(গত শুক্রবারের পর)

কিন্তু তাও রক্ষা হয়েছিল কি? শেফালি জানাল, ‘যেখানে আইডি কার্ড করে সেখানে গিয়া অনেক তো কলম দিয়া ডাইন দিক, বাম দিক, উপরে নিচে গেলাম। কিন্তু কিচ্ছু হয় নাই। যে লোকটার কাছে লিখতে হইল, সে আমায় বলে কী, ‘কাগজ কী ছোট হয়েছে?’ ‘ধুর মিয়া, আমি এইতা পারিনি?’ ডানে, বামে আর উপরে নিচে কলম ঘুরিয়ে সাক্ষরতা অভিযানের সেখানেই সমাপ্তি। আমার আমেরিকায় গিয়ে একটা প্রধান ভালো লাগা ছিল, সবাই উচ্চ ডিগ্রিধারী না হলেও আমার চারপাশের বেশির ভাগ মানুষই লিখতে, পড়তে পারত। বহুবার দেখেছি অনেক মানুষই তার কাজের লাঞ্চ ব্রেকের সময়ে একটা গল্পের বই পড়তে পড়তে খাচ্ছে! আমি শেফালিকে বললাম, ‘আজ আমি কিছুটা তোমার কথা লিখব।’ শেফালি জড়িয়ে ধরল আমাকে। বলল, ‘কিন্তু হেই কথা তো আমি পড়বার পারুম না।’ আমি বললাম, ‘তাতে কী?

আমি তোমাকে পড়ে শোনাব।’ হ্যাঁ, জীবনভর শেফালিরা শুধু ঘরই মুছে যাবে। তারপর শেফালিকে বললাম ‘আজ আমার খুব মন খারাপ। হাত কাঁপছে। ঘুম ভাঙবার পর থেকেই। কিন্তু তোমাকে ছাড়া আর কাউকেই সে কথা বলতে চাই না।’ শেফালি আমাকে বলল, ‘আমি জানি আপনি এইসবে বিশ্বাস করেন না। কিন্তু ভোরবেলা যখন ঘুম থাইক্যা উঠবেন আর মন খারাপ থাকব তখন বিছানা থাইক্যা মাটিতে পা রাখনের আগে বইলবেন, ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেইখবেন সব মন খারাপ শেষ হইয়্যা যাইব।’ আমি এই ডাক্তারি শুনে বেশ হাসলাম। আমার স্নান করবার মতো শক্তিও নেই। শেফালি বলে, ‘ঠিক আছে। আজ আর স্নান কইর‌্যাব কাজ নাই। একটু শুইয়্যা ঘুমান। আমি তাহইলে বাথরুমটা মুইছ্যা ফেলি।’ হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসের অন্তহীন শোভাযাত্রা শেফালির বিয়ে হয় এগারো বছর বয়সে। এরপর বরের সঙ্গে পোষায়নি বলে শেফালি ওর এক মাস দশ দিনের বাচ্চা মেয়ে নিয়ে বাবার বাড়ি ফিরে আসে। আমি জিজ্ঞাসা করলাম, ‘তুমি ছেড়ে এসেছ?’ শেফালি বলে, ‘হ’। তারপর বাকি জীবন মেয়েকে নিয়ে ও একা একাই কাটিয়েছে। শেফালির সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। শেফালি বলে ওদের বাড়ি থেকে নাকি মাঝে মাঝে হিমালয় দেখা যায়। দূরের ওই হিমালয় থেকেই হয়তো সাহস পেয়েছে ও। শেফালি চার বছরের মেয়েকে গ্রামে রেখে ঢাকা শহরে কাজ করতে এসেছিল। শেফালির মেয়ে বড় হয়েছে। মেয়ের হাঁটু পর্যন্ত চুল। অপূর্ব দেখতে ও। সেই মেয়ের বিয়ে। তখন করোনার অত্যাচার চলছিল। গাড়িঘোড়া সব বন্ধ। শুধু প্লেনের পথ খোলা ছিল। শেফালি প্লেনে চড়েই দিনাজপুরে যায়। আবার এয়ারপোর্ট থেকে ফোন করে টোড়ি মাসিকে জানায়, ‘আমি চেকইন কইর্যা ফেলছি।’ শেফালির চেক ইন শুনে টোড়ি মাসি তো হেসেই বাঁচে না।

