একজন নেতা বা নেত্রীর জন্য দলমত নির্বিশেষে সবাই তখনই কাঁদে, যখন তিনি দরদী হয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন। দেশ ও জনগণের কল্যাণে যিনি নিজেকে বিলিয়ে দেন। তা নাহলে, মানুষ কেন তাকে ভালবাসবে, তার কিছু হলে কেন কাঁদবে? সেই নেতা বা নেত্রীর ওপর যখন কোনো আঘাত আসে, অন্যায় আচরণের শিকার হন, কিংবা অসুস্থ হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকেন, তখন মানুষ তার জন্য কাঁদে। এমনকি তার বিরুদ্ধবাদীরাও তার প্রতি সহমর্মী হয়, মমত্ব দেখায়। তার জন্য তাদের কান্না, মায়া, মমতা অন্তরের অন্তঃস্থল থেকে আসে। আবার এমন নেতা বা নেত্রী রয়েছেন, যাদের মৃত্যুও মানুষকে স্পর্শ করে না। কারণ, তারা জনগণের জন্য নয়, নিজের ক্ষমতার জন্য কাজ করেন। ক্ষমতা ব্যবহার করে সামন্তযুগীয় জমিদারের মতো নিপীড়নমূলক আচরণ করেন।
অত্যাচার, নির্যাতন করে জনগণকে ভয়ের মধ্যে রাখেন। ফলে তাদের স্বাভাবিক-অস্বাভাবিক মৃত্যু জনগণকে খুব একটা স্পর্শ করে না। তারা ইতিহাসের পাতায় খলনায়ক হয়ে থাকেন। মানুষ তাকে স্মরণ করে উৎপীড়ক শাসক হিসেবে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ এবং শেখ হাসিনাÑএই তিনজন ইতিহাসের পাতায় জনগণের সেবক নন, শাসক হয়ে আছেন। জনগণকে তারা তোয়াক্কা না করে ক্ষমতায় ছিলেন। এই জনগণই তাদের পতন ঘটিয়েছে। পতন ঘটিয়ে উল্লাস করেছে। দেশব্যাপী আনন্দের ঢেউ বয়ে গেছে। ইতিহাস বলে, শেখ মুজিবের মৃত্যুর পর জনগণের মধ্যে স্বস্তি ও শান্তি বয়ে গেছে। কাউকে আফসোস করতে দেখা যায়নি। এরশাদের মৃত্যুর পরও মানুষকে খুব একটা আফসোস করতে দেখা যায়নি। দেড় দশক ধরে শেখ হাসিনা যেভাবে জনগণের ওপর অত্যাচার-নির্যাতন, খুন, গুম, অপহরণ, জেল-জুলুম এবং জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়েছেন, তাতে তার প্রতি মানুষের সহমর্মিতা থাকা দূরে থাক, বরং গণহত্যার বিচারে তার যে মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, তাতে দেশব্যাপী আনন্দের জোয়ার বয়ে গেছে। তার এই দণ্ডাদেশে মানুষ সেজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। একে অন্যকে মিষ্টিমুখ করিয়েছে। শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনাকে জনগণ ফেরাউনের সাথে তুলনা করেছে। তাদের পতনকে ফেরাউনীয় শাসনের পতন হিসেবে ইতিহাসে ঠাঁই নিয়েছে।
দুই. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় মানুষের মনে কীভাবে জায়গা করে নিয়েছিলেন, তা দেখে যেতে পারেননি। ক্ষণজন্মা এই মানুষটি স্বল্প সময়ের জন্য দেশ সেবার যে সুযোগ পেয়েছিলেন, তাতেই তিনি স্থায়ীভাবে জনগণের মনে ঠাঁই করে নিয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্মে তাঁকে স্মরণ করে এই ভেবে, আমাদের একজন জিয়া ছিলেন। কেয়ামত পর্যন্ত তাকে এভাবেই মানুষ স্মরণ করবে। কেন তাঁকে স্মরণ করবে? কারণ, মানুষ জানতে থাকবে, জিয়াউর রহমান তাঁর জীবন দেশ ও মানুষের সেবায় উৎসর্গ করে গেছেন। দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। অবিভক্ত পাকিস্তানের সেনাবাহিনীতে যখন জিয়াউর রহমান ছিলেন, তখন ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাঞ্জাবের খেমকারান সেক্টরে কোম্পানি কমান্ডার হিসেবে তিনি যুদ্ধ করে ভারতকে পরাজিত করেছিলেন।
