নির্মোহ ও জ্ঞানাভিজ্ঞ মানুষেরা অনেক দিন ধরেই বলে আসছেন, বাংলাদেশের শিল্প খাতের বিকাশ স্বাধীনতার ৫৪ বছর পরও এক অপরিকল্পিত ও নীতিহীন অভিযাত্রার নাম। তারা দৃঢ়ভাবেই মনে করেন, রাষ্ট্রের টেকসই অর্থনীতি গঠনের পরিকল্পনা প্রকৃত অর্থেই শিল্পোন্নয়নের নয়, বরং স্বল্পমেয়াদি রাজনৈতিক সাফল্য ও আমলাতান্ত্রিক কমিশন ভোগের প্রতিযোগিতা। এর প্রমাণ বৈশ্বিক অথনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি প্রযুক্তি খাতের জন্য সরকার একদিকে হাইটেক ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব -এর বড় বড় স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ কমিয়ে প্রযুক্তিসহ অর্থনীতির আর সব খাতে দেশকে আমদানির ঠেলে দিচ্ছে ফাঁদে। এই প্রবণতায় স্পষ্টতই বোঝা যায়, আমাদের শিল্প, সেবা, কৃষিসহ সমৃদ্ধ দেশ গঠনের যাবতীয় নীতি বাস্তবে আত্মঘাতী এক কাগুজে নীলনকশা।
এর প্রকৃষ্ট উদাহরণ- যেখানে সেমিকন্ডাক্টর, চিপ ডিজাইন বা ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিংয়ের মতো খাতে রাষ্ট্রীয় মনোযোগ দেওয়া জরুরি, সেখানে সরকার জাপানের সঙ্গে ড্রাইভিং ট্রেনিং বা লেবার এক্সপোট চুক্তিকে বড় অর্জন হিসেবে প্রচার করে। সর্বাধুনিক প্রযুক্তির অন্যতম রাজা হিসেবে জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর আত্মিক সম্পর্কের বিচারে এ ধরনের সস্তা চুক্তি সত্যিই এক ধরনের পরিহাস। একই সঙ্গে উন্নত বিশ্বের ১২০ বছর আগে পরিত্যক্ত গার্মেন্টস শিল্পের নিম্নমূল্যের উৎপাদন মডেল আঁকড়ে ধরে আমরা এখনো বিদেশি ক্রেতাদের কাছে শ্রমিকের ঘাম-রক্ত বিক্রি করছি। তাদের আধুনিক দাস হিসেবে থাকতে বাধ্য করছি। কিন্তু সরকারি প্রণোদণা ও উদ্যোগেহ প্রযুক্তি বা উদ্ভাবনে কোনো রপ্তানি-অর্জন করতে পারি না।
এই দেশে শিল্পায়নের মানে হচ্ছে সস্তা শ্রম, দ্রুত মুনাফা, আর শ্রমিক শোষণনির্ভর ক্ষমতার ছায়ায় কেবলই কোটিপতি হওয়া। এ দেশের মন্ত্রী-আমলা-রাজনীতিবিদরা নিজেদের সন্তানদের বিদেশে পড়তে পাঠিয়ে দেশীয় শিক্ষা ও গবেষণার প্রতি যে অবজ্ঞা দেখাচ্ছেন, সেটিই বাংলাদেশের প্রযুক্তিসহ বহুমাত্রিক দারিদ্র্যের মূল কারণ। \r\n১৯৮৫ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান আহমেদ সুইডেনের দান করা একটি যন্ত্র নিয়ে প্রথম সেমিকন্ডাক্টর প্রযুক্তি গবেষণা কেন্দ্র গড়ে তুলেছিলেন। তখন দেশের শিল্প-নীতিপ্রণেতাদের কারও ভাবনাতেই ছিল না যে, ওই ক্ষুদ্র যন্ত্রটি আরও ক্ষুদ্র যে যন্ত্রাংশ বানাবে, তা একদিন বিশ্বের কৌশলগত মহাসম্পদে পরিণত হবে।
