শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরবেলা আরেকটি মাঝারি আকারের ভূমিকম্পে সামান্য হলেও কেঁপে উঠেছে বাংলাদেশের একটা বড় অংশ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় উৎপত্তিস্থল হলেও এর রেশ টের পাওয়া গেছে ঢাকা শহরে। তার ফলে মানুষের আতঙ্কিত হওয়ার রেশও সামাজিক মাধ্যমগুলোতে আবারও টের পাওয়া গেছে।

এই ফেব্রুয়ারি মাসেই আরও দু-একটি মৃদু কম্পন আমরা টের পেয়েছি। তবে ওগুলোর উৎপত্তিস্থল সরাসরি বাংলাদেশে ছিল না। এবারেরটা বাংলাদেশেই এবং ভূমিকম্প ঝুঁকি ম্যাপ অনুযায়ী এটি তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এলাকায়। তবে এই বৈজ্ঞানিক আলাপ ভূতত্ত্ববিদ এবং অন্য‍ বিজ্ঞানীরা করতে পারবেন। আমরা বরং ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা এবং আমাদের প্রস্তুতি নিয়ে ভাবি।

আতঙ্কে আহত হয় বেশি মানুষ কথাগুলো নতুন কিছু না, তবে বারবার বলা, যাতে করে সাধারণ মানুষের মনে আতঙ্কের জায়গায় স্বস্তি ও সাহস তৈরি হয়। ভূমিকম্পের সময় মানুষ মাটির নড়াচড়াতে আহত হয় না; আহত হয় বরং ধনে পড়া কাঠামো, পড়ে যাওয়া বস্তু ইত্যাদির ফলে। যখন মানুষ কম্পনের সময় ভবন থেকে পালানোর চেষ্টা করে তখন ওপর থেকে খসে পড়া বস্তুতে আঘাতপ্রাপ্ত হয়। আমাদের পুরান ঢাকায় এমন একটা হৃদয়বিদারক ঘটনা কয়েক মাস আগেই ঘটেছিল।

সারাবিশ্বে ভূমিকম্প পরবর্তী গবেষণায় দেখা যায়, শহরাঞ্চলে ভূমিকম্পের সময় আহত ৭০ ভাগের বেশি মানুষ আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হওয়ার সময় বা বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে বা সিঁড়িতে হুড়মুড় করে নামতে গিয়ে আহত হয়েছে। পাকা বা সেমিপাকা ঘরের ভেতরের অরক্ষিত আসবাব বা বইয়ের তাক, ভারী যন্ত্রপাতি, আলোর সরঞ্জাম ইত্যাদি আঘাতের কারণ হয়। আবার ভবনের বাইরে বা ভবনের কাছাকাছি থাকা লোকেরা ভাঙা কাচ, ইট, ভবনের প্লাস্টার, ফুলের টব বা বিদ্যুতের তার পড়ে আহত হন।

ভূমিকম্প ঝুঁকিতে বেশি আছে স্কুল ও হাসপাতালগুলো এটি নতুন করে প্রমাণ করার দরকার নেই যে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। তার সঙ্গে আছেন বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষ এবং মা হবেন ও সদ্য মা হয়েছেন এমন নারীরা। ভূমিকম্পে এদের মৃত্যুহারও সবচেয়ে বেশি। এর মূল কারণ আমাদের ভূমিকম্প ব্যবস্থাপনার ত্রুটি, ভবন নির্মাণের সময় গাফিলতি ও দুর্নীতি, প্রস্তুতি পরিকল্পনা সর্বজনীন না করা এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকম্পের তীব্রতা প্রতিরোধক ব্যবস্থা অন্তর্ভুক্ত না করা।

বাংলাদেশে বহুতল স্কুলভবনগুলো তৈরি করার সময় পর্যাপ্ত সিঁড়ি ও জরুরি বাইরে যাওয়ার পথ রাখা হয় না। স্কুলের বাইরে ও আশপাশে পর্যাপ্ত খোলা জায়গা না রাখা। স্কুল ভবন তৈরির সময় ভবনের ভূমিকম্প ঝুঁকি প্রতিরোধক অবকাঠামোগত স্থায়িত্বকে প্রাধান্য না দিয়ে কন্ট্রাক্টর ও পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের লাভের ব্যাপারে বেশি মনোযোগ দেওয়া আরেকটি বড় সমস্যা।

এগুলোর বাইরে আছে চলমান প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের অভাব। আমাদের এখানে যখন কোনো ভূমিকম্প হয় তখন কিছু সচেতনতামূলক কর্মকাণ্ড ব্যা পক আকারে শুরু হয় এবং কিছুদিন পরেই সেগুলো বন্ধ হয়ে যায়। কোনো স্কুলে নিয়মিত ভূমিকম্প প্রস্তুতি ড্রিল করানো হয় না। কোনো স্কুলেই ক্লাসের ফাঁকে ভূমিকম্প নিয়ে শিশুদের সঙ্গে কথা বলা ও ভূমিকম্প হলে কী করতে হবে সেই বিষয়ে জানানো হয় না। কোনো স্কুলেই স্কুলটির নিজস্ব ভূমিকম্প বা দুর্যোগ ঝুঁকি ম্যাপ করা নেই এবং ঝুঁকি কমানোর পরিকল্পনাও নেই। ফলে শিক্ষা বা শিশুরা জানে না যে কোনো ভূমিকম্প বা আগুন লাগলে কী করতে হবে। ভূমিকম্প পরবর্তী নানা উৎস থেকে যে আগুনও লাগতে পারে সেটাও জানা নেই শিশুদের।

