ফসল উৎপাদনের পূর্বশর্ত হলো গুণগত মানের বিশুদ্ধ বীজ বা রোগ ও পোকামাকড় মুক্ত উচ্চফলনশীল জাতের গাছের চারা। শুধু বিশুদ্ধ বীজ বা চারা ব্যবহারের মাধ্যমে ফসলের ফলন ১৫-২০ শতাংশ বাড়ানো যায়। ফসলের স্বাদ এবং গুণগতমানও উন্নত মানের চারা ও বীজের ওপর বহুলাংশে নির্ভর করে। এ কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে চীন, ভারত, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইনসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে টিস্যু কালচার পদ্ধতিতে সবচেয়ে বেশি চারা তৈরি করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ গবেষণাগারে উন্নত জাতের ফুল, ফল ও ঔষধি গাছের রোগমুক্ত চারা উৎপাদনে এ প্রযুক্তি ব্যবহার করে। শুধু চারা উৎপাদনই নয়, উৎপাদিত এসব চারা বিদেশে রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে থাইল্যান্ডের মতো দেশ। চীন ও ভারত টিস্যু কালচার পদ্ধতিতে কলা, আলু, বাঁশ ও বিভিন্ন সবজির চারা উৎপাদনে এগিয়ে আছে। আর অর্কিড ও ফুল জাতীয় উদ্ভিদের চারা উৎপাদনে বিখ্যাত দেশ হলো ইংল্যান্ড ও জাপান। ফিলিপাইন ও ভিয়েতনাম ফল ও বাণিজ্যিক কৃষিপণ্যের চারা উৎপাদনে বেশ বিনিয়োগ করেছে।

১৯০১ সালে আমেরিকার বিজ্ঞানী মরগান সর্বপ্রথম প্রতিটি সজীব উদ্ভিদকোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে বলে ধারণা করেন এবং এ ক্ষমতাকে টটিপোটেন্সি বলে। ১৯২০ সালে গোটলিয়ের হ্যাবারল্যান্ডট সর্বপ্রথম টিস্যু কালচার পদ্ধতি উদ্ভাবন করেন। এজন্য তাকে টিস্যু কালচারের জনক বলা হয়। সংক্ষেপে বলা যায়, টিস্যু কালচার হলো একটি আধুনিক জীবপ্রযুক্তি। এ পদ্ধতিতে কোনো অঙ্গ, মুকুল বা টিস্যুর ক্ষুদ্র অংশ জীবাণুমুক্ত কৃত্রিম পুষ্টির মাধ্যমে (ভিটামিন, হরমোন ও খনিজ লবণযুক্ত জেল) বর্ধিত করে হুবহু মাতৃগুণ সম্পন্ন অসংখ্য নতুন চারা উৎপাদন করা হয়।

টিস্যু কালচারের বৈশিষ্ট্য হলো—১. এটি একটি পরীক্ষাগারভিত্তিক পদ্ধতি ২. কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা বা টটিপোটেন্সি ধর্মের ওপর প্রতিষ্ঠিত ৩. উদ্ভিদের বর্ধনশীল অংশ বা ভাজক কলা ব্যবহার করা হয়। টিস্যু কালচার পদ্ধতির সুবিধাগুলো হলো—১. অল্প সময় ও অল্প জায়গা ব্যবহার করে হাজার হাজার চারা তৈরি করা যায় ২. রোগমুক্ত ও মানসম্মত চারা পাওয়া যায় ৩. যেকোনো মৌসুমে উদ্ভিদের বংশবৃদ্ধি করা সম্ভব ৪. বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ করা যায়।

টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে বর্তমানে কলা, আনারস, স্ট্রবেরি, ড্রাগন ফল, অর্কিড, লিলিয়াম, জারবেরা, স্টেভিয়া ও পেঁপেসহ উচ্চমূল্যের বিভিন্ন ফুল, ফল ও শোভাবর্ধক উদ্ভিদের রোগমুক্ত চারা উৎপাদন হচ্ছে। ফলে কৃষক তুলনামূলক উন্নত মানের চারা পাচ্ছেন। টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প কেওয়াটখালী পরিদর্শনে দেখা যায়, সেখানে সাদা অ্যাপ্রোন ও মাস্ক পরে জীবাণুমুক্ত পরিবেশে কৃষি বিজ্ঞানীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। সারি সারি কাচের বোতলে সংরক্ষিত রয়েছে ক্ষুদ্র উদ্ভিদ টিস্যু। কৃষি বিজ্ঞানীদের মতে, এটি দেশের বাণিজ্যিক কৃষির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং আর্থিক উন্নয়নের দ্বার খুলে দিয়েছে। সারা বিশ্বেই বাণিজ্যিক কৃষিতে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার হচ্ছে। বাংলাদেশ বিলম্বে হলেও সে পথেই অগ্রসর হচ্ছে।

৩০-৪০ বছর আগে বাংলাদেশকে বিদেশ থেকে প্রচুর ভাইরাস মুক্ত আলুবীজ আমদানি করতে হতো। তখন এক কোটি টন আলু বাংলাদেশে উৎপাদিত হতো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষক ড. এম মনজুর হোসেন উদ্ভিদ টিস্যু কালচার ও বায়োটেকনোলজি ব্যবহার করে বাংলাদেশে স্ট্রবেরির দুটো নতুন জাত, টিস্যু কালচারভিত্তিক বীজ আলু এবং জারবেরা জাতের ফুলের চারা উৎপাদনের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটান। তার এ অসাধারণ অবদানের জন্য তিনি মহাত্মাগান্ধী শান্তি পুরস্কার লাভ করেন। অধ্যাপক ড. এম মনজুর হোসেন বাংলাদেশের একজন খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষক। বাংলাদেশে স্ট্রবেরি চাষের উদ্ভাবক হিসেবে তিনি সমধিক পরিচিত। তিনি সোমাক্লোনাল ভেরিয়েশন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে চাষ উপযোগী রাবি-১, রাবি-২ ও রাবি-৩ নামে তিনটি স্ট্রবেরির জাত উদ্ভাবন করেন। ২০০৭ সালে তিনি প্রথম টকটকে লাল রঙের লোভনীয় ফল স্ট্রবেরি চাষের উদ্ভাবন করেন। এর মধ্যে সবচেয়ে লাভজনক হচ্ছে রাবি-২ জাতের স্ট্রবেরি। তিনি ১৯৯৬ সালে দেশে প্রথম টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু উৎপাদন করেন। রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় একটি বাড়িতে কম খরচে রেইনবো টিস্যু কালচার নামে ল্যাব স্থাপন করেন। তিনি টিস্যু কালচারের মাধ্যমে রোগমুক্ত আলুবীজ বাণিজ্যিকভাবে উৎপাদন করেন।

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার তিনবার জাতীয় পদকপ্রাপ্ত একজন নার্সারি মালিক মো. ফরিদ হোসেন বাংলাদেশ সরকারের নার্সারি মালিকদের প্রতিনিধি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ২০০৬ সালে চীন ভ্রমণকালে টিস্যু কালচার পদ্ধতিতে রোগমুক্ত চারা উৎপাদন ও রফতানি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে কথা বলে জানা যায়, চীনে ২৫ একর জমিতে স্থাপিত একটি বিশাল টিস্যু কালচার ল্যাব থেকে বছরে কোটি কোটি রোগমুক্ত চারা উৎপাদন করে বিদেশে রফতানি করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বর্তমানে ময়মনসিংহ, মাদারীপুর ও বগুড়ায় তিনটি আধুনিক টিস্যু কালচার ল্যাব রয়েছে। এছাড়া দেশের আটটি জেলায় নতুন ল্যাব নির্মাণের কাজ চলছে। প্রতিটি ল্যাবের বার্ষিক উৎপাদন ক্ষমতা ১০-১২ লাখ চারা। সব ল্যাব পূর্ণ ক্ষমতায় চালু হলে বছরে এক কোটি রোগমুক্ত চারা উৎপাদন সম্ভব হবে। এতে ফসলের ফলন বাড়বে। গুণগতমানের উন্নয়ন হবে। রোগমুক্ত উৎপাদিত চারা বিদেশে রফতানির সুযোগ সৃষ্টি হবে। এক কথায় টিস্যু কালচার বাংলাদেশের বাণিজ্যিক কৃষিতে এক নবদিগন্তের সৃষ্টি করবে।

