উৎসব মানেই আনন্দের বারতা, হৃদয়ে নতুন স্পন্দনের ছোঁয়া। পৃথিবীর প্রতিটি প্রান্তে উৎসব আসে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে, জীবনের ক্লান্তি দূর করতে। তবে এই আনন্দের রঙ দেশভেদে ভিন্ন হতে দেখা যায়। বিশেষ করে, যখন বিষয়টি বাজার অর্থনীতির সাথে যুক্ত হয়। বৈশ্বিক প্রেক্ষাপটে উৎসব মানেই হলো ত্যাগের মহিমায় পণ্যমূল্য কমিয়ে সাধারণের নাগালে আনা। অথচ, আমাদের দেশে উৎসবের পদধ্বনি শোনামাত্রই এক শ্রেণির অসাধু সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপণ্যের বাজার যেন আগ্নেয়গিরির মতো উত্তপ্ত হয়ে ওঠে। এই বৈপরীত্য কেবল অর্থনীতির বিষয় নয়, বরং এটি আমাদের নৈতিক অবক্ষয় এবং সামাজিক কাঠামোর এক গভীর সংকটের প্রতিফলন।

পাশ্চাত্যের দেশগুলোতে বড়দিন বা ব্ল্যাক ফ্রাইডের সময় ব্যবসায়ীরা প্রতিযোগিতায় নামেন কে কত বেশি ছাড় দিতে পারেন। সেখানে দোকানে দোকানে ঝুলে থাকে ‘ছাড়’ এর বড় বড় ব্যানার, যা দেখে ক্রেতার চোখে আশার আলো জ্বলে ওঠে। অন্যদিকে, বাংলাদেশের রমজান বা ঈদের আগে ব্যবসায়ীরা যেন এক গোপন চুক্তিতে আবদ্ধ হয়, যেখানে মূল লক্ষ্য থাকে সাধারণের পকেট কাটা। এই যে ভৌগোলিক অবস্থানের পার্থক্যে ব্যবসার নীতির আমূল পরিবর্তন, তা সত্যিই বিস্ময়কর। যখন লন্ডনের রাস্তায় সাধারণ মানুষ সস্তায় শীতের কাপড় কেনে, তখন ঢাকার কাঁচাবাজারে বেগুন আর শসার দাম আকাশছোঁয়া হয়ে ওঠে, যা অর্থনীতির স্বাভাবিক চাহিদাগত সূত্রকেও হার মানায়।

মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে দেখা যায়, পৃথিবীর অন্য প্রান্তের ব্যবসায়ীরা উৎসবকে দেখে গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির সুযোগ হিসেবে। তারা বিশ্বাস করে, উৎসবে কম লাভে পণ্য দিলে ক্রেতার যে আনুগত্য পাওয়া যায়, তা দীর্ঘস্থায়ী ব্যবসার মূলধন। কিন্তু আমাদের দেশের এক শ্রেণির ব্যবসায়ীর মনস্তত্ত্ব কেবল ‘একবার মারলেই কেল্লাফতে’ নীতিতে বিশ্বাসী। তাদের এই লোভাতুর মানসিকতা উৎসবের আনন্দকে সাধারণ মানুষের জন্য বিষাদে পরিণত করে। একজন রিকশাচালক যখন সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর এক কেজি চাল বা তেলের বাড়তি দাম শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তখন সেই নীরব দীর্ঘশ্বাস আকাশের দিকে চেয়ে বলেÑহায় রে উৎসব, তুমি কি কেবল ধনীদের জন্য? ধর্মীয় দৃষ্টিতে উৎসব মানেই হলো অন্যের সাথে ভাগ করে নেওয়া, ত্যাগের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা। ইসলামে মজুদদারি বা কৃত্রিম সংকট তৈরিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অথচ, বাংলাদেশে ধর্মীয় লেবাসধারী অনেক ব্যবসায়ী। উৎসবের প্রাক্কালে অনৈতিকভাবে দাম বাড়িয়ে ধর্মকেই অবমাননা করে। এটি যেন এক অদ্ভুত অসঙ্গতি, যেখানে মুখে ধর্মের বুলি থাকলেও কর্মে থাকে চরম শোষণের চিত্র। স্রষ্টা যেখানে ত্যাগের শিক্ষা দেন, সেখানে আমাদের ব্যবসায়ীরা গ্রহণ আর লুণ্ঠনের প্রতিযোগিতায় লিপ্ত হয়।