হাসপাতালগুলোর একই অবস্থা। বেশির ভাগ হাসপাতাল, বিশেষ করে বেসরকারি ক্লিনিক কাম হাসপাতালগুলোতে পর্যাপ্ত সিঁড়ি তো নেই, জরুরি বাইরে যাবার ব্যবস্থাও নেই। আর হাসপাতালগুলোর কোনো ভূমিকম্প প্রস্তুতি ব্যবস্থা নেই, ভূমিকম্প ঝুঁকি কমানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনাও নেই। তাহলে তারা কী করে ভূমিকম্পের পরে হতাহতদের জরুরি চিকিৎসা সেবা দেবে? কী করে জীবন বাঁচানোতে ভূমিকা রাখবে? এভাবে করে ভূমিকম্প ঝুঁকি সচেতন জেনারেশনও তৈরি করা সম্ভব না।

ক্ষতি কমাতে দরকার চলমান প্রস্তুতি ভূমিকম্প একটি প্রাকৃতিক বিপর্যয়। একে বন্ধ করা যায় না। তবে ভূমিকম্পের কারণে যে ক্ষয়ক্ষতি হয়, জীবনহানি হয়– তা কমানো সম্ভব এবং তার জন্যে চাই চলমান প্রস্তুতি এবং নিবিড় পরিকল্পনা।

অবকাঠামোগত প্রস্তুতি: আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে ত্রুটিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন তৈরি করা দীর্ঘ সময়ের ও বিশাল বাজেটের ব্যাপার। এই দুটোর কোনোটাই আমাদের হাতে নেই। তবে আমরা অন্তত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, কিছু আবাসিক ভবন বিশেষ করে পুরোনো ছাত্রী-ছাত্রাবাস, সরকারি কোয়ার্টার ও জীর্ণ নিম্ন-মধ্যবিত্তদের বাস করা বহুতল ভবনগুলোর অবকাঠামোগত সংস্কার করতে পারি। প্রকৌশলের ভাষায় একে বলে ‘রেট্রোফিটিং’।

ন্যূনতম খরচ করে ঝুঁকিপূর্ণ স্কুল, হাসপাতাল ও অন্যক ভবনগুলোকে কিছুটা হলেও ভূমিকম্প ঝুঁকি থেকে নিরাপদ করা যেতে পারে। এই ব্যবস্থা যে কার্যকরী নেপালের ২০১৫ সালের ভূমিকম্পের সময় বোঝা গেছে। ২০০৬ সাল থেকে কয়েকশ স্কুলে রেট্রোফিটিং ব্যবস্থা নেওয়ার ফলে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পেও বেশির ভাগ স্কুলের অবকাঠামোগত ক্ষতি হয়নি বা তুলনামূলকভাবে কম হয়েছে। চিলি দেশটিও এর আরেকটি বড় উদাহরণ। আমরা দ্রুত এই ব্যবস্থা নিতে পারি এবং বিশেষজ্ঞ প্রকৌশলীদের সাহায্য নিয়ে রেট্রোফিটিংয়ের কাজগুলো এগিয়ে নিতে পারি।

দৈনন্দিন প্রস্তুতি: অবকাঠামোগত সংস্কারের জন্য অপেক্ষা না করে আমরা এখনই প্রতিটি স্কুলে এবং সরকারি হাসপাতালগুলোতে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা এবং মহড়া করানোর ব্যবস্থা নিতে পারি। হাসপাতালগুলোতে মহড়া করাতে হলে ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সহযোগিতা এবং অংশগ্রহণ নিশ্চিত করা দরকার, কারণ তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত মহড়া যে শিশু এবং বয়স্কদের মধ্যে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ রয়েছে তাইওয়ান, জাপান, চীনসহ বিভিন্ন দেশে।

পরিশেষে ইউরেশিয়া টেকটোনিক প্লেট, ভারতীয় টেকটোনিক প্লেট আর বার্মা মাইক্রো টেকটোনিক প্লেটের (যা ইউরেশিয়ারই অংশ) পারস্পরিক সহযোগিতা ও একত্র হওয়ার প্রতিফল হিসেবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিয়মিত মৃদু ও মাঝারি বা আরেকটু বড় ভূমিকম্প হতেই থাকবে। আমরা শুধু আশা করতে পারি যে এসব মৃদু আর মাঝারি ভূকম্পনের মধ্যে দিয়ে বিরাট শক্তির তীব্রতা কমে আসবে এবং বড় আকারের ভূমিকম্পের আশঙ্কা কিছুটা হলেও কমে আসবে। এখন থেকে আমাদের এই ভূকম্পনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এবং প্রস্তুতি জোরদার করার চেষ্টা করতে হবে। তাহলেই আমরা ব্যাপক প্রাণহানির হাত থেকে রক্ষা পাব।

শশাঙ্ক সাদী: লেখক ও উন্নয়ন বিশ্লেষক