দিন বদলের প্রত্যাশা ও অঙ্গীকার নিয়ে চব্বিশের জুলাই-আগস্টে দেশের কিশোর-তরুণ-শিক্ষার্থী-জনতা রাজপথে রক্ত ঢেলে চরম ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির পতন ঘটিয়েছে। জুলাই বিপ্লবের পর আমরা দুই বছর পেরিয়ে এসেছি। দেড় বছরের ইন্টেরিম সরকারের আমল পার হয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশে নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টমুক্ত দুইবছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু দিন বদল কি হয়েছে? এ প্রশ্নের জবাবে বলা যায়, চুয়ান্ন কিংবা পনের বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের জঞ্জাল ছয়মাস কিংবা দু’য়েক বছরে সাফ-সুতরো করে নতুন বাংলাদেশ বির্নিমাণ সম্ভব নয়, এটা অস্বীকার না করেও বলা যায়, হাজার মাইলের অভিযাত্রা একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়েই শুরু হয়।
জুলাই বিপ্লব ও ইন্টেরিম সরকার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দুই বছরে কি প্রত্যাশিত পরিবর্তনের প্রথম পদক্ষেপ নেয়া হয়েছে? তার কোনো আলামত কি দেখা যাচ্ছে? এই মুহূর্তে আমাদের সামাজিক-রাজনৈতিক বাস্তবতায় প্রত্যাশিত নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বিচারহীনতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আমাদের জাতীয় সমস্যা কোথায় তা প্রায় সবাই জানি। কিন্তু প্রত্যাশিত পরিবর্তন কোথা থেকে শুরু হবে তা সংশ্লিষ্টরা জানেন না, কিংবা মানেন না। রাজনৈতিক দুর্বৃত্তায়নের গ্যাড়াকল আগের মতো অটুট না থাকলেও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত করার কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। আবারো মিমাংসীত ইস্যুগুলোকে রাজনীতির জাতীয় ইস্যু বানিয়ে বিভাজনের নতুন রাজনৈতিক প্রক্রিয়া দেখা যাচ্ছে।
এ থেকে উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ঐক্য গড়ে উঠেছিল, তা নস্যাৎ করে পুরনো বিভক্তি ও বন্দোবস্তের নতুন রাজনৈতিক মেরুকরণ আবারো শুরু হয়েছে। আমাদের মনে রাখতে হবে, অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা, গণতন্ত্রহীনতা, অসহিষ্ণুতাই হচ্ছে রাষ্ট্রশক্তি হিসেবে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা ও এগিয়ে চলার পথে মূল শত্রু ও প্রতিবন্ধক। সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনে দেশের ১৮ কোটি মানুষই ভুক্তভোগী হলেও প্রধান প্রতিপক্ষ ছিল বিএনপি-জামায়াতের মতো বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও তার নেতাকর্মীরা। সেই বিএনপি ও জামায়াত যখন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের শাসকদল হিসেবে সরকারিদলও বিরোধীদলে স্থান করে নিতে সক্ষম হয়েছে, তখন দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের পাশাপাশি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রপ্রতিষ্ঠার প্রতিজ্ঞা সফলভাবে বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও তার সূচনা এখনো দেখা যাচ্ছে না। বিএনপি সরকারের আট মাসের মাথায় দেশে যে সামাজিক-রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা দেখা যাচ্ছে, তা খুবই দুঃখজনক।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব সংকট দেখা দিয়েছে তা শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বেই এর নেতিবাচক প্রভাব পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানির সংকট মোকাবেলায় সরকারকে হিমসিম খেতে হচ্ছে, এহেন বাস্তবতায় বিরোধীদলকে অবশ্যই সরকারের পাশে দাঁড়াতে হবে। যদিও বাংলাদেশের রাজনীতিতে তার কোনো উদাহরণ নেই। তবে বিগত সরকারের সময় বিনাভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেপে বসেছিল, সেখানে বিরোধীদল ও সরকারিদল একাকার হয়ে গিয়েছিল।
