বাংলাদেশের উন্নয়নের জয়গাথা এ যাবৎকাল ছিল মূলত একরঙা যেখানে ইট-পাথর, অবকাঠামো, অর্থনীতি আর ডিজিটাল কানেক্টিভিটির জয়গান গাওয়া হয়েছে। কিন্তু উন্নয়নের এই বিশাল কর্মযজ্ঞের প্রধান চালিকাশক্তি যে তরুণ সমাজ, তারা যখন মানসিকভাবে ভঙ্গুর হয়ে পড়ে, তখন সেই উন্নয়ন প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে দেশের উচ্চশিক্ষার শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ, হতাশা ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক গবেষণার পরিসংখ্যানগুলো কেবল সংখ্যা নয়, বরং একটি জাতীয় সংকটের অশনিসঙ্কেত।

জুলাই-আগস্ট আন্দোলনঃ একটি বিশাল মনস্তাত্ত্বিক ক্ষত

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী রাজনৈতিক অধ্যায়। কিন্তু এই আন্দোলনের রাজপথের অভিজ্ঞতা শিক্ষার্থীদের মনে যে গভীর ক্ষত সৃষ্টি করেছে, তার খবর আমরা কতটুকু রাখছি? ‘সেন্টার ফর সাইকোলজিক্যাল হেল্থ’ এবং ‘সেন্টার ফর রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিন - সিআরএম’ কর্তৃক পরিচালিত সাম্প্রতিক গবেষণা (শারমিন ও মাহাদী, ২০২৫) এই ট্রমার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। গবেষণার তথ্যমতে, অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা লক্ষণীয়ভাবে বেড়েছে।

গবেষণায় দেখা গেছে, জুলাই-আগস্টের সেই দুঃসহ অভিজ্ঞতার পর ৭৬.৫২ শতাংশ নারী শিক্ষার্থী গভীর মানসিক চাপে ভুগছেন, যা পুরুষ শিক্ষার্থীদের (৭২.৯০ শতাংশ) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। উদ্বেগ ও উৎকণ্ঠার গ্রাফ আরও ভয়ংকর । যেখানে প্রায় ৯২.৬৮ শতাংশ নারী এবং ৮৬.৭৩ শতাংশ পুরুষ শিক্ষার্থী তীব্র উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এছাড়া গুরুতর হতাশায় ভুগছেন ৩৫.৪ শতাংশ নারী ও ২১.৬১ শতাংশ পুরুষ শিক্ষার্থী। এই পরিসংখ্যানগুলো স্পষ্ট করে দেয় যে, আন্দোলনের ট্রমা কেবল সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

মানসিক স্বাস্থ্য ব্যবস্থার প্রাতিষ্ঠানিক দীনতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানসিক স্বাস্থ্য একটি বৈশ্বিক সমস্যা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রকটতা বহুগুণ বেশি। আমাদের দেশের শিক্ষার্থীরা কেবল একাডেমিক চাপের মধ্যেই নেই, তারা সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, সামাজিক অস্থিরতা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার এক ত্রিমুখী চাপে পিষ্ট। অথচ দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো কার্যকর পেশাদার কাঠামো নেই।

অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে কাউন্সেলিং সেবা অত্যন্ত সীমিত বা নামমাত্র । শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সংবেদনশীলতা ও প্রশিক্ষণের ব্যাপক ঘাটতি রয়েছে। ফলে একজন শিক্ষার্থী যখন মানসিক চাপে ভোগেন, তখন সামাজিক কুসংস্কার ও ‘পাগল’ তকমা পাওয়ার ভয়ে তিনি সাহায্য চাওয়া থেকে বিরত থাকেন। বৈজ্ঞানিক গবেষণার প্রতিষ্ঠিত সত্য হলো “প্রতিরোধ ও প্রাথমিক সহায়তা যত দ্রুত নিশ্চিত করা যায়, পুনরুদ্ধারের সম্ভাবনা তত বাড়ে।” কিন্তু আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো যেন এই সত্যটি বুঝেও না বোঝার ভান করছে।

ওয়েল-বিয়িং প্ল্যান ২০২৬: একটি সমন্বিত রূপরেখা

এই সংকটময় প্রেক্ষাপটেই “WELL-BEING Plan 2026: A National Youth Mental Health Initiative” প্রস্তাবনাটি একটি বৈপ্লবিক রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি হিসেবে সামনে এসেছে । এটি কেবল মানসিক স্বাস্থ্যকে স্বীকৃতি দেওয়ার দাবি জানায় না বরং এটিকে জাতীয় রাজনীতির ‘চূড়ান্ত অগ্রাধিকার’ হিসেবে দেখার প্রস্তাব দেয়। এই পরিকল্পনার মূল নির্যাস হলো মানসিক সুস্থতা কেবল একটি চিকিৎসা সংক্রান্ত বিষয় নয় এটি শিক্ষা, অবকাঠামো, রাজনীতি ও সামাজিক উন্নয়নের সমন্বিত দায়িত্ব।