সামাজিক দায়বদ্ধতার অভাব আমাদের বাজার ব্যবস্থাকে এক নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। উন্নত বিশ্বে ব্যবসায়ীরা সমাজের অংশ হিসেবে নিজেদের মনে করে, তারা জানে সমাজ ভালো থাকলে তারাও ভালো থাকবে। আমাদের দেশে ক্ষুদ্র বিক্রেতা থেকে শুরু করে বড় আমদানিকারকÑসবার মধ্যেই এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি গেঁড়ে বসেছে। যখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বাজার তদারকি করতে যান, তখন তাদের ওপর হামলা করা হয়। সাধারণ মানুষের হাহাকার আর কর্পোরেট লোভের দ্বন্দ্বে সমাজ দিন দিন ভারসাম্যহীন হয়ে পড়ছে।

একটি ছোট গল্পের কথা মনে পড়ে। রহিম মিঞা সারা বছর টাকা জমিয়েছিলেন নাতনির জন্য ঈদের জামা আর সেমাই-চিনি কিনবেন বলে। ঈদের দুদিন আগে বাজারে গিয়ে দেখলেন, যে সেমাই আগের সপ্তাহে ছিল ১০০ টাকা, তা ১৮০ টাকা হয়েছে। জামার দোকানে গিয়ে দেখলেন দাম দ্বিগুণ। রহিম মিঞা বাজারের এক কোণে বসে পড়ে ভাবলেন, ‘উৎসব কি তবে গরিবের পকেট কাটার জন্য ফাঁদ?’ তিনি খালি হাতে বাড়ি ফেরেন না ঠিকই, কিন্তু তার বুকের মধ্যে উৎসবের আনন্দটুকু আর অবশিষ্ট থাকে না। এই গল্পটি বাংলাদেশের কোটি মানুষের জীবনের গল্প। প্রশ্ন ওঠে, আমাদের সমাজে কেন আমরা একে অপরের প্রতি সহমর্মী হতে পারছি না? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বললে, একটি টেকসই বাজার ব্যবস্থার জন্য পণ্যের সরবরাহ এবং চাহিদার মধ্যে ভারসাম্য থাকা জরুরি। কিন্তু বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি করে এই ভারসাম্য নষ্ট করা হয়, যা সম্পূর্ণ অনৈতিক এবং অবৈজ্ঞানিক। রাজনৈতিক সদিচ্ছার অভাব বাজার সিন্ডিকেটের হাতকে শক্তিশালী করে। বিশ্বের বিভিন্ন দেশে উৎসবের আগে সরকার ভর্তুকি দিয়ে হলেও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখে। আমাদের দেশেও টিসিবির মাধ্যমে চেষ্টা করা হয়, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যখন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা ব্যবসার সাথে সরাসরি যুক্ত থাকেন, তখন আইনের প্রয়োগ শিথিল হয়ে পড়ে। এই অশুভ চক্র ভাঙতে না পারলে সাধারণ মানুষের সস্তি মিলবে না। ভোক্তা অধিকারের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে, এই সিন্ডিকেট কতটা শক্তিশালী এবং তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেও দ্বিধাবোধ করে না।

