একটি জাতির সার্বিক বিকাশ, অগ্রগতি এবং সভ্যতার মাপকাঠি অনেকটা নির্ভর করে সেই সমাজের নারী সমাজের অবস্থা ও অবস্থানের ওপর। মানবজাতির অর্ধেক অংশকে পেছনে ফেলে কোনো দেশ বা জাতি কখনও সামনে এগিয়ে যেতে পারে না। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, বর্তমান সময়ে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নারীর অংশগ্রহণ এবং অবাধ চলাচল নানা ধরনের বাধা ও প্রতিবন্ধকতার মুখে পড়ছে। নারীর অধিকার, স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চাকে সংকুচিত করার এই প্রবণতা কেবল নারী সমাজের জন্যই নয়, বরং পুরো জাতির ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত।

সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বহুমুখী বাধা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি, কুসংস্কারাচ্ছন্ন ও সংকীর্ণ মানসিকতার কিছু লোক সব সময়ই নারীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। অতীতে এ ধরনের অপচেষ্টা সমাজে পুরোপুরি প্রশ্রয় বা স্থান পায়নি। সাম্প্রতিককালে সমাজ যেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই নেতিবাচক প্রবণতাগুলো ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করেছে। নারীর পোশাক-আশাক, চলাফেরা, মতামত প্রকাশ এবং স্বাধীনভাবে বাঁচার অধিকারের ওপর এক অদৃশ্য নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চলছে। যদি এ ধরনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করা না হয় এবং সমাজ যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তবে তা নারীর চলার পথকেই বন্ধুর করবে না, নানা সামাজিক-সাংস্কৃতিক ব্যাধিও ভয়াবহ রূপ ধারণ করবে।

যদি সমাজের একটি বড় অংশ, বিশেষ করে নারী গৃহবন্দি হয়ে পড়েন, ঘরের বাইরে গিয়ে কাজ করার বা নিজেদের মেধা বিকাশের সুযোগ হারিয়ে ফেলেন, তবে দেশের অর্থনীতির চাকা থমকে যাবে। এর পরিণতি কেবল নারীর ব্যক্তিগত অধিকার হরণেই সীমাবদ্ধ থাকবে না, সমগ্র রাষ্ট্রব্যবস্থাকে তা পঙ্গু করে দেবে।

আমাদের মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশ নারী। এত বড় একটি জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে, তাদের কণ্ঠরোধ করে কোনো দেশ কখনও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে না। জনসংখ্যার অর্ধেক অংশকে কর্মক্ষেত্র থেকে দূরে সরিয়ে রাখলে বা তাদের অর্জিত অধিকার কেড়ে নিলে শ্রমবাজারে তীব্র ঘাটতি দেখা দেয়। এর ফলে পুরো অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে। শিক্ষার বিস্তার, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী শক্তি– সবকিছুই তখন মুখ থুবড়ে পড়ে। যদি নারী ঘরের বাইরে যেতে না পারেন, নিজের স্বাধীনমতো চলাফেরা করতে না পারেন, শিক্ষা ও কর্মসংস্থানে সমানাধিকার থেকে বঞ্চিত হন, তবে তা পুরো জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়।

এ ধরনের রক্ষণশীল ও সংকীর্ণ মানসিকতা কেবল সামাজিক বা সাংস্কৃতিক ক্ষেত্রেই আঘাত হানছে না বরং এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকেও শ্লথ করে দিচ্ছে। যখন অর্ধেক জনগোষ্ঠী নিষ্ক্রিয় থাকে বা উৎপাদনে ভূমিকা রাখতে পারে না, তখন জিডিপি প্রবৃদ্ধি থেকে শুরু করে মানব উন্নয়ন সূচক–সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ে। এটি একটি জাতির সামগ্রিক বিকাশকে রুদ্ধ করে দেয়। চিন্তার স্বাধীনতা ও বহুত্ববাদের গলা টিপে ধরার পাশাপাশি নারীর ওপর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা কেবল দৈহিক বা সামাজিক চলাফেরায় সীমাবদ্ধ নয়; এটি নারীরও চিন্তার স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চাকেও সংকুচিত করে দিচ্ছে; যেখানে মানুষকে মানুষ হিসেবে সম্মান জানানোর সংস্কৃতি হারিয়ে যায়, সেখানে বিভাজন তৈরি হয় একে একে নানা পরিচয়ে। প্রথমে লিঙ্গভিত্তিক বৈষম্য, এরপর ধর্মভিত্তিক, জাতিভিত্তিক এবং বর্ণভিত্তিক বৈষম্যের বেড়াজালে সমাজ এক ধরনের তীব্র অসহিষ্ণু ও পরিবেশের দিকে ধাবিত হয়। যে গোষ্ঠী সমাজকে নিয়ন্ত্রণ করতে চায় এবং মানুষের ব্যক্তিগত স্বাধীনতার টুঁটি চেপে ধরতে চায়, তাদের মানসিকতা এক ধরনের সামাজিক ফ্যাসিবাদেরই বহিঃপ্রকাশ। এই মানসিকতা সমাজে এক দমবন্ধ করা পরিবেশ তৈরি করে, যেখানে ভিন্নমত বা সৃজনশীলতার কোনো স্থান থাকে না। যদি এই অশুভ প্রবণতাকে এভাবে বাড়তে দেওয়া হয়, তবে তা ধীরে ধীরে নারীর জন্য নির্ধারিত সমস্ত সুযোগ-সুবিধা এবং অধিকার চিরতরে বন্ধ করে দেওয়ার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রে রূপ নেবে। একটি অন্ধকার যুগ বা মধ্যযুগীয় ব্যবস্থার দিকে সমাজকে ফিরিয়ে নেওয়ার এই অপচেষ্টা রুখে দেওয়া আজ সময়ের সবচেয়ে বড় দাবি।

সংবাদমাধ্যম, রাষ্ট্র ও সচেতন নাগরিকদের এই অচলাবস্থা থেকে উত্তরণের জন্য খুবই জোরালো ভূমিকা পালন করতে হবে। সাংস্কৃতিক সংগঠন ও নাগরিক সমাজকে এগিয়ে এসে নারীর অধিকার সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। নারীবান্ধব নীতি প্রণয়ন এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা জরুরি। পরিবার থেকেও মেয়েদের স্বাধীন চিন্তার বিকাশ ও আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা দিতে হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলে কোনো আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্ন সফল হতে পারে না। প্রতিরোধ গড়ে তোলার সময় এখনই নারীর সামাজিক ও সাংস্কৃতিক অংশগ্রহণকে সংকুচিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্র, সমাজ এবং বুদ্ধিজীবী মহলকে এ বিষয়ে সোচ্চার হতে হবে। নারীর স্বাধীনতা মানে বিশৃঙ্খলা নয়, বরং তা একটি ভারসাম্যপূর্ণ ও প্রগতিশীল সমাজের পূর্বশর্ত।

আমাদের মনে রাখতে হবে, নারীকে পিছিয়ে রেখে কোনো জাতির মুক্তি সম্ভব নয়। তাই অন্ধকার ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে লড়াই করে একটি সমতাভিত্তিক, মুক্তমনা ও মানবিক সমাজ গড়ে তোলার মাধ্যমেই কেবল আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে। অন্যথায় এই অন্ধকারের কালো ছায়া পুরো জাতিকে এক গভীর অচলাবস্থার দিকে ঠেলে দেবে, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হবে।

খুশী কবির: সমন্বয়ক, নিজেরা করি