তাঁর এই অসীম সাহসিকতার জন্য তিনি পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘হিলাল-ই-জুর’আত বা সাহসের চাঁদ পদক পেয়েছিলেন। শুধু তাই নয়, তিনি যে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের হয়ে যুদ্ধ করেছেন, সেই রেজিমেন্ট ‘সিতারা-ই-জুরত’ বা সাহসের তারকা হিসেবে তিনটি মেডেল এবং আটটি ‘তামঘা-ই-জুরত’ বা সাহসের মেডেল লাভ করেছিল। দেশের প্রয়োজনে যখনই জিয়াউর রহমানের ডাক পড়েছে, তখনই তিনি ছুটে গেছেন। ১৯৭১ সালের ২৫ মার্চ যখন পাকিস্তানী বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর গণহত্যা শুরু করে, তখন জিয়াউর রহমান যে পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছিলেন, সেই পাকিস্তানের বিরুদ্ধেই তিনি বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রত্যক্ষ যুদ্ধে নেমেছিলেন।
দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন এবং তা রক্ষায় নিজেই যুদ্ধ করেছেন। ’৭৫ সালে যখন সিপাহী জনতার বিপ্লব সংঘটিত হয়, তখন তিনি ঢাকা ক্যান্টনমেন্টে গৃহবন্দি ছিলেন। বিদ্রোহী সেনাসদস্যরা তাকে মুক্ত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব দিয়েছিল। দেখা যাচ্ছে, যখনই দেশ অস্তিত্ব সংকটে পড়েছে, তখনই জিয়াউর রহমান কাণ্ডারি হয়ে হাজির হয়েছেন। দেশের প্রেসিডেন্ট হয়েও তিনি আত্মতৃপ্তি লাভ করেননি। বরং জনগণ তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তা পালনে দিনরাত পরিশ্রম করেছেন। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে শুধু দেশ ও জনগণের জন্য কাজ করে গেছেন। এই কাজ করতে করতেই তিনি জীবন দিয়েছেন। যে কথা বলছিলাম, জিয়াউর রহমান জেনে যেতে পারেননি, দেশের মানুষের কাছে তিনি কতটা প্রাণপ্রিয় হয়ে উঠেছিলেন।
দেশি-বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তে ঘাতকের বুলেটে শহীদ হওয়ার পর তার জন্য জনগণের কান্না এবং শোকে দেশ স্তব্ধ হয়ে যাওয়া থেকেই তা বুঝা গেছে। তাঁর জানাজায় যত মানুষ এসেছিল (প্রায় দশ লাখ), আজ পর্যন্ত আর কোনো নেতার জানাজায় এত মানুষের সমাগম হয়নি। আমার মনে আছে, তাঁর জানাজায় অংশগ্রহণ করতে ঢাকার আজিমপুরে আমাদের বাসায় গ্রাম থেকে আত্মীয়-স্বজনরা কাঁদতে কাঁদতে ছুটে এসেছিলেন। আরও অনেকের বাসায় গ্রামের মানুষ তাঁর জানাজায় অংশগ্রহণ করতে ছুটে এসেছিল। অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা উপেক্ষা করে যে যেভাবে পেরেছিল প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে তার জানাজায় উপস্থিত হতে ঢাকায় এসেছিল। জানাজার স্থান জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার সড়কে লাখ লাখ মানুষ জানাজায় শরিক হয়েছিল।
দেশের ইতিহাসে কোনো নেতার প্রতি জনগণের এমন হৃদয় নিংড়ানো, কান্নার ভালবাসা কখনো দেখা যায়নি। প্রিয় নেতাকে হারিয়ে তাদের অন্তর শূন্য হয়ে যায়। এই দেশপ্রেমিক এবং দেশের জন্য জীবন উৎসর্গ করা নেতাকে নিয়ে আওয়ামী লীগ কতই না কুৎসা ও বদনাম ছড়িয়েছে। যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করলেন, জীবনবাজি রেখে যুদ্ধ করলেন, সেই তাঁকেই কিনা শেখ হাসিনা ও তার দল পাকিস্তানের চর হিসেবে বদনাম দিয়েছে! কতভাবে যে জিয়াউর রহমানকে ছোট করার অপচেষ্টা করেছে! পেরেছে কি? পারেনি। আজ শেখ হাসিনা ও তার দলের কী অবস্থা, মানুষ কীভাবে দেখছে, তা তো দৃশ্যমান। শেখ হাসিনা ও তার নেতানেত্রীরা এখন কোথায় গিয়ে আশ্রয় নিয়েছেন? স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা দেশের মানুষকে অসহায় অবস্থায় রেখে যে ভারতে আশ্রয় নিয়েছিলেন, গণঅভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনাসহ তার নেতারা সেই ভারতেই আশ্রয় নিয়েছেন। এতেই বোঝা যায়, আওয়ামী লীগ ও তার নেতাদের শেকড় ভারতে, যারা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।
