যুগ যুগ ধরে সমৃদ্ধ বাংলাকে তৈরি করেছে এমন সব মানুষ, যারা জানতেন কীভাবে মাটিকে কাজে লাগাতে হয়। কেমন করে উর্বর মাটি ও প্রচুর পানি উৎপাদনে সহায়ক শক্তি ছিল, তবে আমাদের সাফল্যের পেছনে শুধু এগুলোই ছিল না। কৃষকরা জানতেন বদ্বীপ অঞ্চলের ঋতুচক্র ও বুঝতেন বন্যার ধরন। জানতেন কীভাবে লাঙল ও সেচ ব্যবস্থা কাজে লাগাতে হয়। তারা শুধু এসব সরঞ্জাম ব্যবহারই করেননি, নিজেদের জীবন ও কাজের সঙ্গে মানিয়েও নিয়েছিলেন। কেবল ব্যবহার নয়, জানতেন তৈরি করতে, মেরামত করতেও।
এ ইতিহাস আমাদের গর্বের উৎস, আবার সতর্কবার্তাও। কোনো সমাজ প্রযুক্তির পরিবর্তন কত দ্রুত চিনতে পারে, কীভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটিকে কাজে লাগায় এবং জনগণকে এর সুফল পাওয়ার জন্য কতটা দ্রুত প্রস্তুত করে—সমৃদ্ধি তার ওপরই নির্ভর করে। বাংলাদেশ বারবার এ কাজে দেরি করেছে।
মোবাইল ফোনের বিপ্লব ছিল এমনই এক হারানো সুযোগ। প্রতিবেশী দেশগুলো তাদের সহায়ক নীতির মাধ্যমে যেখানে নিজস্ব টেলিযোগাযোগ শিল্প গড়ে তুলেছে, এমনকি আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করতে পেরেছে; সেখানে বাংলাদেশী স্থানীয় উদ্যোক্তাদের ক্ষেত্রে আমাদের দেশ একই রকম পরিবেশ গড়ে তুলতে পারেনি। আমাদের প্রথম দিকের উদ্যোক্তারা তখন বড় ও বেশি পুঁজিসম্পন্ন প্রতিযোগীদের সঙ্গেই লড়াই করছিলেন। ফলে দেশ ক্রমে আমদানি করা ফোন, সরঞ্জাম ও অবকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এ মুহূর্তে মোবাইল তৈরিতে দেশীয় কোম্পানি প্রতিষ্ঠিত হলেও তাদের সেই বিরাট সুযোগ আর নেই। এর মূল কারণ আমাদের বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষাক্রমেও টেলিযোগাযোগকে স্বীকৃতি দিতে সময় লেগেছে। মোবাইল প্রযুক্তি শুরুর প্রায় ৩০ বছর পর আমরা এসব প্রতিষ্ঠানে তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।
একইভাবে বিশ্বজুড়ে ব্যবসায়িক প্রক্রিয়ায় আউটসোর্সিং ও কল সেন্টারের প্রসার ঘটার সময়ও আমাদের দেশে একই চিত্র দেখা গেছে। এশিয়ার বিভিন্ন দেশ যেখানে যোগাযোগ ও সেবাভিত্তিক কাজকে কেন্দ্র করে রফতানিমুখী শিল্প গড়ে তুলেছে, সেখানে বাংলাদেশ তার সম্ভাবনা তুলনামূলকভাবে কমই কাজে লাগাতে পেরেছে। এর একটি কারণ ছিল আন্তর্জাতিক ব্যবসায় ব্যবহৃত ভাষা অর্থাৎ ইংরেজিতে আমাদের কথা বলায় আত্মবিশ্বাসের অভাব। ইংরেজি ভাষা শুধু স্কুলের একটি বিষয় বা সামাজিক মর্যাদার পরিচয় নয়। এটি হলো বাণিজ্য, কূটনীতি এবং সীমান্ত পেরোনোর একটি ব্যবহারিক হাতিয়ার। আমাদের প্রচেষ্টা দেখুন। সেই প্রথম শ্রেণী থেকে ইংরেজি পড়া শুরু। তবু দ্বাদশ শ্রেণীর পরও আমাদের ছাত্ররা ইংরেজিতে সঠিক বাক্য তৈরি করতে পারে না। আমাদের শিক্ষকরা ভুলেই গেছেন ভাষা আমাদের বিশ্বদরবারে প্রবেশের সুযোগ এনে দেয়। শিক্ষা ব্যবস্থা যখন ভাষাকে এভাবে শেখাতে ব্যর্থ হয়, তখন তার মূল্য দিতে হয় জনগণ ও অর্থনীতিকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আমাদের