২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর দক্ষিণ এশিয়ার কৌশলগত বাস্তবতাকে মৌলিকভাবে বদলে দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ, প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠন এবং ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT)-এর ঐতিহাসিক রায়Ñ এই ঘটনাপ্রবাহ কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত নয়; বরং বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। এই পরিবর্তিত বাস্তবতায় ভারতের ভূমিকা, অবস্থান ও নীতিগত সিদ্ধান্ত শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই প্রভাবিত করবে না, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নৈতিকতা ও আঞ্চলিক স্থিতিশীলতার মানদ- নির্ধারণ করবে।

বাংলাদেশ ভারতের জন্য শুধুমাত্র আরেকটি প্রতিবেশী রাষ্ট্র নয়। এটি ভারতের সঙ্গে দীর্ঘতম স্থলসীমান্ত ভাগ করে, গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত সংযোগ বহন করে এবং নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থে ঘনিষ্ঠভাবে জড়িত। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রিক বৈধতা ভারতের নিরাপত্তা, আঞ্চলিক বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অবস্থানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। এই প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া মূল্যায়িত হবে কৌশলগত সুবিধা বা স্বল্পমেয়াদি লাভের নিরিখে নয়; বরং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন এবং প্রতিবেশী হিসেবে দায়িত্বশীল আচরণের আলোকে।

গত দেড় দশকের বেশি সময় ধরে ভারতের বাংলাদেশনীতি মূলত শাসন-নির্ভর স্থিতিশীলতার ধারণার ওপর দাঁড়িয়েছিল। এর ফলে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, ট্রানজিট সুবিধা ও আঞ্চলিক সংযোগের মতো কিছু স্বল্পমেয়াদি লাভ অর্জিত হয়েছে। তবে এই নীতির একটি মৌলিক দুর্বলতা ছিল, জনসমর্থন ও রাজনৈতিক বৈধতার গুরুত্বকে যথাযথভাবে বিবেচনায় না নেওয়া। ২০২৪ সালের আগস্টের ঘটনাবলি এই সীমাবদ্ধতাকে নগ্নভাবে উন্মোচন করেছে। ছাত্র ও নাগরিক সমাজের নেতৃত্বে ব্যাপক গণঅভ্যুত্থান, রাজনৈতিক কর্তৃত্বের আকস্মিক পতন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে স্থিতিশীলতার প্রকৃত ভিত্তি বাহ্যিক সমর্থন নয়, বরং জনগণের সম্মতি ও আস্থা। ব্যক্তিনির্ভর পররাষ্ট্রনীতি তাই কৌশলগত ভুলের ঝুঁকি বহন করে এবং দীর্ঘমেয়াদে আস্থাহীনতা সৃষ্টি করে। ভবিষ্যতে ভারতের বাংলাদেশনীতি হতে হবে রাষ্ট্রকেন্দ্রিক ও প্রতিষ্ঠাননির্ভর, যেখানে জনগণের বৈধতা ও সাংবিধানিক প্রক্রিয়াই হবে সম্পর্কের মূল ভিত্তি।

শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নতুন মানদ- স্থাপন করেছে। অতীতে এই অঞ্চলে ভূরাজনৈতিক সমঝোতা ও কৌশলগত হিসাব-নিকাশের কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত বা ভেস্তে গেছে। সেই বাস্তবতার বিপরীতে বাংলাদেশ সমসাময়িক জবাবদিহিতার পথ বেছে নিয়েছে, যা রাজনৈতিকভাবে সাহসী এবং নৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ভারতের জন্য এটি একটি স্পষ্ট পরীক্ষা। ন্যায়বিচারকে সমর্থন করা কোনো শত্রুতামূলক আচরণ নয়; বরং বিচার প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা সৃষ্টি করা ভারতের নিজস্ব গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি ঘোষিত অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া শুধু বাংলাদেশের জনগণের আস্থা নষ্ট করবে না, বরং আন্তর্জাতিক পরিসরেও ভারতের নৈতিক অবস্থান দুর্বল করে তুলবে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের স্থায়িত্বের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক নীতিÑ সার্বভৌমত্ব আপসহীন। বাংলাদেশের বিচারিক সংস্কার, রাজনৈতিক পুনর্গঠন ও প্রশাসনিক সিদ্ধান্ত সম্পূর্ণরূপে দেশটির অভ্যন্তরীণ বিষয়, যা তার ইতিহাস ও জনগণের ইচ্ছা দ্বারা নির্ধারিত। এ বিষয়ে যেকোনো বাহ্যিক হস্তক্ষেপ, বাস্তব বা ধারণাগতÑ দ্বিপাক্ষিক আস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। ব্যক্তির প্রতি আনুগত্যভিত্তিক কূটনীতি স্বল্পস্থায়ী ও ভঙ্গুর। রাষ্ট্র টিকে থাকে, ব্যক্তি ইতিহাসে মিলিয়ে যায়। ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ নিহিত রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বৈধতা, প্রাতিষ্ঠানিক শক্তি ও জনগণের আকাক্সক্ষার সঙ্গে সংহত হওয়ায়।

ভারতের বাংলাদেশনীতি পুনর্মূল্যায়নের ক্ষেত্রে একটি সংবেদনশীল কিন্তু অনিবার্য বিষয় হলো, বাংলাদেশের অভিযুক্ত অপরাধীদের ভারতে আশ্রয় নেওয়া। অতীতে ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী সন্ত্রাস ও সংগঠিত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার নজির স্থাপন করেছে। সেই সহযোগিতার নৈতিক ভিত্তি ছিল পারস্পরিকতা ও বিশ্বাস। সুতরাং মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইনানুগ প্রত্যর্পণ, বহিষ্কার বা বিচারিক সহযোগিতা ভারতের দায়িত্বের মধ্যেই পড়ে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে পলাতকদের আশ্রয় দেওয়া আইনের শাসনের প্রশ্নে দ্বিচারিতা হিসেবে বিবেচিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে দুর্বল করবে।

বাংলাদেশ কর্তৃক আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণার পর বিষয়টি আরও গুরুতর মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত নীতি অনুযায়ী, কোনো রাষ্ট্রই তার ভূখ- অন্য রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র বা অস্থিতিশীলতার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দিতে পারে না। নিষিদ্ধ সংগঠনের তহবিল সংগ্রহ, সাংগঠনিক তৎপরতা বা প্রচারণা চালানোর সুযোগ দেওয়া হলে তা অ-হস্তক্ষেপ নীতির সুস্পষ্ট লঙ্ঘন হবে এবং ভারতের নিজস্ব সন্ত্রাসবিরোধী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হবে। ভারতের প্রকৃত স্বার্থ বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা রপ্তানি নয়; বরং ন্যায়বিচারভিত্তিক ও টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করা।

২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি ঘিরে বাংলাদেশের সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে অনেক স্তরবিহীন ও আবেগনির্ভর আলোচনা হয়েছে। এসব আলোচনায় রাষ্ট্র পরিচালনার কৌশলগত, অপারেশনাল ও গ্র্যান্ড স্ট্র্যাটেজিক বাস্তবতা প্রায়ই উপেক্ষিত থেকেছে। ভারতের উচিত এসব জল্পনা-কল্পনা থেকে দূরে থাকা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক ভারসাম্যকে সম্মান করা। বাংলাদেশের সামরিক বাহিনী সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা ও বেসামরিক রূপান্তর নিশ্চিত করেছে। একটি পেশাদার, নিরপেক্ষ ও আত্মবিশ্বাসী বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশের জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্যই স্থিতিশীলতার ভিত্তি।

ভারতের বাংলাদেশনীতি একটি পরিণত ও টেকসই ভিত্তির ওপর দাঁড়ানো উচিত। প্রথমত, সার্বভৌমত্বের প্রতি নিঃশর্ত সম্মান নিশ্চিত করতে হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক, বিচারিক ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তে কোনো প্রকার শর্তযুক্ত হস্তক্ষেপ ছাড়া। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা জোরদার করতে হবে, যাতে সম্পর্ক ব্যক্তি বা দলনির্ভর না হয়ে রাষ্ট্র-থেকে-রাষ্ট্র পর্যায়ে স্থিতিশীল থাকে। তৃতীয়ত, আইনানুগ বিচারিক সহযোগিতার মাধ্যমে পলাতক অপরাধী ও অভিযুক্তদের বিষয়ে দ্বৈত মানদ- পরিহার করে আইনের শাসনকে সমর্থন করতে হবে। চতুর্থত, অ-হস্তক্ষেপ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করে ভারতের ভূখ- কোনোভাবেই বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক বা অস্থিতিশীল কার্যক্রমের জন্য ব্যবহৃত হতে দেওয়া যাবে না। সর্বশেষে, জনসম্পৃক্ত আস্থা পুনর্গঠন অপরিহার্যÑ শিক্ষা, সংস্কৃতি ও সমাজভিত্তিক সহযোগিতার মাধ্যমে জনগণের মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে, যা দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক স্থিতিশীলতার মূল চাবিকাঠি।

এই পাঁচটি নীতি বাস্তবায়ন করা কোনো তাৎক্ষণিক কূটনৈতিক কৌশল নয়; বরং এটি ভারতের জন্য একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এই পথেই ভারত একটি দায়িত্বশীল প্রতিবেশী ও আঞ্চলিক স্থিতিশীলতার নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

ভারত আজ এক নির্ধারক মুহূর্তে দাঁড়িয়ে। ব্যক্তিনির্ভর পুরোনো অভ্যাস আঁকড়ে ধরা, না কি সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি পরিণত প্রতিবেশী নীতি গ্রহণÑ এই সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশ সংঘাত চায় না; চায় মর্যাদা, ন্যায়বিচার ও সমান মর্যাদার প্রতিবেশী সম্পর্ক। আইনের শাসন সমর্থন, পলাতক অপরাধীদের ফেরত দেওয়া এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধ করা কোনো শত্রুতামূলক পদক্ষেপ নয়। এগুলো কৌশলগত প্রজ্ঞা ও রাজনৈতিক পরিপক্বতার পরিচয়। ইতিহাস শেষ পর্যন্ত বিচার করবে, ভারত কাকে রক্ষা করেছে তা নয়, বরং সে ন্যায়, সার্বভৌমত্ব ও প্রতিবেশীসুলভ দায়িত্বের পাশে দাঁড়িয়েছিল কি না। একটি স্থিতিশীল, বৈধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ ভারতের জন্য ঝুঁকি নয়; বরং পূর্বাঞ্চলীয় দক্ষিণ এশিয়ায় তার সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার।

লেখক: গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক। hrmrokan@hotmail.com