অফিসের সাথেই বসবাসের কোয়ার্টার। তাই নিতান্ত প্রয়োজন ছাড়া আবাসিক এলাকার বাইরে খুব একটা যাওয়া হয় না। বাইরের ঘিঞ্জি পরিবেশ, মানুষের ভিড়, যানজট আর উচ্চমাত্রার শব্দ সব মিলিয়ে বাইরে বের হওয়ার ব্যাপারটি বিরক্তিকরই মনে হয়। তারপরও প্রয়োজনের তাগিদে মাঝেমধ্যে বের হতে হয়। আর যখনই বের হই, ঢাকার একটি পুরোনো কিন্তু দিন দিন আরও প্রকট হয়ে ওঠা সমস্যার মুখোমুখি হই। এই শহরে পথচারীদের হাঁটার জায়গা নেই। কাগজে-কলমে ঢাকার অনেক সড়কের পাশে ফুটপাত আছে। কোথাও ফুটপাত প্রশস্ত, কোথাও সংকীর্ণ। কিন্তু বাস্তবে ফুটপাতের বড় একটি অংশ পথচারীর জন্য উন্মুক্ত নেই। কোথাও হকারের দোকান, কোথাও স্থায়ী দোকানের পণ্যসামগ্রী, কোথাও চায়ের দোকান, কোথাও কাপড়ের পসরা, আবার কোথাও নানা ধরনের অস্থায়ী স্থাপনা। ফলে ফুটপাত থাকলেও সেখানে হাঁটার সুযোগ নেই। পথচারীকে বাধ্য হয়ে নেমে আসতে হয় মূল সড়কে। কিন্তু মূল সড়কে আছে গাড়ির জট। বিশেষ করে বর্তমানের উপদ্রব ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে মূল সড়কে এখন কোনভাবেই তিল পরিমাণ জায়গা ফাঁকা থাকে না। সুযোগ পেলে এসব অটোরিকশা ফুটপাতে পর্যন্ত উঠে যায়। এজন্য ঢাকা শহরে পায়ে হেঁটে চলা যেন পথচারীর জন্য সীমাহীন বিড়ম্বনা। তবে বিড়ম্বনা যেমনই হোক পথচারীদের শত কষ্টের মধ্যেও স্বল্প দূরত্ব যাতায়াতে ফুটপাতই বেছে নিতে হয়। যেমনটি আমার ক্ষেত্রেও মাঝেমধ্যে হয়। কিছুদিন আগে নিউ এলিফ্যান্ট রোড ধরে নিউমার্কেট যাওয়ার প্রয়োজন হয়েছিল। বাসা থেকে নিউমার্কেট পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ দশ মিনিট লাগার কথা। কিন্তু ঐদিন প্রায় ত্রিশ মিনিট লেগে গেল। দূরত্ব বাড়েনি, কিন্তু হাঁটার জায়গা সংকুচিত হয়েছে। ফুটপাতের অধিকাংশ জায়গা হকারদের দখলে থাকায় মানুষের ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে এগোতে হয়েছে।

বহু কষ্টে ভিড় ঠেলে নিউমার্কেটের ৩ নম্বর গেটের কাছে অবস্থিত ওভারব্রিজের উল্টোপাশে পৌঁছালাম। মনে হলো, এবার অন্তত স্বস্তি পাওয়া যাবে। ওভারব্রিজ পার হলেই তো নিউমার্কেটের সামনে পৌঁছে যাব। কিন্তু সেখানেও একই চিত্র। ওভারব্রিজের দুই পাশে হকারেরা মালামালের পশরা সাজিয়ে নিয়ে কোনরকমে মাঝে অল্প একটু পথ ফাঁকা রেখেছে। ওভারব্রিজের উঠতে ও নামতে ব্যবহৃত সিঁড়িতে পর্যন্ত হকার। পুরো ওভারব্রিজ পথচারী পারাপারের পরিবর্তে হকারের দখলে। সেইসাথে ভিখারি তো আছেই। ওভারব্রিজের যেটুকু জায়গা ফাঁকা সেটা ভিখারিদের দখলে। পথচারীদের চলাচলের জন্য নির্মিত একটি অবকাঠামোও যখন বাণিজ্যিক কর্মকাণ্ডের জায়গায় পরিণত হয়, তখন মনে হয় এই অবকাঠামো আসলে পথচারীর জন্য নয় হকার ও ভিখারিদের জন্য তৈরি হয়েছিল।