সামনে আরেকটি পরীক্ষা এনে দিয়েছে। সেই ১৯৮৯ সালে ডক্টরাল গবেষণার সময় আমি প্রথম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পরিচিত হই। তখন বিষয়টি দৈনন্দিন আলোচনার অংশ ছিল না। সে সময় গবেষকরা বেশি মনোযোগ দিতেন ‘এক্সপার্ট সিস্টেম’ নিয়ে—এমন প্রোগ্রাম, যা \‘যদি-তবে’ ধরনের নিয়মের মাধ্যমে মানুষের বিচারবুদ্ধি অনুকরণ করার চেষ্টা করত। আমার গবেষণায় অপরিশোধিত তেলের দামের পূর্বাভাস দেয়ার উপায় খোঁজা হচ্ছিল, যাতে পেট্রোলিয়াম প্রকৌশলী ও নীতিনির্ধারকরা উৎপাদন নিয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু সে সময়কার সিস্টেমগুলো ছিল অতিরিক্ত অনমনীয়; অস্থির বাজারের সঙ্গে তাল মেলাতে পারত না। বাস্তব জীবন খুব কমই সাজানো কিছু নিয়ম মেনে চলে।
আমার মনে হয়েছিল, এর চেয়ে ভালো কোনো পদ্ধতি ব্যবহার করলে তা নিশ্চয়ই সম্ভব হবে। চীনা এক বন্ধু তখন আমাকে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর তখনই আমি বিষয়টি গোড়া থেকে শিখতে শুরু করি। ধারণাটি ছিল সহজ, কিন্তু বেশ শক্তিশালী: এটি এমন গাণিতিক ব্যবস্থা, যা আগে থেকে লেখা নিয়মের ওপর পুরোপুরি নির্ভর না করে উদাহরণ থেকে শিখতে পারে। অনেকটা শিশুর কথা বলা শেখার মতন। শিশু যখন কথা শেখে তখন ভাষার গ্রামার শেখে না। তারা মা-বাবার কথা বলা থেকেই কথা বলতে শেখে। অথচ দেখুন ইংরেজি ভাষা শিক্ষকরা আমাদের প্রথমে গ্রামার শেখান। যা হোক, এআই ঠিক সেই শিশুর মতনই শিখে নেয়। তবে তা রাতারাতি তৈরি হয়নি এবং এটি কেবল প্রযুক্তি কোম্পানির আবিষ্কারও নয়। মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার বিজ্ঞানের কয়েক দশকের গবেষণা মিলেই এর ভিত্তি তৈরি করেছে।
গত সপ্তাহে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেসে ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদদের সঙ্গে আমি এমনই একটি প্রশ্ন নিয়ে কথা বলেছি, যা এখন প্রায় সব পরিচালনা পর্ষদেই আলোচনায় আছে: প্রথম প্রশ্ন—এআইয়ের সুফল কারা পাবে? কারা এতে ভোগান্তিতে পড়বে? আলোচনার একটি বড় অংশ জুড়ে থাকে কম্পিউটিং ক্ষমতা, ডেটা সেন্টার ও অবকাঠামোর খরচ ইত্যাদি ইত্যাদি। এসব খরচ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু খরচের দিকে তাকালে আমরা আরো একটি বড় সম্ভাবনাকে উপেক্ষা করে যেতে পারি: এআই মানুষকে আরো ভালোভাবে কাজ করতে সাহায্য করতে পারে, আর দীর্ঘস্থায়ী উৎপাদনশীলতা বাড়িয়ে মানুষের জীবনযাত্রার মান বাড়াতে পারে।
এ সুযোগ শুধু সফটওয়্যার প্রকৌশলী ও ডেটা বিজ্ঞানীদের জন্য নয়, এর মাধ্যমে একজন কাঠমিস্ত্রি নির্ভুলভাবে কাঠ কাটার পরিকল্পনা করতে এবং অপচয় কমাতে এআই ব্যবহার করতে পারেন। কোনো প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান একটি জটিল নকশা বুঝতে কিংবা ত্রুটি শনাক্ত করতে এর সাহায্য নিতে পারেন। একজন কৃষক মোবাইল ফোনে ফসলের রোগ শনাক্ত করতে বা জমির অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন। চিকিৎসকরা রোগ নির্ণয় ও রোগীকে অগ্রাধিকার দেয়ার কাজে এআইয়ের সহায়তা নিতে পারেন; গবেষকরা জটিল বৈজ্ঞানিক সমস্যার সমাধানেও এটি কাজে লাগাতে পারেন। এসব সরঞ্জাম দক্ষ মানুষের জ্ঞান ও বিচারবুদ্ধির বিকল্প নয়। সঠিকভাবে ব্যবহার করলে এগুলো মানুষকে নিজের দক্ষতা আরো কার্যকরভাবে কাজে লাগাতে সাহায্য করতে পারে।