ভৌগোলিক সীমারেখা ছাপিয়ে যদি আমরা বিশ্ববাজারের দিকে তাকাই, তবে দেখব যে ডিজিটাল কমার্স বা ই-কমার্স সাইটগুলো উৎসবের সময় ‘মেগা সেল’ এর আয়োজন করে। এটি কেবল উন্নত বিশ্বের চিত্র নয়, প্রতিবেশী দেশগুলোতেও উৎসবের সময় বিশেষ ছাড়ের ধুম পড়ে। কিন্তু বাংলাদেশে অনলাইন বা অফলাইনÑসবখানেই যেন দাম বাড়ানোর উৎসব শুরু হয়। এক অদ্ভুত অতি-আবেগ কাজ করে আমাদের মধ্যে, যেখানে আমরা উৎসবের জন্য পাগল হয়ে যাই আর সেই সুযোগটি গ্রহণ করে ব্যবসায়ীরা। আমাদের এই আবেগ যখন শোষণের হাতিয়ারে পরিণত হয়, তখন তা সত্যিই বেদনার। শিক্ষিত এবং সচেতন মানুষ হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি অনৈতিকভাবে দাম বাড়ানো ব্যবসায়ীদের বর্জন করতে শিখতাম, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। কিন্তু বাংলাদেশে প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকার দোহাই দিয়ে যে লুটতরাজ চলে, তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন আজও দানা বাঁধেনি। রম্য করে কেউ কেউ বলেন, ‘বাংলাদেশে উৎসবের আগে দাম বাড়ে কারণ ব্যবসায়ীদের তখন উৎসব করার জন্য বাড়তি টাকার দরকার হয়।’ এই তিতা সত্যটি আমাদের নৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ দেয়। অর্থনৈতিক গবেষণায় দেখা গেছে, উৎসবের সময় মূল্যহ্রাস করলে টার্নওভার বা বিক্রির পরিমাণ এত বাড়ে যে দিনশেষে ব্যবসায়ীদের মুনাফা কম হয় না। এটি একটি উচ্চমানের ব্যবসায়িক দর্শন। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা অল্প বিক্রি করে বেশি মুনাফা করার মধ্যযুগীয় কৌশলে আটকে আছেন। এই সনাতনী ও ক্ষতিকর চিন্তাধারা থেকে বেরিয়ে না এলে বিশ্ববাজারের সাথে তাল মেলানো অসম্ভব। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ উৎসব থেকে মুখ ফিরিয়ে নেয়, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্যই ক্ষতির কারণ।

মানবিকতার চরম বিপর্যয় ঘটে যখন আমরা দেখি উৎসবের খুশিতে কেউ অতিরিক্ত খাবার নষ্ট করছে, আর কেউ কয়েক কেজি চালের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লাঞ্ছিত হচ্ছে। উৎসবের প্রকৃত নির্যাস হলো ভালোবাসা আর সহমর্মিতা। এই মানবিক গুণাবলী যখন বিদায় নেয়, তখন সমাজ একটি কংক্রিটের জঙ্গল ছাড়া আর কিছু থাকে না। আমাদের ব্যবসায়ীদের বুঝতে হবে, মানুষের অভিশাপ নিয়ে অর্জিত সম্পদ কখনো সুখ বয়ে আনে না। পৃথিবীর অন্য প্রান্তের ব্যবসায়ীরা যখন মানুষকে হাসিয়ে লাভ করেন, আমাদের ব্যবসায়ীরা তখন মানুষকে কাঁদিয়ে পকেট ভরেন। এই পার্থক্যটুকু মুছে ফেলা সময়ের দাবি। সবশেষে বলা যায়, আমাদের দেশের উৎসবের বাজার এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে গুটিকতক মানুষের আকাশচুম্বী লোভ, অন্যদিকে কোটি মানুষের বেঁচে থাকার আকুতি। এই বৈষম্য আর অনৈতিকতার দেয়াল ভাঙতে হলে কেবল আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধের জাগরণ। বাজার মনিটরিং ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। উৎসব আসুক সবার ঘরে সমান আনন্দ নিয়ে, পণ্যের ভারে নয় বরং প্রাণের উচ্ছ্বাসে সিক্ত হোক প্রতিটি মন।

লেখক: প্রাবন্ধিক ও মাদক বিরোধী সংগঠন ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি অ্যালকোহল-এর প্রেসিডেন্ট।