তবে ওভারব্রিজ দিয়ে কিন্তু খুব বেশি পথচারী পার হচ্ছে ঠিক তেমনটি নয়। পথচারীদের রাস্তা পারাপারের দরকার হলে ওভারব্রিজে না উঠে হাতের ইশারায় গাড়ি থামিয়ে সরাসরি রাস্তা পার হয়ে যাচ্ছে। ঢাকা শহরের অধিকাংশ ফুট ওভারব্রিজ রাস্তা পারাপারের জন্য মানুষ ব্যবহার করে না। তুলনামূলক কম বাণিজ্য এলাকার বেশিরভাগ ওভারব্রিজের উপরের অংশ ছিন্নমূল পরিবার, ভিক্ষুক, নেশাখোরদের দখলে। যেসব ওভারব্রিজে হকার নেই সেগুলো এমনভাবে নোংরা করে রাখা, যাতে মানুষ উঠতে ভয় পায়। এসব ওভারব্রিজ আবার ছিনতাইকারী ও নেশাখোরদের আড্ডাখানা। এজন্য সন্ধ্যার পরে তো দূরের কথা দিনের বেলায়ও এসব ওভারব্রিজ দিয়ে মানুষ চলাচল করতে ভয় পায়। নিউমার্কেট সংলগ্ন ওভারব্রিজের উপরে উঠে নিচের দিকে তাকিয়ে আরও একটি দৃশ্য চোখে পড়ল। নীলক্ষেত সিগন্যাল থেকে সায়েন্সল্যাব সিগন্যাল পর্যন্ত সড়কের একটি বড় অংশজুড়ে হকারদের পসরা। তাদের ঘিরে ক্রেতাদের ভিড়। ক্রেতা-বিক্রেতার ভিড়ের কারণে মূল সড়কের একটি অংশ কার্যত সংকুচিত হয়ে গেছে। ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। কোথাও গাড়ি থেমে আছে, কোথাও ধীরে এগোচ্ছে, কোথাও আবার পথচারী, হকার ও যানবাহন একই জায়গা ভাগাভাগি করে চলার চেষ্টা করছে। রাস্তাঘাটে এত বিশৃঙ্খলা দেখে মনে হল বিশ্বের অন্য কোন দেশে এমন ভয়াবহ অবস্থা নেই।

তবে এই দৃশ্য শুধু নিউমার্কেট-সায়েন্সল্যাব এলাকার নয়। ঢাকার অনেক ব্যস্ত সড়কের ফুটপাতে প্রায় একই চিত্র দেখা যায়। একসময় যে ফুটপাত পথচারীর নিরাপদ চলাচলের জন্য তৈরি হয়েছিল, সেটি এখন অনেক জায়গায় অনানুষ্ঠানিক বাজারে পরিণত হয়েছে। পথচারীরা সেখানে যেন অনাহূত অতিথি। এই যেমন, বাসার কাছেই হাতিরপুল রোডের ধারে একটি ছোট এসির দোকান আছে। দেখে মনে হয় অন্য কোথাও দোকানটির গোডাউন বা বেশি আকারে মালামাল রাখার জায়গা আছে। এখানে হয়ত একটু ছোট আকারে বিভিন্ন ব্র্যান্ডের এসি বিক্রি করছে। দোকানের সামনের ফুটপাত বন্ধ করে প্রতিদিন সন্ধ্যায় ৪-৫ জন চেয়ার পেতে বসে চা নাস্তা খায় আর গল্প করে। এটা মোটামুটি প্রতিদিন চোখে পড়ে এবং বিকেল থেকে বেশ রাত অবধি ফুটপাত দখল করে তাদের বৈকালিক আড্ডা চলে।

