হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। মাত্র দু-চারদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। বাজার পরিস্থিতি দেখে প্রতীয়মান হয় যে, আগামীতে এর দাম আরও বাড়বে। কেননা কমবেশি ভারি বর্ষণ হয়েছে সারাদেশে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির। অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, যা থেকে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জসহ আলু-পেঁয়াজ-আদা-রসুনের আড়তগুলোও নিরাপদ নয়। এমতাবস্থায় আড়তদাররা অতি মুনাফার আশায় ধীরে চলো নীতি অবলম্বন করেছেন। একদিকে বাজারে পেঁয়াজের সরবরাহ কমিয়ে দিয়েছেন। অন্যদিকে ভারত থেকে কমিয়ে দিয়েছেন পেঁয়াজ আমদানি। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
\r\nউল্লেখ্য, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ী মহল চাচ্ছেন, যাতে অচিরেই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। অন্যদিকে দেশীয় কৃষকরা বলছেন, পেঁয়াজ আমদানি করা হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বলছে, বর্তমানে দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। তবে এ মুহূর্তে পেঁয়াজের বাজার সামলানো জরুরি। সরকার প্রতি বছর ৫ লাখ ৯১ হাজার টন পেঁয়াজ, ৮৯ হাজার টন আদা এবং ১ লাখ টন রসুন আমদানি করে থাকে। তবু এই তিনটি পণ্যের দামে প্রতি বছর অস্থিরতা পরিলক্ষিত হয়। আগামী শীত মৌসুমে নতুন পেঁয়াজ বাজারে এলে স্বাভাবিকভাবেই দাম কমার কথা। কিন্তু ততদিন পর্যন্ত কি অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে নিষ্ক্রিয় থাকবে প্রশাসন?\r\nবর্তমানে উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবন জর্জরিত হলেও এ মুহূর্তে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজের দাম। অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের কারসাজিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কিছুতেই। দেশে বছরে পেঁয়াজের গড় চাহিদা ২৬-২৮ লাখ টন। দুই ঈদ ও শীত মৌসুমে চাহিদা কিছু বেশি থাকে। রমজান ও কোরবানি ঈদের সময়টাতে পেঁয়াজের চাহিদা সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় আরও দেড়-দুই লাখ টন। এর ৬০ শতাংশ মেটানো যায় স্থানীয় উৎপাদন থেকে। বাকি ৪০ শতাংশ পেঁয়াজের চাহিদা মেটানো হয় প্রধানত ভারত থেকে আমদানি করে। বাস্তবতা হলো, ব্যবসায়ী মহল যদি আন্তরিক হন এবং সদিচ্ছা পোষণ করেন, তাহলে আপাতত অভ্যন্তরীণ মজুত বাজারে ছেড়ে দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারেন। কেননা, পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে দেশেই। সরকার তথা বাণিজ্য মন্ত্রণালয়কে এক্ষেত্রে কঠোর মনোভাব নিয়ে অগ্রসর হতে হবে নিয়মিত বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে।
