প্রশ্নবিদ্ধ উপায়ে অর্থ উপার্জন ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ এ দেশে পুরোনো। রাতারাতি প্রচুর সম্পদ ও সমাজে দাপট তৈরির পথ খুলে দেয় রাজনৈতিক দলের প্রভাব। টিআইবির সাম্প্রতিক গবেষণায় রাজনৈতিক দলগুলোর আর্থিক ও নৈতিক পরিস্থিতির এই পুরোনো চিত্রই নতুন করে উঠে এসেছে।
টিআইবি বলেছে, কোনো দলের পূর্ণাঙ্গ আর্থিক নীতিমালা নেই; নিয়মিত বার্ষিক বাজেটও প্রণয়ন করে না। গবেষণাভুক্ত ১৬টি সক্রিয় রাজনৈতিক দলের ওয়েবসাইটে বার্ষিক আর্থিক প্রতিবেদন বা নির্বাচনী ব্যয়ের হিসাব নেই। নির্বাচন কমিশনে জমা দেওয়া নিরীক্ষিত হিসাবও নিয়মিত প্রকাশ করা হয় না।
রাজনৈতিক দলগুলোর ঘোষিত আয়ের উৎসের সঙ্গে মাঠ পর্যায়ে কার্যক্রম ও কার্যালয় পরিচালনার আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। ইসির শর্তমতে, কোনো দলের নিবন্ধন পেতে কমপক্ষে ২২টি জেলা ও ১০১টি উপজেলা কার্যালয় ও সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে হয়। এতে বার্ষিক ১৪ থেকে ২৫ কোটি টাকা ব্যয় হয়। অথচ সদস্য চাঁদা থেকে দলের সর্বোচ্চ আয় ২৬ লাখ টাকা। আর দেশজুড়ে কার্যক্রম বিস্তৃত দলের বার্ষিক খরচ দাঁড়ায় দেড় থেকে দুই হাজার কোটি টাকা। বিপরীতে সদস্যদের চাঁদা আদায় হয় ৩৮ কোটি টাকা (সমকাল, ২ নভেম্বর ২৬)।
রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিপুল ব্যয়ের প্রকৃত উৎস সম্পর্কে কোনো ব্যাখ্যা যদিও দলগুলোর পক্ষ থেকে দেওয়া হয় না; এর বড় অংশ কীভাবে আসে, টিআইবির গবেষণায় খানিকটা বোঝা গেল। জবাবদিহিহীন এই সংস্কৃতির কারণেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার অপব্যবহার, আধিপত্য বিস্তারের লড়াই ও দুর্বৃত্তায়নের বিকাশ ঘটে। রাজনৈতিক দলে অন্তর্দ্বন্দ্ব ও কোন্দল এবং ক্ষমতার সহিংস চর্চা সমাজে বিষবাষ্প ছড়ায়। এসব সহিংসতায় গত ১৩ বছরে ৭৪৬ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন; এর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলেই প্রাণ হারিয়েছেন ৩১৬ জন।
রাজনৈতিক দলের নিবন্ধনের অতি নিয়ন্ত্রণমূলক পদ্ধতি নিয়ে পুনর্বিবেচনা জরুরি। কোনো দলের নিবন্ধনের জন্য দেশের এক-তৃতীয়াংশ জেলা ও এক-চতুর্থাংশ উপজেলায় কার্যক্রম পরিচালনার সামর্থ্যের চেয়ে দলটির দৃষ্টিভঙ্গি, উদারতা, নৈতিকতা ও উদ্দেশ্য-আদর্শ বেশি প্রয়োজনীয়। তারপরও নিবন্ধিত দলগুলোর কয়টি ইসি নির্ধারিত সংখ্যক জেলা ও উপজেলায় কার্যক্রম পরিচালনায় সক্ষম? এর চেয়ে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করাই সংগত। দলগুলোর তহবিলের উৎস, লেনদেন, বার্ষিক নিরীক্ষা জনসমক্ষে প্রকাশ ও বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী দলীয় ওয়েবসাইটে উন্মুক্ত রাখা প্রয়োজন। একসময় রাজনৈতিক দল ভাড়া করা কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করত। আজকাল নিজেরাই ব্যাংক, বীমা, হাসপাতাল, কোচিং সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত গড়ে তুলছে। সেগুলোর আয় যদি দলে যুক্ত হয়, তবে তাদের নাম-ঠিকানা উন্মুক্ত রাখাই সংগত।
২. চব্বিশের গণঅভ্যুত্থান-উত্তর সময়ে রাষ্ট্র সংস্কারের কথা বারংবার উচ্চারিত হয়। সে সময় অন্তত ১৩টি সংস্কার কমিশন গঠিত হলেও রাজনৈতিক দলের সংস্কার সংক্রান্ত কোনো কমিশন গঠিত হয়নি। বিশেষত দলগুলোর অভ্যন্তরীণ পরিচালন নীতি সাবেকি হয়েই রয়েছে। টিআইবির গবেষণায় ৩২টি দলের ২০টিতেই মূল নেতৃত্ব ১০ বছর বা তার কাছাকাছি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ২০ বছর বা তার চেয়েও বেশি সময় ধরে একই নেতৃত্ব রয়েছে সাতটি দলে। যোগ্যতার নিরিখে তৃণমূল থেকে ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ের নেতৃত্বে ভূমিকা রাখতে না পারলে রাজনৈতিক দলের জাতীয় চরিত্র অর্জন প্রশ্নসাপেক্ষ হয়ে থাকে। পারিবারিক উত্তরাধিকার উপমহাদেশের রাজনীতির ঐতিহ্য। তারপরও মাঠ পর্যায় থেকে শীর্ষ পদ পর্যন্ত নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতি দলে কর্তৃত্ববাদের বিস্তার ঘটিয়ে এককেন্দ্রিকতার সূচনা করে। দলের কর্মী বা নেতার বিরুদ্ধে সাধারণ নাগরিকের অভিযোগ দেওয়ার বিধিসম্মত সুযোগ তৈরি এখন সময়ের দাবি। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বচ্ছতার জন্য এই সুবিধা নাগরিকদের জন্য উন্মুক্ত করতে পারে। একই সঙ্গে দলগুলোকে নেতাকর্মীর জন্য স্বতন্ত্র আচরণবিধি তৈরি করতে পারে। প্রত্যেক নেতাকর্মী সেই আচরণবিধি মানতে বাধ্য থাকবেন। আর এসব ইসি-কে নিয়মিত নিরীক্ষায় রাখতে হবে।