টিস্যু কালচারের মাধ্যমে উচ্চ চিনি আহরণযুক্ত আখ গাছের রোগমুক্ত মানসম্মত চারা তৈরি সম্ভব। এ পদ্ধতিতে মাতৃগাছের মূল বৈশিষ্ট্য টিকিয়ে রেখে স্বল্প সময়ে প্রচুর চারা উৎপাদন করা যায়। তবে সরাসরি টিস্যু কালচার করলেই চিনির পরিমাণ বাড়ে না। এর জন্য উচ্চ চিনি উৎপাদনকারী নির্দিষ্ট জাতের কোষ বা টিস্যু নির্ধারণ করতে হয় অথবা জিনগত পরিবর্তনের সহায়তা নিতে হয়। তবেই ভাইরাস ও ব্যাকটেরিয়ামুক্ত চারা পাওয়া যায়। আসল গাছের মিষ্টির মতো গুণগত মান বজায় থাকে। স্বল্প সময়ে হাজার হাজার চারা তৈরি করা সম্ভব হয়।

টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভাবিত জি-৯ জাতের কলা এরই মধ্যে দেশের কলাচাষীদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেশ কয়েকজন চাষী এ জাতের কলার চাষ করে বেশ লাভবান হয়েছেন। তাদের একজন বলেন, ‘সাধারণত কলার প্রতিটি ছড়িতে যেখানে ১৩০-১৬০টি কলা থাকে, সেখানে জি-৯ জাতের কলার প্রতিটি ছড়িতে ২৫০-৩০০টি কলা থাকে। তবে পাকা অবস্থায় জি-৯ কলার রঙ সবুজ থাকার কারণে হলুদ সাগর কলার চেয়ে এ জাতের কলার দাম কম।’ একজন কলা বিক্রেতা বলেন, ‘সাগর কলার হালি ৩০ টাকা হলে জি-৯ কালার হালি হয় ২০ টাকা।’

বগুড়ার শাহজাহানপুরে ‘গ্রিন ওয়ান’ নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত প্রায় দেড় হাজার জারবেরা জাতের চারা লাগিয়েছিলেন, তার ব্যয় হয় ৪২ হাজার টাকা। এখন তিনি প্রতি সপ্তাহে ১২-১৫ হাজার টাকার ফুল বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন। ওই উদ্যোক্তা বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত একটি জারবেরা ফুলের চারা ৩০ টাকায় পাওয়া যায় আর ভারত থেকে তা আমদানি করতে খরচ হয় ৪০ টাকা।’

টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত রোগমুক্ত সমগুণসম্পন্ন ও উন্নতমানের চারার বাণিজ্য দ্রুত বর্ধনশীল একটি কৃষি জৈবপ্রযুক্তির বাজার। বর্তমানে এ বৈশ্বিক বাজারের আকার ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এটি প্রধানত ফল, ফুল, আলুবীজ ও ঔষধি উদ্ভিদের বাণিজ্যিক চাহিদার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। ভাইরাস ও ব্যাকটেরিয়ামুক্ত উদ্ভিদের নিশ্চয়তা পাওয়ায় কৃষকরা প্রাচীন পদ্ধতির চেয়ে টিস্যু কালচার চারার দিকে ঝুঁকছেন। আবহাওয়ার ওপর নির্ভরশীল না হওয়ায় বিদ্যমান পরিবেশে নিয়মিত সারা বছরই চারা উৎপাদন ও সরবরাহ করা সম্ভব।

নিতাই চন্দ্র রায় : সাবেক মহাব্যবস্থাপক (কৃষি), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন