পায়খানা ও পেশাব মানুষের শরীরের একটি স্বাভাবিক ও অপরিহার্য জৈবিক প্রক্রিয়া। মলমূত্র ত্যাগের জন্য বাংলাদেশে অতীতে প্রধানত অস্বাস্থ্যকর ও অপরিকল্পিতভাবে ল্যাট্রিন বা শৌচাগারের ব্যবহার হতো। তখনকার সময়ে মাটিতে গর্ত খনন করে অস্থায়ী কাঁচা ল্যাট্রিন তৈরি করে, নদী বা খালের ওপর ঝুলন্ত ল্যাট্রিন তৈরি করে, খোলা স্থানে বা গ্রামাঞ্চলে ঝোপঝাড়ে মল-মূত্রত্যাগ করা ছিল সাধারণ বিষয়, যা স্যানিটেশনের জন্য ছিল চরম ঝুঁকিপূর্ণ। ৭০-এর দশকের আগে আমাদের দেশে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের হার ছিল অতি নগণ্য। তবে পরবর্তীতে সরকারি ও বেসরকারি উদ্যোগ তথা জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিনের হার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

\r\nস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় স্যানিটারী ল্যাট্রিন বা স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহা অপরিহার্য। এটি মানব বর্জ্য নিরাপদভাবে জমা ও নিষ্কাশন করে পানি বাহিত বিভিন্ন রোগ, মাছি ও পতঙ্গবাহিত বিভিন্ন রোগ বিস্তার রোধসহ পানি, মাটি ও বাতাস দূষিত হতে দেয় না। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এটি ব্যবহারের ফলে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধি হয়। মোটকথা, স্যানিটারী ল্যাট্রিনের ব্যবহার একটি সুস্থ সমাজ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে। তাই স্যানিটারী ল্যাট্রিনের কোনো বিকল্প নেই। সারাবিশ্বে শৌচাগারে মলমূত্র ত্যাগের জন্য প্যান ও কমোডর ব্যবহৃত হয়ে থাকে। স্বাস্থ্যসম্মত ও শারীরিক সুস্থতার দিক থেকে প্যান টয়লেট বেশি কার্যকর। কারণ, শরীরের সঙ্গে এর সরাসরি আসন স্পর্শ করে না।

এজন্য প্যান টয়লেট ব্যবহারে সংক্রমণের ঝুঁকি নেই। অন্যদিকে শৈাচাগারে আধুনিক কমোড ব্যবহার ব্যবস্থা আরামদায়ক হলেও কমোড ব্যবহারের সময় শরীরের সঙ্গে সরাসরি এর আসনের স্পর্শ থাকায় সংগত কারণে মলমূত্র ত্যাগের সময় একজন থেকে অন্য জনের রোগ সংক্রমণের ঝুঁকি থাকে। যেমন- প্রতিবার কমোড ব্যবহারের পর ফ্লাশ করার সময় ছোট ছোট দূষিত পানির কনা দ্বারা কমোডের আসন এবং ব্রাশ দ্বারা কমোডের অভ্যন্তর পরিষ্কার করার সময় ব্রাশের স্পর্শে কমোডে বসার আসন ও জীবাণু সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়া শৌচাগারে অন্ধকারে বিশেষ করে রাতের বেলা তেলাপোকা ও অন্যান্য পোকা-মাকড়ের কমোডের অভ্যন্তর থেকে কমোডের আসনে চলাচল করা খুবই স্বাভাবিক যার ফলে সঙ্গত কারণে কমোডর আসন সংক্রমণের সম্ভাবনা রয়েছে। \r\nএ জন্য কমোড যথাযথভাবে পরিষ্কার না থাকলে কমোড ব্যবহারকারীরদের এক থেকে অন্যের শতভাগ সংক্রমণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাবলিক টয়লেটে কমোড ব্যবহারকারীদের মধ্যে নিঃসন্দেহে এই সংক্রমণের ভয়াবহতার হার সহজে অনুমেয়। অন্যদিকে, বয়স্ক বা হাঁটুতে সমস্যা থাকা ব্যক্তিদের জন্য কমোডের ব্যবহারের প্রধান সুবিধা হলো আরামদায়ক বসা ও ওঠা- যা হাঁটু, কোমর বা বাতের সমস্যা ও বয়স্ক ব্যক্তিদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এটি বসার সময় কম চাপ দেয়। শরীরের ভারসাম্য বজায় রেখে পড়ে যাওয়ার ঝুঁকি কমায়, বিশেষ করে যাদের চলা-ফেরায় সীমাবদ্ধতা রয়েছে। এমতাবস্থায়, শৌচাগারে ব্যবহৃত স্বাস্থ্যসম্মত, আরামপ্রদ ও আধুনিক কমোড ব্যবস্থার গুরুত্ব অনস্বীকার্য। তবে এর ব্যবহার ও পরিচ্ছন্নতার বিষয়টি নিয়ে সচেতন ও ভাববার সময় এসেছে। অন্যথায় শৌচাগারে ব্যবহৃত কমোড ব্যবস্থা রোগ সংক্রমণের আঁতুড় ঘরে পরিণত হতে পারে। \r\nলেখক : সরকারি কর্মকর্তা (অব.), সদস্য নং-১৩১, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)