বিরোধীদলে থেকেও সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করে ক্ষমতার হালুয়া-রুটির ভাগাভাগির মাধ্যমে গণতন্ত্রের পথ রুদ্ধ করে ফ্যাসিবাদ কায়েমের গৃহপালিত বিরোধীদল দুঃশাসনের অংশীদার হওয়ায় তারা কখনোই অন্যায়, অবিচার ও লুটপাটতন্ত্রের বিরুদ্ধে সংসদে কিংবা রাজপথে প্রতিবাদ করার গরজ বোধ করেনি। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সবচেয়ে বড় অর্জন হচ্ছে, দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসা। জামায়াত ও এনসিপির অধিকাংশ এমপি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য হয়েছেন। কিন্তু মাত্র কয়েকমাসের মধ্যেই তারা জাতীয় ইস্যু নিয়ে সংসদকে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে পরিণত করতে সক্ষম হয়েছে।
তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, বিরোধীদল শুধু সংসদেই সরকারের উপর চাপ সৃষ্টি করছে না, তারা এরই মধ্যে ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে লংমার্চের কর্মসূচি পালন করছে। গত ৫ সেপ্টেম্বর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রথম লংমার্চ কর্মসূচিটি ছিল ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। দেশে বিদ্যমান জ্বালানি সংকটের কারণে লংমার্চের গাড়ির সংখ্যা দুই-তৃতীয়াংশ কমিয়ে আনার পরও ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত শত শত কিলোমিটার মহাসড়কে জনসমাবেশ লক্ষ করা গেছে। প্রশ্ন উঠতে পারে আটমাসের মাথায় লংমার্চ কর্মসূচির মতো এমন ব্যয়বহুল ও কষ্টকর কর্মসূচি কি জরুরি ছিল? দেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চায় স্থিতিশীলতা চায়, ক্রয়ক্ষমতার সাথে সঙ্গতিহীন মূল্যস্ফীতির প্রতিরোধ চায়। এসব সমস্যা ও দাবি সব সময়ই ছিল, আছে, থাকবে। চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ১১ দলীয় জোটের দাবি ছিল ৬ দফা। এর প্রথম দফা দাবির সাথে দেশে চলমান সংকটের কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ করা। এরপর গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১১ দলীয় জোটের রংপুর অভিমুখী দ্বিতীয় লংমার্চে আগের ৬ দফার সাথে সেখানকার স্থানীয় সমস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করে ৮ দফায় পরিণত হয়। এখানেও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিকে প্রথম দফায় রাখা হয়েছে। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, মূলত গণভোটের অঙ্গীকার বাস্তবায়নই ১১ দলীয় জোটের লংমার্চের মূল বা প্রধান লক্ষ্য।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জামায়াত-এনসিপি গণভোটের পক্ষে স্পষ্ট অবস্থান গ্রহণ করলেও শুরুতে বিএনপির অবস্থান কিছুটা অস্বচ্ছ ও ধোঁয়াশাচ্ছন্ন। অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন জনসভায় গণভোটের পক্ষে নিজের ও দলের স্পষ্ট অবস্থান নিয়ে জনগণকে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান। দুর্মূখ সমালোচকদের মুখে ছাঁই দিয়ে গণভোটের পক্ষে বিএনপি ও জামায়াতের অভিন্ন অবস্থান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে প্রত্যাশিত সংস্কার ও রাজনৈতিক পরিবর্তনের পক্ষে এক ধরনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল।
