অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) যুক্ত হয় ২০২২ সালের ২৮ ডিসেম্বর। এতে সংযুক্ত করা হয় অটোমেটিক ট্রেন অপারেশন (এটিও), অটোমেটিক ট্রেন প্রটেকশন (এটিপি), অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ও মুভিং ব্লক সিস্টেম (এমবিএস)। রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি মুভিং ব্লক কমিউনেকশন বেজড টেলি কন্ট্রোল (বাংলা ও ইংরেজি) সিস্টেম সংবলিত মিনি মনিটর এবং স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলা ও বন্ধ করার সিস্টেম। উত্তরার দিয়াবাড়ীর ডিপোয় একটি অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) স্থাপন করা হয়েছে।

ট্রেন কোথায় কোথায় থামবে, কত সময় থামবে, কত গতিতে চলবে- এর সবই ওখান থেকে নিয়ন্ত্রিত হয়। জাপানি প্রযুক্তিতে তৈরি শীতাতপ নিয়ন্ত্রিত স্টেশনগুলোতে থাকছে যাত্রীদের অত্যাধুনিক সুবিধা। ট্রেন অটোমেটিক স্টপ কন্ট্রোলের মাধ্যমে কখন কোথায় থামবে, পরবর্তী স্টেশনের নাম ইত্যাদি নান্দনিকতায় ভরপুর রুট কন্ট্রোলার সিস্টেমসহ যাবতীয় নিয়ন্ত্রিত হয় সফটওয়্যারের মাধ্যমে। অন্যান্য চোখধাঁধানো প্রযুক্তিগুলো হলোÑ ১. রেডিও অ্যান্টেনা-মেট্রো রেললাইনের প্রতি ২০০-৩০০ মিটার পরপর রেডিও অ্যান্টেনা স্থাপন করা হয়েছে। প্রতিটি অ্যান্টেনা ট্রেন ও কন্ট্রোল নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ২. নয়েজ ব্যারিয়ার ওয়াল চলার সময় মেট্রোরেলের শব্দ ও কম্পন কমাতে লাইনজুড়ে রাখা হয়েছে বিশ্বের বিরল ও ব্যয়বহুল আধুনিক প্রযুক্তি ‘নয়েজ ব্যারিয়ার ওয়াল’।

এই ব্যারিয়ারের ফলে গুরুত্বপূর্ণ এলাকা, যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়, বায়তুল মোকাররম, রেল সংলগ্ন আশপাশের এলাকা, অফিস এবং ব্যবসাপ্রতিষ্ঠানের মানুষের কাছে শব্দ সহনশীল থাকে। ৩. প্ল্যাটফর্মে প্রবেশ ও বের হতে চিপযুক্ত কার্ড-প্ল্যাটফর্মে প্রবেশ ও বহির্গমানের সময় চিপযুক্ত কার্ড পাঞ্চ করলেই কেবল প্রবেশের দরজা খোলা/বন্ধ হয়। সিঙ্গেল, মাল্টিপল, সাপ্তাহিক ও মাসিক ইত্যাদি নানারকম কার্ড আছে। সব ধরনের পাস/টিকেট রিচার্জ করার ব্যবস্থা আছে। ৪. ক্লোজড সার্কিট ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং-প্ল্যাটফর্ম, স্টেশন ও ট্রেনের ভেতরে তাৎক্ষণিক আধুনিক প্রযুক্তির ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটরিং করার ব্যবস্থা আছে।

৫. স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা মেট্রোরেলের নিরাপত্তার জন্য থাকছে অটোমেটিক ট্রেন প্রোটেকশনের ব্যবস্থা। আপৎকালীন ট্রেন থেকে বের হওয়ার জন্য জরুরি দরজা রাখা হয়েছে। মেট্রো স্টেশন, রুট অ্যালাইনমেন্ট এবং ট্রেনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় স্প্রিঙ্কলার ও ওয়াটার হাইড্র্যান্ট সংযোজনের ব্যবস্থা আছে। এই সবকিছুর সমন্বয়ে ভালোই চলছে প্রযুক্তিনির্ভর এই ডিজিটাল যাত্রী সেবা। অল্প সময়ে মানুষ উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। কিন্তু গত ২৬ অক্টোবর (রোববার) রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। একই জায়গায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরও একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সে কারণে সেতুটির রক্ষণাবেক্ষণে পেশাদারিত্বের অভাব, যন্ত্রপাতির কোয়ালিটি, সময়মত সার্ভিস ইত্যাদি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে বিশ্বের অনেক দেশেই মেট্রোরেলের ব্যবস্থা আছে এবং সেখানেও এ ধরনের দুর্ঘটনা ঘটে।

উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হলো- ১. যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৭৭ সালের ৪ ফেব্রুয়ারিতে দুটি মেট্রোরেলের মধ্যে সংঘর্ষে ১১ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হন। উড়াল মেট্রোরেলের লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে পেছন থেকে আসা আরেকটি ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ২. আজারবাইজানের রাজধানী বাকুতে ১৯৯৫ সালের ২৮ অক্টোবরে মেট্রোরেলে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগে ২৯২ জন নিহত ও ১৬৮ জন আহত হন। নাশকতার কথাও উঠে আসে। তবে তদন্তে দগ্ধ বগিগুলোর পাশে দুটি রহস্যময় বড় গর্ত পাওয়া যায়। কারও কারও মতে এগুলো বিস্ফোরক ডিভাইস ব্যবহারের ইঙ্গিত। ৩. দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারিতে এক ব্যক্তি ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে অগ্নিদগ্ধ হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১৪৭ জন। ৪. স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া শহরে ২০০৬ সালের ৩ জুলাই মেট্রোরেল লাইনচ্যুত হয়ে ৪৩ জন নিহত ও ৩৯ জন আহত হন।

ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা থাকলেও ওই সময় ট্রেনটি ৮০ কিলোমিটার বেগে চলছিল। এছাড়া ট্রেনটির চাকায় কিছু সমস্যা এবং রেলপথের একটি অংশে ধসের প্রমাণও পাওয়া যায় তদন্তে। ৫. ওয়াশিংটনে দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষে চালকসহ ৯ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হন ২০০৯ সালের ২২ জুন। সার্কিটে ত্রুটির কারণে সময়মতো ঠিকঠাক নির্দেশনা না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ৬. মস্কোতে ২০১৪ সালের ১৫ জুলাই মেট্রোরেল লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২২ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হন। তদন্তে মেট্রো কর্তৃপক্ষের অপেশাদারি পরিচালনা ও ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ উঠে আসে। বিয়ারিং প্যাড মেট্রোরেল কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি ভায়াডাক্ট ও কলামের (স্তম্ভ) মাঝখানে বসানো থাকে, যাতে কম্পন শোষণ, ভার বহন এবং কাঠামোর নমনীয়তা বজায় থাকে। রেললাইনের বাঁকানো অংশে এর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। কারণ সেখানে পাশের ও নিচের দিকে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এই অংশ কোনোরকম ত্রুটি দেখা দিলে রেল, সেতু এবং পিলারের ভারসাম্য নষ্ট হয়। ফলে ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। সাধারণত ‘বিয়ারিং প্যাড ট্রেনের ওজনে সামান্য চেপে যায় এবং ট্রেন চলে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু যদি ভায়াডাক্ট (উঁচু রেলপথ) আগের অবস্থায় না ফেরে তাহলে বোঝা যায় বিয়ারিং প্যাড হয় অকেজো হয়েছে, নয়তো খুলে পড়েছে।

আবার অনেক দিন ব্যবহারের কারণেও প্যাডের টেম্পার নষ্ট হয়। ফলে সেতুর ভায়াডাক্ট ও পিলারের (স্তম্ভের) ঘর্ষণে আস্তে আস্তে ক্ষয় হয়। সে কারণে একটি নির্দিষ্ট সময় অন্তর প্যাডগুলো কার্যকর এবং অক্ষত রাখার জন্য নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ করতে হয়। প্রয়োজনে বদলাতেও হয়। বিয়ারিং প্যাড সাধারণত রাবার বা নিওপ্রিন রাবার দিয়ে তৈরি হয়। কিছু ক্ষেত্রে, এটি প্রাকৃতিক রাবার এবং ইস্পাতের মিশ্রণেও হয়। এর প্রধান কাজ হলো ভারী যানবাহনের ওজন বহন করা এবং সেই চাপকে সরাসরি পিলারে না দিয়ে সমভাবে মাটির দিকে সঞ্চালিত করে বিম, কলাম এবং ভিত্তির তাপীয় প্রসারণ বা অন্যান্য কারণে সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করা। বিয়ারিং প্যাড ছাড়াও ট্রেনের উপরিভাগে স্থাপিত বৈদ্যুতিক তার এবং ইলেকট্রিক লাইন ঘষা মাজায় ক্ষয় হয়।

সেগুলোও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তা নজরে আনার দরকার। বৃষ্টির পানি ভেতরে ঢুকে, মাঝে মধ্যে এসি বন্ধ হয়ে যায়, নির্দিষ্ট পয়েন্টের আগে-পরে থামে। আবার কখনো কখনো ইঞ্জিন বিকল হয় এমন খবর পত্রিকায় আসে। টিকেট কাটায় এবং এক্সিটে ধীর গতি বেশ বিরক্তিকর। শুরুতে এই স্থাপনাটির নিচে কোন হকার বসবে না, কোনরকম পোস্টার, লিফলেট সাঁটানো হবে না, এমনটি মানা হলেও এখন এর নিচে হকার ও পোস্টারে ছয়লাব। তবে এখনো স্টেশনের ভিতর হকার মুক্ত আছে এটাও কম কি? মেট্রোরেল আমাদের এক গর্বের বিষয়। এর সেবা যাত্রীদের মধ্যে গভীর আস্থা ও ভালোবাসার ভিত সৃষ্টি করেছে। পার্শ্ববর্তী এলাকাসহ সমস্ত রাজধানীকে মেট্রোরেলের আওতায় আনার কাজ চলছে। তাই গত তিন বছরের অভিজ্ঞতার আলোকে এর সম্প্রসারণ, নান্দনিকতা এবং সক্ষমতা বৃদ্ধি করার দিকে নজর দিতে হবে। দৃষ্টিনন্দন স্টেশনটির পাদদেশে হকার ও যানজট মুক্ত রাখা এবং মহামূল্যবান প্রযুক্তগুলো সচল রাখার প্রয়াস যেন সব সময় বিদ্যমান থাকে, এটাই সকলের প্রত্যাশা। লেখক : অধ্যাপক এবং তথ্যপ্রযুক্তিবিদ, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়