এআইয়ের ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে ‘সুপারইন্টেলিজেন্স’-এর মতো আরো নাটকীয় সতর্কবার্তাও শোনা যাচ্ছে। এসব উদ্বেগ উপেক্ষা করা উচিত নয়। শক্তিশালী প্রযুক্তি গুরুতর ঝুঁকি তৈরি করতেই পারে, তাই সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন হতে পারে। তবে শুধু ভয়কে নীতিনির্ধারণের ভিত্তি করা ঠিক নয়। প্রযুক্তিগত পরিবর্তন থামানোই যদি নিয়মকানুনের প্রধান লক্ষ্য হয়, তবে উন্নত গবেষণা ও শিল্পভিত্তি থাকা দেশগুলো আরো এগিয়ে যেতে পারে। অন্যদিকে কম সম্পদসম্পন্ন দেশগুলো নিজেদের দক্ষতা গড়ে তোলার সুযোগ হারাতে পারে।
বাংলাদেশকে অন্ধ অনুকরণ আর সর্বাত্মক নিষেধাজ্ঞার মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে না। বাস্তব ক্ষতি ঠেকাতে যেমন সুরক্ষা দরকার, পাশাপাশি শেখা, পরীক্ষা করা ও নিজেদের সক্ষমতা গড়ে তোলার আত্মবিশ্বাস বাড়াতেও এআইয়ের দরকার হবে। নিয়মকানুন মানুষের সুরক্ষাকে নিশ্চিত করবে, কিন্তু তা যেন স্থানীয় গবেষক, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল ও সরকারি সংস্থার দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের পথ বন্ধ না করে। ভালো নীতি তৈরি করতে হলে তথ্যপ্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতিও হালনাগাদ করতে হবে এবং দক্ষতা, অবকাঠামো ও জনসচেতনতায় বিনিয়োগ করতে হবে।
যুগান্তকারী সব প্রযুক্তিই ঝুঁকি ও সুফল—দুটিই নিয়ে এসেছে। আগুন যেমন ধ্বংস করতে পারত, তেমনি তা রান্না ও উষ্ণতার সুযোগও তৈরি করেছে। একসময় যে বিদ্যুৎ নিয়ে ভয় ছিল, আজ তা আধুনিক জীবনের ভিত্তি। ইঞ্জিন মানুষের চলাফেরা, কাজ এবং খাদ্য উৎপাদনের ধরন বদলে দিয়েছে। প্রতিটি ক্ষেত্রেই সমাজকে শুধু প্রযুক্তি নিয়ন্ত্রণ করা নয়, সেটিকে কাজে লাগাতেও শিখতে হয়েছে।
বাংলাদেশের পক্ষে তাই এআইকে শুধু একাডেমিক কৌতূহল বা আমলাদের নিয়ন্ত্রণের জন্য একটি হুমকি হিসেবে দেখার সুযোগ নেই। শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, ব্যবসা ও সরকারি সেবায় এআইয়ের ব্যবহার জায়গা করে নেয়া উচিত। প্রশিক্ষণ ও শিখনকাজে এআইয়ের ব্যবহার সব কর্মীর উৎপাদনক্ষমতা বাড়াবে। এর জন্য প্রয়োজন ব্যবহারিক প্রশিক্ষণ। এআই ব্যবহার সম্পর্কে বিস্তৃত জ্ঞান কেবল দেশের মেধাবীরাই করবেন না। তারা তৈরি করবেন নতুন ব্যবহারিক সুবিধা, যা বাকিরা ব্যবহার করবে।