এ অবস্থান থেকে বিএনপি কখনোই সরে আসার কথা না বললেও গণভোট বাস্তবায়নের প্রশ্নে বিএনপি নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ও গণভোটের আলোকে প্রত্যাশিত সাংবিধানিক পরিবর্তনের রূপরেখা নিয়ে কাজে অনগ্রসরতা ও সরকারি দলের কথিত অনীহার অভিযোগে কি ১১ দলীয় জোটকে দেশব্যাপী লংমার্চের মতো কঠোর কর্মসূচির দিকে নিয়ে যেতে বাধ্য করেছে? নাকি এ ধরনের কর্মসূচিতে যাওয়ার আগে আরো কিছু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারকে আরো সময় দেয়া দরকার ছিল, এমন প্রশ্নও অবান্তর নয়। দেশ যখন এক সন্ধিক্ষণ ও রাজনৈতিক-অর্থনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে, এক সময়ের রাজনৈতিক সহযাত্রী ও জোটসঙ্গী বিরোধীদলকেও বিদ্যমান বাস্তবতায় সরকারের প্রতি আরো সহনশীল ও সহমর্মী হওয়া বাঞ্ছনীয় ছিল।
তবে গণভোটের গণরায় বাস্তবায়নের প্রশ্নে বিরোধীদলের আশঙ্কা দূর করার ও দাবি বাস্তবায়নে আস্থা অর্জনের ক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে বিরোধীদলকে রাজনীতির মাঠ গরম করতে এবং নিজেদের পক্ষে ন্যারেটিভ প্রতিষ্ঠার সুযোগ দেয়া সরকারের গণভিত্তি ও জনসমর্থনকে দুর্বল করে দিতে পারে। বিরোধীদলে একটি ক্যাডারভিত্তিক শক্তিশালী রাজনৈতিক দলের বিপরীতে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে সরকারের দুর্বল অবস্থানের কারণে ঘাপটি মারা তৃতীয় পক্ষ হয়ে নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতাকর্মী ও দেড় দশকে গড়ে ওঠা দলদাস আমলাতন্ত্রের ভেতরে নতুন ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দেশের মানুষ এ সময়ে এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নয়। জুলাই অভ্যুত্থানের স্পিরিট ও গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্তত এক দশকের রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা খুব জরুরি হয়ে পড়েছে। দেশের সরকার ও রাজনৈতিক দলগুলো যেন আর কোনো আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের ক্রীড়নক হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা যেমন জরুরি, দেশে রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা আরো বেশি জরুরি।
জুলাই অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। দেড় দশক ধরে দেশের পুলিশ বাহিনী, বিজিবি, র্যাবসহ বিশেষ বাহিনীগুলোকে শুধু দলীয়করণই করা হয়নি, সেই সাথে শেখ পরিবারের আঞ্চলিক রাজনীতির হাতিয়ার হিসেবে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর অন্তর্ভুক্ত করা হয়েছিল। গোপালগঞ্জের একজন এসআইর সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ করে অন্য জেলার ওসি-এসপির নির্দেশনা অগ্রাহ্য করার ভুরি ভুরি উদাহরণ আছে। সেই পুলিশ বাহিনীতে আবার ধর্মীয় সংখ্যালঘু শ্রেণীর আধিপত্য কায়েম হয়েছিল। বৃটিশ ঔপনিবেশোত্তর পুলিশ বাহিনীর সাড়ে সাত দশকের ইতিহাসে ওসি প্রদীপের মতো একজন কিলার পুলিশ অফিসারের দ্বিতীয় দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না।
