ক্রিকেট কেবল একটি খেলা নয়; এটি আবেগ, স্মৃতি, জাতীয় অহংকার এবং মানুষের পারস্পরিক সংযোগের এক শক্তিশালী সামাজিক ভাষা। এই খেলার মাধ্যমে উপমহাদেশের মানুষ একে অপরের সঙ্গে পরিচিত হয়, উচ্ছ্বাস ও হতাশা ভাগাভাগি করে। ক্রিকেট কখনো কখনো রাজনৈতিক উত্তেজনার মধ্যেও মানুষের মধ্যে সংযোগ তৈরি করেছে, কখনো কখনো বৈরিতার দেয়াল ভেঙে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে যে ঘটনার সূত্রপাত হয়েছে, তা স্পষ্ট করে দেয়- রাজনীতি এবার ক্রিকেটকে কেবল স্পর্শ করেনি, বরং কার্যত জিম্মি করেছে। আর সেই চাপের মূল উৎস হিসেবে উঠে এসেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক ও আদর্শিক প্রভাব।\r\nঘটনাপ্রবাহটি আপাতদৃষ্টিতে একটি আইপিএল সিদ্ধান্ত হলেও, এর প্রভাব বহুমাত্রিক।
আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের অনুরোধে তাকে ছাড়পত্র দেয়। অর্থাৎ দুই বোর্ডের সমঝোতা ও নিয়মের মধ্য দিয়েই প্রক্রিয়াটি এগোচ্ছিল। কিন্তু নিলামের পরপরই শুরু হয় রাজনৈতিক চাপ এবং সংগঠিত প্রতিবাদ। শেষ পর্যন্ত বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়, মোস্তাফিজকে দলে রাখা যাবে না।\r\nবিসিসিআই এই সিদ্ধান্তের পক্ষে কোনো স্পষ্ট বা লিখিত ব্যাখ্যা দেয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেছে। নীরবতা ও অস্পষ্টতার মধ্যেই সামনে আসে ভারতের কিছু বিজেপি নেতা ও মতাদর্শিক গোষ্ঠীর বক্তব্য। একজন প্রভাবশালী নেতা মোস্তাফিজকে বাদ দেওয়া হিন্দুদের জয় বলে মন্তব্য করেছেন।
অন্যরা এটিকে জাতীয় আবেগের প্রতিফলন হিসেবে আখ্যা দিয়েছেন। খেলোয়াড়ের পারফরম্যান্স, আচরণ বা ক্রিকেটীয় যোগ্যতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বরং বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি ও রাজনৈতিক বয়ানকে সামনে এনে ক্রিকেটীয় সিদ্ধান্তকে বৈধ করার অপচেষ্টা করা হয়েছে।\r\nএখানেই প্রশ্ন উঠে, বিসিসিআই কি এখনো স্বতন্ত্র ক্রীড়া সংস্থা, নাকি ক্ষমতাসীন রাজনৈতিক মতাদর্শের কাছে নতজানু একটি প্রতিষ্ঠান? বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী বোর্ড হিসেবে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রভাব শুধু ভারতীয় ক্রিকেটে সীমাবদ্ধ থাকে না; আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতেও তা গভীর প্রতিধ্বনি তোলে।
যদি কোনো খেলোয়াড়কে রাজনৈতিক চাপের কারণে বাদ দেওয়া হয়, তবে তা কেবল একটি ক্লাব বা লিগের বিষয় নয়, এটি খেলাধুলার নৈতিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।\r\nমোস্তাফিজুর রহমান কোনো রাজনৈতিক কর্মী নন। তিনি কোনো উসকানিমূলক বক্তব্য দেননি, কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়াননি। মাঠে ও মাঠের বাইরে তিনি একজন পেশাদার ক্রিকেটার। তবু তাকে বিতর্কের কেন্দ্রে টেনে আনা হলো, যেখানে তার ভূমিকা প্রায় শূন্য। ভারতের কংগ্রেস নেতা শশী থারুর যে প্রশ্ন তুলেছেন- আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি? - তা শুধু নৈতিকই নয়, রাজনৈতিকও। একজন খেলোয়াড়কে শাস্তি দিয়ে কি কোনো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির জবাব দেওয়া যায়?
