(তৃতীয় পর্ব) মামলাগুলোর নিষ্পত্তি করতে হবে: জেএসএস এবং তার সশস্ত্র সংগঠন শান্তিবাহিনী প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর চুক্তি হয়েছে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে। পরবর্তীকালে তিন পার্বত্য জেলা পরিষদ আইন, আঞ্চলিক পরিষদ আইন, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনসহ বিভিন্ন আইনে চুক্তির ধারা-উপধারাসমূহ বাস্তবায়ন করা হয়। কিন্তু পার্বত্য চুক্তি এবং চুক্তির আলোকে প্রণিত বিভিন্ন আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় হাইকোর্টে তা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছিল। রিট আবেদন নম্বর ২৬৬৯/২০০০ এবং ৬৪৫১/২০০৭-এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১২ ও ১৩ এপ্রিল ২ দিনব্যাপী এক ঐতিহাসিক রায় দেন আদালত। রায়ে আঞ্চলিক পরিষদ ও আঞ্চলিক পরিষদ আইনকে অসাংবিধানিক আখ্যা দেয়া হয়।
সংশোধিত পার্বত্য ৩টি জেলা পরিষদ আইনের ৪(৬) নম্বর ধারা অনুযায়ী হেডম্যান ও সার্কেল চিফ কর্তৃক স্থায়ী বাসিন্দার সনদ প্রদানের বিধানের মানদ- নিয়ে প্রশ্ন তোলেন আদালত; ১৭(৪) ধারা অনুযায়ী স্থানীয় সরকার পরিষদে ভোটার হতে হলে পার্বত্যাঞ্চলে ভূমির মালিক হওয়ার বিধান নিয়ে আপত্তি জানান আদালত। আদালত মনে করেন যে, ওই ধারা বাস্তবিকভাবে একজন অউপজাতীয় ব্যক্তিকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেকোন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করছে, যদিও বাংলাদেশ সংবিধানে সেই অধিকারগুলো রক্ষিত আছে। আইনের ৩২(২) ধারা অনুযায়ী জেলা পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী নিয়োগে উপজাতীয়দের অগ্রাধিকার প্রদান এবং ৬২(১) ধারা অনুযায়ী পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে উপজাতীয়দের অগ্রাধিকার দেয়া প্রসঙ্গেও আপত্তি তোলেন আদালত।
আদালত মনে করেন যে, এই বিধানগুলো সংবিধানের অনুচ্ছেদ ২৭, ২৮(১), ২৯(১) এবং (২) এর পরিপন্থী। এই পরিপ্রেক্ষিতে বস্তুনিষ্ঠ মানদ-ের অনুপস্থিতিতে এবং বর্ণ বৈষম্যের ওপর ভিত্তি করে অগ্রাধিকার নীতি প্রতিষ্ঠিত হওয়ায় তা অসাংবিধানিক। মামলা দুটি আপিল বিভাগের রিভিউ শুনানির অপেক্ষায় আছে। এছাড়াও ওয়াগ্গাছড়া টি-স্টেট মামলা এবং রাঙ্গামাটি ফুড প্রডাক্টস মামলাসহ আরো কয়েকটি মামলাও ১৯০০ সালের শাসনবিধিসহ পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন আইনের সাথে সংশ্লিষ্ট। ১৯৮৯ সালে ১৯০০ সালের শাসনবিধি বাতিল করে গেজেড প্রকাশ করা হলেও তা কার্যকর করা হয়নি। অন্যদিকে উচ্চ আদালতের কোনো রায়ে একে ‘ডেড ল’ আবার কোনো রায়ে এটিকে ‘এখনো বহাল’ বলে আখ্যায়িত করা হয়েছে। পাহাড়ে আইনগত জটিলতা নিরসন করতে হলে আগে এ সংক্রান্ত সকল মামলাকে একত্রে এনে চূড়ান্ত রিভিউ শুনানি সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। তারপর আদালত থেকে প্রাপ্ত রায় এবং সংবিধানের আলোকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পরিষদগুলোতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদ নামে তিন পার্বত্য জেলায় তিনটি পরিষদ যাত্রা করে। ওই বছরের ২৫ জুন জনগণের প্রত্যক্ষ ভোটে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় তিনটি স্থানীয় সরকার পরিষদ নির্বাচিত হয়। সেটিই এখন পর্যন্ত একমাত্র নির্বাচন। তখন পরিষদের মেয়াদ ছিল তিন বছর, সেই হিসাবে ১৯৯২ সাল থেকে চলছে অনির্বাচিতদের দিয়ে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আলোকে স্থানীয় সরকার পরিষদগুলোর আইন সংশোধন করে জেলা পরিষদ হিসেবে আরো বেশি ক্ষমতাবান করা হয়েছে। প্রতিবছর জেলা পরিষদগুলোতে প্রচুর বরাদ্দ দেয়া হয়। শিক্ষা, চিকিৎসা, কৃষি, মৎস্য, পর্যটন, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন দপ্তরও দেখাশোনা করে জেলা পরিষদগুলো।
