি জানায়, নির্বাচনের কারণে বইমেলা স্থগিত। এই দ্বিধাগ্রস্ততা কেবল প্রশাসনিক অদক্ষতা নয়; এটি সাংস্কৃতিক দূরদৃষ্টির অভাবেরও প্রতীক। একাডেমির উচিত ছিল জাতীয় ঐতিহ্যের রক্ষক হিসেবে সরকারের কাছে স্পষ্ট অবস্থান নেওয়া-বইমেলা ফেব্রুয়ারিতেই হবে, প্রয়োজনে বিকল্প নিরাপত্তা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু একাডেমি তা করেনি।
বাংলাদেশের বইমেলা এখন শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক মর্যাদা অর্জনের পথে। প্রতিবছর পশ্চিমবঙ্গ, নেপাল, ভারত, জাপান, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয় এতে। সময় এসেছে বইমেলাকে আন্তর্জাতিক একুশে বইমেলা হিসেবে সম্প্রসারিত করার। বাংলাদেশ যদি ১৯৮টি দেশের লেখক ও প্রকাশককে আমন্ত্রণ জানিয়ে একটি বৈশ্বিক সাহিত্য উৎসব আয়োজন করতে পারে, তবে তা শুধু সংস্কৃতির গৌরব নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বিপুল সম্ভাবনা তৈরি করবে। বিশ্ব যখন ক্রমেই ডিজিটাল পাঠাভ্যাসে ঝুঁকছে, তখন বাংলাদেশ যদি বইকে কেন্দ্র করে মানবিক সংলাপ ও পাঠ জাতীয় সেতুবন্ধন তৈরি করতে পারে, সেটাই হবে প্রকৃত ডিজিটাল মানবিক বিপ্লব । বইমেলা কেবল সাহিত্য নয়; এটি নৈতিকতার প্রশিক্ষণশালা।
এখানে মানুষ শেখে কীভাবে ভিন্নমতকে শ্রদ্ধা করতে হয়, কীভাবে শব্দের ভেতর দিয়ে সত্য খুঁজে নিতে হয়। রাজনীতি যেখানে বিভাজন তৈরি করে, বইমেলা সেখানে ঐক্য সৃষ্টি করে। তাই বইমেলা স্থগিত করা মানে শুধু একটি অনুষ্ঠান বাতিল নয়, বরং জাতির নৈতিক চেতনায় বিভ্রাট সৃষ্টি করা। আজ আমাদের সমাজে মিথ্যা প্রচারণা, অশিক্ষা ও অসহিষ্ণুতা বাড়ছে। এর প্রতিষেধক রাজনীতি নয়, পাঠাভ্যাস ও নৈতিক সংস্কৃতি। যখন আমরা বই পড়ি, তখন আমরা অজ্ঞতা ও ঘৃণার বিরুদ্ধে লড়াই করি। তাই বইমেলা হলো সেই যুদ্ধক্ষেত্র যেখানে অস্ত্র শব্দ, আর শক্তি হলো চিন্তা। \r\nবর্তমান অন্তর্বর্তী সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূসের প্রতি এখানে একটি আন্তরিক আবেদন রাখছি, আপনি যেমন অর্থনৈতিক চিন্তায় বিশ্বকে নতুন দিক দেখিয়েছেন, তেমনি এবার সংস্কৃতি ও নৈতিকতার দিক থেকেও বাংলাদেশকে নতুন পথ দেখান। একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই হোক। এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা হবে না, বরং জাতির আত্মপরিচয়ের প্রতি সরকারের অঙ্গীকার হিসেবে থাকবে ইতিহাসে। যদি সম্ভব হয়, বইমেলাকে আন্তর্জাতিক রূপ দিয়ে বাংলাদেশকে সাহিত্য-কূটনীতির নতুন কেন্দ্রে পরিণত করুন। পৃথিবী জানুক, এই জাতি যুদ্ধ করেছে ভাষার জন্য, আর এখন লড়ছে জ্ঞানের জন্য। বইমেলা মানে আলোর উৎসব। আমরা যারা বই ভালোবাসি, তারা জানি, বইমেলা কেবল একটা জায়গা নয়; এটি এক অনুভূতি। সেখানে হারিয়ে যায় সময়, মিশে যায় মানুষ, জেগে ওঠে এক জাতির স্বপ্ন। বইমেলা না হলে আমরা শুধু কয়েকটা বই হারাব না, হারাব আমাদের অতীত, গৌরব ও ভবিষ্যৎ প্রজন্মের শেখার পরিবেশ। তাই আমাদের দাবি একটাই, রাজনীতি নয়, নৈতিক মনোভাব চাই। ফেব্রুয়ারিতেই হোক অমর একুশে আন্তর্জাতিক বইমেলা। এটাই হোক ২০২৬ সালের বাংলাদেশ সরকারের সংস্কৃতি-মনস্ক সিদ্ধান্তের চূড়ান্ত রূপ- যেখানে বই থাকবে, পাঠ থাকবে এবং মানবতা টিকে থাকবে।
