গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, তারা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার একটি প্রক্রিয়া শুরু করছে। তিন ‘অধ্যায়’ দিয়ে মিসর, জর্ডান ও লেবাননে এই তৎপরতা শুরু হয়েছে। এর প্রতিক্রিয়ায় মিসরীয় সংগঠনটি তাদের অহিংস কর্মকাণ্ডের রেকর্ড তুলে ধরেছে। আর মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েল এবং বেশ কয়েকটি কর্তৃত্ববাদী আরব শাসন ব্যবস্থার দীর্ঘকালীন দাবির ভিত্তিতে বহিরাগত চাপের ব্যাপারে অভিযোগ তোলে।
বিবৃতিতে আরও জোর দেওয়া হয়, স্বল্প সময় সরকারে থাকাকালে মুসলিম ব্রাদারহুড ‘আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং শান্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে মার্কিনিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।’
সাম্প্রতিক এ পদক্ষেপে বিশেষ করে এর সময়টা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এগুলোর মধ্যে আছে– মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার পূর্ববর্তী প্রচেষ্টার সঙ্গে সর্বশেষ প্রচেষ্টার তুলনা এবং এর ফলে কী কী অপ্রত্যাশিত ফল হতে পারে। গাজায় দুই বছরের গণহত্যার পরিপ্রেক্ষিতে ব্রাদারহুডকে এভাবে চিহ্নিত করা চলমান ইসরায়েলি নৃশংসতা থেকে আলোচনা দূরে সরিয়ে দেবে বলে মনে হচ্ছে। এমনকি যুদ্ধবিরতি চুক্তির মাঝখানে এবং বিশ্বব্যাপী ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ কাঠামোকে পুনরুজ্জীবিত করবে, যা দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির বেশির ভাগ অংশকে প্ররোচিত করেছিল। তখন পুরো সময় ‘মুসলিম ব্রাদারহুড’ লেবেল প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে কাজ করেছিল। এর মাধ্যমে তারা দেশে নিরাপত্তাবলয় সৃষ্টি এবং নাগরিক সমাজের ওপর দমনপীড়নকে ন্যায্যতা দেয়; একই সঙ্গে বিদেশে কর্তৃত্ববাদী শাসনের প্রতি সমর্থন বৃদ্ধি করে। এই বিস্তৃত প্রেক্ষাপটের কোনো উল্লেখ ছাড়া ওই পদক্ষেপটি বেশ বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে, যা আন্দোলনের ইতিহাস এবং বর্তমান বাস্তবতার সঙ্গে গভীর বিচ্ছিন্নতাই তুলে ধরে।
প্রতিটি দিক বিবেচনা করলে আরব অঞ্চলে নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকার আজ এক দশক আগের তুলনায় অনেক খারাপ। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়ে প্রথম ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসে, যা ট্রাম্পের দেশি-বিদেশি সমর্থকদের একটি ছোট কিন্তু প্রভাবশালী অংশের মূল দাবি ছিল।
২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের তাগিদে যুক্তরাজ্যে একই রকম একটি পর্যালোচনা চালিয়েছিল। তখন ব্রিটিশ সরকার এ ধরনের ঘোষণা জারির কোনো ভিত্তি খুঁজে পায়নি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছিল, এটি সম্ভবত এ অঞ্চলে রাষ্ট্রের কূটনৈতিক বিকল্পগুলোকে বাধাগ্রস্ত করবে। একইভাবে প্রথম ট্রাম্প প্রশাসনের মধ্যে ভিন্নমত পোষণকারী কণ্ঠস্বরগুলো যুক্তি দিয়েছিল, একটি সন্ত্রাসী নামকরণ অনেক আইনি জটিলতা তৈরি এবং মার্কিন কূটনীতিকে দুর্বল করবে। আর সংগঠনটির শাখাগুলো একে অপর থেকে স্বাধীন এবং সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিদ্যমান। বাহরাইন ও জর্ডানের মতো দুটি মার্কিন মিত্র দেশে মুসলিম ব্রাদারহুড অনুমোদিত দলগুলো প্রায়ই শাসনের বৈধতা জোরদার করতে কাজ করেছে এবং গুরুত্বপূর্ণ সরকারি পদ দখল করেছে। তিউনিসিয়ায় আন নাহদা পার্টি তখন ক্ষমতায় ছিল, যার শিকড় অর্ধশতাব্দীরও বেশি সময় আগে ব্রাদারহুডের আঞ্চলিক সম্প্রসারণের সঙ্গে সম্পর্কিত, যা মার্কিন-তিউনিসিয়ান সম্পর্কের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলেছিল।
এমনকি মরক্কো ও তুরস্কের মতো অন্য শক্তিশালী মার্কিন মিত্রদের ক্ষেত্রেও একই কথা বলা যায়, যদিও দেশগুলোতে কোনো কার্যকর মুসলিম ব্রাদারহুড সংগঠন ছিল না; তবুও এ আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর ওপর গভীর প্রভাব ফেলেছিল। যদিও বিশেষ করে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর প্রস্তাবটি স্থগিত করা হয়েছিল। তবে এটি কিছু রিপাবলিকান আইন প্রণেতার মধ্যে বাগ্মিতা প্রদর্শনের হাতিয়াররূপে কাজ করে চলেছে।
হোয়াইট হাউস তাদের বিবৃতি প্রকাশের ঠিক আগে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট তাঁর নিজস্ব ঘোষণাপত্র জারি করেন এবং মুসলিম ব্রাদারহুড ও আমেরিকান-ইসলামিক রিলেশন্স কাউন্সিল, একটি দেশীয় অ্যাডভোকেসি সংস্থা উভয়কেই বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেন। কয়েক দিন পর ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস একই রকম একটি সংগঠনের নাম ঘোষণা করেন এবং মুসলিম নাগরিক-সমাজ সংগঠনগুলোর বিরুদ্ধে প্রদেশভিত্তিক প্রচারণা জোরদার করেন।
যদিও এ ধরনের ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে প্রাদেশিক সরকারগুলোর এখতিয়ার এখনও স্পষ্ট নয়, তবু এর উদ্দেশ্য মনে হচ্ছে, দীর্ঘদিন ধরে প্রচলিত মার্কিন-মুসলিম সম্প্রদায়কে চরমপন্থার সঙ্গে জড়িত একটি বিদেশি সত্তা হিসেবে চিত্রিত করা, আর জনসাধারণের মধ্যে এই তৎপরতা জোরদার করার জন্য সবচেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া।
আবদুল্লাহ আল-আরিয়ান: কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহযোগী অধ্যাপক; মিডল ইস্ট আই থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