তিন. জিয়াউর রহমান কখনো তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনকে ক্ষমতাধর করা দূরে থাক, তার কাছাকাছিও ঘেঁষতে দিতেন না। তাঁর জীবদ্দশায় তাঁর পরিবারের কেউ সুযোগ-সুবিধা পেয়েছেন, এমন প্রমাণ কি কেউ দিতে পারবে? পারবে না। সেই সময় তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া এবং দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমানের মধ্যে খালেদা জিয়া ছাড়া দুই পুত্রের খবর কি কেউ জানত? কেউ কি বলতে পারবে, জিয়াউর রহমানের ভাই-বোন, আত্মীয়-স্বজনরা কোথায় আছেন? বলতে পারবে না। জিয়াউর রহমান যে ক্ষমতার উত্তরাধিকারে বিশ্বাস করতেন না, তা তার জীবদ্দশায় পরিবারকে পেছনে রাখা থেকেই বোঝা গিয়েছে। যারা জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা করেন, তারা ভালো বলতে পারবেন, তাঁর ব্যক্তি জীবন, সম্পদ ও সম্পত্তি কি ছিল।
তরুণ প্রজন্মকে জানানো দরকার, আমাদের দেশে জিয়াউর রহমানের মতো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অর্জন ও রক্ষায় একজন নিখাদ দেশপ্রেমিক নেতা ছিলেন। দেশের মানুষ দেখেছে, জিয়াউর রহমানের মৃত্যুর পর, তাঁর পরিবার কতটা অসহায় হয়ে পড়েছিল। অভিভাবকহীন হয়ে পড়া একটি সাধারণ পরিবারের মতো তাঁর পরিবার কীভাবে চলবে, এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল। ভাবা যায়, দেশের একজন প্রেসিডেন্টের পরিবারকে এমন দুর্দশায় পড়তে হবে! তবে মহান আল্লাহ হয়ত ভিন্ন কোনো পরিকল্পনা করে রেখেছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে জিয়াউর রহমানের স্ত্রী একজন সাধারণ গৃহিনী বেগম খালেদা জিয়াকে তিনি ঘর থেকে বের করে এনেছিলেন। এমন এক সময় তাঁকে বের করে আনেন, যখন দেশ চরম ক্রান্তিকালে এবং স্বৈরাচারের কবলে।
এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধারের জন্যই মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে মনোনীত করেছিলেন। এক কঠিন পরীক্ষায় তাঁেেক ফেলে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তিনি ‘সিরাতুল মুস্তাকিমে’র পথ ধরেছিলেন। যেখানে শেখ হাসিনার আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল স্বৈরাচার এরশাদের সাথে আপোস করে আন্দোলন ছেড়ে ক্ষমতার কাছাকাছি গিয়েছিল, সেখানে বেগম খালেদা জিয়া একনিষ্ঠ হয়ে আপোসহীনভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। একারণে তাঁকে কত নির্যাতন, জেল-জুলুম সইতে হয়েছে, কত প্রলোভন দেয়া হয়েছে, কোনো কিছুই তাঁকে টলাতে পারেনি। সবকিছু উপেক্ষা করে লক্ষ্যে অটুট-অটল ছিলেন। আপোস করেননি।
তিনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, তিনি কি দেশ ও জনগণের স্বার্থ ফেলে সুযোগ-সুবিধা নিতে পারেন? পারেন না। মহান আল্লাহ তাঁকে যে পরীক্ষায় ফেলেছিলেন, সে পরীক্ষায় যে তিনি উত্তীর্ণ হয়েছিলেন, তা তো দৃষ্টান্ত হয়ে আছে। বেগম খালেদা জিয়ার আপোসহীন সংগ্রামের কারণেই এরশাদের পতন হয়েছে এবং মহান আল্লাহ তার পুরস্কারও দিয়েছেন। এরশাদের পতনের পর যেখানে সকলেই ধরে নিয়েছিল, ’৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে এবং শেখ হাসিনা প্রেসিডেন্ট হচ্ছেন, সেখানে দেখা গেল মহান আল্লাহ বেগম খালেদা জিয়া ও তাঁর দল বিএনপিকে বিজয়ী করে দিয়েছেন। জাতীয় সংসদে প্রেসিডেন্সিয়াল সরকার পদ্ধতির পরিবর্তন করে সংসদীয় গণতন্ত্র প্রবর্তণের মাধ্যমে বেগম খালেদা জিয়াই হলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পবিত্র কুরআনে মহান আল্লাহ রাসূলকে (স.) বলেছেন, ‘আপনি বলে দিন, আল্লাহ যাকে খুশি তাকে রাজ্য দান করেন, যাকে খুশি তাকে রাজ্য দান করেন না। তিনি যাকে খুশি তাকে সম্মানিত করেন, যাকে খুশি তাকে অপমানিত করেন। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী।’ এই আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি, সেই সময় মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে রাজ্য দিয়ে সম্মানিত করেছিলেন এবং শেখ হাসিনাকে বঞ্চিত করে অপমানিত করেছিলেন। শেখ হাসিনাকে সর্বশেষ অপমানিত করেছেন জুলাই গণঅভ্যুত্থানে তার পতন ও বিতাড়ন করে। অন্যদিকে, মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্মানিত যেমন করেছেন, তেমনি তাঁকে নানা পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ করেছেন।
চার. মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। এমন কোনো নবী-রাসূল নেই যাদেরকে তিনি কঠিন থেকে কঠিনতর পরীক্ষার মধ্য দিয়ে নেননি। তাঁরা ধৈর্য্য ধরে আল্লাহর এই পরীক্ষায় অবতীর্ণ হয়ে তাঁকে রাজিখুশি করে উত্তীর্ণ হয়েছেন। আমাদের মতো অতি সাধারণ মুসলমানদেরও আল্লাহ বিপদে ফেলে ঈমানের পরীক্ষা নেন। তিনি দেখতে চান, বিপদের মধ্যে তাঁর বান্দা তাঁর প্রতি অনুগত্য করছে কিনা, তাঁর দ্বারস্থ হচ্ছে কিনা। বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেমন রাজত্ব দিয়েছেন, তেমনি বিপদে ফেলে পরীক্ষা করেছেন। পরীক্ষায় পাস করে তিনি আজ পরিপূর্ণ। মহান আল্লাহর ছায়তলে রয়েছেন। মানুষের ভালবাসর মধ্যে রয়েছেন। আমরা দেখেছি, ফ্যাসিস্ট হাসিনা ব্যক্তি আক্রোশে কীভাবে তাঁকে দেড় দশকের শাসনামলে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছেন।
মিথ্যা মামলায় জেল-জুলুম, হামলা-মামলা দিয়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তাতেও তিনি হাসিনার কাছে মাথা নোয়াননি। নিশ্চিত মৃত্যু জেনেও অন্যায়ের কাছে নতি স্বীকার করেননি। সিরাতুল মুসতাকিমের পথই আঁকড়ে রয়েছেন। বেগম খালেদা জিয়াই একমাত্র জীবিত নেত্রী যিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এই প্রতিহিংসা চালিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। অথচ হাসিনার পতনের পর তাকে নিয়ে তিনি একটি কটু কথাও বলেননি। বরং বলেছেন, আমি আল্লাহর কাছে বলেছি। আর দেশের মানুষকে আহ্বান করেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। আমি আপনাদের ছেড়ে যাইনি, আপনারা আমাকে ছেড়ে যাইয়েন না। যেখানেই থাকি, মনে রাখবেন, আমি আপনাদের পাশে আছি। দেশের মানুষ তাঁর এই আহ্বানে সাড়া দিয়েছে। তারা আওয়ামী লীগের দেড় দশকের নির্মমতার কোনো প্রতিশোধ নেয়নি। এ কারণেই বেগম খালেদা জিয়ে দেশনেত্রী। দেশের মানুষ তাঁকে অভিভাক হিসেবে মানে। এই নেত্রী এখন চরম অসুস্থ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর সুস্থতার জন্য দেশের মানুষের আঁকুতি ঝরে পড়ছে। তাঁরা কাঁদছে, যেভাবে কেঁদেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। দেশের এমন কোনো জায়গা নেই, যেখান থেকে মানুষ দোয়ায়-মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাঁর সুস্থতার জন্য ফরিয়াদ করছে না। জনগণের দোয়ায় তিনি ভাসছেন। এমনকি, আওয়ামী লীগের কট্টর সমর্থকরাও তার সুস্থতা কামনায় দোয়া করছে। এখন তাদের একটাই চাওয়া ও আহ্বান ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ।’ দেশের মানুষের এই আঁকুতি ও দোয়ায় নিশ্চয়ই মহান আল্লাহ সাড়া দেবেন। দেশের ক্রান্তিকালে যে বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। darpan.journalist@gmail.com
