দেশের শিক্ষা ব্যবস্থার কাঠামো অনেকাংশেই রয়ে গেছে পুরানো ধারায়। ফলে কর্মক্ষেত্রের প্রয়োজন ও বাস্তবতার সঙ্গে শিক্ষার ক্রমেই তৈরি হচ্ছে দূরত্ব, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। আজকের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর, প্রশ্নপ্রবণ ও সৃজনশীল হতে চায়। তারা মুখস্থনির্ভর বিদ্যার বদলে বাস্তবভিত্তিক জ্ঞান, দক্ষতা ও স্বাধীন চিন্তার সুযোগ খোঁজে। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো নম্বরকেন্দ্রিক পরীক্ষার ফলই মেধার মানদ-। সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা কিংবা ব্যক্তিগত প্রতিভা বিকাশের জায়গা সেখানে সীমিত। দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা নিয়ে আঞ্চলিক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উচ্চশিক্ষার প্রচলিত কাঠামোকে চাকরি নির্ভর ও সৃজনশীলতা বিরোধী আখ্যা দিয়ে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষ জন্মগতভাবে স্বাধীন ও সৃজনশীল অথচ বিদ্যমান শিক্ষাব্যবস্থা তরুণদের চাকরি প্রার্থী বা আদেশ মানা দাসে পরিণত করছে। \r\nপ্রায় সময়েই কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে পত্র-পত্রিকায় নানা রকম লেখা প্রকাশিত হলেও বাস্তবে এর প্রতিফলন খুবই কম। এমনকি শিক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটেরও সঠিক প্রয়োগ হয় না, যা অত্যন্ত দুঃখজনক। প্রতি বছর কর্মবাজারে প্রবেশ করছে লাখ লাখ শিক্ষার্থী। সে তুলনায় তাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বিশেষজ্ঞদের অভিমত, দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থা সর্বজনীন ও কর্মমুখী নয়। তাই শিক্ষার সঙ্গে কর্মের সংযোগ স্থাপন করা যাচ্ছে না। পাশাপাশি কর্মহীন বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানে সরকারের পরিকল্পনারও অভাব রয়েছে। বাস্তবতাবিমুখ শিক্ষাব্যবস্থা, শিক্ষার বাণিজ্যিকীকরণ, কারিগরি শিক্ষাকে উপেক্ষা, যুবশক্তির অবমূল্যায়নসহ নানা কারণে বাড়ছে বেকারের সংখ্যা।