সম্প্রতি রাজধানীর মিরপুর মাজার রোড এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাসায় ঢুকে অস্ত্রের মুখে গৃহর্ত্রীকে জিম্মি করে ১০৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩২ লাখ নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে র্যাব-৪ এর সদস্যরা ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে লুট হওয়া সোনার একটি অংশ, নগদ ৮০ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন জব্দ করে। ডাকাতির পরিকল্পনার মূল হোতা বিল্লাল হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা ও অন্যান্য স্থান থেকে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে। এ ঘটনায় গৃহকর্তা মোহাম্মদ উল্লাহ দারুস সালাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল মো.
মাহবুবুল আলম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা ডাকাতদের দ্রুত শনাক্ত করতে সক্ষম হয়েছেন। \r\nইদানীং রাজধানী ঢাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি যে বেড়েছে, তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। বিশেষ করে সন্ধ্যার পর এবং ভোর বেলা এসব ঘটনার উপদ্রব বেড়েছে। ঢাকার বাইরেও অনেক স্থানে চুরি-ডাকাতির ঘটনা ঘটে প্রায়ই। সেসব ঘটনা সংবাদ মাধ্যমে স্থানও পেয়ে থাকে। তবে চোর-ডাকাতদের আগে যেমন নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্রের প্রতি দুর্নিবার আকর্ষন ছিল ইদানিং স্থান দখল করেছে স্বর্ণ ও জুয়েলারি। গত ২ বছরে রাজধানীর বেশ কয়েকটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। প্রধানত সোনা ও জুয়েলারি হাতিয়ে নেওয়া এর লক্ষ্য। এর কারণ হলো এটি খুব মূল্যবান ধাতু এবং বর্তমানে এর দামও আকাশছোঁয়া।
প্রতি গ্রাম সোনার দাম প্রায় ২ লাখ টাকার ওপরে-নিচে অবস্থান করছে। তদুপরি এটি সহজে বহন করা যায়। সোনা ও জুয়েলারি সহজেই গলিয়ে ফেলা যায় যাতে প্রাপ্য লোপাট সম্ভব। ফলে সোনার প্রতি লোভ বেড়েছে চোর-ডাকাতদের। সোনা মূল্যবান ধাতু হওয়ায় এর প্রতি সর্বস্তরের মানুষের আকর্ষণও দুর্নিবার। সামাজিক অনুষ্ঠান, বিয়ে-সাদী, জন্মদিন উপলক্ষে প্রিয়জনকে সোনার গহনা উপহার দেওয়া রীতি চিরন্তন। আর তাই এর চাহিদা কখনো কমে না। \r\nএকথা অস্বীকারের উপায় নেই যে, দেশে বাসাবাড়ি থেকে শুরু করে সুপারশপগুলোতে নিরাপত্তার ঘাটতি রয়েছে। অনেক ফ্ল্যাট বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও সর্বক্ষণিক নজরদারি নেই। সোনার দোকানগুলোতেও অনুরূপ অবস্থা দৃশ্যমান। অধিকাংশ মার্কেটে সার্বক্ষণিক নিরাপত্তা নেই। এর সুযোগ নিয়ে থাকে চোর ও ডাকাতরা। অধিকাংশ ক্ষেত্রে এসির ফাঁক-ফোকড় অথবা একজস্ট ফ্যানের গ্রিল ভেঙে রাতের বেলা প্রবেশ করে সোনার দোকানে। কেউ কেউ তাৎক্ষণিক বিক্রি করে দেয় জুয়েলারি দোকানে। এটি একটি সংঘবদ্ধ সিন্ডিকেট ও চক্রের প্রায় নিয়মিত কাজ। মাঝে মধ্যে থানা– পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে আবারও জড়িয়ে পড়ে অপকর্মে। সে অবস্থায় সোনার দোকান, বাসাবাড়ি সর্বোপরি মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর বিকল্প নেই। ডিজিটাল সিকিউটি লক সেন্সর ও ক্যামেরা এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।
