বাংলাদেশিদের পাঠাভ্যাস নিয়ে সাম্প্রতিক একটি প্রতিবেদন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বছরে পৌনে তিনটা বই সর্বমোট ৬২ ঘণ্টা ব্যয় করে পড়ি আমরা। তবে কোন ধরনের বই কোন শ্রেণির পাঠক পড়ে, সে সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও এ কথা সহজেই অনুমেয়, সে বইগুলো চাকরি-সংক্রান্ত হবে। সেগুলোর পাঠকও একটি নির্দিষ্ট বয়সের। এর প্রমাণ আমরা দেশের অন্যতম বিদ্যাপীঠের গ্রন্থাগারে কাকডাকা ভোরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য চাকরিপ্রার্থীদের দীর্ঘ সারিতে খুঁজে পাই। এখন অবশ্য ছাত্র সংসদগুলো হলগুলোকে পাঠযোগ্য করে তোলার চেষ্টা করছে। যা হোক, পাঠক কারা সেটি বোঝাই যায়।

শিশুদের স্মার্টফোনে আসক্তির পেছনে বড়দের দায়টা বেশি বলেই এখন প্রতীয়মান। সরল অর্থে শিশুরা বড়দের দেখেই শিখছে আর ইন্টারনেট জগতে নিজেকে খুঁজে ফিরছে। বই পড়াটা শিশুরা কার থেকে শিখবে; ভবিষ্যতের পাঠক হিসেবে নিজেকে গড়ে তুলবে– সে প্রশ্ন আমরা করি না। আমরা পড়াশোনা শেষ করার কথা গর্ব করে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সন্তান না পড়ার কারণে যাদের আফসোসের শেষ নেই কিংবা সন্তানের জিপিএ কিংবা সিজিপিএ নিয়ে যারা গর্ব করেন, গল্প করতে ভালোবাসেন, তাদের অনেকেরই নিজেদের তেমন একটা পাঠাভ্যাস নেই। তাদের মধ্যে পড়াশোনা যাদের জীবনকে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে তারা ভাবে, আর যেহেতু প্রাপ্তির সুযোগ নেই, পড়ার প্রয়োজনও তাই ফুরিয়ে গেছে। চাকরির বয়স আরেকটু বেশি হলে তারা পড়ত নিশ্চয়ই!

তবে শিল্প-সাহিত্যমনা কিছু পরিবারে পড়ুয়া অভিভাবক পাওয়া যায়। আবার সেসব পরিবারেও বইয়ের দেখা মেলে, যারা বুঝে-শুনে ধর্ম পালনের চেষ্টা করে। তার মানে নানা সামাজিক ডিসকোর্সে অল্পসংখ্যক পরিবারে কিছুসংখ্যক পাঠানুরাগী অভিভাবক পাওয়া যায়। মূলত তাদের ঘরেই বই গৃহসজ্জার পণ্য হিসেবে সাজানো থাকে। অন্যদের ক্ষেত্রে তার বালাই নেই।

আমরা পড়ব চাকরি পাওয়ার জন্য। আবার চাকরি পাওয়ার পর আর পড়ব না। এটিই মূলকথা। যদি সে চাকরিটা শিক্ষকতার মতো পড়াশোনা-সংশ্লিষ্ট হয় তাহলে রুটি-রুজির তাগিদেই আরেকটু পড়তে হবে।

প্রথাগত চিন্তার বাইরে ভাবি, রবীন্দ্রনাথ-নজরুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান-বিমুখ হলেই বোধ করি ভালো হতো। অথচ কত বড় ভুলের ভেতরেই না বাস আমাদের! আমরা না পড়ে কেবল শুনেই বিশ্বাস করে নিয়েছি– তারা বইবিমুখ, স্কুলপলাতক দস্যি ছেলে। অথচ এ দুই দিকপাল যত বই পড়েছেন, তার খবরও রাখি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত পাঠাগারে ১২ হাজারের বেশি বই ছিল, যার মধ্যে ৮ হাজার বইয়ে তাঁর নিজ হাতে লেখা টীকা পাওয়া যায়। কারাবন্দি কাজী নজরুল ইসলামের কারাগারের রেকর্ড থেকেই জানা যায়, কারাবাসের এক বছরে তিনি ১৮টি বই পড়েছেন; যার মধ্যে শেকসপিয়রের হ্যামলেট, রুমির মসনবী ও হাফিজের দিওয়ান ছিল। জেলার জানিয়েছেন, পড়তে পড়তেই ঘুমিয়ে যেতেন নজরুল। তার মানে, রবীন্দ্রনাথ-নজরুল বইপোকা ছিলেন– এটা সহজেই বলা যায়।

পাঠাভ্যাস নিয়ে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের সাম্প্রতিক যে প্রতিবেদন সামনে এসেছে তা থেকে এটি সহজেই অনুমেয়, কোন জাতি উন্নত আর কেনইবা উন্নত। সেই সঙ্গে ভবিষ্যতে কারা আরও উন্নতি করবে। অথচ আমরা কতই না পিছিয়ে! একটা জাতির সার্বিক উন্নয়নে পাঠানুরাগী জাতি হওয়া জরুরি। পাঠক তৈরির রাষ্ট্রীয় উদ্যোগ কিংবা গরজও খুব সামান্য। উন্নয়ন বলতে সবাই বিশ্বমানের ইট-পাথুরে অবকাঠামোকেই বোঝায়। আবার সেই উন্নয়নই অনিয়মের কারণে ধসে পড়ে জীবননাশের কারণ হয়। বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান বানানো কিংবা বিদ্যমান বিদ্যাপীঠকে বিশ্বমানে নিয়ে যাওয়ার আগ্রহ আমাদের কর্তাদের মধ্যে দেখা যায় না।

পুঁজিবাদী বিশ্বে বই এখন বাণিজ্যিক পণ্য। বইয়ের যে বাজারমূল্য তাতে আমাদের মতো দেশের মানুষের সবার পক্ষে বই কেনা সম্ভব না। বাংলাবাজার, নীলক্ষেত না থাকলে আমাদের অনেকের উচ্চশিক্ষা ও যৎকিঞ্চিত যে সাহিত্যচর্চা আছে, তাও থেমে যেত। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগেও আমাদের জাতীয়ভাবে পাঠক তৈরির উদ্যোগ নিতে হবে। অন্তত একটা প্রজন্মকে বইপ্রেমী বানাতে পারলে জাতির ভবিষ্যৎ পরিবর্তন হবে নিশ্চয়।

সাখাওয়াত হোসেন সুজন: সাংবাদিক mshossain.sujan@gmail.com