শেফালি এখন শাড়িতে মাড় দিচ্ছে। এই মহা গরমে ও আলুথালু হতে হতে ছাদে আসছে আর যাচ্ছে। আজকের সকালটা এরারুট আর কাপড়ে মাড় দেওয়ার মধ্যেই কাটছে। নয়বার নাকি ছাদে গেছে। আরও যেতে হবে। ওর মাথা ধরে গেছে। সে তো হবেই। ছাদে যে কাঠফাটা রোদ! নিজের জন্য দুধ চা বানিয়েছে ও। আর টোড়ি মাসি বাড়িতে নেই বলে চুপিচুপি নয়, প্রকাশ্যেই আমার তিন চামচ চিনির দুধ চা ও আমাকে দিয়ে গেছে। এখন অবশ্য আমাকে ‘বাই’ বলে আবার ছাদে চলে গেল শেফালি। ইংরেজ হওয়ার আর বেশি দেরি নেই। আর ছাদে যেতে যেতে আমাকে বলছে, ‘হ্যালো, হ্যালো মাই ডিয়ার। আমি ছাদে শাড়িগুলান রোদে দিতে যাইতাছি’। ইংরেজি ভাষার এমন প্রয়োগ আমি এর আগে শুনিনি। আমার সকালের ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। টোড়ি মাসির আগমন বাইরে থেকে। বলতে বলতে ঢুকছে, ‘ছোট ছোট দেখেই ভেব না এগুলো টুথব্রাশ।

এগুলো মেঝের টাইলের জয়েন্ট ঘষবার ব্রাশ। বেসিন পরিষ্কারের ব্রাশও অর্ডার করেছি। আগের মোটা মোটা ব্রাশ এখন থেকে বাতিল।’ আমি বিছানা থেকে গড়িয়ে নেমে কোনোমতে নিজের টুথব্রাশ করবার রুটিনের সিকোয়েন্স হাতড়িয়ে খুঁজছি, আর এর মধ্যে টোড়ি মাসি জগতের সব ধরনের ব্রাশ কিনে অস্থির। আসলে আমার মনে হয় টোড়ি মাসি রিটায়ার করে যে প্যাশন নিয়ে ভয়ংকর এক অফিস করত, সেই একই প্যাশন নিয়ে ঘর সংসারের মেঝের মাঝে তার অফিসের পাইক-বকন্দাজ খুঁজে মরছে। কীভাবে বোঝাই যে ঘর সংসারে অনেক মিসিং পার্টস থাকে এবং সেটাই স্বাভাবিক। দুই দিন ঘরের মেঝে নানা রকম সাবান দিয়ে না ঘষলে মেঝেরা রাগ করবে না। ওরা এনিওয়ে বিউটি পার্লারে যেতে অভ্যস্ত নয়। ব্রাশ এপিসোড মোটামুটি দোদুল্যমান থাকা অবস্থায় টোড়ি মাসির নজর পড়ল খাওয়ার টেবিলের উপর।

বড় এক বাটি খেজুরের গুড়ের পায়েস দেখা যাচ্ছে। কেবল অর্ধেক শেষ হয়েছে। টোড়ি মাসি বাকি অর্ধেক আমাকে খেয়ে ফেলতে বলল। আমি বললাম, ‘এতো অনেকটা!’ টোড়ি মাসির উত্তর, ‘না না, এটা এখন শেষ করতে হবে। দুই দিন হয়ে গেছে। আবার ফ্রিজে রাখলে এটা নষ্ট হয়ে যাবে। তখন ফেলে দিতে হবে।’ পায়েসের ভবিষ্যৎ গভীরভাবে চিন্তা করে আমি পুরোটা পায়েস খেয়ে ফেললাম। তাও ভালো, প্রতি কাপ চা-তে তিন চামচ করে চিনি খেলেও আমার ডায়াবেটিস নেই। আল্লাহ ভরসা! তাকিয়ে দেখি মা খুব পরিপাটি করে সবুজ পাড়ের একটা শাড়ি পরে তৈরি হয়েছে। যেন ইউনিভার্সিটিতে পড়াতে যাবে কিংবা মা’র প্রিয় বন্ধু শাহানারা মাসির বাসায় যাবে। এই বন্ধুত্বেরও নানা দিক আছে। একটি প্রধান দিক হলো দুই বন্ধু একসঙ্গে কথা বলে। জানি না কীভাবে একজনের কথা আরেকজন বুঝতে পারে।