ফুটপাতে তারা এমনভাবে চেয়ার সাজিয়ে বসে খোশ গল্প করে তাতে স্পষ্ট বোঝা যায়, এটি যে একটি ফুটপাত বা পথচারীর হাঁটার জায়গা সেটি তারা মানতে নারাজ। এদের ভাবশাপ দেখে বোঝা যায় তারা এলাকার প্রভাবশালী ব্যক্তি। এজন্য পথচারীরা এখানে নিরুপায়। কোন পথচারী ফুটপাত ধরে হেঁটে আসলে ঐ এসির দোকানের সামনে আর হাঁটার সম্ভবনা নেই। কেননা ওখানে পুরো জায়গাটি প্রভাবশালীদের সন্ধ্যার চা নাস্তা খাওয়ার আড্ডা চলছে। বহুবার ওনাদের কিছু বলতে ইচ্ছা হয়েছে। কিন্তু পরক্ষণে আবার মত পরিবর্তন করেছি এটা ভেবে যে, সবাই তো মেনে নিয়েছে। কিছু বলে আবার ওনাদের রোষানলে না পড়ি। এজন্য নীরব থেকে দেখেও না দেখার ভান করে ফিরে আসতে হয়েছে। তবে ফুটপাত পুরোটা দখল করে চায়ের দোকান বসিয়েছে এবং সেখানে ক্রেতাদের সমাগমে ঐ ফুটপাতসহ রাস্তার কিছু অংশ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এমন দৃশ্য প্রায়ই দেখতে পাই। কিন্তু এগুলো এখন সবার শয়ে গেছে। সেজন্য কেউ কিছুই বলে না। একজন হকার ফুটপাতে বসে পণ্য বিক্রি করছেন, এটি অবশ্যই একটি সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা। অনেক মানুষের জীবিকা এই অনানুষ্ঠানিক ব্যবসার ওপর নির্ভরশীল। তাই হকার উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে এমন সরল সিদ্ধান্তও বাস্তবসম্মত নয়। কিন্তু আমার কথা হচ্ছে এসব ফুটপাতে ব্যবসাকারীদের লাভের অংশে ভাগ বসাচ্ছে অন্য একটি গোষ্ঠী। যেটি আদৌ বাস্তব সম্মত নয়। যেমন: কোন ফুটপাতে দোকান বসাতে প্রতিজন হকারের গুণতে হয় এককালীন বড় পরিমানের একটা অর্থ। সেইসাথে মাসিক ভাড়া তো আছেই। সরকারি জায়গা ভাড়া দিয়ে পথচারীদের জিম্মি করে এভাবে বহু অবৈধ অর্থ হাতিয়ে নিচ্ছে একটি মহল। এই ধরনের অনিয়মগুলো এখন অহরহ ঘটছে। প্রশাসন এসব বিষয়ে সব জেনেও নীরব থাকে। যেটি মেনে নিতে কষ্ট হয়।

একজন মানুষের জীবিকার প্রয়োজন যেমন অস্বীকার করা যায় না, তেমনি কোটি মানুষের চলাচলের অধিকারও উপেক্ষা করা যায় না। সমস্যাটি তখনই গুরুতর হয়ে ওঠে, যখন একজনের জীবিকার জায়গা করে দিতে গিয়ে হাজার মানুষের চলাচলের জায়গা কেড়ে নেওয়া হয়। ফুটপাত দখল যদি এভাবে নিয়মিতভাবে চলতেই থাকে, তাহলে আইনের আদৌ দরকার আছে কিনা আমার জানা নেই। বাংলাদেশের আইনি কাঠামোতে রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা ব্যবহারের বিষয়ে বিধান রয়েছে। ঢাকা মহানগর পুলিশের জন্য ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬’ অনুযায়ী রাস্তা ও জনসাধারণের স্থান ব্যবহারের ক্ষেত্রে এমন নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। এই অধ্যাদেশে ফুটওয়ে বা ফুটপাথে প্রতিবন্ধকতা এবং রাস্তা বা জনসাধারণের স্থানে কোনরকম বাধা তৈরি করলে এর জন্যও শাস্তির বিধান রয়েছে। অর্থাৎ ফুটপাত ও জনপরিসর যে অবাধ দখলের জায়গা নয়, সেটি আইনি কাঠামোতেই স্বীকৃত। সড়ক পরিবহণ আইন, ২০১৮ আরও সরাসরি বিষয়টি পরিষ্কার করেছে। আইনে বলা হয়েছে, মহাসড়ক, সড়ক, ফুটপাত, ওভারপাস বা আন্ডারপাসে মালামাল রেখে, দোকান বসিয়ে বা অন্যভাবে দ্রব্যাদি রেখে যানবাহন বা পথচারী চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না।