তিন দশক পর ২০২৫ সালের অক্টোবরে এসে যখন ইউরোপীয় চিপ অ্যাক্ট-এর তৃতীয় সংশোধনী, মার্কিন চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট-এর ৫১ বিলিয়ন ডলারের দ্বিতীয় ধাপ এবং জাপানের এই খাতে ১৩ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ একযোগে এই শিল্পের উৎপাদন-ভৌগোলিকতা পুনর্নির্ধারণ করছে, তখন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বলছে, কোনো সরকারি সহায়তা ছাড়াই এই খাতটি এখন যে পর্যায়ে আছে, তাতে ডিজাইন-সেবা ও প্যাকেজিং খাত মিলিয়ে ২০৩০ সালের মধ্যে দেশে ১ বিলিয়ন ডলারের রপ্তানি হতে পারে। সরকারি নীতিনির্ধারকরা বাহবা নেওয়ার স্বার্থে দ্রুত সায় দিয়ে আশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছে।
কিন্তু এই শিল্পের বিশ্বের শীর্ষ ৫টি দেশের সঙ্গে ৩৫ বছর আগের সুলতান আহমেদের স্বপ্ন এবং বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের মৌলিক অবকাঠামোগত অবস্থা মূল্যায়ন করলে নীতিনির্ধারকদের বরং চরম লজ্জিত হতে হবে। এ জন্যই বিপুল সম্ভাবনাময় সেমিকন্ডাক্টর শিল্প বিকাশ যে কীভাবে এখনো বিশ্ববিদ্যালয়-গবেষণার দুরবস্থা, প্রাতিষ্ঠানিক মেধা-পাচার এবং নীতিনির্ধারক পর্যায়ের অদূরদর্শিতার কারণে অপেক্ষমাণ বিপ্লবের প্রথম স্তরে আটকে আছে, তার চিত্র তুলে ধরতে হয়। \r\nএকটি ১২ ইঞ্চি ওয়েফার (৩০০ মিমি ব্যাসের অত্যন্ত বিশুদ্ধ সিলিকনের একটি পাতলা, বৃত্তাকার টুকরো, যা ইলেকট্রনিকস শিল্পের জন্য সেমিকন্ডাক্টর ডিভাইস এবং ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তৈরি করতে ব্যবহৃত হয়)।
যেখানে কয়েক হাজার কোটি ট্রানজিস্টর জমা হয়, সেখানে ১ ইঞ্চি বাংলাদেশি কাপড়ের তুলোর চেয়ে কয়েকশ গুণ বেশি মূল্য সংযোজন ঘটে। কেবল তা-ই নয়, ফ্যাব্রিকেশন ইউনিটে পানির ব্যবহার বছরে প্রতিটি ওয়েফারে গড়ে ৯-১১ মিলিয়ন লিটার হলেও জলবায়ু-ঝুঁকি বিশ্লেষণে বাংলাদেশের অদ্বিতীয় ব-দ্বীপীয় স্থিতিশীল আর্দ্রতা ও নদী-নেটওয়ার্ক দীর্ঘমেয়াদে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া বা আমেরিকার অ্যারিজোনার মতো অঞ্চলের চেয়ে সস্তায় শীতলীকরণ সুবিধা দিতে পারে। যদি বন্যা-সহনশীল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও নবায়নযোগ্য শক্তি-চাহিদা সমন্বয় করা যায়, তাহলে এই একটি খাত থেকেই বাংলাদেশ ২০৩৫ সালে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের লোভনীয় কেন্দ্র হতে পারে।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট খরায় সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় পানিসহ বিভিন্ন উপকরণ ২০৩৫ সালের পর প্রচণ্ড ঝুঁকিতে পড়বে।\r\nসরকারি সুযোগ-সুবিধা ছাড়াই বাংলাদেশের উলকাসেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন, টোটন ইলেকট্রনিকস নামে চারটি স্টার্ট-আপ মিলে ডিজাইন থেকেই সাম্প্রতিক সময়ে প্রায় সাড়ে ৫ মিলিয়ন ডলারের আইপি-লাইসেন্স রপ্তানি করেছে, যা ২০২১ সালের তুলনায় ৪০০ শতাংশ প্রবৃদ্ধি। কিন্তু এই সাফল্যের বিপরীতে সরকারি সহায়তা ও গবেষণা অবকাঠামোর চিত্র যখন দেখা যায় তখন বড় ধাক্কা খেতে হয়। যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেট ১৩৫৪ কোটি টাকা। এর মধ্যে গবেষণা কেন্দ্রগুলোর জন্য বরাদ্দ মাত্র ২১ দশমিক ৬ কোটি টাকা, অর্থাৎ ১ দশমিক ৬ শতাংশও নয়।