আমরা আশপাশে ঘোরাঘুরি করেও কিছুই বুঝি না। এরপর আমি যথারীতি শেফালির বকা খেলাম। আমার ওষুধ দু’ভাগ করতে হবে বলে কাটিং বোর্ড আর ছুরি লাগবে। আমি ভাবলাম সব বুঝি লুকিয়ে রেখেছে। কিন্তু শেফালি বলল, ‘এই তো এখানে। আপনার চোখ কই?’ আমি একটু গেয়ে উঠলাম, ‘চোখ গেল’ ‘চোখ গেল’ কেন ডাকিস রে চোখ গেল পাখি রে তোর ও চোখে কাহার চোখ পড়েছে নাকি রে চোখ গেল পাখি রে। শেফালির মোবাইল নষ্ট। মুখটা খুবই কালো করে ঘুরছে দেখে আমি বললাম, ‘কী গো সুন্দরী, মুখটা এমন হাঁড়িচাঁচার মতো কেন?’ শেফালি জানালো, ‘আর কথা বইলেন না তো। আমার নতুন মোবাইলের স্ক্রিন নষ্ট হইয়া গ্যাছে। কারো সঙ্গেই কথা বলবার পারতাছি না।’ এই সমস্যার কোনো সহজ সমাধান আছে কিনা জানি না। কামাল ভাই বার দুয়েক ফোনটা দোকানে নিয়ে গেছেন।

ওরা বলেছে এই মডেল অনেক পুরানো, ঠিক করতে পারবে না। অথচ আমি ভাবতাম বাংলাদেশে সব ঠিক করা যায়। কামাল ভাইয়ের কথা বলতে বলতেই দেখি উনি কাঁধে কয়েক বান্ডিল পাটশাক নিয়ে ঢুকছেন আর মুখে বলছেন, ‘চিচিংগাটা একটু বেশি কিনছি। এক কেজি।’ ডিম দিয়ে চিচিংগা আমার বেশ প্রিয়। কিন্তু তাই বলে এক কেজি? কেজি কেজি জিনিসপত্র এ বাড়িতে চোখের পলকে কেনা হয়। সেদিন দেখি আবার মটরশুঁটি আনা হয়েছে। এবার পাঁচ কেজি। সেগুলো নাকি ডিপ ফ্রিজে সারা বছরের জন্য রাখা হবে। তাই বলে সারা বছর ধরে তো তা ছোলা যাবে না। বাড়ির সব সদস্য হাত লাগিয়ে এখনই তা ছুলতে হবে। ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।’ আমরা যখন মটরশুঁটির খোসা ছাড়াচ্ছি, তখন দেখি শেফালি টুলের উপর দাঁড়িয়ে ফ্রিজের তাকগুলো পরিষ্কার করছে। পরিবারের মাল্টিটাস্কিং।

জানি না কেন আমাকে এ বাড়ির লোকজন জীবন্ত কোহিনূরের মতো আগলে রাখে! শুধু দিনের বেলা নয়, রাতেও। মা দেখি আমার জন্য একটা নাইট ল্যাম্প কিনিয়েছে কামাল ভাইকে দিয়ে। রাতের অন্ধকারে এদিক ওদিক হাঁটতে গিয়ে আমি যেন ফার্নিচারে ধাক্কা খেয়ে উল্টে না পড়ে যাই। ল্যাম্পটা বিশ্বসুন্দরীর খেতাব পেতে পারে সে রাতের অন্ধকারে জ্বলে ওঠে। নিচের দিকে সবুজ রং, একটু পর তার রং হয় বেগুনি, একটু পর নীল। আর উপরে মসলিন কাপড়ের মতো কাপড় দিয়ে সাদা রঙের পাতা। আর সব উপরে গোলাপি রঙের চারটা গোলাপফুল। আমার দেখেই মনে হয় এ ল্যাম্প শুধু আমাকে নয়, ভূতও তাড়াতে পারবে। আমি কাল রাতে মা’র আনা বিখ্যাত নাইট লাইটটা জ্বালাতে ভুলে গিয়েছিলাম। রাতে উঠে দেখি মা আলোটা জ্বালিয়ে গেছে। আমার ঘরের দেওয়াল বেগুনি, নীল, লাল, হলুদ আলোতে ভেসে যাচ্ছে ভালোবাসার আলো।

আজ আমেরিকায় এলা’র সঙ্গেও কথা হলো। ও বলল, ‘উই মিস ইউ, মম।’ আরও বলল, ‘আমি এখন তোমার প্রিয় পোয়েট সিলভিয়া প্লাথের কবিতা পড়ছি আর তোমার কথা ভাবছি।’ আমার চোখ জলে ভরে গেল। ইতোমধ্যে শেফালি এসে জানাল, ‘এই যে ম্যাডাম, দশ মিনিট টাইম দিলাম। এর মধ্যে লেখা শেষ করেন। আমি সাবান দিয়া আপনার দিকের মেঝেটা মুছুম।’ আমি বললাম, ‘তোমার মুখে হাসি না দেখলে তো কোনো কাজই করতে পারব না।’ এ কথায় মোবাইলের দুঃখ ভুলে শেফালি একটু হাসি উপহার দিল। কিন্তু বলতে ভুলল না, ‘দশ মিনিট অনেক আগেই হইয়্যা গ্যাছে। আপনি এক ঘণ্টা টাইম নিছেন। আর আপনার টেবিলের নিচে দাগ দেখা যাইতেছে। আপনি বলতেছেন যে আপনি করেন নাই। এখন এনকোয়ারি পাঠাইতে হইব।’ মা খাওয়ার টেবিলে হিসাব নিকাশের সব খাতা নিয়ে বসেছে।

গুটি গুটি অক্ষরে কামাল ভাইকে জিজ্ঞাসা করে নিজের খাতায় পঞ্চাশ পয়সার হিসাব লিখছে। আর আমি আমার অতি প্রিয় দেশি চিজ খেতে গিয়ে মেঝেতে টোস্ট বিস্কুটের গুঁড়া ফেলেছি। বিচারের অপেক্ষায় আছি। হঠাৎ তাকিয়ে দেখি যে কামাল ভাই গভীর মনোযোগের সঙ্গে লবণ দিয়ে দুধ চা খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আসলে শেফালি ধারে কাছে ছিল না। কোন ডিব্বায় কী থাকে, কামাল ভাই জানেন না। আমি অবশ্য ভেবেছিলাম ‘অকম্মা’ আমি এই ভুলটা আগে করব। বরেণ্য চিনির বদলে লবণ ঢালব চা-তে। শেফালি আমাকে ট্রেনিং দিয়ে রেখেছে। চিনির কৌটার ঢাকনা হলুদ রঙের আর লবণের কৌটার ঢাকনার রং সবুজ। আমি প্রায়ই তা ভুলে যাই বলে এখনও কৌটা খুলে লবণ আর চিনি চেখে দেখি।

সেজন্যই বলতে দ্বিধা নেই যে এ কয় মাসে প্রতি কাপ চা-তে তিন চামচ চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটে লবণও যে কিছুটা জমা হয়েছে কি হয়নি সে কথা কে বলতে পারে! শেফালির কোনো কথা ভালো লাগলেই আমি ওকে জড়িয়ে ধরে একটা ‘হাগ’ দিই। শেফালি আজ আমাকে জানাল যে ও ওর মেয়েকে বলেছে, ‘আনন্দ মাসি আমারে খুব ভালোবাসেন। বেশির ভাগ মানুষ আমাদের ছুঁইয়াও দেখব না। কিন্তু আনন্দ মাসির মনে কোনো ঘৃণা নাই। উনি আমাকে কথায় কথায় জড়াইয়া ধরেন।’ জীবনে অনেক সার্টিফিকেট আর মেডেল আমি পেয়েছি। কিন্তু শেফালির এই সার্টিফিকেট চোখের জলে আমার মনের মণিকোঠায় চিরদিন আঁকা হয়ে থাকবে। গুনগুন করে গাইলাম ‘আমার পথে পথে পাথর ছড়ানো। /তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥’ আজ টোড়ি মাসিকে তার প্রাক্তন জমকালো অফিসে নামিয়ে দিয়ে আমরা যাব মা’র নানা রকম ব্লাডটেস্ট করাতে। গেটে যথারীতি আমাদের থামাল। ‘কোথায় যাচ্ছেন?’ ‘কেন যাচ্ছেন?’ কামালভাই তর্জনী তুলে গাড়ির সামনের স্টিকার দেখালেন। আজকাল মুখে কোনো কথা বলেন না কামাল ভাই। ইশারাতেই কাজ সারছেন। কামাল ভাইয়ের এইসব নানা রকম পোজপাজ দেখে হেসেই বাঁচি না। তবে কামালভাই খুবই স্মার্ট আর ইন্টেলিজেন্ট। আমাদের সামনে উনি টোড়িমাসিকে ডাকেন পিসিনী। আমার মামাতো ভাইবোন অনিকেত, দেবাশীষ আর দেবশ্রীর মতো করে। যেহেতু আমার অসীম মামার সঙ্গে দীর্ঘদিনের যোগসূত্র কামাল ভাইয়ের। কিন্তু যেইমাত্র লোকজন সামনে এসে পড়ে, কিংবা গাড়িতে ওঠানোর সময় তখন কামাল ভাই টোড়ি মাসিকে ডাকেন, ‘ম্যাডাম!’ আর অন্য অফিসারদের সামনে ডাকেন, ‘স্যার।’ এদিকে আমরা শ্বশুর-শাশুড়িকে বাবা মা ডাকতেই কত পেরেশন! (ধারাবাহিক)

লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)