শীতের কনকনে ঠান্ডায় আমরা যেমন উষ্ণতার জন্য লেপ-কম্বলসহ উষ্ণ পোশাক পরিধান করি, ঠিক তেমনিই আমাদের গৃহপালিত প্রাণীরাও এই ঠান্ডায় ভীষণ কষ্ট পায়। অথচ আমরা অধিকাংশ সময়ই তাদের অবহেলা করি। গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ অন্য সকল পশুপাখিদেরও শীতের ঠান্ডা হিমেল হাওয়া লাগলে তাদের শরীরের পশম দাঁড়িয়ে যায়। কিন্তু তারা মুখ ফুটে বলতে পারে না যে, আমাকেও একটু উষ্ণতার ব্যবস্থা করে দাও । এছাড়া এই শীতে গৃহপালিত পশুরাও অসুস্থ হয়ে পড়তে পারে, যেমন: ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া বা শ্বাসকষ্ট ইত্যাদি বিভিন্ন অসুখে। তাই এই সময় তাদের বিশেষ যত্ন নেওয়া আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। প্রথমত, প্রাণীদের ঘরের ভেতরে রাখুন। ভালোভাবে দরজা-জানালা বন্ধ করে রেখে ঠান্ডা বাতাস প্রবেশ বন্ধ করুন। ঠান্ডা মেঝেতে শোয়াবেন না।
ফ্লোরে ধানের খড় বিছিয়ে তার ওপর পুরানো কম্বল অথবা পুরানো কাপড় বিছিয়ে উষ্ণ বিছানা তৈরি করুন। শরীরে কম্বল দিতে না পারলেও অন্তত পাটের বস্তা কেটে সুন্দরভাবে সাইজ করে দিতে পারেন। ছোট লোমের ছাগল, ভেড়া বা বিড়ালের জন্য সোয়েটার বা কোট পরিয়ে দিন। দ্বিতীয়ত, তাদের নিয়মিত পুষ্টিকর খাবার দিন। শীতে তারা অতিরিক্ত ক্যালরি খরচ করে। তাই প্রোটিন সমৃদ্ধ খাবার বাড়ান। আর হালকা কুসুম গরম পানি করে তার সঙ্গে ধানের খোসার গুঁড়ো, ভাত বা চালের অবশিষ্ট কিছু থাকলে সেগুলোসহ হালকা লবণ দিয়ে পরিবেশন করুন। এবং তাদের শরীরে নিয়মিত ব্রাশ করুন যাতে লোম জট না পাকায় এবং ত্বক শুষ্ক না হয়। আর রোগ প্রতিরোধে নিয়মিত ভ্যাকসিন নিশ্চিত করুন। তৃতীয়ত, তাদের সব সময় ঘরের ভেতর রাখবেন না। কেননা ঘর অধিকাংশ সময়ই ঠান্ডা আর্দ্র থাকে। শীতকালে যদি ভালোভাবে সূর্য ওঠে তাহলে তাদেরও সূর্যের উত্তাপ গ্রহণ করার সুযোগ করে দিন। আর সূর্যের এ হালকা উত্তাপ তাদের শরীরের জন্যও অনেক উপকারী এবং রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। পরিশেষে, আমাদের এ সামান্য যত্নেই আমাদের প্রিয় প্রাণীরা সুস্থ ও সুন্দর থাকবে। তাই আসুন, এই শীতে আমরা প্রাণীদের পাশেও দাঁড়াই।
