একজন মানুষের অভ্যাস ও ব্যবহার পর্যবেক্ষণ করলেই বুঝা যায় মানুষটি কেমন। জীবন চলার পথে সদ্অভ্যাস এবং সদ্ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে দিয়ে নিজেকে অন্যদের মাঝে ভালোসার পাত্র হিসেবে গড়ে তোলা যায়। এবং মনুষ্যজীবন মহিমান্বিত হয়ে উঠে। পরস্পর পরস্পরের সহযোগী হয়ে উঠলে জীবন তখন ভোগের না হয়ে উপভোগের হয়ে উঠে। আমাদের পথপরিক্রমায় খেয়াল রাখি, একটা নতুন দিন, একটা নতুন শুরু। সেই দিনটা পাওয়ার জন্যই ধন্যবাদ জানিয়ে কাজ শুরু করতে পারি। হাসিমুখে অন্য মানুষকে শুভ দিন বলায় একটি ইতিবাচক মনোভাব ছড়িয়ে যায়। সেই মানুষটির মুখেও হাসি ফোটে। যেসব মানুষ দিনরাত নেতিবাচক কথা বলেন, একই প্রসঙ্গ বারবার উত্থাপন করেন তাদের সংস্পর্শে থাকলে মন কিন্তু ভালো থাকে না। কেউ মানসিক কষ্ট বা অবসাদে থাকলে তাকে এড়িয়ে চলা ঠিক নয়।

বরং যতটা সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার। কিন্তু স্বভাবগতভাবে কেউ এমন হলে, সেই পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভালো। ইতিবাচক কথা যেমন অনুপ্রেরণা জোগায়, তেমনই ক্রমাগত নেতিবাচক কথা মনকে অন্ধকারে ঠেলে দিতে পারে। কোনোকিছুর প্রত্যাশারহিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা যদি অপরের সহযোগী ও সহমর্মি হয়ে উঠি তার আবেশে চারদিকে এক আনন্দময় পরিবেশ তৈরি হয়। এবং যার বিস্তরণ ঘটে আমাদের সন্তানদের ওপর। আনন্দদীপ্ত মন যদি শুভপরিচারী পারিপার্শ্বিক পায়, দুস্থ বা অসুস্থ হয় ক্বচিৎ। আনন্দিত অবস্থা হচ্ছে নিরুদ্বিগ্ন, নিরোগ নিঃশঙ্ক নিঃক্ষুৎ জীবন। যে শ্রেণি-পেশার মানুষ এমনি অবস্থানে ছিল, সভ্যতা-সংস্কৃতির বিকাশ তাদেরই দান।

তাই আমাদের উচিত, অন্যের শুধু খারাপ দিকগুলো না খুঁজে ভালো দিকগুলোর প্রশংসাও জীবনে ইতিবাচক পদক্ষেপে সাহায্য করে। মনোবিদরা বলেন, শিশুদের ভুল কাজের ক্রমাগত সমালোচনা না করে তারা যেগুলো পারে সেদিকে উৎসাহ দিতে। একই কথা বড়দের জন্য প্রযোজ্য। অন্যের ভালো দিকগুলো দেখতে শিখলে এবং প্রশংসা করতে পারলে মানসিকভাবে নিজে যেমন ভালো থাকা যায়, তেমনই অন্য মানুষটি ভালো থাকতে পারেন। সমস্যা নিয়ে ভাবার চেয়ে সমাধান নিয়ে ভাবলেও ভালো থাকার রসদ পাওয়া যায়। ভালো আছি , এই বিশ্বাসটা যদি মনে গেঁথে যায়, তা হলেও ভালো থাকা যায়। বিশ্বাসেও অনেক কিছু হয়। সবসময় হাসিমুখে থাকার চেষ্টা করলে, অন্যের মুখেও সেই হাসি কিন্তু ছড়িয়ে পড়ে। বন্ধু, স্বজন, প্রতিবেশী যেই হউক না কেন সামর্থ্য অনুযায়ী তাদের সেবায় নিজেকে যদি যুক্ত করি তাহলে আমরা পরস্পর পরস্পরের পরমাত্মীয় হয়ে উঠব এবং স্রষ্টার অপূর্ব সৃষ্টির রূপ রস গন্ধ উপভোগে সমর্থ হব। সুন্দর আচরণ আমরা সবাই প্রত্যাশা করি। কিন্তু আমরা প্রায়ই অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার করতে ভুলে যাই। সামান্য একটু অসতর্কতার কারণে আমাদের আচরণে একজন মানুষ অনেক কষ্ট পেতে পারে। তাই আমাদের সবসময় সচেতন থাকা উচিত; যাতে আমাদের আচরণে কেউ বিন্দুমাত্র কষ্ট না পায়। যার আচরণ যত বেশি সুন্দর সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান ও শ্রদ্ধা করে। যার আচরণ ভালো নয় সবাই তাকে এড়িয়ে চলে। সুন্দর ব্যবহার সুন্দরভাবে কথা বলা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে। সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা। সবার সহযোগী হওয়া।\r\nবোয়ালখালী, চট্টগ্রাম থেকে