প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে আমাদের ব্যাংকগুলোকে দ্রুত আধুনিকায়নের পথে এগোতে হবে। ব্যাংকগুলোর আধুনিকায়ন কেবল একটি প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত। অনেক ব্যাংক এখন অনলাইন ব্যাংকিং চালু করলেও সেবার মান ও নিরাপত্তা এখনো সুবিধাজনক নয়। প্রচলিত ব্যাংকগুলোর অনেক শাখায় এখনো ম্যানুয়াল প্রক্রিয়া, ধীরগতির সার্ভার ও সীমিত অনলাইন সুবিধা রয়েছে। আধুনিক কোর ব্যাংকিং সফটওয়্যার, রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট, স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউস এবং শক্তিশালী সাইবার সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। \r\n২০২৪-২৫ সময়ে বিশ্বজুড়ে সাইবার আক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে তথ্য সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।

গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার বিকল্প নেই। এতে হ্যাকিং ও জালিয়াতির ঝুঁকি কমবে এবং গ্রাহকের আস্থা বাড়বে। আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনা সফটওয়্যার, ক্রেডিট স্কোরিং মডেল এবং তথ্যভিত্তিক ঋণ বিশ্লেষণ চালু করলে ঋণ খেলাপির ঝুঁকি কমানো সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ঋণ মূল্যায়ন ব্যবস্থাও বিবেচনায় আনা যেতে পারে। আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি অপরিহার্য। \r\nদেশে ব্যাংক অ্যাকাউন্টধারীর হার বাড়লেও গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছে। এজেন্ট ব্যাংকিং, সহজ ঋণ আবেদন, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কেওয়াইসি ব্যবস্থার সম্প্রসারণ এই ব্যবধান কমাতে পারে। এতে ক্ষুদ্র উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অর্থায়ন সহজ হবে। ব্যাংক কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবায় পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মপরিবেশ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন। \r\nআন্তর্জাতিক মান অনুযায়ী করপোরেট গভর্ন্যান্স শক্তিশালী না হলে ব্যাংক খাত দীর্ঘমেয়াদে ঝুঁকিতে পড়ে। পরিচালনা পর্ষদের জবাবদিহি, নিরীক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বচ্ছ তথ্য প্রকাশ বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়। দীর্ঘ লাইন, জটিল কাগজপত্র এবং ধীরগতির সেবা আধুনিক ব্যাংকিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনলাইন অ্যাকাউন্ট খোলা, তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তি এবং ২৪/৭ কাস্টমার সাপোর্ট চালু করা সময়ের দাবি। প্রযুক্তি, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তির সমন্বিত উদ্যোগ ছাড়া ব্যাংক খাতের টেকসই আধুনিকায়ন সম্ভব নয়। সঠিক নীতিমালা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশ বৈশ্বিক মানের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারে।\r\nমুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়