এ বিশ্বজগৎ সৃষ্টি হওয়াই এর একজন সৃষ্টিকর্তাকে আবশ্যক করে তোলে। যা সৃষ্টি, তার একজন স্রষ্টা থাকবে– বিষয়টি মেনে নেওয়ার জন্য খুব বেশি চিন্তা ও গবেষণার প্রয়োজন হয় না। চিন্তার বিষয় তো এটাই– কে সেই মহাশক্তিধর সত্তা, যার পক্ষে সম্ভব হয়েছে এত বিশাল জগৎ সৃষ্টি করা। কিন্তু যুক্তি বা চিন্তার বিচারে সত্যিকারে স্রষ্টা নির্ধারণ করা সম্ভব নয়। কারণ চিন্তা ও গবেষণা করে স্রষ্টা নির্ধারণ করতে গেলে এমন অসংখ্য স্রষ্টা মানুষের মনে জায়গা করে নেবে, বিশ্বজগৎ সৃষ্টিতে যাদের সামান্যতম ভূমিকা নেই। এভাবে সৃষ্টির সেরা মানব জাতি অবচেতনভাবে নিজেরই মত অথবা নিজের চেয়েও নিম্ন মর্যাদার অন্য কোনো সৃষ্টিকে স্রষ্টা হিসেবে মেনে নিয়ে তারই সামনে মাথা নত করতে থাকবে। কোরআনের বর্ণনামতে, নবী ইব্রাহিম (আ.) নিজের সৃষ্টিকর্তা বা রবের অনুসন্ধান করতে গিয়ে একে একে তারকা, চন্দ্র ও সূর্যকে নিজের চিন্তা ও যুক্তি দিয়ে প্রথমে নিজের প্রভু বলে ধারণা করেন। পরে যখন তাঁর নিকট এগুলোর অস্থায়িত্ব প্রমাণিত হয়, তখন তিনি ঘোষণা করেন, ‘আমি একনিষ্ঠভাবে সেই সত্তার প্রতি আমার চেহারা ফিরালাম, যিনি আসমান-জমিন সৃষ্টি করেছেন।’ বস্তুত তিনিই আল্লাহ। পরকাল তিনিই সৃষ্টি করেছেন।

পরকাল সম্পর্কে তিনি যা বলেছেন, তার ওপর বিশ্বাস স্থাপন না করার কোনো যৌক্তিকতা নেই। যেহেতু তিনি স্রষ্টা হিসেবে প্রমাণিত, সেহেতু তাঁর প্রতিটি বাণী সত্য হিসেবে মেনে নেওয়ার মধ্যে যেমন রয়েছে কল্যাণ, তেমনি রয়েছে বিজ্ঞতা। তবে আখিরাতের ব্যাপারে মহান আল্লাহ শুধু সংবাদই দেননি; সঙ্গে সঙ্গে এর সপক্ষে অনেক যুক্তি পেশ করেছেন। বিষয়কে আল্লাহ যুক্তির মাধ্যমে উপস্থাপন করেছেন এই জন্য, মানুষের পক্ষে আখিরাতের কোনো কিছুই দৃশ্যমান নয়। তাই আখিরাত প্রমাণে বান্দার বোঝার স্বার্থে তিনি কোরআনের অসংখ্য আয়াতে যুক্তি তুলে ধরেছেন। এ ব্যাপারে তাঁর যুক্তিগুলো– প্রথমবার সৃষ্টি করার চেয়ে দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ। সুতরাং যিনি প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন, তিনি দ্বিতীয়বার কেন পারবেন না?

মানুষের সৃষ্টির চেয়ে মহাকাশ সৃষ্টি অনেক কঠিন হওয়ার কথা। তাহলে যিনি মহাকাশ সৃষ্টি করতে পেরেছেন, তিনি কেন মানুষকে পুনরায় বানাতে পারবেন না? আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি, জমিনের শস্য বা ফসলাদি একটি সময়ে তার সবুজ শ্যামলিমা হারিয়ে শুকনো খড়কুটোয় পরিণত হওয়ার পর পুনরায় আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে সেগুলোকে পুনর্জীবন দান করে আগের অবস্থায় ফিরিয়ে দেন। মানুষের পুনর্সৃষ্টিও এমনি।

আল্লাহ আরও বলেন, তোমরা এটা কীভাবে ভাবতে পারছ যে, জমিনে তোমাদের অনর্থক সৃষ্টি করা হয়েছে?

বিষয়টি নিয়ে আমরা একটু ভাবতে পারি। পৃথিবীতে কেউ ভালো কাজ করে, কেউ মন্দ কাজ। সব ভালো কাজের সুফল যেমন পৃথিবীতে লাভ করা যায় না, তেমনি সব অসৎ কর্মের ফলও অনেককে ভোগ করতে হয় না। সুতরাং সব কর্মের ফল যেহেতু দুনিয়াতে লাভ করা যায় না, সেহেতু অনেক কর্মের ফল দুনিয়ার বাইরে কোথাও ভোগ করার ব্যবস্থা থাকাটাই যুক্তিযুক্ত। অতএব আখিরাতে বিশ্বাস যুক্তির মাধ্যমেই প্রমাণ করা যায়, যদিও এ ব্যাপারে আল্লাহর ওহি হলো বিশ্বাসের মূল উৎস।

পাশাপাশি আল্লাহ তাঁর রাসুলের মাধ্যমে আমাদের পুনরায় সৃষ্টি করার প্রক্রিয়া জানিয়েছেন। রাসুল (সা.) বলেন, মানবদেহের সবটুকুই মাটি খেয়ে ফেলবে, শুধু লাঙ্গুলাস্থি বা পুচ্ছাস্থি ব্যতীত; এখান থেকেই মানুষকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে এবং দ্বিতীয়বারও এখান থেকে সৃষ্টি করা হবে (বুখারি, মুসলিম)। মৃত্যুর পর তাই পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। বস্তুত পরকালীন জবাবদিহির মাধ্যমেই দুনিয়ার জীবন সুন্দর হয়। মুমিনের সবসময় এ অনুভূতি থাকা দরকার।

আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী