শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদরের নাতনী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা, এই পরিচয়গুলোই ব্যারিস্টার জাইমা রহমানকে আমাদের কাছে আলাদা করে তুলে ধরার জন্য যথেষ্ট। এর সঙ্গে যুক্ত আছে খুবই রোমাঞ্চিত একটি বিষয়, আমাদের সোশ্যাল মিডিয়া ফিডে অত্যন্ত জনপ্রিয় বিড়াল জেবুর অভিভাবক হিসেবে তাঁর এক মানবিক ও অনানুষ্ঠানিক উপস্থিতি। জেবুর ছবি আমরা দেখেছি জাইমা রহমানের বাবা তারেক রহমানের প্রোফাইলেই। আর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই বললেন, ‘বিড়ালটি আমার মেয়ের’।

ফলে জাইমা রহমান নামটি আমাদের কাছে নতুন নয়; বরং বহুস্তরীয় এক পরিচয়ের মধ্য দিয়ে তিনি বহু আগে থেকেই পরিচিত। তবে পরিচিতির এই আলোঝলমলে আবরণের আড়ালে রয়েছে এক দীর্ঘ বেদনাবহ জীবনপথ। জীবনের দুটি রূপ দেখার একদম জ্বলন্ত উদাহরণ যেটাকে বলা যায়।

জীবনের সবচেয়ে বড়ো একটি সময় তাঁকে দেশের বাইরে কাটাতে হয়েছে, ইচ্ছায় নয়, বরং প্রতিকূল সময় ও ভয়ংকর বাস্তবতার নির্মম চাপে। পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া অমানুষিক ঝড় তাঁকেও ছুঁয়ে গেছে বিভিন্নভাবে। জীবনের নানা রং তাঁকে দেখতে হয়েছে। নিজের দাদিকে নির্যাতিত হতে দেখা, বাবাকে নির্যাতিত হতে দেখা, চাচাকে হারানোর যন্ত্রণা বহন করা, পারিবারিক মধুরতা, রোমাঞ্চকর অনুভূতি ও স্বাভাবিক শৈশব জীবন হারিয়ে যাওয়া, এসব তিক্ততার অভিজ্ঞতা তাঁকে গড়ে তুলেছে গভীরভাবে সংবেদনশীল হয়ে কিন্তু ভেতরে ভেতরে দৃঢ় এক মানুষ হিসেবে। শৈশব ও কৈশোরের গুরুত্বপূর্ণ সময় দেশের বাইরে কাটলেও দেশের মাটি ও মানুষের সঙ্গে তাঁর আত্মিক সংযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু শিখেছেন আমাদের দেশের সাধারণ সামাজিক বাস্তবতাগুলোও।

বাংলাদেশের আপামর মানুষের অন্তরে যে অফুরন্ত ভালোবাসা ও হৃদয়ে আস্থা সঞ্চিত হয়ে আছে, তার সবচেয়ে গভীর প্রতিফলন দেখা যায় মানুষের নিকটতম পরিবার, জিয়া পরিবারে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবারটি দেশের মানুষের বিশ্বাস, আস্থা, নির্ভরতা ও প্রত্যাশার এক অটুট বন্ধনে আবদ্ধ। এর পাশাপাশি তাঁদেরকে গড়ে উঠতে হয়েছে দায়িত্ব ও কর্তব্যের বাহক হয়ে, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার রক্ষাকবচ হয়ে। মানুষের ভালোবাসার সমান্তরালেই তাঁদেরকে এই পথ বেছে নিতে হয়েছে।

দেশের একজন সর্বোচ্চ প্রভাবশালী মানুষ হয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, আভিজাত্য ও নিরাপত্তা ত্যাগ করে সাধারণ মানুষের মাঝে এসে যে অসীম বিশ্বাসের বীজ বপন করেছিলেন, তা বহন করে বহুদূরে নিয়ে গেছে তাঁরই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সীমাহীন নির্যাতন, কারাবরণ ও নির্বাসনের মধ্যেও তাঁরা মানুষের পাশে দাঁড়িয়ে ইতিহাস নির্মাণ করেছেন।

ঠিক সেই ঐতিহ্যবাহী ধারাবাহিকতার মধ্য দিয়েই জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম সামনে এসেছে। আলোচনায় অনেক দিন ধরেই তিনি ছিলেন, কিন্তু মানুষ ছিল সরাসরি সংযোগের অপেক্ষায়। জাইমা রহমানের কথাবার্তা, আচরণ ও উপস্থিতিতে প্রতিধ্বনিত হয় সেই চিরচেনা মানবিক সুর, যা এই দেশের মানুষ যুগের পর যুগ ধরে অনুভব করে আসছে। মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্ত সংযোগ, বিশেষ করে মেয়েদের সঙ্গে হাত মেলানো, হাসিমুখে কথা বলা, একসাথে খাওয়াদাওয়া করা থেকে শুরু করে সকল আচরণ মানুষের মাঝে নতুন করে আশা, ভরসা ও আবেগের এক অবারিত জোয়ার সৃষ্টি করেছে।

১৮ জানুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত একটি অরাজনৈতিক অনুষ্ঠানে জাইমা রহমানের বক্তব্যটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এটি কোনো দলীয় সমাবেশ বা প্রচলিত রাজনৈতিক ভাষণের পরিসর না থাকলেও, তাঁর সেদিনকার সেই বক্তব্য মাত্রা পেয়েছে এক অবিস্মরণীয়, সূচনার, হয়েছে জাতীয় আলোচ্য বিষয়। তিনি সেদিন স্পষ্টভাবে দেখিয়েছেন, গণতন্ত্র মানে সবাই একরকম হতে হবে তেমনটা নয়, বরং মতের ভিন্নতাকে সম্মান করে সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়াই গণতন্ত্রের মূল শক্তি। “আমরা সবাই একরকম নই ” এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন ধরে দেশে গড়ে ওঠা ভিন্নমত-বিরোধী সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে সহিষ্ণু ও দায়িত্বশীল রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতির বার্তা দিয়েছেন।

বক্তব্যের শুরুতেই নিজেকে সর্বজ্ঞ হিসেবে উপস্থাপন না করে শোনা, শেখা ও একসঙ্গে কাজ করার আহ্বান ছিল তাঁর রাজনৈতিক বিনয় ও প্রজ্ঞার পরিচয়। তারেক রহমানের দেখানো পরিবর্তিত রাজনৈতিক ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে জাইমা রহমান যে আস্থা, দায়িত্ব ও মানবিকতার ভাষায় এগোতে চান, তা এই বক্তব্যেই স্পষ্ট।

নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার পথ সুগম হওয়ার জন্য অগ্রযাত্রী হিসেবে মানুষের কাছে যেন জাইমা রহমানের নামও উচ্চারিত হতে শুরু করেছে। এখন পর্যন্ত তিনি তাঁর কোনো আলোচনায় ক্ষমতার ভাষা ব্যবহার করেননি। বরং বিশ্বাস, দায়িত্ব ও ছোট ছোট উদ্যোগের মাধ্যমে দেশ গড়ার যে দর্শন তিনি তুলে ধরেছেন, সেটিই তাঁকে দল-মত নির্বিশেষে সার্বজনীন করে তুলেছে।

জাইমা রহমানকে আমরা দেশে পেয়েছি খুব অল্প সময়ের জন্য। এই স্বল্প সময়েই তিনি একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন। গতকাল অনুষ্ঠিত বনানী ডিওএইচ মাঠে তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডার অনুষ্ঠানটি ছিল এর সবচেয়ে জীবন্ত উদাহরণ। তাঁর মতো প্রভাবশালী একটি জায়গায় অবস্থান করে ভিন্নধর্মী সূচনার পথ দেখালেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

গতকালের পুরো সময়টাই ছিল খোলা মাঠে বসে কথা বলা, শোনা, হাসা, খাওয়াদাওয়া এবং চমৎকার সময় কাটানোর এক আন্তরিক প্রয়াস। সেখানে অসংখ্য তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন। সেখানে কোনো আনুষ্ঠানিক বক্তৃতার পর্ব ছিল না, বরং দীর্ঘ সময় ধরে তিনি তরুণদের কথা শুনেছেন, তাঁদের ভাবনা, হতাশা, স্বপ্ন ও প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছেন।

খোশমেজাজে গল্প করা, একসঙ্গে চা ও খাবার ভাগ করে নেওয়া, ক্যামেরার বাইরে স্বাভাবিক কথোপকথন, এই ছোট ছোট মুহূর্তগুলোই তরুণদের কাছে তাঁকে আলাদা করে তুলে ধরেছে। রাজনীতিতে আসবেন কি নাএই প্রশ্নের সরাসরি উত্তর এখন না খুঁজলেও, অরাজনৈতিকভাবেই তিনি যেভাবে তরুণদের সঙ্গে মিশেছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, আগামী দিনে বিএনপি ও তরুণ প্রজন্মের মধ্যে সংযোগ আর গাঢ়তর হতে যাচ্ছে তার সেতুবন্ধন হিসেবে জাইমা রহমান উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।

কিছুদিন আগে রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী দশজন তরুণের সঙ্গে তাঁর একান্ত মতবিনিময়ও একই ইঙ্গিত দেয়, এই প্রজন্মকে তিনি শুধু ভোটার বা রাজনীতির অংশ হিসেবে নয়, চিন্তাশীল জগতের অংশীদার হিসেবে, রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবেই দেখতে চান।

রাজনীতির আনুষ্ঠানিক ঘোষণার বাইরে থেকেও মানুষের সঙ্গে যে গভীর সংযোগ তৈরি করা যায়, জাইমা রহমানের এই স্বল্প সময়ের উপস্থিতি সেটিরই প্রমাণ। ঐতিহাসিকভাবে জিয়া পরিবারের সঙ্গে মানুষের যে আত্মিক সংযোগ, এই প্রজন্মের হাত ধরে তা ধীরে ধীরে আরও দৃঢ় ও বিস্তৃত হওয়ার সম্ভাবনাই যেন স্পষ্ট হয়ে উঠছে।

লেখক: মাহবুব নাহিদ, রাজনৈতিক বিশ্লেষক।