একযুগ আগে সম্মানীয় এক গণমাধ্যম বিশেষজ্ঞ রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে তরুণদের অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়ে এক কলামে তাদের জোটবদ্ধ হওয়ার বিষয়ে কিছু সুপারিশ রেখে বলেছিলেন, আমার চিন্তা হলো, বাংলাদেশে যুবকদের নেতৃত্বে একটি নতুন ধরনের রাজনৈতিক দল সৃষ্টি হবে। এখনই এর সূচনা হতে পারে সমমনা যুবকদের গ্রুপ গঠনের মাধ্যমে। ২৫ থেকে ৪০ বছর বয়সী যুবকেরাই এর সদস্য হবেন। প্রবাসেও এর সদস্য সংগ্রহ করা হবে। যুবকদের এই গ্রুপ প্রতিমাসে গ্রুপভিত্তিক মিটিং করবে। এই সম্মেলনে তারা আলোচনা ও বিতর্কের মাধ্যমে বাংলাদেশের ২৫টি জাতীয় সমস্যা, জেলাভিত্তিক (জেলা গ্রুপ) ২৫টি স্থানীয় সমস্যা ও এর সমাধান চিহ্নিত এবং লিপিবদ্ধ করবে।
প্রবাসী বাংলাদেশি তরুণরাও ই-মেইল, ফেসবুক, ব্লগ ও স্কাইপের মাধ্যমে এসব গ্রুপ আলোচনায় অংশ নেবেন ও মতামত দেবেন। এভাবেই দুই বছর আলোচনা ও বিতর্কের মাধ্যমে তারা দেশের জাতীয় ও স্থানীয় সমস্যা চিহ্নিত এবং সমাধানের প্রস্তাব করবেন।\r\nএই যুব শক্তি তাদের পছন্দমতো (ভোটের মাধ্যমে) একটি জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে (বা সাবেক) ব্যক্তি এই উপদেষ্টা পরিষদে স্থান পাবেন না। সব টেকনিক্যাল, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তি এই উপদেষ্টা পরিষদে থাকবেন। যুবশক্তি তাদের প্রস্তাবিত সমস্যা ও সমাধান নিয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে ইস্যুভিত্তিক মতবিনিময় করবে। প্রবাসী বাংলাদেশি কিছু বিশেষজ্ঞও এই পরিষদে থাকবেন। উপদেষ্টা পরিষদের সঙ্গে মতবিনিময়ের পর তাঁরা এই কর্মসূচি চূড়ান্ত করবেন।
এবং এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় কনভেনশন ও অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করবেন। আহ্বায়ক কমিটি পরবর্তী ছয়মাসের মধ্যে দলের গঠনতন্ত্র রচনা করবে। গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ছয় মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও জেলা কমিটি গঠন করা হবে। \r\nএক যুগ আগের হলেও সুপারিশমালা গুরুত্বের দাবি রাখে। তিনি সম্ভবত সেসময়ের ওয়ালস্ট্রিট আন্দোলন, আরব জাগরণ ইত্যাদি ঘটনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। এভাবে জনমত গঠন মৌলিক কোনো পরিবর্তন আনতে পারে কিনা পরীক্ষিত নয়। তবে তিনি ঠিকই বলেছেন তরুণদেরই নতুন শক্তি হতে হবে। আঠারো শতকে ইউরোপে সামন্তবাদ মুক্ত হয়ে স্বাধীন বুর্জোয়ার পথ চলা শুরু হয়েছিল।
আমাদের এখানে তখন চিরস্থায়ী বন্দোবস্তের ফসল হিসেবে যে ভূ-স্বামী ও জমিদার শ্রেণির উদ্ভব হয়েছিল তারা স্বাধীন ছিল না। রাজনৈতিক ক্ষমতাও তাদের ছিল না। যারা ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তাদের স্বার্থও ছিল শাসক ব্রিটিশের সঙ্গে যুক্ত। সুতরাং তারাও স্বাধীন ছিলেন না। মধ্য শ্রেণি এখানে এসেছিল মূলত মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীও ভূ-স্বামী শ্রেণি থেকে। পাকিস্তান আমলেও সে অবস্থা প্রায় একই ছিল। অর্থাৎ যাদের মধ্য থেকে শাসক গোষ্ঠী বেরিয়ে আসছিল তাদের জন্ম ও বিকাশের প্রক্রিয়ায় শুরু থেকেই গলদ ছিল। হয়ত সে জন্যই বুর্জোয়া বিকাশের সঙ্গে সামন্ত ধ্যান-ধারণা আগাগোড়া জড়িয়ে রয়েছে। এই মিশ্রণের যে রাজনৈতিক সংস্কৃতি তার মধ্যেই আমাদের বসবাস। নানা ঘাট পেরিয়েও সেই চিরস্থায়ী বন্দোবস্তের সময়ের ভূমি মালিক ও ব্যবসায়ী বিকাশের চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে আছে রাজনৈতিক ক্ষমতার ধারক মধ্য শ্রেণি। তারা এখনো স্বাধীন নয়। তাদের এই পরাধীন সামন্ত মানসিকতা ভাঙতে তরুণরাই তৃতীয় শক্তি। এই রাজনৈতিক সংস্কৃতির মূলে প্রচণ্ড ঝাঁকুনি তারা ইতোমধ্যে দিয়েছে। \r\n \r\n॥ দুই ॥
