ধান চাষে কৃষকরা প্রধানত বায়োটিক (জৈবিক) ও এবায়োটিক (পরিবেশগত) দুই ধরনের সমস্যার সম্মুখীন হন। বায়োটিক বা জৈবিক সমস্যাগুলো হলো ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাসজনিত রোগ যেমন- ব্লাস্ট, টুংরো, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বা বিএলবি, বাদামী দাগ, খোলপোড়া, খোলপঁচা ইত্যাদি। এছাড়া বিভিন্ন পোকামাকড়ের আক্রমণও বায়োটিক প্রভাবে হয়, যার কারণে ধানের ফলন বোরো মৌসুমে ১৫%, আউশে ২৪% এবং আমনে ১৮% কমে যায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর মতে, বিভিন্ন রোগ ও পোকামাকড়ের কারণে বিশ্বব্যাপী প্রতি বছর ৩৭% পর্যন্ত ধান নষ্ট হয়। বাংলাদেশে রোগ ও পোকামাকড়ের কারণে ধানের ফলন তিন মৌসুম মিলিয়ে গড়ে প্রায় ১৮% ফলন এ কারণে হ্রাস পায়। তবে, নির্দিষ্ট কিছু রোগের তীব্র আক্রমণে ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়তে পারে।

দেশে ধানের শনাক্তকৃত ৩২টি রোগের মধ্যে ১০টি প্রধান। ধানের রোগ হলে ধানের গুণগত মান ও ফলন উভয়ই কমে যায়। \r\nআর এবায়াটিক বা অজৈবিক সমস্যাগুলো হলো- বন্যা, খরা, জলাবদ্ধতা, লবণাক্ততা, উচ্চ ও নিম্ন তাপমাত্রা ইত্যাদি। যা ধান গাছের বৃদ্ধি ও উৎপাদনশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ক্রমাগত জলবায়ু পরিবর্তন ক্রমেই এই সমস্যাগুলোকে আরও তীব্র করছে। যার ফলে টেকসই ফলন নিশ্চিত করতে সঠিক ব্যবস্থাপনা জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকূল পরিবেশ মোকাবিলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এখন পর্যন্ত লবণাক্ত সহনশীল, খরা সহনশীল, জলমগ্নতা সহনশীল, ঠান্ডা সহনশীল, জোয়ার-ভাটা সহনশীলসহ নানা ধরনের ৩৭টি জাত উদ্ভাবন করেছে। যা থেকে দেশের মোট উৎপাদনের প্রায় ২০ ভাগ আসে।

খাদ্য নিরাপত্তায় প্রতিকূলতা সহিষ্ণু জাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন জলবায়ু অভিঘাত সহিষ্ণু জাত উদ্ভাবনে বেশ সফলতা পেলেও বালাই সহনশীল ও বালাই প্রতিরোধী জাত উদ্ভাবনে এতদিন দেশের বিজ্ঞানীরা কিছুটা পিছিয়ে ছিলো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ব্রি বালাই প্রতিরোধী ও সহিষ্ণু জাত উদ্ভাবনে দারুন সাফল্য অর্জন করেছে।\r\nসাম্প্রতিক সময়ে উদ্ভাবিত ব্রি ধান১০১ ও ব্রি ধান১১৪ তেমনি দুটি বালাই প্রতিরোধী জাত। ব্রি ধান১০১ বোরো মওসুমের ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ প্রতিরোধী। পাতা পোড়া বা বিএলবি রোগ বোরো মৌসুমের একটি মারাত্মক রোগ, যা Xanthomonas campestris pv. oryzae নামক ব্যাকটেরিয়ার কারণে হয়।

এই রোগে আক্রান্ত হলে ধানের পাতায় হলদেটে দাগ তৈরি করে, যা পরে বাদামী হয়ে শুকিয়ে যায়, অনেকটা পোড়া দাগের মতো, ফলে ফলন ব্যাপকভাবে কমে যায়। এ রোগ বোরো ধানের বীজ, সেচের পানি বা বাতাসের মাধ্যমে ছড়ায়। বিএলবি প্রতিরোধী জাত ব্রি ধান১০১ একটি উচ্চফলনশীল জাত। এর ডিগ পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা। পাতার রং গাঢ় সবুজ। গড় ফলন হেক্টর প্রতি ৭.৭২ টন। তবে উপযুক্ত পরিচর্যা পেলে এর ফলন হেক্টর প্রতি ৯ টন পর্যন্ত পাওয়া যায়। এ জাতের দানা লম্বা ও চিকন এবং সোনালি বর্ণের। এ জাতের গড় জীবনকাল ১৪২ দিন, যা বোরো মওসুমের জনপ্রিয় জাত ব্রি ধান৫৮ এর চেয়ে ৪ (চার) দিন আগাম। ১০০০ টি পুষ্ট ধানের ওজন গড়ে ২৩.১ গ্রাম। ধানের দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৫.০ ভাগ এবং প্রোটিনের পরিমাণ শতকরা ৯.৮ ভাগ। ভাত ঝরঝরে ও খেতে বেশ সু-স্বাদু।

জাতটির বিশেষ বৈশিষ্ট্য হলো-এতে ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ প্রতিরোধী প্রকট জিন Xa21, Xa4 I Xa7 বিদ্যমান এবং এই জাতটি কৃত্রিম ইনোকুলেশনে উচ্চমাত্রার রোগ প্রতিরোধী (স্কোর-১) ক্ষমতা প্রদর্শন করেছে। \r\nবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে পরপর তিন বছর ফলন পরীক্ষা করার পর বোরো ২০২০ মৌসুমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কৃষকের মাঠে আঞ্চলিক এ জাতের উপযোগিতা যাচাই করা হয়। এর জীবনকাল ব্রি ধান৫৮ এর আগাম এবং ফলন বেশি হওয়ায় প্রস্তাবিত জাত হিসেবে নির্বাচিত হয়। এরপর জাতীয় বীজ বোর্ডের মাঠ মূল্যায়ন দল বোরো ২০২১ মওসুমে কৃষকের মাঠে প্রস্তাবিত জাতের ফলন পরীক্ষা সম্পন্ন করেন।

কৃষকের মাঠে ফলন পরীক্ষা সন্তোষজনক এবং মাঠপর্যায়ে ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ প্রতিরোধী বলে বিবেচিত হওয়ায় বোরো মৌসুমের ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ প্রতিরোধী জাত হিসাবে চূড়ান্তভাবে ২০২২ সালে জাতটি অবমুক্ত করা হয়। বিএলবিপ্রবণ এলাকার কৃষকদের মধ্যে ইতোমধ্যে জাতটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।\r\nধানের ব্লাস্ট রোগ আরেকটি মারাত্মক ক্ষতিকর রোগ। বলা যায়, বোরো মৌসুমে এটি প্রধান রোগ। যা Pzricularia grisea ev Pzricularia oryzae নামক ছত্রাকের কারণে হয়ে থাকে। এটি চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত যেকোনো সময় দেখা দিতে পারে এবং পাতা, গিঁট ও শীষে আক্রমণ করে। আক্রমণের স্থানের ভিত্তিতে এটিকে পাতা ব্লাস্ট, গিঁট ব্লাস্ট ও শীষ ব্লাস্ট নামে কৃষকরা চিনে থাকেন।

এই রোগ প্রতিরোধের জন্য রোগ-প্রতিরোধী জাত ব্রি ধান১১৪ উদ্ভাবন করেছে ব্রি র বিজ্ঞানীরা। বাংলাদেশে ধানের ব্লাস্ট রোগ প্রতিরোধী এটাই প্রথম জাত। ব্লাস্ট রোগ ধানের পাতা, গীট এবং শীষের গোঢ়ায় আক্রমণ করে ফসলের ফুল আসার সময় বা তার পরে শীষের গোড়ায় যে আক্রমণ হয় তা থেকে ধান রক্ষা করা সম্ভব হয় না। এ রোগ দমনে সবচেয়ে কার্যকর উপায় হলো, এ রোগ প্রতিরোধী ধানের জাত ব্যবহার করা। ব্লাস্ট রোগ হলে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। কোন কোন ক্ষেত্রে শতভাগ ফসল নস্ট হয়। এ সমস্যা থেকে উত্তরণে ব্রি বিগত কয়েক বছর গবেষণা করে চলতি বছর ব্লাস্ট রোগ প্রতিরোধী এ জাতটি অবমুক্ত করেছে। গবেষণার মাধমে এ জাতে ব্লাস্ট রোগ প্রতিরোধী জিনের (পিআই৯) অনুপ্রবেশ করানো হয়।

