প্রধানমন্ত্রী তারেক রহমান ৭ মার্চ আলেমদের সঙ্গে ইফতার সভায় জাকাত নিয়ে কথা বলেছেন। এর দুদিন পর তিনি ধর্মমন্ত্রীর সঙ্গে আলাপে বসেন। ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত দিলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে প্রতিবছর ২০ হাজার থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি জাকাত দেওয়া হলেও সুপরিকল্পিত বণ্টনের অভাবে কাঙ্ক্ষিত ফল মিলছে না। তিনি বলেন, জাকাত এমনভাবে দিতে হবে, যাতে গ্রহীতাকে পরের বছর আর জাকাত নিতে না হয়। তিনি প্রস্তাব দেন, দেশের দরিদ্র পরিবারগুলো চিহ্নিত করে প্রতিবছর পাঁচ লাখ পরিবারকে এক লাখ টাকা করে জাকাত দেওয়া হোক। এতে অধিকাংশ পরিবার আত্মনির্ভরশীল হবে বলে তাঁর বিশ্বাস। বিদ্যমান জাকাত বোর্ড পুনর্গঠনের ওপরেও তিনি জোর দেন।
তিনি যে বক্তব্য দিয়েছেন সেটির সামগ্রিক পর্যালোচনায় আমি যাচ্ছি না। আমার কাছে বরং গুরুত্বপূর্ণ হলো, বক্তব্যটি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এসেছে। এমন বক্তব্য নিকট অতীতে আমরা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনিনি, কিংবা অন্য কোনো সরকারি নীতিনির্ধারকদের মুখে আন্তরিকতার সঙ্গে শুনতে পাইনি। ইফতার প্রোগ্রামের বক্তব্য দিয়েই প্রধানমন্ত্রী থেমে যাননি। এক দিন পরই তিনি পরের সভাটি করেছেন। শত ব্যস্ততার মধ্যে এক দিন পরই এমন সভা বেশ গুরুত্ব বহন করে। এর মাধ্যমে ধরে নেওয়া যায়, এটি কেবল কথার কথা ছিল না। প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
বর্তমানে জাকাত বণ্টন খণ্ডিত ও অসংগঠিত, যাতে স্বচ্ছতা ও শরিয়াহ সম্মতির অভাব রয়েছে। ঐতিহাসিকভাবে জাকাত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত হতো। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশ আধুনিক পদ্ধতিতে জাকাত ব্যবস্থাপনায় সাফল্য দেখিয়েছে। ২০২২ সালের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে সম্ভাব্য জাকাতের পরিমাণ বার্ষিক এক লাখ কোটি টাকার বেশি, যা সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেটের সমান। বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ জাকাতবহির্ভূত বেশ কিছু খাত যুক্ত। এগুলো বাদ দিয়ে সত্যিকারের দারিদ্র্য বিমোচনে জাকাতের অর্থ ব্যয় নিশ্চিত করতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন জাকাত আইন ২০২৩-এর সংশোধন। পাশাপাশি দরকার জাকাত ব্যবহারকারী সংগঠন ও ব্যবস্থাপনা সংগঠনের জন্য রেগুলেটরি নীতিমালা ও লাইসেন্স প্রদানের ব্যবস্থা।
ওয়ার্ল্ড জাকাত অ্যান্ড ওয়াক্ফ ফোরাম কিছু নীতিমালা প্রণয়ন করেছে। বর্তমানে ৪৩টি দেশ এর সদস্য। ফোরামের প্রণীত নীতিমালা যাচাই করে গ্রহণ করা যেতে পারে। বাজেট, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও পঞ্চবার্ষিক পরিকল্পনায় জাকাতের অন্তর্ভুক্তি সর্বমহলে এর গুরুত্ব বাড়াবে। জাকাত প্রদানে কর অব্যাহতির ব্যবস্থা থাকলে ব্যবসায়ীরা পরিপূর্ণ হিসাব করে জাকাত দিতে উৎসাহিত হবেন। জাকাত বোর্ডের সক্ষমতা বাড়াতে এনবিআরের আদলে পুনর্গঠন করা যেতে পারে। জাকাত বোর্ড সঠিকভাবে জাকাতদাতা ব্যবসা প্রতিষ্ঠানকে জাকাত কমপ্লায়েন্স হিসেবে স্বীকৃতি দিতে পারে। আমাদের দেশে পাঠ্যক্রমে জাকাত নিয়ে আলোচনা খুবই নগণ্য। উচ্চশিক্ষায় জাকাত ও ইসলামী সামাজিক অর্থায়ন নিয়ে আলাদা কোর্স তৈরি হলে এ খাতের বিকাশ সহায়ক হবে। জাকাতের হিসাব নিয়ে দাতাদের অনেক সংশয় আছে। তা দূর করতে উদ্যোগ নিতে হবে। শরিয়াহ ও উন্নয়ন বিশেষজ্ঞদের সমন্বয়ে ন্যাশনাল সুপারভাইজরি কমিটি গঠন, সঠিক পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে তদারকি অব্যাহত রাখা জরুরি। জাকাত বাস্তবায়িত হলে ঋণখেলাপি কমবে, মজুতদারি ও সিন্ডিকেট বন্ধ হবে, অবৈধ মুনাফা অর্জন থাকবে না, কর ফাঁকি কমবে। দুর্নীতি ও ঘুষ লেনদেন শূন্যে চলে আসবে। অবৈধ সম্পদ অর্জন বন্ধ হবে। বাড়বে মানুষের কর্মক্ষমতা; সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।
ওয়েছ খান নূর সোহেল: জাকাতভিত্তিক উন্নয়নকর্মী wknsohel86@gmail.com
