লেখক ও গবেষক আনু মুহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। বর্তমানে ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথার সম্পাদক এবং নাগরিক সংগঠন গণতান্ত্রিক অধিকার কমিটির নেতৃত্বে আছেন। বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক (১৯৮৪-৯৩) এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব (২০০৫-২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপনের নেওয়া সাক্ষাৎকারের একটা অংশ গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। সাক্ষাৎকারটির শেষাংশ এখানে প্রকাশিত হলো।
সমকাল : দেশে তীব্র জ্বালানি সংকট সত্ত্বেও ভোলার গ্যাস নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ সরকার নিচ্ছে না। এ বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ কী?
আনু মুহাম্মদ: এটা সত্যিই খুব অদ্ভুত বিষয়। জানা গেছে, ভোলায় এখন দুই ট্রিলিয়ন গ্যাস আছে। বলা হয়, তা আরও বাড়বে। এ ক্ষেত্রটা আবিষ্কার করেছে আমাদের বাপেক্স। কিন্তু এ গ্যাস ফেলে রেখে ৫০-৬০ গুণ টাকা দিয়ে এলএনজি আমদানি চলছে। উপরন্তু এলএনজি টার্মিনাল বসে থাকলেও তাকে বিপুল ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। যে সময়ে সরকার এই এলএনজি নিয়ে হাবুডুব খাচ্ছে, সে সময় ভোলার গ্যাস ব্যবহারের একটা কার্যকর পথ বের করতে পারত। আমরা প্রস্তাব করেছিলাম, তিনভাবে এ গ্যাস ব্যবহার করা যায়– এক. পাইপলাইনে নিয়ে এসে সার ও কলকারখানায় দেওয়া; দুই. এলএনজি করে আনা; তিন. ভোলাতেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া। ব্যয় সুবিধা বা কস্ট বেনিফিট বিশ্লেষণের মাধ্যমে উত্তম পন্থাটা বের করা যেত। কিন্তু এ নিয়ে কোনো সরকার কোনো উদ্যোগ নেয়নি। গত ছয় মাসে ভোলার গ্যাসের ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আন্তরিক উদ্যোগ নিলে সংকট মোকাবিলায় ভালো অগ্রগতি হতে পারত।
সমকাল : সরকার ভাবছে না কেন এসব বিষয়?
আনু মুহাম্মদ : জ্বালানি মন্ত্রণালয়ে তো বসে আছেন বিভিন্ন আন্তর্জাতিক করপোরেট সংস্থার প্রতিনিধিরা, তাদের দেশি পার্টনাররা। বহু বছর ধরে আমরা দেখে আসছি, ওইসব করপোরেট সংস্থার লবিস্ট জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে নির্ধারক ভূমিকা পালন করেন। এখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী যারা হন, তারা চাইলেও স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, যদিও আজ পর্যন্ত যত মন্ত্রী-প্রতিমন্ত্রী এ মন্ত্রণালয়ে বসেছেন, তাদের প্রায় সবাই ওই করপোরেট লবিস্টদের হয়েই কাজ করেছেন। বিগত আওয়ামী লীগ আমলে তৌফিক-ই-ইলাহী চৌধুরী এখানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন; তাঁর বিরুদ্ধে ওই লবিস্টদের হয়ে কাজ করার খুব সুদৃঢ় অভিযোগ ছিল।
সমকাল: সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের কথা শোনা গেল। এটা নিয়ে কোনো পর্যবেক্ষণ আছে আপনাদের?
আনু মুহাম্মদ : এটা নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য বা প্রস্তাব আমরা দিয়ে আসছি ২০০৯ সাল থেকে। তখন আমাদের প্রবল বিরোধিতার ওপর দমন-পীড়ন চালিয়ে মার্কিন কোম্পানি কনকোফিলিপসকে সমুদ্রের গ্যাস ব্লক দেওয়া হয়েছিল জাতীয় স্বার্থবিরোধী শর্তে। যে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) অনুসারে ওই কোম্পানিকে গ্যাসক্ষেত্রগুলো দেওয়া হয়, সেখানে কোম্পানিকে তাদের মুনাফা নিশ্চিত করার জন্য ইচ্ছামতো গ্যাস বা তেল তোলার অনুমতি দেওয়া হয়। আমাদের চাহিদার অতিরিক্ত হলে তো সব আমরা ব্যবহার করতে পারব না। সে ক্ষেত্রে আমরা সেই গ্যাস বা তেল কিনতে না পারলে কোম্পানিকে তা রপ্তানি করার অধিকার দেওয়া হয়েছে। আমরা তো চাইলেও চাহিদার বেশি গ্যাস কিনতে পারতাম না; তখন রপ্তানির কারণে ওই গ্যাস দ্রুত শেষ হয় যেত। সে জন্য আমরা এ ধরনের চুক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। শেষ পর্যন্ত ওরা তেল-গ্যাস অনুসন্ধান উত্তোলনে কাজও করেনি। শেয়ারের দাম বাড়িয়ে মুনাফা করে কিছুদিন পর চলে গেছে। অথচ তখন আমাদের প্রস্তাব নিয়ে কাজ করলে এতদিনে দেশে বড় পরিবর্তন আসত।
সমকাল : আপনাদের প্রস্তাব কী ছিল?
