একজন প্রার্থী লাখ লাখ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। জনগণ তাঁকে প্রতিনিধি হিসেবে বেছে নেয়। কিন্তু ভোটে জয়ী হওয়া আর একজন কার্যকর আইনপ্রণেতা হয়ে ওঠা কি একই বিষয়? বাজেট, করনীতি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমবাজার, প্রযুক্তি, পররাষ্ট্রনীতি কিংবা সংবিধান নিয়ে যখন আলোচনা হয়, তখন রাজনৈতিক ম্যান্ডেটের পাশাপাশি প্রয়োজন তথ্য, গবেষণা, নীতিগত জ্ঞান, দূরদর্শিতা এবং বিচারবোধ। অথচ সংসদে ৩৫০ জন সদস্য থাকলেও এসব বিষয়ে বিস্তারিত তথ্য, গবেষণা ও নীতিগত যুক্তি নিয়ে কথা বলতে দেখা যায় তুলনামূলক হাতেগোনা কয়েকজনকে।

আধুনিক সংসদীয় ব্যবস্থায় কোনো এমপির বৈধতার উৎস জনগণের ভোট। কিন্তু তার আইন প্রণয়নের সক্ষমতা ভোটের ফল দিয়ে পরিমাপ করা হয় না। বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক ব্যবস্থায় এমপি হওয়ার আগে আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা জননীতিতে কোনো বাধ্যতামূলক ডিগ্রি কিংবা পেশাগত পরীক্ষা নেই।

গণতন্ত্রের একটি মৌলিক দর্শন হচ্ছে, রাষ্ট্রের আইন তৈরির অধিকার কেবল শিক্ষিত পেশাজীবীদের হাতে দেওয়া যায় না। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, সমাজকর্মী বা স্থানীয় রাজনৈতিক কর্মীও জনগণের প্রতিনিধি হতে পারেন। বিশ্বের উন্নত সংসদগুলোয় ভিন্ন ধরনের ব্যবস্থা তৈরি আছে। তারা এমপিকে বিশেষজ্ঞ বানানোর দায়িত্ব ভোটারের ওপর ছেড়ে দেয়নি। সংসদের ভেতরে কমিটি, গবেষণা বিভাগ, বিশেষজ্ঞ শুনানি, আইনগত পরামর্শ, নীতি বিশ্লেষণ এবং প্রমাণ যাচাইয়ের প্রতিষ্ঠান তৈরি করেছে।

জার্মান বুন্ডেসটাগে পূর্ণাঙ্গ অধিবেশনের বিতর্কের আগে বিষয়গুলো দলীয় ও সংসদীয় কার্যকরী গোষ্ঠী এবং কমিটিতে বিস্তারিতভাবে প্রস্তুত হয়। অর্থাৎ এমপি সবকিছু জানবেন– এমন প্রত্যাশা করা হয় না। প্রত্যাশা হলো, তিনি জানবেন– কীভাবে জানতে হয়। দেশের সংসদেও কমিটি কাঠামো আছে। আইপিইউর তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে সংসদে ৫০টি স্থায়ী কমিটি ছিল। কোনো এমপি যদি ১০টি গবেষণা পড়ে, ২০ জন বিশেষজ্ঞের মত নিয়ে এবং নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে পরামর্শ করে শেষ পর্যন্ত দেখেন বিলটির একটি ধারা জনস্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তখন তিনি কী করবেন? তিনি নিজ বিচারবুদ্ধি অনুযায়ী ভোট দেবেন, নাকি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন?

বাংলাদেশের সংবিধানে ৭০ অনুচ্ছেদের কাঠামো দ্বিতীয় পথকেই অনেক বেশি শক্তিশালী করে। অন্যদিকে যুক্তরাজ্যের সংসদীয় সংস্কৃতিতে দলের বিপক্ষে ভোট দেওয়া এমপিদের জন্য স্বাভাবিক ঘটনা। ব্যাকবেঞ্চ বিদ্রোহ সেখানে সংসদীয় রাজনীতির স্বীকৃত অংশ। ফলে দলীয় শৃঙ্খলা থাকলেও যে কোনো এমপির স্বাধীন রাজনৈতিক অবস্থান প্রকাশের কিছু প্রাতিষ্ঠানিক জায়গা থাকে। আরেকটি বাস্তবতা, বাংলাদেশে অধিকাংশ গুরুত্বপূর্ণ আইন তৈরির প্রাথমিক কাজ সংসদে শুরু হয় না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আমলাতন্ত্রে বিলের খসড়া তৈরি হয়। সংসদে আসার সময় অনেক ক্ষেত্রে তার মূল কাঠামো ইতোমধ্যে নির্ধারিত। ফলে সংসদের হাতে থাকা সময় ও রাজনৈতিক পরিবেশের মধ্যে সেটিকে গভীরভাবে যাচাই করার সুযোগ সীমিত হয়ে যায়। সংসদ তখন অনেক ক্ষেত্রে আইন তৈরির প্রধান কারখানা না হয়ে আইন অনুমোদনের শেষ রাজনৈতিক মঞ্চে পরিণত হয়। একই সঙ্গে তথ্য পাওয়ার সমস্যাও ব্যাপক।

বিদ্যমান কাঠামোতে ভোটকে প্রায়ই আইন প্রণয়নের সক্ষমতার প্রমাণ হিসেবে ধরে নিতে হয়। ভোট আসলে তা নয়। ভোট রাজনৈতিক বৈধতা দেয়। আইন প্রণয়নের সক্ষমতা তৈরি হয় শিক্ষা, গবেষণা, অভিজ্ঞতা, বিতর্ক, দূরদর্শিতা, জনসম্পৃক্ততা, স্বাধীন বিচারবুদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহায়তার মধ্য দিয়ে। জনসম্পৃক্ততা মানে বিশাল জনপ্রিয়তা বা বিশাল কর্মিবাহিনী নিয়ন্ত্রণ হতে পারে। কিন্তু এমপি হবেন জনগণের কণ্ঠস্বর; একই সঙ্গে নীতিগত বাস্তবায়নকারী।

গণতন্ত্রের যৌক্তিকতা হচ্ছে, জনগণ বিশেষজ্ঞ নির্বাচন করে না। জনগণ প্রতিনিধি নির্বাচন করে। তারপর রাষ্ট্রের দায়িত্ব সেই প্রতিনিধিকে আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া।

সাজ্জাদ সাব্বির: কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি sajjadsabbir24@gmail.com