পরিকল্পনার প্রথম ধাপে একটি উচ্চপর্যায়ের ‘জাতীয় মানসিক স্বাস্থ্য টাস্কফোর্স’ গঠনের কথা বলা হয়েছে, যেখানে মনোবিজ্ঞানী, গবেষক, শিক্ষা বিশেষজ্ঞ ও যুব প্রতিনিধিরা নীতিনির্ধারণী ভূমিকা পালন করবেন। দ্বিতীয়ত, প্রতিটি জেলা পর্যায়ে ‘মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর’ তৈরির প্রস্তাব করা হয়েছে। এর উদ্দেশ্য হলো মানসিক স্বাস্থ্যসেবাকে বিশেষজ্ঞের চেম্বার থেকে বের করে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে আসা।

শিক্ষা প্রতিষ্ঠান ও প্রযুক্তির সমন্বয়

‘ওয়েল-বিয়িং প্ল্যান ২০২৬’-এর সবচেয়ে কার্যকর দিক হলো শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি হস্তক্ষেপ। প্রতিটি স্কুলে কাউন্সেলিং কর্নার স্থাপন, পিয়ার সাপোর্ট গ্রুপ গঠন এবং শিক্ষকদের জন্য ‘সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা এই পরিকল্পনার প্রধান স্তম্ভ। শারমিন ও মাহাদীর (২০২৫) গবেষণায় যে পিটিএসডি-র চিত্র উঠে এসেছে, তা মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য একটি ‘সেফ স্পেস’ বা নিরাপদ আশ্রয় তৈরি করা এখন সময়ের দাবি ।

পাশাপাশি, বর্তমান প্রজন্মের ডিজিটাল অভ্যস্ততাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির মাধ্যমে সচেতনতা প্রসারের পরিকল্পনা রাখা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং মনস্তাত্ত্বিক সহায়তার একটি সেতুবন্ধন হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য। এটি কেবল একটি সমাধান নয় এটি একটি নতুন সামাজিক শোনার সংস্কৃতি (Listening Culture) গড়ে তোলার আন্দোলন।

রাষ্ট্রের দায়বদ্ধতা ও অর্থনৈতিক গুরুত্ব

মানসিক স্বাস্থ্যকে অনেক সময় ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখা হলেও বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক গবেষণাগুলো বলছে অন্য কথা। মানসিক অসুস্থতা সরাসরি একটি দেশের অর্থনৈতিক উৎপাদনশীলতা, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলে । একজন মানসিকভাবে বিধ্বস্ত তরুণ কখনোই একটি ‘স্মার্ট বাংলাদেশ’ বা টেকসই উন্নয়নের অংশীদার হতে পারে না। তাই রাষ্ট্রীয় বাজেটে মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ বরাদ্দ রাখা কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি দূরদর্শী জাতীয় বিনিয়োগ।

সহিংস রাজনীতি, উগ্রবাদ বা সামাজিক অসহিষ্ণুতার শেকড় অনেক সময় অবদমিত মানসিক যন্ত্রণার মধ্যে নিহিত থাকে।

‘ওয়েল-বিয়িং প্ল্যান ২০২৬’ প্রস্তাবিত ইমোশনাল ইন্টেলিজেন্স ও সহমর্মিতার প্রশিক্ষণ যদি রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে অন্তর্ভুক্ত করা যায়, তবে তা একটি সুস্থ ও মানবিক রাষ্ট্র গঠনে বিপ্লব ঘটাবে ।

মনের সুস্থতাই আগামীর ভিত্তি

আমাদের মনে রাখতে হবে, বড় বড় সেতু বা চওড়া রাস্তা একটি দেশের কঙ্কাল হতে পারে, কিন্তু সেই দেশের প্রাণ হলো তার মানুষ । আর মানুষের প্রাণের সুস্থতা নির্ভর করে তার মনের ওপর। চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনের পর আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্নের মূলে থাকতে হবে একটি মানসিকভাবে সুস্থ ও লড়াকু প্রজন্ম।

আজকের তরুণরা রাষ্ট্রের কাছে শুধু সার্টিফিকেট বা কর্মসংস্থান চায় না তারা চায় সম্মান, সুরক্ষা এবং তাদের কথা কেউ শুনবে এমন একটি সহানুভূতিশীল পরিবেশ। ‘ওয়েল-বিয়িং প্ল্যান ২০২৬’ সেই পরিবেশ তৈরিরই একটি জাতীয় রূপরেখা। সময় এসেছে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে মানুষের মনকে স্থাপন করার। কারণ একটি সুস্থ মনের প্রজন্মই পারে একটি শক্তিশালী ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে ।

তাই বলবো মানসিক স্বাস্থ্য কোনো গৌণ বিষয় নয় এটিই জাতীয় উন্নয়নের আসল লিটমাস টেস্ট।

লেখক: মাহাদী-উল-মোর্শেদ গবেষক, ও পলিসি এনালিস্ট