বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসনির্ভর পুরোনো রাজনীতিতে ফিরে গেছে আওয়ামী লীগ। নৈরাজ্য সৃষ্টি করে সরকারের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে ভারতের সমর্থন নিয়ে রাজনীতিতে ফিরতে চায় দলটি। ২০২৪ সালের জুলাই-আগস্টে কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ হত্যা এবং ২০ হাজার মানুষের পঙ্গুত্ব নিয়ে দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। এই হত্যাকাণ্ডকে তারা দেখে ষড়যন্ত্র হিসেবে। গুম, খুন ও গণহত্যা আওয়ামী লীগের কাছে শুধু একটি রাজনৈতিক কৌশল।

এক সপ্তাহ ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগ যে তাণ্ডব চালাচ্ছে, তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই সন্ত্রাস ধীরে ধীরে বিস্তৃত করার চেষ্টা করা হবে। তাদের প্রধান লক্ষ্য হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরম অস্থিরতা সৃষ্টি করা। সংবাদপত্রে খবর এসেছে, গোপালগঞ্জ থেকে গিয়ে পিরোজপুরে বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে। একইভাবে খুলনায় বিভিন্ন সরকারি অফিসে হামলা চালানো হয়েছে। এর আগে রাজধানীতে সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে; কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও রাজনৈতিক প্রতিরোধের মুখে তা কমে এসেছে। কিন্তু এখন গোপালগঞ্জকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। টার্গেট করা হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়ি ও অফিস।

আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড হঠাৎ করে শুরু হয়েছে মনে করা হবে ভুল। এসব তৎপরতা অত্যন্ত সুপরিকল্পিত। এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের কৌশলের সম্পর্ক আছে। অন্তর্বর্তী সরকারের সময় পুলিশ প্রশাসন পুনর্গঠিত ছিল না। এ সময় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। আটক হওয়া প্রথম সারির আওয়ামী লীগ নেতাদের বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে গেছে—এর পরও আওয়ামী লীগ কোথাও একটি ককটেল ফোটানোর সাহস দেখায়নি। সীমিত সামর্থ্য নিয়ে অন্তর্বর্তী সরকার অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মামলার তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় অন্তর্বর্তী সরকার ভারতের প্রতিটি প্রোপাগান্ডামূলক পদক্ষেপের জবাব দেওয়ার চেষ্টা করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রতিটি পদক্ষেপে দৃশ্যমানভাবে রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে। যখন কোনো সংকট তৈরি হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। টেলিভিশনে তা দেখানো হয়েছে। দেশের মানুষ আশ্বস্ত হয়েছে, জাতীয় প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আছে। এই জাতীয় ঐক্যকে সবচেয়ে ভয় পায় আওয়ামী লীগ। যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ও বিভাজন তৈরি হয়েছে, তখন থেকে আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর রাজনীতি শুরু করেছে। অথচ নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের আরো দুর্বল হয়ে পড়ার কথা ছিল। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়েছে। একটি কার্যকর সংসদ গঠিত হয়েছে। কিন্তু আমরা দেখছি, আওয়ামী লীগ সহিংস চেহারা নিয়ে ফিরে আসার চেষ্টা করছে।

আওয়ামী লীগ ও ভারত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের সুযোগকে কাজে লাগানোর জন্য এত দিন অপেক্ষা করছে। ভারতীয় গণমাধ্যমকে ব্যবহার করে হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলে প্রথমে আওয়ামী লীগ সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করেছেন। দেশের অধিকাংশ মূলধারার গণমাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর পক্ষে প্রকাশ্য প্রচারণা চালানো হয়েছে। বিচারের প্রশ্নটি অনেকটা পর্দার আড়ালে চলে গেছে। ৫ আগস্ট হাসিনা ও তার সহযোগী রাজনৈতিক নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেলেও আওয়ামী লীগের সব সাংস্কৃতিক সংগঠন ও প্রচারবিদরা দেশে থেকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় তারা নীরব থাকলেও বিএনপি সরকার গঠনের পর তারা গণমাধ্যমের প্রধান মুখে পরিণত হয়। নানাভাবে তারা সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে। আওয়ামী লীগের সফট পাওয়ার পুরোপুরিভাবে এখন মাঠে তৎপর। আওয়ামী লীগ যে একটি অপরাধী সংগঠন, তা আড়াল করে এখন বয়ান দাঁড় করানো হচ্ছে—আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশের গণমাধ্যম, এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যম এই বয়ান তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।

এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন, আটক হওয়া আওয়ামী লীগ নেতা ও খুনি বাহিনীর সদস্যরা জেলখানা থেকে অনেকটা প্রমোদভ্রমণে এসে আদালতে হাজির হচ্ছেন। তাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে মনে হয়, জেলখানায় আয়েশের সঙ্গে তারা রাজবন্দি হিসেবে জীবনযাপন করছেন। তাদের নির্দেশে যে গুম, খুন ও রাজপথে গুলি চালানো হয়েছে, তা বেমালুম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে সরকারের ভেতর থেকে তা করা হচ্ছে। সরকারের ভেতর থেকে এসব তৎপরতা শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের উজ্জীবিত করছে না, তাদের নেতাদের অপরাধকে খাটো করে দেখার এক ধরনের বৈধতা তৈরি করা হয়েছে। সরকারের ভেতরে বাম বলয়ের অংশটি স্পষ্টভাবে আওয়ামী রাজনীতি ফেরানোর পক্ষে অবস্থান নিচ্ছে—এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।

