২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। এই আন্দোলন কেবল রাজপথের লড়াই ছিল না, বরং এর পেছনে কাজ করেছে সুসংগঠিত রাজনৈতিক সমর্থন এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত সামাজিক ও অর্থনৈতিক ক্ষোভ। সাম্প্রতিক “Political Strategy and Mobilization: A Study of BNP's Role in the 2024 Mass Uprising” শীর্ষক গবেষণায় ৩৬৪ জন অংশগ্রহণকারীর ওপর পরিচালিত জরিপে এই আন্দোলনের এক গভীর ও পরিসংখ্যানগত চিত্র ফুটে উঠেছে। গবেষণার তথ্যমতে, এই গণঅভ্যুত্থানের মূল চালিকাশক্তি ছিল দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান প্রকট বৈষম্য।

রাজনৈতিক সংহতি ও জনমত

গবেষণার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪-এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক সমর্থনের ক্ষেত্রে একটি বড় মেরুকরণ বিদ্যমান ছিল। অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৫৩ শতাংশ মানুষ সরাসরি বিএনপির রাজনৈতিক আদর্শের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়া ১৯.৮ শতাংশ উত্তরদাতা নিজেদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ দাবি করেছেন এবং ২৭.২ শতাংশ অন্যান্য রাজনৈতিক মতাদর্শের কথা জানিয়েছেন। এই পরিসংখ্যানটি এটিই প্রমাণ করে যে, মাঠপর্যায়ে বিএনপির একটি বিশাল ও সংহত জনসমর্থন ছিল, যা জনমত গঠনে এবং সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করতে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে। বিশেষ করে নিরপেক্ষ ও ভিন্ন মতাদর্শের মানুষের সরব উপস্থিতি এই আন্দোলনকে একটি সর্বজনীন 'গণঅভ্যুত্থানের' রূপ দিয়েছিল।

পেশাগত বৈচিত্র্যঃ সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ

এই আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল সমাজের প্রতিটি স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গবেষণার উপাত্ত অনুযায়ী, পেশাগত দিক থেকে এই গণঅভ্যুত্থান ছিল অভূতপূর্বভাবে বৈচিত্র্যময়। সবচেয়ে বড় অংশটি ছিল শিক্ষক সমাজের, যা মোট উত্তরদাতার ৩৪.১ শতাংশ। শিক্ষকদের এই বিশাল অংশগ্রহণ নির্দেশ করে যে, সমাজের বৌদ্ধিক ও নীতি-নির্ধারণী অংশটি তৎকালীন শাসনব্যবস্থার পরিবর্তনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান ছিল ব্যবসায়ী সম্প্রদায়ের, যারা মোট অংশগ্রহণকারীর ২৯.৪ শতাংশ। কেবল উচ্চ বা মধ্য আয়ের পেশাজীবী নয়, প্রান্তিক পর্যায়ের মানুষের অংশগ্রহণও ছিল অভাবনীয়। জরিপে দেখা গেছে, রাইডার (৮.৮%) এবং অন্যান্য প্রান্তিক পেশাজীবী যেমনঃ বাস চালক, হেল্পার, হকার ও চা বিক্রেতাদের (৮.৮%) সরব উপস্থিতি আন্দোলনকে তৃণমূল পর্যায়ে নিয়ে গিয়েছিল। তরুণ প্রজন্ম, যারা টিউশন (৬.৯%) বা ক্ষুদ্র উদ্যোক্তা (৫.২%) হিসেবে নিজেদের জীবনসংগ্রাম চালাচ্ছিল, তারাও এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এটি স্পষ্ট করে যে, ২০২৪-এর বিপ্লব ছিল প্রকৃত অর্থেই একটি 'পিপলস মুভমেন্ট'।

নিয়োগ বৈষম্যঃ আন্দোলনের নেপথ্য জ্বালানি

গবেষণার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও গাণিতিক দিকটি হলো নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য এবং জনগণের ক্ষোভের মধ্যকার গভীর সম্পর্ক। পরিসংখ্যানগত বিশ্লেষণে (Pearson Correlation) দেখা গেছে, অংশগ্রহণকারীদের পারিবারিক মাসিক আয়ের সাথে নিয়োগ নীতিতে বৈষম্যের (Discrimination in recruitment policy) একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পজিটিভ কো-রিলেশন রয়েছে (Coefficient .১১৩*, p = .০৩২)। এর অর্থ হলো, দেশের একটি বিশাল মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত গোষ্ঠী মনে করেছে যে, সরকারি ও বেসরকারি নিয়োগ প্রক্রিয়ায় মেধা অপেক্ষা দলীয় আনুগত্য ও প্রভাবই প্রধান হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ৫৭.১ শতাংশ অংশগ্রহণকারীর পারিবারিক মাসিক আয় ছিল ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকার মধ্যে। এই মধ্যম আয়ের শ্রেণিটিই নিয়োগ বৈষম্যের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। তাদের এই অর্থনৈতিক বঞ্চনা ও কর্মসংস্থানের অনিশ্চয়তাই শেষ পর্যন্ত রাজনৈতিক সংহতিতে রূপ নেয়, যা আন্দোলনের গতিকে অপ্রতিরোধ্য করে তুলেছিল।

আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও শ্রেণি বিন্যাস

গবেষণার তথ্যমতে, এই অভ্যুত্থান ছিল মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের লড়াই। অংশগ্রহণকারীদের ৫২.২ শতাংশ ছিলেন মধ্যবিত্ত এবং ৪২ শতাংশ ছিলেন নিম্নবিত্ত পরিবারের সদস্য। উচ্চবিত্তের অংশগ্রহণ ছিল মাত্র ৫.৮ শতাংশ। এই পরিসংখ্যানটি নির্দেশ করে যে, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত এই বৃহৎ জনশক্তি যখন কর্মসংস্থান এবং প্রশাসনিক স্বচ্ছতার বিষয়ে রাষ্ট্রকাঠামোর ওপর আস্থা হারিয়েছে, তখনই রাজপথে একটি বড় ধরনের বিস্ফোরণ সম্ভব হয়েছে।

সামগ্রিকভাবে গবেষণালব্ধ এই উপাত্তগুলো আমাদের সামনে একটি সত্যই উন্মোচিত করে ২০২৪-এর গণঅভ্যুত্থান কেবল একটি তাৎক্ষণিক ঘটনা ছিল না। এটি ছিল দীর্ঘদিনের নিয়োগ বৈষম্য, অর্থনৈতিক অসমতা এবং রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে এক পরিকল্পিত সংহতি। বিএনপির রাজনৈতিক কৌশল যখন সাধারণ মানুষের এই ন্যায়বিচার পাওয়ার দাবির সাথে একাত্ম হয়েছে, তখনই তা একটি সফল বিপ্লবে রূপ নিতে সক্ষম হয়েছে। নিয়োগ বৈষম্য দূর করা এবং একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক কর্মসংস্থান কাঠামো নিশ্চিত করাই ছিল এই আন্দোলনের মূল স্পিরিট। আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই হবে এই অভ্যুত্থানের মূল সার্থকতা, যা এই গবেষণার প্রতিটি পরিসংখ্যান জোরালোভাবে দাবি করে।

লেখক: মাহাদী-উল-মোর্শেদ , গবেষক, পলিসি এনালিস্ট ও সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল।