বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ– মুসলমান, হিন্দু, খ্রিষ্টান কি বৌদ্ধ; সকলের। বাঙালি জাতীয়তায় বিশ্বাস থাকলে এই কথায় থাকবে মান্যতা। সৌভাগ্যবশত চারুকলার শোভাযাত্রার নাম-বিতর্ক বাদ দিলে এই উৎসব দিন দিন বর্ণাঢ্য হয়ে উঠছে নানা আয়োজনে; রং-রূপ ও জৌলুসে।
বদলে যাওয়া নাগরিক পহেলা বৈশাখে এখন অনেক মাত্রা যুক্ত হলেও আমাদের গ্রামীণ বৈশাখ এখনও অনেকটা আদিরূপ নিয়েই চলমান। এই জীবনে বাংলা মাস এখনও একমাত্র বর্ষ গণনার পঞ্জিকা। কৃষিভিত্তিক অর্থনীতিতে পুরো বছর আবর্তিত হয় বৈশাখ থেকে চৈত্রে। মাঠ প্রস্তুত থেকে ফসল বপন কি উত্তোলন– সবই বাংলা মাস অনুসরণে। আগন (অগ্রহায়ণ) মাসের ফসল কি চৈতালি ফসল (চৈত্রে তোলা শস্য), সবই বাংলা মাসের দিন-ক্ষণ মনন-মগজে জারি রেখে। আজও জন্মতারিখ বাংলা তারিখের কাছেই গচ্ছিত রাখে সযতনে। ফলে ফাল্গুন-চৈত্রের পাতা ঝরার দিন চলে গেলে; গাছে গাছে আম-কাঁঠাল-লিচুর ফুল মুছে ফলের সময় এগিয়ে এলে; আলোয় ভরা আকাশে নতুন মেঘের ঘনঘটা দেখা দিলে তারা বুঝে নেয়, পুরাতন গিয়ে নতুন দিন আসছে। তাকে ভালোবেসে আবাহন করতে হবে। কেননা, নতুন বছর সমস্ত সম্ভাবনা নিয়ে হাজির হতে চলেছে। ফলে নতুন বছর আসার আগেই গৃহস্থালি আয়োজন শুরু হয়ে যায়। ঘরবাড়ি লেপা-পোছা, উঠান-হেঁশেল পরিষ্কার করা, জীর্ণ-পুরাতনকে সরিয়ে সবকিছু নতুনের মতো ঝকঝকে করাই রীতি। আবহমানকালের এই শুভবোধ আমাদের যাপনের অংশ। এতে ধনী-নির্ধন বলে কোনো কথা নেই। সকলেই নিজ নিজ জায়গায় উদযাপনসিদ্ধ। চৈত্রসংক্রান্তির দিন কৃষক লাঙল-জোয়াল যেমন ধুয়েমুছে তুলে রাখেন; রবিশস্যের সঙ্গে তেমনি অপরাহ্ণে গৃহিণীদের কাঁচা সবজি বিনিময় প্রথার কথা শুনেছি, যা রান্না করেও পরস্পর বিনিময় করে পরদিন সকালে খাবে বলে। তারা জানে এবং মানে, ‘চৈত্রে রাঁধে বৈশাখে খায়, তারে কোনো রোগ না পায়।’ নাগরিক জীবনের মতো তাদের পান্তা নিয়ে আলাদা কোনো শৌখিনতা নেই। কেননা, সেখানে নিত্যই পান্তা খাওয়া চলে ধনী-দরিদ্র নির্বিশেষে।
পুণ্যাহ না থাকলেও আছে হাট-বাজার, দোকানপাটে হালখাতা, হিসাব হালনাগাদ করা; সে উপলক্ষে মিষ্টি বিতরণ, আনন্দ সম্মিলন। ঈদ-পূজার মতোই এই আনন্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে। পহেলা বৈশাখ উপলক্ষে মেলা হয়। মেলা এখন আর শুধু মেলা নয়। গ্রাম কি শহরে অর্থনীতির এক বিশাল প্ল্যাটফর্ম, দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতাদের সমাগম, লক্ষ টাকার বিক্রিবাট্টা। মেলা সামনে রেখে ব্যবসায়ীদের থাকে বিরাট প্রস্তুতি। বলতে হয়, নগর এবং গ্রাম উভয় জায়গায় অর্থনীতির এক বিশাল কর্মকাণ্ড সংঘটিত হয় পহেলা বৈশাখকে উপলক্ষ করে। বৈশাখী পোশাক, হস্ত ও কারুশিল্প, পাট ও পাটজাত পণ্য নতুন আলোয় জনসমাবেশকে আকৃষ্ট করে। মেলায় যেমন থাকে নানা রকমের বাঁশের তৈজস, তেমনি মাটির প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি খেলনা সামগ্রীও। নাগরদোলা, জারি গান, পুতুলনাচ, কোথাও কোথাও সার্কাস। নদী-তীরবর্তী অঞ্চলে নৌকাবাইচ পাড়াগাঁয়ে রীতিমতো সাড়া জাগায়।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের প্রধান তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, যারা বছরের এই দিন উদযাপন করে বিপুল উৎসাহে। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু। এ উৎসবে তাদের যেমন প্রস্তুতি থাকে; আনন্দও থাকে সীমাহীন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের বিপুল সমাগম ঘটে সেখানে।
আমাদের ছোটবেলায়, সত্তরের দশকে ঢাকা শহরে পহেলা বৈশাখ মানে অফিস-আদালত, স্কুল-কলেজ এক দিন ছুটি। শহুরে মানুষ এই দিনের খোঁজও রাখত না! নতুন বছর পালন ছিল একেবারেই পারিবারিক। এটা নিয়ে কোনো কথাও বলত না কেউ। আমার মা সারাবছর বাংলা মাসের কত তারিখ তা জানতেন এবং প্রয়োজনে জানাতেন। তো বৈশাখ সমাগত হলে নির্দেশের সুরে বলতেন– কাল বছরের প্রথম দিন; ভালো হয়ে থেকো। কাউকে যেন বকা না লাগে। বাবা বেশ আয়োজন করে বাজার থেকে একটা বড় মাছ কিনে আনতেন। দুপুরে সেটা নানা পদ হয়ে পাতে পড়ত; ব্যস। সত্তর-আশির দশকে ঢাকার নাগরিক জীবনে পহেলা বৈশাখের বিশেষ কোনো আয়োজন কি উৎসব কি মেলার কথা মনে পড়ে না। ছায়ানটের রমনা বটমূলে আয়োজন থাকলেও তা আজকের দিনের তুলনায় সাধারণ জীবনে প্রভাববিস্তারী ছিল না।
বর্তমানে নাগরিক জীবনে বৈশাখ প্রতিবছর কোনো না কোনো নতুন অনুষঙ্গ নিয়ে হাজির হয়। বৈশাখী পণ্য নিয়ে মেলা শুরু হয় বৈশাখের আগে; চলে বৈশাখজুড়ে। বৈশাখী ধামাকায় জনজীবন-সম্পৃক্ত না হওয়ার কোনো অবকাশ নেই, যার প্রধান অনুষঙ্গ পোশাক-পরিচ্ছদ ও কুটির শিল্প। বৈশাখ আসার বহু আগে থেকেই ফ্যাশন হাউসগুলো নতুন রং ও নকশায় তৎপর থাকে দৃষ্টি আকর্ষণে। বড়, ছোট, মাঝারি বস্ত্র ব্যবসায়ী, শহুরে কি প্রান্তিক থাকেন তৎপর।
নাগরিক তরুণ প্রজন্মের কাছে বৈশাখ এক প্রাণবন্ত রঙিন উৎসব। সাদা-লাল-উজ্জ্বল ঐতিহ্যবাহী শাড়ি-পাঞ্জাবিতে সুশোভিতের কাছে ইলিশ-পান্তা আর আড্ডার উৎসবই শুধু বৈশাখ নয়; পুরাতন-জীর্ণ- অসুন্দরকে পেছনে ফেলে নতুন স্বপ্নকে আবাহন; নিজের ঐতিহ্য ও সংস্কৃতিকে চিনে নেওয়ারও সুবর্ণ সুযোগ। আবহমানকালের ফসলি মানুষের জীবনগাথা থেকে উত্থিত এই টেকসই সংস্কৃতি আমাদের অসাম্প্রদায়িকতার বটবৃক্ষ হয়ে ছায়া দিক চিরদিন– নতুন বছরের শুভক্ষণে এই কামনা।
নাসিমা আনিস: কথাসাহিত্যিক