আর এই অঙ্কের বড় অংশই যায় বেতন-ভাতা ও প্রশাসনিক খাতে। ফলে সেমিকন্ডাক্টর টেকনোলজি রিসার্চ সেন্টারের (এসটিআরসি) মতো প্রতিষ্ঠান ৩৮ বছরেও একটি পূর্ণাঙ্গ ডিভাইস তৈরি করতে পারেনি। এই ২০-৫০ কোটি টাকার তহবিল। সরকারের মোট বাজেটের ০ দশমিক ০১৪-০ থেকে দশমিক ০৩৭ শতাংশ মাত্র। ১৯৮০-এর দশকে বাংলাদেশে গবেষণা ও উন্নয়নে (আরএন্ডডি) বিনিয়োগ ছিল জিডিপির মাত্র ০ দশমিক ১ শতাংশ এবং প্রযুক্তির কল্পনাতীত উন্নয়নের বিশ্বে ২০২৪ সালে এসেও বাংলাদেশে আরএন্ডডিতে বিনিয়োগ মাত্র ০ দশমিক ২১ শতাংশ, যা বিশ্ব গড়েরও অনেক অনেক নিচে। মন্ত্রী-আমলাদের আরএন্ডডিতে অর্থ না দেওয়ার যুক্তি হলো, অপ্রয়োজনীয় ব্যয় । ফলে প্রতি ব্যাচে এসটিআরসি থেকে ৭০ জন গ্র্যাজুয়েটের মধ্যে কমপক্ষে ১৫ জন বিদেশে পিএইচডি বা চিপ-ডিজাইন চাকরির সন্ধানে চলে যান।
কারণ দেশে পোস্ট-ডক ফেলোশিপ নেই, ইন-হাউস ফ্যাব নেই। আর গবেষকদের মাসিক ফেলো-অ্যালাউন্স যা, তা দিয়ে ঢাকার একটি সিঙ্গেল-বেডের ভাড়াও হয় না। \r\nজলবায়ু-সুবিধার কথা যখন বলা হয়, তখন আরও দুঃখ আসে। ২০২৪ সালের চিত্র অনুযায়ী ২০৫০ সালের মধ্যে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও চীনের পূর্বাঞ্চলে বর্ষণ-ঘাটতি ২০-২৫ শতাংশ বাড়বে। ফলে ওয়েফার-ফ্যাবগুলোর জন্য পানি-সংকট বিশাল চ্যালেঞ্জ হবে। অন্যদিকে বাংলাদেশের ব-দ্বীপে বর্ষা-মৌসুমে ৮০০-১২০০ মিলিমিটার বৃষ্টিপাত এবং শুধু ব্রহ্মপুত্র-মেঘনা নেটওয়ার্কের মাধ্যমে বছরে প্রায় ১ দশমিক ২১ ট্রিলিয়ন ঘনমিটার পানি প্রবাহিত হয়, যা থেকে শিল্প-শীতলীকরণের জন্য প্রয়োজনীয় ৩০-৪০ বিলিয়ন ঘনমিটার সহজেই সংগ্রহযোগ্য।
কিন্তু এই সম্ভাবনা কাজে লাগাতে হলে বন্যা-নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য শক্তি-গ্রিড এবং সাইক্লোন-সহনশীল ইন্ডাস্ট্রিয়াল পার্কের সমন্বিত পরিকল্পনা দরকার, যা এখনো নীতিনির্ধারকদের মগজেই আসে না। সরকারি-বেসরকারি উদ্যোগে যে বাংলাদেশ হাইটেক পার্ক ঘোষিত হয়েছে, তার মাত্র ১৫ শতাংশ জায়গায় সেমিকন্ডাক্টর-সমন্বয়শীল ইপিজেড গড়ে তোলার প্রাক্কলন করা হয়েছে। কিন্তু সেখানে বিদ্যুৎ-সাবস্টেশনের নির্ভরযোগ্যতা ৯৯ দশমিক ৯৯৯ শতাংশ (টায়ার-৪) নয়, পানির রিসাইক্লিং সিস্টেম নেই এবং কাস্টমস-জটিলতায় উচ্চ-মূল্যের লিথোগ্রাফি মেশিন আসতে গড়ে ১২০-১৫০ দিন লাগে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে দেখলাম-দেখছি লিস্টে ফেলে চলে যায় ভারতের গুজরাটে।