\r\nবিগত কয়েক বছর মাঠ পর্যায়ে গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৫ সালের মে মাসে জাতীয় বীজ বোর্ড কর্তৃক ব্রি ধান১১৪ কে মাঠ পর্যায়ে চাষাবাদের অনুমোদন দেওয়া হয়। উদ্ভাবিত জাতটিতে আধুনিক উফশি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। গড় জীবনকাল ১৫৪ দিন, যা বোরো মৌসুমের আরেকটি জনপ্রিয় জাত ব্রি ধান৮৯ এর মত এবং ব্রি ধান২৯ থেকে ৪-৫ দিন আগাম। এ জাতের ডিগ পাতা লম্বা, খাড়া ও প্রশস্ত। গাছের কাণ্ড শক্ত এবং হেলে পড়ে না। পাতার রং গাঢ় সবুজ। চালের আকার আকৃতি মাঝারি মোটা, রং সাদা, ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু। দানায় অ্যামাইলোজের পরিমাণ ২৭.০% ভাগ এবং প্রোটিনের পরিমাণ ৭.৭% ভাগ। ব্রি ধান১১৪ এর গড় ফলন হেক্টর প্রতি ৮.২ টন। সময়মতো রোপণ করলে এবং উপযুক্ত পরিচর্যায় হেক্টর প্রতি ১০.২৩ টন পর্যন্ত ফলন পাওয়া যায়।

বিঘায় প্রায় ৩৩-৩৫ মণ ফলন হয়। \r\nএ জাতটি উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছেন ব্রি র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. তাহমিদ হোসেন আনছারী। সহযোগিতায় ছিলেন ব্রি র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিজ্ঞানীগণ। এ গবেষণায় অর্থায়ন করেছে কৃষি গবেষণা ফাউণ্ডেশন (কেজিএফ)। বিজ্ঞানী ড. তাহমিদ হোসেন আনছারী জানান, মার্কার এসিস্টেড সিলেকশন পদ্ধতি ব্যবহার করে ব্রি ধান২৯ জাতের সাথে জিরকাস (JIRCAS) কর্তৃক সরবরাহকৃত ব্লাস্ট রোগ প্রতিরোধী একটি লাইনের সংকরায়ণের মাধ্যমে এ নতুন জাতটি উদ্ভাবন করা হয়েছে। ব্লাস্ট রোগ প্রতিরোধী হওয়ায় উৎপাদন পর্যাযে এ রোগের জন্য কোন ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় না।

মাঠ পর্যায়ে এ জাতের চাষাবাদ করে কৃষক ব্রি ধান৮৯ এবং ব্রি ধান২৯ এর চেয়ে কিছুটা বেশি ফলন পাবে। মাঠে কৃষক যখন ব্লাস্ট রোগে আক্রান্ত শীষ নির্ণয় করে ততক্ষণে রোগকাতর জাতের ধানের ব্যপক ক্ষতিসাধন হয়ে যায়। তখন বা এর পরে ছত্রাকনাশক প্রয়োগ করে লাভ হয় না। নতুন উদ্ভাবিত জাতের চাষাবাদে কৃষক ব্লাস্ট রোগ প্রতিরোধে নিশ্চিন্ত থাকবে এবং ছত্রাকনাশক ব্যবহার করা লাগবে না। এতে নিশ্চিত ফসল সুরক্ষাসহ কৃষকের আর্থিক সাশ্রয় হবে। প্রতিবছর বোরো মৌসুমে ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণে সারা দেশে মাঠ পর্যায়ে ব্যবহৃত হাজার কোটি টাকার ছত্রাকনাশক-এর ব্যবহার এর প্রয়োজন পড়বে না। এতে ব্যাপকভাবে ব্যবহৃত ছত্রাকনাশক-এর পরিবেশগত বিপর্যয় থেকে দেশ রক্ষা পাবে। \r\nসম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বালাইনাশকের ঝুঁকি নিরসন শীর্ষক এক সেমিনারের তথ্যানুসারে দেশে বালাইনাশকের বর্তমান বাজার প্রায় ৫ হাজার কোটি টাকার। শুধু গত ৫ বছরেই ব্যবহার বেড়েছে ৮১.৫ শতাংশ। যেখানে ১৯৭২ সালে যেখানে বালাইনাশক ব্যবহারের পরিমাণ ছিল ৪ হাজার মেট্রিক টন, সেখানে ২০২২-২৩ সালে তা বেড়ে ৪০ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। ধান যেহেতু আমাদের প্রধান ফসল, সেহেতু বেশিরভাগ বালাইনাশক ধান উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে এর ব্যবহার ক্রমশ বাড়ছে, যা ভাত নির্ভর বাঙালি জনগোষ্ঠীর জনস্বাস্থের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। এক্ষেত্রে ব্রি উদ্ভাবিত বিএলবি ও ব্লাস্ট প্রতিরোধী জাত ব্রি ধান১০১ এবং ব্রি ধান১১৪ উদ্ভাবন একটি বিরাট মাইলফলক। সরকারের উচিত বালাই প্রতিরোধী জাত উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করা এবং এ খাতে গবেষণার বরাদ্দ যথাসম্ভব বৃদ্ধি।