কিন্তু অনির্বাচিতদের দ্বারা পরিচালিত পরিষদগুলোতে জনগণের প্রতি সেবার মানসিকতা কখনোই দেখা যায় না। যেহেতু জনগণের কাছে তাদের ভোটের জন্য যেতে হয় না, তাই তাদের দায়বদ্ধতারও কোনো ব্যাপার থাকে না। যখন যারা পরিষদগুলোতে নিয়োগ পান, তাদের অধিকাংশেরই লক্ষ্য থাকে স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গুছানো। পার্বত্য চুক্তির আলোকে তিন পার্বত্য জেলা পরিষদের কাজ সমন্বয়ের জন্য আঞ্চলিক পরিষদ নামে আরো একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। জেলা পরিষদে তো প্রথমবার নির্বাচন হয়েছিল, কিন্তু আঞ্চলিক পরিষদে আজ পর্যন্ত কোনো নির্বাচনই হয়নি। ১৯৯৯ সাল থেকে আঞ্চলিক পরিষদ একই ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। প্রায় তিন দশকে আঞ্চলিক পরিষদ পাহাড়ের মানুষের জন্য ইতিবাচক কোনো ভূমিকা রেখেছে, এমন কোনো নজির কেউ দেখাতে পারবেন বলে মনে হয় না। আরো উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটিকে উচ্চ আদালত ‘সরকারের ভেতর আরেকটি সরকার’ হিসেবে উল্লেখ করে অসাংবিধানিক বলে রায় দিয়েছিলেন। যাহোক, পার্বত্য জেলা পরিষদগুলোকে অর্থবহ করতে হলে উচ্চ আদালতের আপিল বিভাগে অপেক্ষমাণ মামলাগুলোর রিভিউ শুনানি সম্পন্ন করে প্রাপ্ত রায় মোতাবেক আইনগুলোর সংশোধন করে এবং সাংবিধানিক ভোটার তালিকার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের সেবার জন্য জনগণের ভোটের মাধ্যমেই তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ দিতে হবে। তবেই জনগণ এবং জেলা পরিষদগুলোর মধ্যে সম্পর্ক গভীর হবে, নির্বাচিত প্রতিনিধিরাও তাদের ভোটারদের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করবেন।
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে: তিন পার্বত্য জেলা পরিষদ এবং পরিষদগুলোতে হস্তান্তরিত শিক্ষা, চিকিৎসা, কৃষি, মৎস্য, পর্যটন, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন দপ্তরগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির (বর্তমানে ১১ থেকে ২০তম গ্রেড) কর্মচারী নিয়োগ করার ক্ষমতা পরিষদগুলোর হাতে ন্যাস্ত করা হয়েছে। কিন্তু এই পরিষদগুলো যতগুলো নিয়োগ সম্পন্ন করেছে তার মধ্যে দু-একটা ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতিটিতেই স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। পরিষদগুলোর অধীন সবচেয়ে বড় নিয়োগ হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই পরিষদগুলোর নিয়োগের অনিয়ম ও দুর্নীতির কারণে কখনো কখনো এমন শিক্ষকও নিয়োগ পেয়েছেন যাদের শ্রেণি কক্ষে রিডিং পড়া নিয়ে শিক্ষার্থীরাই হাসাহাসি করে।
অন্যদিকে জেলা পরিষদ আইনের ৩২(২) অনুচ্ছেদে উল্লেখিত ‘নিয়োগের ক্ষেত্রে উপজাতীয়রা অগ্রাধিকার পাবেন’ এর সূত্র ধরে পরিষদগুলো যেকোনো নিয়োগের ক্ষেত্রে উপজাতীয় প্রার্থীদের ৭০ থেকে ৮০ শতাংশ নিয়োগ করে থাকে, কোনো কোনো ক্ষেত্রে শতভাগ উপজাতীয়দের মধ্য থেকে নিয়োগ করার নজিরও আছে। অথচ, পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যার ৫০ শতাংশের বেশি মানুষ অউপজাতি তথা বাঙালি। বাঙালিরা এই নিয়োগ বৈষম্যের বিরুদ্ধে বছরের পর বছর ধরে প্রতিবাদ-বিক্ষোভ করে আসছে। কোনো কোনো সময় উচ্চ আদালতে এ বিষয়টিকে চ্যালেঞ্জ করে রিট আবেদনও করেছে। এর ফলে আদালতের রায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে এ ব্যাপারে পার্বত্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে করণীয় জানতে চাওয়া হয়েছিল। পার্বত্য মন্ত্রণালয় প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়, পরে জনপ্রশান মন্ত্রণালয়ে পরামর্শক্রমে আইনমন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চেয়েছে। অবশেষে ২০২৬ সালের ৭ জুলাই আইনমন্ত্রণালয় থেকে দেয়া ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, ‘উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিগত ২৩ জুলাই ২০২৪ তারিখের ১৪১ নং স্মারকে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোনো বিশেষ জাতি, গোষ্ঠী বা জেলার বাসিন্দাদের চাকরিতে নিয়োগে অগ্রাধিকার দেওয়ার সুযোগ নেই।’ আইনমন্ত্রণালয়ের এই ব্যাখ্যার আলোকে সকল দপ্তরের নিয়োগ প্রক্রিয়াকে অবশ্যই জাতিগত বৈষম্যমুক্ত করতে হবে। পাশাপাশি স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য, নানা অনিয়ম ও দুর্নীতিমুক্তভাবে তিন পার্বত্য জেলায় যোগ্যদের নিয়োগ নিশ্চিত করতে পিএসসির অধীনে অথবা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। (চলবে)
লেখক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক ও সাংবাদিক sayedibnrahmat@gmail.com
