বাংলাদেশের মানুষ ভালো আছেন। তারা তাদের মতো করে ভালোই আছেন। দুঃখ-কষ্ট, অভাব-অনটন নেই এ কথা বলা যাবে না। এখন গ্লোবাল রিসেসনের সময়। দুনিয়ার কোন দেশ আছে যেখানে অভাব হানা দেয়নি? অভাব না বলে বরং বলব সংকট। এ সংকটের মূল কারণ মহামারি করোনা আর যুদ্ধ। দেশে দেশে যারা যুদ্ধ বন্ধ না করে আমাদের সরকার বা দেশের মানুষকে বিপদে ফেলে তাদের কথা কেউ বলে না।\r\nআমরা যারা সিডনি প্রবাসী তারা জানি, একটা সময় যা ইচ্ছে কেনার সুযোগ ছিল। এবং মানুষ কিনতোও। এখন কি আমরা তা পারি? পারি না। কারণ দ্রব্যমূল্য হতে দেয় না। অথচ এসব দেশে সরকারবিরোধী আন্দোলন বলে মূলত কিছু নেই। আছে সমালোচনা আর গঠনমূলক বিরোধিতা। গণতন্ত্রের সংজ্ঞাই তাই। আপনি যদি বহুমত ও পথে বিশ্বাসী হন তো আপনাকে সরকার মানতে হবে।

সরকারের ভুল ত্রুটি এবং সমালোচনা করবেন, সংসদে কথা বলবেন এটাই নিয়ম। আমাদের সমাজে সে রীতি নেই। গঠনমূলক বলে আসলে কিছু নেই। আছে তীব্র বিরোধিতা বা অন্ধ সমর্থন।\r\nবলছিলাম মানুষ ভালো আছে। তাদের মতো করে তাদের এই ভালো থাকার মূল চালিকা শক্তিগুলোর একটি হচ্ছে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স। এই টাকা পাঠানো মানুষদের নিয়েই আজকের লেখা। সম্প্রতি জরুরি কাজে দেশে যেতে হয়েছিল। খুব অল্প সময়ের এই ঝটিকা সফরে যাত্রাপথ ছিল কুয়ালালামপুর হয়ে ঢাকা। কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণের পর পরই বুঝতে পারি এর পরের ৪ ঘণ্টা আকাশ উড়াল সহজ কিছু হবে না। একই এয়ারলাইনস এক দেশ এবং এক পরিষেবা। কিন্তু ভিন্ন যাত্রায় ভিন্ন ফল। কারণ এবারের গন্তব্য ঢাকা। কেন এমন হয় ?\r\nশুরুতেই বলি সিকিউরিটি চেক আর তল্লাশি এখন বিমান যাত্রার বড় প্রতিবন্ধক।

এতে প্রচুর সময় ব্যয় হয় এবং এ প্রক্রিয়া কষ্টকর। শরীরের জামা কাপড় আর হাড়গোড় ছাড়া প্রায় সব খুলে দেখাতে হয়। ভিড়াভিড়ির এই পর্যায়ে কে যে কার ব্যাগ নিচ্ছে বা কার ঘড়ি কার হাতে উঠছে বোঝা মুশকিল। এই চেকিং সব দেশে সব বিমানবন্দরে হয়। কিন্তু আপনি সিডনি থেকে মালয়েশিয়া যাবার সময় এমন নিরাপত্তাহীন অবস্থায় পড়বেন না। কারণ তখন যারা যাত্রী বা লাইনে তারা নিয়ম মানেন। তার মানে কি আমাদের দেশের মানুষজন নিয়ম মানে না? না এ কথা বলা যাবে না। মানে, কিন্তু সব জায়গায় বা সব মানুষ মানে না। না মানার কারণ তাদের অজ্ঞতা। তাদের এ বিষয়ে কোনো ধারণা নেই। আরও একটা কথা স্বীকার করতেই হবে, আমাদের জাতিগত হুড়াহুড়ি সর্বজনবিদিত। আমরা বিয়ে বাড়ি থেকে বাসে ওঠা সব জায়গায় তাড়াহুড়া করতে ভালোবাসি। এই যে বিমান যাত্রা যে বা যারা নিয়ম না মেনে মালয়েশিয়ার মানুষজনের মনে দেশ ও জাতি সম্পর্কে নেগেটিভ ধারণ দিয়ে চলেছেন, তারা সবাই জানেন ওই বিমানটি তাদের ছেড়ে উড়াল দেবে না। তাদের নির্দিষ্ট আসনটিতে আর কেউ বসতে পারবেন না। তবু মাছের বাজারের মতো হুড়াহুড়ি কেন? আমার ধারণা, যারা শ্রম বিনিয়োগে দেশান্তরী হয় তাদের এ বিষয়ে ছোটখাটো ট্রেনিং বা প্রশিক্ষণ দেয়া জরুরি:। আধঘণ্টার ছোটখাটো প্রশিক্ষণ পেলেই তারা নিয়ম কানুন মেনে চলতে পারবেন।