৩. রাজনৈতিক দলের মূল্যবোধ ও নৈতিকতা সবচেয়ে বেশি জরুরি। অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নেতাকর্মীদের আচরণ তখনই সুশঙ্খল হবে, যখন একটি দলের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে সুনির্দিষ্ট রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির নিরিখে। এ দেশে কে কোন দলের নেতা বা কর্মী– তা দলের আদর্শ ও নৈতিকতার চেয়ে সম্ভাব্য সুবিধাপ্রাপ্তি ও আধিপত্য বিস্তারের চিন্তায় বেশি হয়ে থাকে। এ জন্যই অহরহ দলীয় কোন্দল ও দৃর্বৃত্তায়নের পাশাপাশি সহিংসতার ঘটনাও অবিরত চলে। রাজনৈতিক দলের বিবেচনায় নাগরিকদের সুরক্ষা ও সম্মান জানানোর প্রয়াস থাকলে এগুলো ঘটতে পারে না। রাজনীতিতে নাগরিকদের কল্যাণ আকাঙ্ক্ষাই যে মুখ্য– এই দৃষ্টিভঙ্গিও অদৃশ্য হয়ে গেছে। বরং ব্যক্তি ও গোষ্ঠীর অর্থ এবং ক্ষমতার বিস্তার হয়ে উঠেছে মুখ্য; রাজনৈতিক দলের নৈতিকতা সেখানে অনুপস্থিত।
তৃণমূল থেকে শীর্ষ পর্যায়, প্রতিটি স্তরের নেতাকর্মীকে জবাবদিহির আওতায় আসতে হবে। যে কোনো ধরনের বিশৃঙ্খল আচরণের জন্য প্রত্যেক নেতাকর্মীকে কারণ দর্শাতে হবে। বড় রাজনৈতিক দলগুলো শিক্ষাঙ্গনসহ প্রতিটি পেশায় উপদল তৈরি করে। সেই মতো বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ থেকে নিয়ন্ত্রণ– সব চেষ্টাই চলে। রাজনৈতিক দলকে গোষ্ঠীকেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষাঙ্গনসহ বিভিন্ন পেশার সুনির্দিষ্ট শৃঙ্খলা ও কাঠামো রয়েছে। অথচ প্রতি ক্ষেত্রে দলীয়করণের প্রয়াস ও বিশৃঙ্খলা চলে।
সর্বশেষ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) মব সন্ত্রাস সরকারি প্রতিষ্ঠানে দলীয় রাজনৈতিক সন্ত্রাসের উদাহরণ। বুধবার সকালে প্রতিষ্ঠানটির পরিচালক নিজ কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে সভা করছিলেন। এ সময় সরকারদলীয় চিকিৎসক সংগঠন ড্যাবের কয়েক কর্মী সেখানে হামলা চালান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরিচালককে টেনেহিঁচড়ে চেয়ার থেকে ফেলে কয়েকজন মারধর করছেন। এ ধরনের ঘটনার জবাবদিহি ও উপযুক্ত শাস্তি যেমন দ্রুত প্রত্যাশিত, তেমনি মূল বা অঙ্গসংগঠনের কেউই যাতে ক্ষমতার দাপট দেখাতে না পারেন, সে জন্য দলকে সঠিক শৃঙ্খলাবিধি অনুশীলন করতে হবে। চাঁদাবাজিসহ দলীয় কোন্দল, ক্ষমতার হিংস্র সন্ত্রাস– সব একই প্রক্রিয়ায় সমাধানযোগ্য। প্রত্যেকের জন্য সমান আইনি কাঠামো তৈরি করে তার সঠিক প্রয়োগ সমস্যার সমাধান করবে।
আর তাই দলের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সততা ও নৈতিকতার কোনো বিকল্প নেই। সরকারে যে দল আজ রয়েছে, একসময় সেই দল ক্ষমতার বাইরে থাকবে। কিন্তু আজকের সততা ও নৈতিকতা সব সময়ই অমূল্য প্রতিদান দেবে। ক্ষমতার বাইরে যে দলগুলো রয়েছে; নিজ মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি স্বচ্ছ উপস্থাপনের মাধ্যমে নাগরিকের আস্থা অর্জনে তারা সক্ষম হবে। অহেতুক ক্ষমতার লড়াই বা আধিপত্য বিস্তারের অযৌক্তিক চেষ্টা সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দলকেই জনপ্রিয় করে না। যে কোনো দলের সম্বল তার নৈতিকতাবোধ, আদর্শ ও উদ্দেশ্য। খারাপ রাজনীতির উত্তর একমাত্র আরও ‘ভালো রাজনীতি’। নিজ রাজনৈতিক দলের অভ্যন্তরে আর্থিক, গাঠনিক ও মূল্যবোধগত দুর্নীতি ও অনিয়ম অব্যাহত রেখে দেশের কল্যাণ চিন্তা নিরর্থক। দাতব্য গৃহ হইতেই শুরু হয়।
মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com
