উন্নয়ন কোনো ক্ষণস্থায়ী ঘটনা নয়, বরং এটি এক অবিরত প্রক্রিয়া। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হলেও প্রশ্ন থেকে যায়, জনগণ যেভাবে উন্নয়ন প্রত্যাশা করে, তা কি অর্জিত হচ্ছে?
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্র, সমাজ ও অর্থনীতির সুষম এবং টেকসই উন্নয়নের মৌলিক খাতগুলোতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অপরিহার্য।
বিভাজন ঘুচিয়ে ঐক্য গড়ার এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, কিন্তু তা বাস্তবায়নের পথ সুগম নয়। রাজনৈতিক দর্শনের মৌলিক ভিন্নতা, জাতীয় বনাম গোষ্ঠী বা ব্যক্তিস্বার্থের সংঘাত এবং ধনী ও দরিদ্র শ্রেণির স্বার্থের বৈপরীত্য জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রধান বাধা। এই ভাঙন জোড়া দিয়ে ঐক্য প্রতিষ্ঠায় কে বা কারা শক্ত ভূমিকা নেবে– তা একটি বড় প্রশ্ন। বাহ্যিকভাবে সবাই উন্নয়ন চায়। কিন্তু সেই উন্নয়নের দর্শন ও নীতি কেমন হবে, তা নিয়ে রয়ে গেছে গভীর মতভেদ। মূলত আমরা গতানুগতিকতার শিকল ভেঙে বেরিয়ে আসতে পারিনি। নিজ নিজ ভিন্ন মতাদর্শ বজায় রেখেও কীভাবে যুক্তি ও মুক্ত আলোচনার মাধ্যমে গঠনমূলক সংলাপে বসতে হয়, সেই অভ্যাসের আমাদের দারুণ অভাব। এই মানসিক দুর্বলতা, অনিচ্ছা ও সংকীর্ণতাই দেশের মৌলিক ইস্যুতে জাতীয় ঐকমত্য গঠনের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক।
সম্প্রতি রাজনৈতিক দলগুলোর আলোচনায় ‘জুলাই সনদ’ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও অনেক মৌলিক বিষয় সেখানে উপেক্ষিত থেকে গেছে। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট প্রতিরোধ, অর্থনীতি, প্রযুক্তি ও পররাষ্ট্রনীতির মতো অতীব জরুরি খাতগুলো আলোচনার বাইরে ছিল। সবচেয়ে বিস্ময়কর বিষয়, সনদের ৮৪টি বিষয়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘গণতন্ত্র’ শব্দটির সুস্পষ্ট উল্লেখ ছিল না। তেমনি বৈষম্য নিরসনে অর্থনৈতিক ব্যবস্থাপনার আদর্শ বা নীতি কেমন হবে, সে সম্পর্কেও কোনো পরিষ্কার দিকনির্দেশনা ছিল না।
রাজনীতির কাঠামোর ওপরেই নির্ভর করে উন্নয়নের স্বরূপ। বর্তমানে একদিকে নির্বাচিত সরকার উদার গণতন্ত্র চর্চা ও শক্তিশালী করার পক্ষে কাজ করছে, অন্যদিকে রাজনীতিতে ধর্মভিত্তিক মতাদর্শের চর্চাও রয়েছে। এই ভিন্নমুখী দর্শনের মাঝেও উন্নয়নের মৌলিক দর্শন সুষম বণ্টন, সামাজিক ন্যায়বিচার ও প্রবৃদ্ধির গতিধারা অক্ষুণ্ন রাখতে একটি সর্বসম্মত সমঝোতায় পৌঁছানো জরুরি। জাতীয় ঐকমত্য ছাড়া প্রবৃদ্ধি হয়তো ত্বরান্বিত হতে পারে। কিন্তু সেই প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছাবে না। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উন্নয়ন দর্শন ও কর্মসূচির ধারাবাহিকতা নষ্ট হয়। এক সরকার যা গড়ে তোলে, পরবর্তী সরকার এসে তা বাতিলের চেষ্টা করে। এই অশুভ চক্র থেকে বের হতে হলে একটি সর্বসম্মত সামাজিক ও রাজনৈতিক চুক্তি দালিলিকভাবে ঘোষণা করা প্রয়োজন, যা সরকার পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকবে।
রাজনৈতিক দলগুলোর দর্শন ও নীতিতে মতভিন্নতা থাকা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থ, দারিদ্র্য বিমোচন ও সুশাসনের ক্ষেত্রে ন্যূনতম মৌলিক বিষয়গুলোতে একমত হওয়া সম্ভব। আমাদের মধ্যকার দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা, শ্রেণি-স্বার্থের দ্বন্দ্ব এবং যুক্তিনির্ভর মুক্ত আলোচনার অভাবই ঐকমত্যের প্রধান অন্তরায়। এই বন্ধ্যত্ব দূর করতে আমরা হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক ‘মদিনা সনদ’ এবং রুশোর ‘দ্য সোশ্যাল কন্ট্রাক্ট’ থেকেও শিক্ষা নিতে পারি। সময় এখনও শেষ হয়ে যায়নি। নির্বাচিত সরকার, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সর্বস্তরের অংশীজন নিয়ে এই অসম্পূর্ণ ঐকমত্য পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া উচিত। চিন্তার ভিন্নতা সত্ত্বেও যদি আমরা জাতীয় স্বার্থে একত্রিত হতে পারি, তবেই বাংলাদেশের সুষম, বৈষম্যহীন ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
হারাধন সরকার: অবসরপ্রাপ্ত অধ্যাপক sarkerh1958@gmail.com
