সরকার বাংলাদেশের সরকারি মালিকানাধীন দুটো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছেন বেসরকারি ব্যাংকের দুজন নির্বাহী কর্মকর্তাকে। কিছুদিন আগে থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল এবং এ ব্যাপারে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল, সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি এবং ঊর্ধ্বতন নির্বাহী পদে নিয়োগ সংক্রান্ত নীতিমালার পরিবর্তন করছে, যার উদ্দেশ্য বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া। আলোচনা শুরু হতে না হতেই অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি পদে বেসরকারি ব্যাংকের দুজন নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে অনেক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা থাকলেও এ সিদ্ধান্ত ত্বরিত গতিতে নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে সন্তোষ-অসন্তোষ দুই-ই আছে। সরকারি ব্যাংকে যারা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজার পদে আছেন, তারাই অসন্তোষ প্রকাশ করেছেন। কেননা, তাদের পেশার শীর্ষ পদে যাওয়ার সুযোগ সীমিত হয়ে গেল। পক্ষান্তরে বেসরকারি ব্যাংকে নির্বাহী কর্মকর্তা পদে থাকা ব্যক্তি অনেকের বৃহৎ ব্যাংকে প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি হয়েছে। অনেকে সরকারি ব্যাংকে বেসরকারি ব্যাংকারদের এমডি পদে নিয়োগদানের সিদ্ধান্তকে নজিরবিহীন বলার চেষ্টা করছেন। সিদ্ধান্তটি নতুন দৃষ্টান্ত হলেও এমন ঘটনা আগে ঘটেছে। অগ্রণী ব্যাংকের সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল একজন বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তাকে।
আধুনিক করপোরেট ব্যবস্থায় মানসম্পন্ন ব্যাংকিং নিশ্চিত করা গেলে বেসরকারি ব্যাংকের নির্বাহী সরকারি ব্যাংকের এমডি হতে পারেন। সরকারি ব্যাংকের নির্বাহীও বেসরকারি ব্যাংকের এমডি হতে পারেন। কেননা, প্রধান নির্বাহীর পদটি এখন পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট টিমের মধ্যে একটি ব্রিজের ভূমিকা পালনের। ব্যাংকের পরিচালনা পর্ষদ, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা যে নীতিমালা ও ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ করে দেয়, তা বাস্তবায়ন এবং সেসব নীতি অনুসরণ করে ব্যাংক পরিচালনা করা হয়। একটি ব্যাংকের এমডির দায়িত্ব হচ্ছে এসব পলিসি ও লক্ষ্য বুঝে নিয়ে ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে তা বাস্তবায়ন করা এবং এ জন্য তিনি পরিচালনা পর্ষদের কাছে দায়ী থাকবেন। ম্যানেজমেন্ট টিমের যদি কোনো সীমাবদ্ধতা থাকে বা নতুন কোনো পলিসির প্রয়োজন হয়, তখন সেগুলো পরিচালনা পর্ষদকে অবহিত করে নতুন পলিসি নিয়ে আসা এমডির দায়িত্বের মধ্যে পড়ে। এর বাইরে শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা, কমপ্লায়েন্স মান নিশ্চিত করা, শেয়ারপ্রতি মুনাফা বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ কাজে লাগানো এমডির বিশেষ দায়িত্ব। যেহেতু ব্যাংক পরিচালনার সব ব্যবস্থা নিশ্চিত করা থাকে এবং সবকিছু একটা নিয়মতান্ত্রিক পথে নির্ধারিত পদ্ধতিতে চলে, তাই ব্যাংক পরিচালনার নিয়মিত কার্যক্রম নিয়ে ব্যংকের এমডির সামান্যতম চিন্তা করতে হয় না। এ কারণেই যোগ্যতা থাকলে যে কেউ একটি ব্যাংকের এমডি হতে পারেন। এমনকি ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানের নির্বাহীরাও একটি ব্যাংকের এমডি হতে পারেন। এ রকম দৃষ্টান্ত উন্নত বিশ্বে ব্যাপক।