কিন্তু আমাদের সমস্যা আইনের অভাবের চেয়ে বেশি আইনের প্রয়োগে। একটি ফুটপাত আজ উচ্ছেদ করা হলো, কয়েক দিন পর আবার সেখানে দোকান বসে গেল। একবার অভিযান হলো, কিছুদিন পর আগের চিত্র ফিরে এল, এটা বর্তমানে পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। কোথাও হকার উচ্ছেদের পরপরই নতুন করে দোকান বসে। ফলে সাধারণ মানুষের কাছে আইন আছে, অভিযানও আছে, কিন্তু স্থায়ী সমাধান নেই এবং এমন একটি ধারণা তৈরি হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে আরও একটি বিষয় বিবেচনায় নেওয়া জরুরি। শুধু হকারকে সরিয়ে দিলেই কিন্তু ফুটপাত পথচারীর হয়ে যাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, ফুটপাতের ওপর হকারের পাশাপাশি ভবনমালিকের দোকানের পণ্য, রেস্টুরেন্টের চেয়ার-টেবিল, নির্মাণসামগ্রী, পার্কিং কিংবা বিভিন্ন ধরনের স্থাপনা জায়গা দখল করে আছে।

ফলে ফুটপাত দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে সবার ক্ষেত্রে সমান হতে হবে। আইন যদি শুধু দুর্বল মানুষের ক্ষেত্রে প্রয়োগ হয় আর প্রভাবশালী ব্যবসাধারী বা স্থাপনার মালিকের ক্ষেত্রে শিথিল থাকে, তাহলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যায়। সম্প্রতি মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়েছে, এমনকি সরানো হয়েছে অন্যান্য স্থাপনাও। বিষয়টি পথচারীদের জন্য স্বস্তিদায়ক, কিন্তু তারপরও আশঙ্কা থেকে যায়, কদিন পর আবারও দখল হয়ে যাবে নাতো এসব ফুটপাত? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফুটপাতকে দেখতে হবে জনসাধারণের সম্পদ হিসেবে। ফুটপাত কোনো ব্যক্তির, কোনো দোকানের, কোনো সংগঠনের কিংবা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি নগরের একটি মৌলিক জনপরিসর। একজন ধনী ব্যক্তি যেমন ফুটপাত দিয়ে হাঁটবেন, একজন রিকশাচালকও হাঁটবেন; একজন অফিসার যেমন হাঁটবেন, একজন শ্রমিকও হাঁটবেন; একজন সুস্থ মানুষ যেমন হাঁটবেন, একজন বৃদ্ধ, শিশু বা প্রতিবন্ধী মানুষও হাঁটবেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য ফুটপাত দখল শুধু অসুবিধা নয়, এটি নিরাপত্তার প্রশ্ন। একজন সুস্থ তরুণ হয়তো ভিড়ের মধ্যে দিয়ে মূল সড়কের পাশে হাঁটতে পারবেন। কিন্তু একজন বৃদ্ধ মানুষ, হুইলচেয়ার ব্যবহারকারী কিংবা ছোট শিশুকে নিয়ে হাঁটা অভিভাবকের জন্য একই পরিস্থিতিতে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ মহিলাদের জন্যও। মহিলারা ইচ্ছা করলেই ভিড়ের মধ্য দিয়ে যেতে পারেন না। তাই ফুটপাত দখলকে শুধু ‘হকার উচ্ছেদ’ হিসেবে দেখলে সমস্যার মূল জায়গায় পৌঁছানো যাবে না। এটি একই সঙ্গে নগর পরিকল্পনা, জননিরাপত্তা, পরিবহন ব্যবস্থাপনা, সামাজিক ন্যায়, জীবিকা এবং আইন প্রয়োগের প্রশ্ন।