নাকি শাস্তি লক্ষ্য করছে একটি পরিচয়, জাতীয়তা বা ধর্মীয় পরিচয়?\r\nবিজেপির রাজনীতির সুপরিচিত বৈশিষ্ট্য হলো, জাতীয়তাবাদকে সংকীর্ণ পরিচয়ের মধ্যে আবদ্ধ করা এবং সংখ্যাগরিষ্ঠের আবেগকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের বৈধতা হিসেবে ব্যবহার করা। এই প্রবণতা ক্রিকেটের মতো বৈশ্বিক খেলায় প্রবেশ করলে তা কেবল খেলাধুলার ক্ষতি করে না; সমাজকেও আরও বিভক্ত করে। আজ মোস্তাফিজ, আগামীকাল অন্য কোনো দেশের খেলোয়াড়, যিনি ক্ষমতাসীন মতাদর্শের চোখে গ্রহণযোগ্য নন। এতে আইপিএল ধীরে ধীরে আন্তর্জাতিক প্রতিযোগিতা না হয়ে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত প্রদর্শনীতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এই প্রক্রিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের নিজস্ব ক্রিকেট ঐতিহ্য। ভারতীয় ক্রিকেট দীর্ঘদিন ধরে বহুত্ববাদী পরিচয়ের প্রতীক।
ভিন্ন ধর্ম, ভাষা, অঞ্চল ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা ক্রিকেটাররা একই জার্সিতে খেলেছেন। সেই ঐতিহ্যই ভারতকে বিশ্ব ক্রিকেটে আলাদা মর্যাদা দিয়েছে। কিন্তু যখন ক্রিকেটীয় সিদ্ধান্তকে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় আবেগের নামে বৈধতা দেওয়া হয়, তখন তা ঐতিহ্যের সঙ্গেই সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়।\r\nবাংলাদেশের জন্য বিষয়টি দ্বিমাত্রিক উদ্বেগের। দেশের শীর্ষস্থানীয় পেসার পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আইপিএলের মতো মঞ্চ শুধু অর্থনৈতিক নয়, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রও। অন্যদিকে দুই দেশের ক্রীড়া সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক বহুবার উত্তেজনার মধ্যেও সংলাপের পথ খুলে দিয়েছে।
যদি এখানে রাজনৈতিক প্রতিশোধ ও অবিশ্বাসের ছায়া পড়ে, ভবিষ্যতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্রিকেট আয়োজন আরও জটিল হয়ে উঠবে।\r\nএই ঘটনার আরেকটি গুরুতর দিক হলো, বিসিসিআইয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব। যদি সত্যিই কোনো নীতিগত বা নিরাপত্তাজনিত কারণ থাকত, তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খেলোয়াড়কে জানানো যেত। কিন্তু বিসিসিআই একদিকে বলছে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই, অন্যদিকে দলকে খেলোয়াড় ছাড়তে নির্দেশ দিচ্ছে। এই দ্বৈত অবস্থানই সন্দেহ বাড়াচ্ছে- সিদ্ধান্তটি ক্রিকেটীয় নয়, রাজনৈতিক।\r\nবিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও সতর্কবার্তা।
বিশ্বের অন্যান্য দেশ ও আন্তর্জাতিক বোর্ডের কাছে একটি সুস্পষ্ট বার্তা যাচ্ছে, যদি সবচেয়ে প্রভাবশালী বোর্ড রাজনৈতিক চাপের মুখে কাজ করে, তবে খেলাধুলার নৈতিকতা ও স্বচ্ছতার ওপর আস্থা কমে যাবে। খেলোয়াড়রা নিজেদের নিরাপত্তা ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন। দর্শকরাও বুঝতে শুরু করবেন, মাঠের বাইরের সিদ্ধান্তই মাঠের ভেতরের খেলাকে নিয়ন্ত্রণ করছে।\r\nক্রিকেটের সৌন্দর্য তার অনিশ্চয়তায়, ন্যায্যতায়। কে খেলবে, কে বাদ পড়বে- এই সিদ্ধান্ত আসা উচিত ফর্ম, ফিটনেস ও কৌশলের ভিত্তিতে। ধর্ম, রাজনীতি বা জাতীয়তাবাদী আবেগের ভিত্তিতে নয়। মোস্তাফিজের ঘটনা সেই মৌলিক সত্যটা আবার মনে করিয়ে দেয়।\r\nএছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ও এই বিষয়টি নজরে রাখছে।
সংবাদ সংস্থা ও বিশ্ব ক্রীড়া বিশ্লেষকরা মোস্তাফিজের বাদ পড়ার ঘটনা কেবল ভারতের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং একটি আন্তর্জাতিক খেলাধুলা নীতির প্রশ্ন হিসেবে দেখছেন। আইপিএলের মতো বিশ্বমানের লিগ যদি রাজনৈতিক চাপের কারণে খেলোয়াড় নির্বাচন বা বাদ দানের ক্ষেত্রে বিস্তৃত হয়, তবে তা ভবিষ্যতে অন্যান্য লিগ এবং দ্বিপাক্ষিক সিরিজের জন্যও নজির তৈরি করবে।\r\nএখন প্রশ্ন একটাই, এই পথচলা কি এখানেই থামবে? নাকি ক্রিকেট আরও গভীরভাবে রাজনৈতিক মেরুকরণের শিকার হবে? বিসিসিআই, আইপিএল কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক ক্রিকেট সমাজের সামনে এটাই বড় পরীক্ষা। ক্রিকেট যদি সত্যিই একটি বৈশ্বিক খেলা হয়, তবে তাকে ক্ষমতাসীন রাজনীতির হাত থেকে রক্ষা করতে হবে। না হলে খেলার চেয়ে রাজনীতি বড় - এই বার্তাই স্থায়ী হয়ে যাবে। যা ক্রিকেটের জন্য যেমন অশনিসংকেত, তেমনি উপমহাদেশের ক্রীড়া সংস্কৃতির জন্যও গভীর ক্ষতি।\r\nমোস্তাফিজুর রহমানের ঘটনা শুধুই এক খেলোয়াড়ের বিষয় নয়; এটি একটি সংকেত, যা বলছে- যদি রাজনীতি খেলাধুলার নিয়ন্ত্রণে প্রবেশ করে, তবে খেলার নৈতিকতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিপন্ন হবে। আইপিএল, বিসিসিআই এবং আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়ের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা, যাতে খেলাধুলা তার নিজস্ব নিয়ম, ন্যায্যতা এবং বহুত্ববাদী মর্যাদা রক্ষা করতে পারে।\r\nলেখক : প্রকাশক ও কলাম লেখক