আনু মুহাম্মদ: আমরা বলেছিলাম, জাতীয় প্রতিষ্ঠানকে মূল মালিকানায় রেখে প্রয়োজনে নির্দিষ্ট কাজে উপযুক্ত বিদেশি কোম্পানিকে চুক্তিভিত্তিক কাজ করানোর কথা। পাশাপাশি নিজেদের সক্ষমতা বিকাশে সামগ্রিক উদ্যোগ নেওয়া, প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানকে ঠিক কাজে লাগানো। এখান থেকে প্রয়োজনে তরুণদের বিদেশে পাঠানো, বিদেশি অভিজ্ঞদের দেশে এনে প্রশিক্ষণ দেওয়া। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আমাদের অভিজ্ঞতা নেই, এটা ঠিক। কিন্তু অভিজ্ঞতা তো আকাশ থেকে পড়বে না। কাজের মধ্য দিয়ে বাপেক্স, পেট্রোবাংলাসহ জাতীয় প্রতিষ্ঠান এবং আমাদের জনগোষ্ঠীর অভিজ্ঞ ভিত্তি তৈরি হবে। একই সঙ্গে গ্যাস-তেলও আমরা প্রয়োজন অনুসারে তুলতে পারব, যা খুবই সুলভে ব্যবহার করা যাবে। কিন্তু সরকার তা কানে তোলেনি। সেদিন সে অনুযায়ী সিদ্ধান্ত হলে একদিকে বাপেক্স অনেক দক্ষ হয়ে উঠত, অন্যদিকে গ্যাস সংকটও আজকের পর্যায়ে থাকত না। মালয়েশিয়া, ভিয়েতনাম, নরওয়ে, চীন, ভারত প্রভৃতি দেশ এ প্রক্রিয়ায় মাত্র ৮-১০ বছরে দক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
সমকাল : এ সরকার সেই প্রস্তাব শুনছে না?
আনু মুহাম্মদ: তারা বরং আগের পিএসসির চেয়ে বিদেশি কোম্পানিকে আরও বেশি সুবিধা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রক্রিয়াটা শেখ হাসিনা আমলের শেষ দিকে শুরু হয়েছিল। তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ বিষয়ে সক্রিয় ছিলেন। মার্কিন কোম্পানির সুবিধা অনুযায়ী পিএসসিকে সাজানো হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেই পিটার হাসকেই দেখা গেল মার্কিন তেল কোম্পানি এক্সিলারেট এনার্জির লবিস্ট হিসেবে। এ সরকার তারই ধারাবাহিকতা রক্ষা করছে। পিটার হাস এখনও সক্রিয়; সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি। এখনকার পিএসসিতে বিদেশি মুদ্রায় আরও বেশি দামে আমাদের গ্যাস কিনতে হবে; কোম্পানির মুনাফার ভাগও বেশি, রপ্তানির সুযোগও বেশি।
সমকাল: মার্কিন কোম্পানি শেভরনের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা বৈঠক হতে দেখা গেল। কী বলবেন এ বিষয়ে?
আনু মুহাম্মদ : আপনারা জানেন, অক্সিডেন্টাল, ইউনোক্যাল হয়ে শেভরন বড় একটা গ্যাসক্ষেত্র পেয়েছে, যা আবিষ্কার করেছিল বাপেক্স। মাগুরছড়া গ্যাসক্ষেত্র ধ্বংসের কারণে অক্সিডেন্টালের যে ক্ষতিপূরণ দেওয়ার দায় ছিল, নিয়মানুসারে তা শেভরনের ওপরেই বর্তায়। কিন্তু এ নিয়ে কোনো সরকার কথা বলেনি। এখন তারা ব্যবসা আরও বাড়াতে চায়, সমুদ্রে যেতে চায়। এ নিয়ে নিশ্চয় বোঝাপড়া হয়ে গেছে। না হলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতো না। আমাদের ক্ষতিপূরণের দাবি রাখতে হবে।
সমকাল: সরকার যে পথে চলছে, তাতে আপনি জ্বালানি সংকটের টেকসই কোনো সমাধান দেখছেন না?
আনু মুহাম্মদ : না, তাতে বরং সংকট আরও ঘনীভূত হবে; অর্থনীতিও বড় আকারে বিপর্যস্ত হবে।
সমকাল : সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
আনু মুহাম্মদ: সমকালকেও ধন্যবাদ।