ক্ষমতাসীন দলের কৌশলবিদরা মনে করেছিলেন, ভোটের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের মধ্যে আত্মীকরণ করবেন। তারা ভুলে গেছেন, আওয়ামী লীগও এবারের ভোটকে কৌশল হিসেবে নিয়েছে। বিএনপিকে তারা ভোট দিয়েছে, কিন্তু এজন্য তারা মাশুল আদায় করে নেবে। গোপালগঞ্জের ভোটের ফলাফল বিশ্লেষণ করলে আমরা এর প্রমাণ পাব। এই জেলার তিনটি নির্বাচনি আসন। গত নির্বাচনে তিনটিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। তারা যথেষ্ট ভোটও পেয়েছেন। গোপালগঞ্জ-১ আসনে ১ লাখ ৯১ হাজার ৯৭৯ জন ভোট দিয়েছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হন।

গোপালগঞ্জ-২ আসনে ১ লাখ ৪৮ হাজার ৬২১ জন ভোট দেন। এর মধ্যে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি প্রার্থী কেএম বাবর। গোপালগঞ্জ-৩ আসনে ভোট দিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৬৫ জন। এর মধ্যে বিএনপি প্রার্থী এসএম জিলানী ৬০ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হন।

ভোটের এই ফলাফল প্রমাণ করে, বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কারণ এই অঞ্চলে বিএনপির এমন কোনো সাংগঠনিক তৎপরতা নেই যে এত ভোট পাবে। এখন গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছেন। প্রশ্ন হলো, আওয়ামী লীগের এই সমর্থকরা কি বিএনপির পক্ষে ভোট দেওয়ার সময় ভেবেছিলেন, বিএনপি ক্ষমতায় এসে হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে? বাস্তবতা হলো, ভোটের আগে হাসিনার ফাঁসির রায় হয়েছে—বিএনপি সেই রায়কে স্বাগত জানিয়েছিল। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করা। এই জেলার মানুষ যেভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তাতে তো হাসিনাকে ভালোবেসে ভোট বর্জন করার কথা ছিল; কিন্তু তা না করে বিএনপিকে ভোট দিয়ে হাসিনার ফাঁসি কার্যকর করার পক্ষে তারা অবস্থান নিয়েছিল।

সত্যি হচ্ছে, আওয়ামী লীগের এই সমর্থকরা ভোট বর্জন না করে বিএনপিকে ভোট দিয়েছিল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী। এই নির্দেশনা এসেছিল দিল্লি থেকে। আজকে দেশে যে আওয়ামী সন্ত্রাস শুরু হয়েছে, তার নির্দেশনাও এসেছে দিল্লি থেকে। বিএনপির পর্দার আড়ালে সমঝোতার রাজনীতির কৌশল দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। কারণ আওয়ামী লীগ সাধারণ কোনো রাজনৈতিক দল নয়, এটি অনেকটা ধর্মবিশ্বাসের মতো।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যে সন্ত্রাসনির্ভর রাজনীতি, তা তখনই বন্ধ হবে, যখন আওয়ামী লীগ নেতাদের রায় কার্যকর হবে। সরকার বিচার ও রায় বাস্তবায়নে যত বিলম্ব করবে, তত বেশি গোপালগঞ্জের মতো পরিস্থিতি সামাল দিতে হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই সংযম দেখাতে হবে। রক্তপাত এড়িয়ে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, দিল্লি ও তার অনুগত প্রচারবিদরা এখন লাশের অপেক্ষায় আছে। একই সঙ্গে জাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের কাছে এই বার্তা দিতে হবে—সন্ত্রাসনির্ভর রাজনীতির স্থান এ দেশে নেই। চব্বিশের গণহত্যার বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে—এই বার্তা যদি ক্ষমতাসীন দল স্পষ্টভাবে দিতে না পারে, তাহলে আওয়ামী সন্ত্রাসনির্ভর রাজনীতি নানা সময়ে ফিরে আসতে পারে। কারণ আওয়ামী লীগ এখন স্বাধীন কোনো রাজনৈতিক দল নয়, দিল্লির ইচ্ছার ঘুঁটি মাত্র। এই দলের নাটাই দিল্লির হাতে।

গোপালগঞ্জকেন্দ্রিক আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির এই ঘটনা বিএনপির জন্য একটি শিক্ষা। আজকে বিএনপি নেতাদের বাসা-বাড়ি ও অফিস জ্বালিয়ে দেওয়ার এসব ঘটনার দায় বিএনপির ভেতরে বাম বলয়ের ওপর বর্তায়। প্রগতিশীল বলে দাবিদার অনেক নেতা বিএনপিতে রয়েছেন, যারা আওয়ামী লীগের সঙ্গে নতুন করে রাজনীতি করার খায়েশ প্রকাশ করেছেন। তারা মনে করেন, জামায়াতে ইসলামী বিরোধী দল হওয়ার যোগ্য নয়; আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল থাকলে নাকি বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনা করেছে, ততবার বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ রাজপথে সহিংসতার রাজনীতি করেছে। হরতাল, অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে চেষ্টা করেছে বিএনপিকে ক্ষমতা থেকে বিতাড়িত করার। এরপরও বিএনপির প্রগতিশীলদের নাকি আওয়ামী লীগের রাজনীতি পছন্দ। ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী রাজনীতি মোকাবিলা করতে হলে বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনা জরুরি। জাতীয় ঐক্য ছাড়া ভারতীয় মদতপুষ্ট গণহত্যাকারী একটি দলকে মোকাবিলা করা সহজ হবে না। অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিএনপি শিক্ষা নিতে পারে; বেশি দূরে যাওয়ার দরকার নেই।

লেখক: সহযোগী সম্পাদক, আমার দেশ