আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ প্রশংসনীয়। প্রাথমিক পর্যায়ে হতদরিদ্রদের মাঝে ফ্যামিলি কার্ড চালুর পর পর্যায়ক্রমে দেশের পাঁচ কোটি পরিবারকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে নবনির্বাচিত সরকারের। বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম দুটি প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের দ্বিতীয় দিনই ফ্যামিলি কার্ড চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
অন্য দিকে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড -এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষিবিমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্য চাষি, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এ সুবিধা পাবেন।\r\nসব সরকারের আমলেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের ব্যক্তিদের মূলত খাদ্যনিরাপত্তা দেওয়া হয়। এবার এটিতে বিশেষত্ব হচ্ছে নারীর ক্ষমতায়ন। এই কার্ডগুলো মূলত পরিবারের নারী সদস্য বা গৃহিণীদের নামে ইস্যু করার পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষামূলকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। এর জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
সময় নষ্ট না করে নবগঠিত সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি জনতার প্রতি অঙ্গীকারের দৃষ্টান্ত, যা সাধুবাদযোগ্য। তবে তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভ্রান্তি হওয়া অস্বাভাবিক নয়। বৃহস্পতিবার সেন্টার ফর পিলিসি ডায়লগের (সিপিডি) উদ্যোগে এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম নতুন সরকারের সূচনাবিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য দেওয়া হয়েছে এ প্রসঙ্গে। বলা হয়েছে, প্রাথমিকভাবে পাঁচ মিলিয়ন পরিবারকে এ সহায়তার আওতায় আনতে বছরে আনুমানিক ৯ হাজার ৬০০ কোটি থেকে ১২ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যা জিডিপির প্রায় শূন্য দশমিক ১৫ থেকে শূন্য দশমিক ২০ শতাংশের সমান। এই কর্মসূচি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগ ভবিষ্যতে হতে পারে সর্বজনীন মৌলিক আয় বাস্তবায়নের একটি সম্ভাব্য পথ। \r\nতবে এই কর্মসূচি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে আর্থিক সীমাবদ্ধতা। এর পাশাপাশি উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রচলিত প্রশাসনিক বা রাজনৈতিক পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক প্রক্সি মিনস টেস্ট পদ্ধতি অনুসরণ করার প্রস্তাব করা হয়েছে। তারা বলছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। কার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু আন্তর্জাতিক সূচক রয়েছে। সেটা অনুসরণ এবং রাজনৈতিক চাপ উপেক্ষা করে যদি দেওয়া হয়, তাহলে প্রকৃত বঞ্চিতরা সুবিধাভোগী হবে এবং বাস্তবায়ন হবে নির্বাচনী অঙ্গীকার।
