জলবায়ু পরিবর্তনের প্রভাব সকলের ওপর পড়লেও এর প্রভাব মোকাবিলার সক্ষমতা সবার সমান নয়। এর পেছনে মূলত দায়ী সমাজের সব পর্যায়ে নারীর প্রতি কাঠামোগত বঞ্চনা ও বৈষম্য, যা সমাজ থেকে শুরু করে শাসন ব্যবস্থাকেও প্রভাবিত এবং পিতৃতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করে। প্রশ্ন হচ্ছে, বিশ্ব জলবায়ু সম্মেলন এসব কাঠামোগত প্রতিবন্ধকতা কতটা মোকাবিলা করতে পারে?

বিশ্বব্যাপী সব পর্যায়ে জেন্ডার সমতার আন্দোলন শক্তিশালী হওয়ার পাশাপাশি জলবায়ু ন্যায্যতার আন্দোলনও সক্রিয় হয়েছে। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় অ্যাক্টিভিস্ট ও নারীবাদী জলবায়ু ন্যায্যতা আন্দোলন কর্মীদের নিরলস প্রচেষ্টা ও আন্দোলনের ফলে এ ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে অনুষ্ঠিত ২০তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ টোয়েন্টি) ‘লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডার’ গ্রহণ করা হয়। পরে ২০১৭ সালে জার্মানির বন শহরে অনুষ্ঠিত ২৩তম বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো ‘জেন্ডার অ্যাকশন প্ল্যান’ গ্রহণ করা হয়। এর মাধ্যমে জলবায়ু ন্যায্যতার আন্দোলন ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ও অংশীদারিত্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।

প্রথম জেন্ডার অ্যাকশন প্ল্যানটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য গ্রহণ করা হয়েছিল। পরে ২০১৯ সালে মাদ্রিদে অনুষ্ঠিত ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে পূর্ববর্তী কর্মসূচির পরিমার্জন ও সম্প্রসারণের মাধ্যমে ‘এনহ্যান্সড লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডার’ এবং ‘জেন্ডার অ্যাকশন প্ল্যান’ গ্রহণ করা হয়। এই কর্মসূচির আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলো হচ্ছে সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান ব্যবস্থাপনা, জেন্ডার ভারসাম্য ও নারী নেতৃত্ব, সমন্বয়, জেন্ডার-সংবেদনশীলতা বাস্তবায়ন ও অর্থায়ন এবং পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রদান।

সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে ‘বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান’ ২০২৬-২০৩৪ সাল পর্যন্ত ৯ বছরের মেয়াদে গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন জনগোষ্ঠী যে ভিন্ন ভিন্ন মাত্রা ও উপায়ে ক্ষতিগ্রস্ত হয়, তা স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত এবং জেন্ডার রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণে অর্থায়ন ও জবাবদিহি প্রতিষ্ঠা করা। এই পরিকল্পনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়া, প্রযুক্তি এবং জলবায়ু অর্থায়নে জেন্ডার-সংবেদনশীলতার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈশ্বিক অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সরকার ২০১৩ সালে প্রথম ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান’ গ্রহণ করে। তবে ২০২৫ সালে গৃহীত বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যানে জেন্ডার রূপান্তরমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নারীর অবৈতনিক সেবা ও যত্নমূলক কাজ; মানসিক ও শারীরিক স্বাস্থ্য এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের মতো বিষয়। এই প্রেক্ষাপটে ২০২৪ সালে সংশোধিত বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যানটি পর্যালোচনা ও হালনাগাদের দাবি রাখে।

তাই এ বছর তুরস্কের আনাতোলিয়ায় আয়োজিতব্য জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপস্থিত। বৈশ্বিক জলবায়ু আন্দোলনকারীদের জন্য এই সম্মেলন কেবল সাধারণ আলোচনার স্থান নয়; বরং জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করে নীতিনির্ধারণে নারীর রূপান্তরমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক ও জাতীয় প্রতিশ্রুতির প্রকৃত বাস্তবায়ন নিশ্চিত করার পরীক্ষাও বটে। কাগজ-কলমে আঁকা এসব চমৎকার নীতিমালার ভাষা আর মাঠের বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে এক বিশাল ফারাক, যার নেতিবাচক প্রভাব অংশগ্রহণ থেকে শুরু করে নেতৃত্ব প্রদান ও নীতির জেন্ডার-সংবেদনশীলতা বাস্তবায়ন পর্যন্ত। বাস্তবতা হলো, আমাদের গ্রামীণ ও উপকূলীয় সমাজে ভূমির স্বত্ব, ঋণ ও অর্থায়নে নারীর প্রবেশাধিকার এখনও চরম বৈষম্যের শিকার। কৃষিভূমির নগণ্য মালিকানা নারীদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখছে। সম্পদের ওপর মালিকানার এই বঞ্চনা শুধু বৈষম্যই তৈরি করে না, বরং কোনো প্রাকৃতিক দুর্যোগের পর পুনর্বাসন সহায়তা কিংবা বৈশ্বিক ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ (ক্ষতিপূরণ তহবিল)-এর মতো সরাসরি সরকারি সুবিধায় নারীদের প্রবেশাধিকারকে আইনিভাবেই রুদ্ধ করে দেয়। ফলে নীতি নির্ধারণ বা জলবায়ু সম্মেলনে প্রতিনিধি পাঠানোর ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অনেক সময় প্রতীকী থেকে যায়।

কপ৩১ সম্মেলনে আমাদের অন্যতম প্রধান দাবি হওয়া উচিত জাতীয় ও বৈশ্বিক জলবায়ু নীতিনির্ধারণী প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীদের কার্যকর নেতৃত্ব ও সিদ্ধান্তমূলক অংশগ্রহণ সুনিশ্চিত করা। আন্তর্জাতিক ‘বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান’ এবং ‘ন্যায্য রূপান্তর’-এর আলোচনায় নারীদের শুধু ‘সহায়-সম্বলহীন ভুক্তভোগী’ হিসেবে না দেখে, তাদের জলবায়ু ন্যায়বিচারের প্রধান চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দিতে হবে। জলবায়ু অর্থায়ন হতে হবে নতুন ও শতভাগ অনুদানভিত্তিক, যাতে ঝুঁকিপূর্ণ দেশগুলো ঋণের বোঝায় না পড়ে। একই সঙ্গে তহবিলের জটিলতা কমিয়ে প্রান্তিক নারী ও নারী সংগঠনগুলোর কাছে সরাসরি অর্থ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। অর্থায়নের বিকেন্দ্রীকরণ নিশ্চিত না হলে ন্যাপ ও সিসিগ্যাপের মতো নীতির কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়।

জলবায়ু বিপর্যয়ের আরেকটি অত্যন্ত গভীর অথচ অদৃশ্য ক্ষতিকর দিক হলো নারীদের অবৈতনিক সেবাযত্ন ও গৃহস্থালি কাজের চাপ বহুগুণ হয়ে যাওয়া। সুপেয় পানির তীব্র সংকট, বন্যা ও ঝড়ে উপকূলীয় ও হাওরাঞ্চলের নারীদের কয়েক মাইল হেঁটে পানি ও জ্বালানি সংগ্রহ করতে হয়। পরিবারের সেবা করতে গিয়ে এই নারীরা তাদের স্বাস্থ্য, শিক্ষা ও আয়ের সুযোগ থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। তাই ন্যাপ অনুযায়ী জলবায়ু সহনশীল পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্ন রান্নার প্রযুক্তিতে সরাসরি বিনিয়োগ জরুরি। এতে নারীর শ্রমের বোঝা কমবে এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত হবে।

আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের জেন্ডার অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হলেও কেবল এসব পরিকল্পনা জলবায়ু ন্যায্যতার আন্দোলনে নারীর অংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করতে কিংবা নারীর প্রতি বিদ্যমান বহুমাত্রিক বৈষম্য বিবেচনায় নিয়ে নারী ও কিশোরীদের ভিন্ন ভিন্ন চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে পারে না। এ জন্য সরকারি উদ্যোগে জলবায়ু নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় নারীদের, বিশেষ করে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা ও বাস্তবতাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। তাই নীতি প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিতকরণের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অর্থায়ন ও বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ যাতে প্রকৃত অর্থেই নারীদের কাছে পৌঁছায় এবং সে অর্থ তারা যেন সেই নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহার করতে পারে– তা নিশ্চিত করতে হবে।

জলবায়ু ন্যায়বিচার এবং জেন্ডার সমতা দুটি ভিন্ন ইস্যু নয়। মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত ও অভিযোজনে নেতৃত্ব দেওয়া জনগোষ্ঠীর কাছে ক্ষমতার রাজনৈতিক চর্চা ও সম্পদের নিয়ন্ত্রণ হস্তান্তর না করে কোনো জাতীয় বা বৈশ্বিক নীতিমালা সাফল্য অর্জন করতে পারে না। গত এক দশকে প্যারিস চুক্তির টেবিল থেকে যেসব বৈশ্বিক প্রতিশ্রুতি এসেছে, তার সিংহভাগই আজ অবাস্তবায়িত। কপ৩১-কে কেবল নতুন ঘোষণার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটি হতে হবে বাস্তবায়নের প্রতিশ্রুতিতে বাঁধা জবাবদিহির মঞ্চ।

ফারাহ্ কবির: কান্ট্রি ডিরেক্টর, একশনএইড বাংলাদেশ