বিপ্লব কুমার সরকার, বনজ কুমারদের মতো পুলিশ অফিসাররা যেন আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছিল। সবকিছু ছাপিয়ে শেখ হাসিনার গুম-খুন ও কিলিং মিশনের প্রধান কিলার র্যাব ও এনটিএমসিতে দায়িত্ব পালনকালে হাজারের বেশি মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছিল জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে সে সব খুনের রোমহর্ষক কাহিনী ভুক্তভোগীদের পরিবার ও সাক্ষীদের জবানিতে উঠে আসছে। জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা শিক্ষার্থীদের উপর পৈশাচিক গণহত্যা চালিয়ে গুম-খুনের ধারা ও ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখার শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার পর পুলিশ বাহিনীর অপরাধী দলবাজ সদস্যরা গণপ্রতিরোধ ও গণরোষের শিকার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সে অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে কিছুদিনের জন্য দেশে মব সন্ত্রাস কায়েম হয়েছিল।
এক সময়ের দুর্দ-প্রতাপ স্থানীয় মাস্তান ও আওয়ামী রাজনৈতিক ক্যাডারদের বেশিরভাগ পালিয়ে কিংবা আত্মগোপনে থাকলেও প্রতিবেশী দেশের মিডিয়ার উস্কানিতে কেউ কেউ মাথাচাড়া দিয়ে ফিরে আসার জানান দিতে গিয়ে মব জাস্টিসের শিকার হয়েছে। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের পতনের পর দুই বছর অতিক্রান্ত হলেও সরকার কি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আইনের শাসনের স্বচ্ছ ধারায় ফিরিয়ে আনতে পেরেছে? পুরোপুরি না পারলেও ইতিবাচক ধারায় ফেরার কোনো দৃশ্যমান অগ্রগতি বা আলামত কি দেখা যাচ্ছে? এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী দেশের কোথাও কোথাও মাদক বিরোধী অভিযান শুরু করেছে।
রাজধানী ঢাকা ও আশপাশে বিশেষত নারায়ণগঞ্জ, গাজীপুরের পুলিশ সুপারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে অল্প কয়েকদিনের মধ্যে শত শত মাদক বিক্রেতা ও মাদকসেবী আটক হলেও মাদক কেনা-বেচার মূল হোতা ও রাঘব বোয়ালরা অধরাই থেকে যাচ্ছে। দেশে নিরাপত্তাহীনতা ও আইনশৃঙ্খলার অবনতির পেছনে মাদক কেনা-বেচা ও মাদকের অবাধ ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ছিনতাই, চুরি-ডাকাতি, অপমৃত্যু ও খুনখারাবির পেছনে মাদকসেবী ও মাদক কারবারিরা জড়িত। মাদক, অনলাইন জুয়া ও মোবাইলফোন অ্যাডিকশন রাষ্ট্রের অগ্রগতি, সম্ভাবনা ও স্থিতিশীলতার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা পলাতক স্বৈরাচারের নিয়োগকৃত দলবাজ এজেন্ট, মাদক চোরাচালানি, মাদক কারবারি ও মাদকসেবীদের নিয়ন্ত্রণের পাশাপাশি অনলাইন জুয়া, স্মার্টফোন, সাইবার অপরাধ ও কিশোর-তরুণদের অনলাইন এডিকশন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। ভারত ও মিয়ানমার সীমান্ত পথে আসা ফেন্সিডিল, ইয়াবা, হেরোইনের চালান বন্ধ করতে না পারলে শুধু খুচরা বিক্রেতাদের ধরে তেমন কোনো লাভ হয় না। তবে মাদকের বিরুদ্ধে এবারের পুলিশি অভিযান নিয়ে কিছুটা আশাবাদ দেখা যাচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একদিকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে অন্যদিকে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। আর সামাজিক অপরাধ প্রবণতার মাত্রা ও প্রকৃতি সম্প্রতি কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র পুত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম(১৩) হত্যাকা-ের মধ্য দিয়ে বুঝা যাচ্ছে। সন্তানের হাতে দামি মোবাইল ফোন তুলে দিয়ে অভিভাবকরা শুধু তাকে বিপথেই ঠেলে দিচ্ছে না, তাদেরকে অপমৃত্যুর দিকেও ঠেলে দিচ্ছে। শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে বৃহত্তর জনগোষ্ঠির সামাজিক-রাজনৈতিক অবস্থান ও সুদৃঢ় প্রশাসনিক ব্যবস্থা ছাড়া এর থেকে উত্তরণের কোনো পথ নেই।
bari_zamal@yahoo.com