এছাড়াও ফুটপাতের সমস্যার সঙ্গে ঢাকার যানজটও সরাসরি সম্পর্কিত। একজন পথচারী যখন ফুটপাত ব্যবহার করতে পারে না, তখন তাকে মূল সড়কের পাশে হাঁটতে হয়। ফলে পথচারী ও যানবাহন একই জায়গায় চলে আসে। আবার হকারের সামনে ক্রেতার ভিড় তৈরি হলে রাস্তার একটি অংশও দখল হয়ে যায়। ফলে যে জায়গাটি যানবাহনের জন্য নির্ধারিত, সেটিও সংকুচিত হয়। একটি ফুটপাত দখলের সমস্যা এভাবেই ধীরে ধীরে যানজট, দুর্ঘটনা, জনদুর্ভোগ এবং নগর ব্যবস্থাপনার সমস্যায় পরিণত হয়। এর সঙ্গে যুক্ত হয় জরুরি সেবার বিষয়টিও। একটি ব্যস্ত সড়ক যখন হকার, ক্রেতা, পথচারী ও যানবাহনের ভিড়ে সংকুচিত হয়ে যায়, তখন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা অন্যান্য জরুরি যানবাহনের চলাচলও কঠিন হয়ে পড়ে। তাই জোর দিয়ে বলা যায় ফুটপাত দখল জনসাধারণের চরম ভোগান্তির একটি কারণ।

এজন্য ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে করা উচিত। কিন্তু উচ্ছেদ অভিযান যেন লোক দেখানো অভিযান না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজ উচ্ছেদ, কাল আবার দখল এভাবে বছরের পর বছর চলতে থাকলে প্রশাসনের সময় ও অর্থ দুটিই ব্যয় হবে, কিন্তু নাগরিকের সমস্যার স্থায়ী সমাধান হবে না। বরং কোন ফুটপাত কতটা প্রশস্ত, কতটুকু পথচারীর জন্য বাধাহীন থাকবে, কোথায় হকার বসতে পারবেন বা পারবেন না, কোথায় বিকল্প ব্যবস্থা করা হবে এসব নির্ধারণ করে একটি স্থায়ী ব্যবস্থাপনা কাঠামো করতে হবে। প্রযুক্তির সহায়তায় নিয়মিতভাবে ফুটপাতের ছবি ও ভিডিও ধারণ করে ডিজিটাল ম্যাপ তৈরি করতে হবে। কোন এলাকায় কতটুকু ফুটপাত দখল হয়েছে, কোথায় বারবার দখল হচ্ছে, কোথায় উচ্ছেদের পর পুনরায় দখল হচ্ছে এসব তথ্য সংরক্ষণ করতে হবে। জনগণের অভিযোগ জানানোর জন্য একটি কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম করতে হবে, যেখানে একজন নাগরিক ছবি তুলে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে অভিযোগ করবেন। যেখানে হকার বসবে, সেখানে পথচারীর ন্যূনতম চলাচলের জায়গা অবশ্যই নিশ্চিত করতে হবে। তবে শুধু উচ্ছেদ করে সমস্যার সমাধান করা সম্ভব নয়। বরং নির্দিষ্ট এলাকায় পরিকল্পিত হকার মার্কেট, নির্ধারিত সময় ও নির্ধারিত স্থানে পণ্য বিক্রির সুযোগ, পথচারীর জন্য বাধাহীন করিডর এবং কঠোরভাবে নির্ধারিত সীমানা এসব নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করতে হবে। আমাদের মনে রাখতে হবে, একটি শহর মানুষের জন্য। আবার একটি শহরের সকল মানুষ গাড়িতে চলাচল করে না। মানুষ হাঁটেও। হাঁটার অধিকার নিশ্চিত করা কোনো বিলাসিতা না হয়ে এটি একটি বাসযোগ্য শহরের মৌলিক শর্ত হওয়া বাঞ্ছনীয়।

লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com