বাংলাদেশের ইতিহাস দেখায়, শুধু প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধি আনে না। দেখুন তুলা উৎপাদন না করেই আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক দেশ। পাট উৎপাদন না করেই ভারত পাটজাত পণ্যের প্রধান রফতানিকারক। চা উৎপাদন না করেই ব্রিটিশরা প্রধান চা রফতানিকারক দেশ। প্রজন্মের পর প্রজন্ম কৃষকরা উর্বর মাটি ও প্রচুর পানিকে কাজে লাগিয়েছেন, কারণ তারা জমিকে বুঝতেন এবং হাতে থাকা সরঞ্জাম কীভাবে ব্যবহার করতে হয় তা জানতেন। তাদের জ্ঞান প্রাকৃতিক সুবিধাকে খাদ্য, জীবিকা ও সম্পদে রূপ দিয়েছিল।
প্রযুক্তির ক্ষেত্রেও একই কথা সত্য। নতুন সরঞ্জাম থাকলেই সমৃদ্ধি আসে না। প্রয়োজন ব্যবহার করার সক্ষমতা। মানুষকে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করতে হয়, ব্যবসাপ্রতিষ্ঠানকে সেগুলো নিজেদের প্রয়োজনে মানিয়ে নেয়ার স্বাধীনতা ও সহায়তা দিতে হয়, আর প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হয়। কোনো দেশ এ কাজে দেরি করলে সে সুযোগ হারাতে পারে এবং অন্যত্র তৈরি প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।
এআই হলো আমাদের সামনে থাকা পরবর্তী বড় পরীক্ষা। বাংলাদেশে এটিকে জাদু ভাবার দরকার নেই, আবার প্রতিটি সমস্যার সমাধানও এর কাছ থেকে আশা করা উচিত নয়। আবার ইংরেজি ভাষা শিক্ষার ব্যর্থতার কথাও মনে রাখা উচিত। স্কুল-কলেজে আইসিটি শিক্ষার নামে ডিস্ক কাকে বলে, হার্ড ড্রাইভ কাকে বলে তা নয়, প্রয়োজন এ যন্ত্রের ব্যবহারে আমাদের শিক্ষার্থীর সক্ষমতা তৈরি করা।
তবে জানবেন এআই ভুল করতে পারে, সমাজে বৈষম্যও বাড়াতে পারে এমনকি মানুষের গোপনীয়তায় ঝুঁকি তৈরি করতে পারে; তাই বিচক্ষণ সুরক্ষা ব্যবস্থা জরুরি। তবে এআই পুরোপুরি এড়িয়ে চলারও মূল্য আছে: এর ব্যবহারের দ্বারা অন্য দেশ ও ব্যবসাপ্রতিষ্ঠান আরো উৎপাদনশীল হয়ে উঠতে পারে, আর বাংলাদেশ আরো পিছিয়ে পড়তে পারে।
আমাদের লক্ষ্য হওয়া উচিত এআইকে বোঝা, দেশের নিজস্ব দক্ষতা গড়ে তোলা এবং যেখানে এটি মানুষের কাজকে আরো ভালো করতে পারে, সেখানে ব্যবহার করা। এর অর্থ হলো স্কুল ও প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যবহারিক এআই দক্ষতা শেখানো, ব্যবসা ও সরকারি সেবাকে দায়িত্বশীলভাবে এ প্রযুক্তি গ্রহণে সহায়তা করা এবং প্রযুক্তি কোম্পানিগুলোর পাশাপাশি কর্মীরাও যেন এর সুফল পান, তা নিশ্চিত করা।
নতুন প্রতিটি প্রযুক্তিকে প্রশ্নহীনভাবে গ্রহণ করা যেমন ঠিক নয়, তেমনি ভয়ে তা প্রত্যাখ্যান করাও উচিত নয়। বাংলাদেশকে বুঝতে হবে এআই কীভাবে কাজ করে, কোথায় এটি কাজে লাগতে পারে তা নির্ধারণ করতে হবে এবং ক্ষতি কমানোর জন্য স্পষ্ট নিয়ম তৈরি করতে হবে। প্রযুক্তিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী গড়ে তুলতে পারলে এবং এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছলে, শুধু অল্প কয়েকজন বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীর কাছে সীমাবদ্ধ না থাকলে, আমরা সবচেয়ে বেশি উপকৃত হব।
ড. এ কে এনামুল হক : মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)