এখন প্রশ্ন হচ্ছে, এ রকম মানসম্পন্ন ব্যাংকিং ব্যবস্থা কি বাংলাদেশে আছে? বাংলাদেশের ব্যাংকে এমডিই সর্বেসর্বা। নিয়োগ, বদলি, পদোন্নতি, ঋণ অনুমোদনসহ ব্যাংকের হেন কাজ নেই, যা এমডির নির্দেশ ছাড়া সম্পন্ন হতে পারে। কোনো রকম শৃঙ্খলার অনুসরণ একেবারে নেই। তা ছাড়া পরিচালনা পর্ষদ, বিশেষ করে চেয়ারম্যানের মন জয় করে চলাও এমডির সবচেয়ে বড় কাজ। এ রকম ব্যাংকিং ব্যবস্থায় একটি ব্যাংকের অভ্যন্তর থেকে উঠে এসে এমডি হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হিমশিম খান, সেখানে বাইরে থেকে এসে ব্যাংকের এমডি হলে তাদের দুই বছর চলে যায় ব্যাংকের অবস্থা ভালোভাবে বুঝে উঠতেই। এরপর যখন পূর্ণমাত্রায় দায়িত্ব পালন শুরু হয়, তখনই এমডির নিয়োগ নবায়ন হবে কিনা; থাকে সেই দুশ্চিন্তা। ফলে বাইরে থেকে আসা একজন এমডি সঠিকভাবে দায়িত্ব পালনের সুযোগ সেভাবে পান না। এ কারণে বাংলাদেশে ব্যাংকিং খাতে যে অবস্থা, সেখানে পরিস্থিতি বাধ্য না করলে বাইরে থেকে কোনো এমডি নিয়োগ দেওয়াকে নিরুৎসাহিত করা উচিত। আর সরকারি ব্যাংকের অবস্থা তো আরও জটিল। ফলে সেখানে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে দায়িত্ব পালনে অভ্যস্ত একজন বেসরকারি ব্যাংকের নির্বাহী দায়িত্ব পালন করবেন কীভাবে?
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আকার, জটিলতা এবং সমস্যার দিক থেকে সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংকের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। সরকারি ব্যাংকের একটি জেলার যে পরিমাণ কার্যক্রম আছে, তা যে কোনো বেসরকারি ব্যাংকের চেয়ে অনেক বেশি। এ রকম ছোট্ট পরিসরের একটি ব্যাংকের নির্বাহীর দায়িত্ব পালন করা একজন ব্যাংকার সরকারি মালিকানাধীন বিশাল ব্যাংক পরিচালনা করতে কতটা সফল হবেন– সে প্রশ্ন তো থেকেই যায়। দুই প্রতিষ্ঠানের কর্মসংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। বেসরকারি ব্যাংকে এমডি চাইলেই অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে যায়। এমডি ক্রেডিট অফিসারকে একটি ঋণের ফাইল দেখতে বলেন; সম্ভব হলে অফিসার ঋণ দিয়ে দেন। অথচ সরকারি ব্যাংকে এমডি চাইলেই সবকিছু সহজে হতে চায় না। সরকারি বাংকে চাকরি যাওয়ার ভয় নেই। অনেক ক্ষেত্রে ইউনিয়ন আছে। তা ছাড়া দীর্ঘসূত্রতা তো আছেই। ফলে সেসব ব্যাংকে কাজ আদায় করে নেওয়ার একটা ভিন্ন পদ্ধতি আছে, যা সেই পরিবেশে চাকরি না করলে জানা সম্ভব নয়।
সরকারি ব্যাংকের এমডি পদে বেসরকারি ব্যাংকারদের নিয়োগ দেওয়ার যে নতুন পদ্ধতি চালু হলো, তা ব্যাংকিং খাতের জন্য কতটা ভালো, না খারাপ– হয়তো সময়ই তা বলবে। তবে বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাত যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, সেখানে এ রকম ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই বললেই চলে। ব্যাংকিং খাত ঠিক থাকার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতিতে গতি ফেরার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। বরং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে ব্যাংক ব্যবস্থাকে একটি পর্যায়ে উন্নীত করার পর এমন সিদ্ধান্ত নিলে ভালো ফলের প্রত্যাশা করা যেত।
নিরঞ্জন রায়: সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার Nironjankumar_roy@yahoo.com