ভিয়েতনাম ও ভারতের সেমিকন্ডার খাতে হাজার কোটি ডলার বরাদ্দের খবর আমাদের বলে, দেখো রাজনৈতিক সদিচ্ছা ও দ্রুত নীতিসমন্বয় কীভাবে বিদেশি বিনিয়োগ টানতে হয়। বাংলাদেশে এখনো সেমিকন্ডাক্টর নীতিমালা খসড়ার প্রাথমিক স্তরই পার হতে পারেনি। যেখানে আবার রয়্যালটি-ট্যাক্স ছাড়, ইমপোর্ট-ডিউটি রিবেট ও ইকুইটি-ফান্ডের বিধান থাকলেও বাস্তবায়নকৌশল, সময়সীমা বা দায়িত্বপ্রাপ্ত একক সংস্থার সুনির্দিষ্ট উল্লেখ নেই। ফলে দেশীয় উদ্যোক্তারা কর্পোরেট ব্যাংক ঋণের ১২-১৪ শতাংশ সুদে টাকা তুলে চিপ-ডিজাইনের আইপি তৈরি করে। আর বিদেশে লাইসেন্স বিক্রির সময় ডবল-ট্যাক্সেশন এড়াতে দ্বিপক্ষীয় চুক্তি না থাকায় উৎপাদন খরচের ৮-১০ শতাংশ বৃদ্ধির মুখে পড়ে।
\r\nবাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মোট আমানত ১৭ দশমিক ২ বিলিয়ন ডলার। যার মাত্র ১ শতাংশও যদি সরকারি-বেসরকারি যৌথ ভেঞ্চারে এনআরবি বন্ডের মাধ্যমে সংগ্রহ করা যায়, তাহলে ১৭০ মিলিয়ন ডলার দিয়ে দুটি ৯০-ন্যানোমিটার নোড-সম্পন্ন ফ্যাব-লাইট স্থাপন সম্ভব, যা ডিজাইন-ভিত্তিক কোম্পানিগুলোর প্রোটোটাইপ তৈরির জন্য কম-খরচের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই অর্থনৈতিক যুক্তি সরকারি পর্যায়ে এক কানে ঢুকলেও, অন্য কান দিয়ে বেরিয়ে গেছে। যার প্রমাণ প্রতিমন্ত্রী-স্তরের কমিটি গঠন, ফাইল-চালাচালি আর শিল্প ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বৈত দায়িত্বে সিদ্ধান্ত কে দেবে- তা নিয়ে টানাটানি।
এই ফাঁকে মেশিন আমদানির অনুমোদন নিতে গড়ে ১৮ মাস লেগে গেছে, আর বিনিয়োগকারী ভারতের গুহরাটে চলে গেছে। প্রয়োজন সেমিকন্ডাক্টরের মতো সংবেদনশীল প্রযুক্তির জন্য একক কর্তৃপক্ষ গঠন, যারা ৬০ দিনের মধ্যে অনুমোদন, ১০-১৫ বছরের কর-ছাড়, বিদ্যুৎ-ট্যারিফ সাবসিডি এবং পানি-রিসাইক্লিং ইনফ্রাস্ট্রাকচর নিশ্চিত করবে। বিনিময়ে আমাদের মেধাবী সন্তানরা গার্মেন্টস শিল্পের মতো শোষণ-নির্ভর অর্থনীতিকে জ্ঞানভিত্তিক উচ্চমূল্য সংযোজনে রূপান্তর করবে। \r\nযারা বলেন, অপ্রয়োজনীয় ব্যয় তারা ভেবে দেখছেন না-আজকের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে সেমিকন্ডাক্টরই প্রাণভোমরা। আপনার কম্পিউটার-ফোন থেকে শুরু করে গাড়ি-ওয়াশিং মেশিন-সবকিছুই এর ওপর নির্ভরশীল। এমন কোনো কোম্পানিই বিশ্বে নেই, যা কোনো না কোনোভাবে সেমিকন্ডাক্টরের ওপর নির্ভর করে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং কিংবা নবায়নযোগ্য শক্তিতে উত্তরণের সম্ভাবনাকে কাজে লাগাতেও সেমিকন্ডাক্টরই প্রয়োজন। মনে রাখবেন, ভবিষ্যৎ অপেক্ষা করে না। আমরা তরুণদের ভরা জোয়ারেও যদি এখনও দেয়াল টপকাতে না পারি, তাহলে বাংলাদেশ ৫০ বছর পরে আরও ভঙ্গুর হবে। কারণ, তখন জনসংখ্যায় সিনিয়র সিটিজেনই বেশি থাকবে। \r\nলেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ\r\nজগন্নাথ বিশ্ববিদ্যালয়
