আমাদের দেশে বছরে লক্ষাধিক মানুষ কুকুরের কামড়ের শিকার হয়। ১০ হাজারের বেশি মানুষ জলাতঙ্কে প্রাণ হারায় বলে বিভিন্ন মাধ্যম হতে প্রাপ্ত খবরে জানা যায়। প্রশ্ন জাগে, জলাতঙ্কের প্রতিষেধক থাকা সত্ত্বেও কেন এত মৃত্যু? মানুষের অজ্ঞতা এবং স্বাস্থ্যকেন্দ্রে ঠিক সময়ে প্রতিষেধক না পাওয়াই এ মৃত্যুর কারণ হিসাবে চিহ্নিত করা যায়। কুকুর কামড়ালে ভ্রান্তধারণাবশত কেউ কেউ চিকিৎসকের পরিবর্তে ওঝা-গুণীন, কবিরাজ, হাতুড়েদের কাছে গিয়ে তুকতাক ও ঝড়-ফুঁক করায়। কিন্তু যে কুকুরটি কামড়েছে সে মানুষটি যদি জলাতঙ্কে আক্রান্ত হয় তবে এতকিছুর পরও ফল মৃত্যু। কারণ, জলাতঙ্কের কোনও চিকিৎসা নেই। একবার হয়ে গেলে ১০০ শতাংশ নিশ্চিত মৃত্যু। বৈজ্ঞানিক প্রতিষেধকই একমাত্র প্রতিকার। জানা যাক জলাতঙ্ক রোগটি কী ধরনের? কুকুরের কামড়ের সঙ্গে এর কিইবা সম্পর্ক?
জলাতঙ্গ (হাইড্রোফোবিয়া বা রেবিস) একটি ভাইরাস ঘটিত রোগ। র্যাবডো ভাইরাস এ রোগের কারণ। জলাতঙ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এর ফলে মৃত্যু হয়। সাধারণত কুকুর, বিড়াল, শেয়াল, নেকড়ে, বেজি ইত্যাদির কামড়ের মাধ্যমে রেবিস সংক্রমিত হয়ে থাকে। আমাদের এ অঞ্চলে ৯০ শতাংশ ক্ষেত্রে রেবিস কুকুরের কামড়ের মাধ্যমে হয়ে থাকে। এখানে একটি কথা জেনে রাখা প্রয়োজন যে, সুস্থ কুকুর বা প্রাণী কামড়ালে রেবিস হয় না। রেবিস ভাইরাসে আক্রান্ত কুকুর (পাগলা কুকুর) কামড়ালে বা ক্ষতস্থানে চেটে দিলে সে ব্যক্তি রেবিসে আক্রান্ত হয়। র্যাবডো ভাইরাস শরীরে ঢুকলে ১০ দিন থেকে ১ বছর পরও রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে। তবে সাধারণত ১০ দিন থেকে ২০ দিনের মধ্যেই জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পাবার আশঙ্কা সবচেয়ে বেশি।
মস্তিকে রেবিস ভাইরাস যখন ছড়িয়ে পড়ে তখনই রেবিসের লক্ষণগুলো দেখা দিতে থাকে। প্রথম ২-৩ দিনের মধ্যে গা ম্যাজ ম্যাজ করা, মাথা ব্যথা, অবসাদ, বমিভাব, ক্ষিদের অভাব, জ্বর ইত্যাদি লক্ষণ দেখা যায়। অনেক ক্ষেত্রে দংশন স্থানে চুলকায়, ব্যথা করে, ঝিন-ঝিন করে। এর পরের পর্যায়ে রোগী শব্দ, আলো, ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না। রোগী কোনও প্রকার তরল পদার্থ গিলতে পারে না। রোগীর মানসিক অস্থিরতা এবং কখনও কখনও ঝিমিয়ে পড়ার ভাব দেখা যায়। লক্ষণ প্রকাশ পাওয়ার ৩ থেকে ৫ দিনের মধ্যে তীব্র খিচুনি ও পক্ষাঘাতের কারণে রোগীর মৃত্যু হয়।
জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পেয়ে গেলে সে রোগীকে বাঁচানোর কোনও টিকা বা ঔষুধ চিকিৎসা বিজ্ঞানের জানা নেই। কিন্তু এ রোগ প্রতিরোধের টিকা (Anti robies vaccine- ARV) মানুষের করায়ত্ত। কুকুর বা বন্যপ্রাণী কামড়ালে জেনে নিতে হবে প্রাণীটি রেবিস আক্রান্ত ছিল কি না। রেবিস আক্রান্ত হলে দ্রুত ভ্যাকসিন নিতে হবে। আর প্রাণীটি রেবিস আক্রান্ত কি না জানা সম্ভব না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ভ্যাকসিন নিতে হবে। কোন কুকুরটি রেবিসে আক্রান্ত তা জানার জন্য রেবিস আক্রান্ত কুকুরের রোগ লক্ষণ জানা জরুরি। রেবিস আক্রান্ত কুকুরের দুই ধরনের লক্ষণ: উন্মত্ত আচরণ: অস্বাভাবিক ভাবভঙ্গি, উদ্দেশ্য ছাড়াই ছুটে বেড়ানো, বিকৃত ক্ষুধা, বিকৃত আওয়াজ করা, শরীরে কাঁপুনি, বিনা প্ররোচনায় কামড়ানো, মুখ দিয়ে অতিরিক্ত লালা নিঃসরণ, ডাক কর্কষ হওয়া, পক্ষাঘাতের ফলে পায়ের ভারসাম্য হারানো, অবশেষে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু।
মৌন আচরণ: নিস্তেজ হয়ে ঝিমোতে থাকা, বিকৃত স্বরে ধীরে ধীরে ডাকা, মানুষের চোখের আড়ালে থাকা, শরীরে কাঁপুনি ও পক্ষাঘাত দেখা দেওয়া এবং সবশেষে মৃত্যু। সাধারণত রোগের লক্ষণ প্রকাশের সাত দিনের মধ্যেই কুকুরটি মারা যায়। যদি কামড়ানোর ১০ দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশিত না হয় তবে কুকুরটি রেবিসে আক্রান্ত নয় বলে মনে করতে হবে। তাই ভয় পাওয়ার কিছু নেই এবং ভ্যাকসিনও নিতে হবে না। কিন্তু যদি কামড়ের সংখ্যা ও তীব্রতা বেশি হয় অথবা হাত, মাথা, মুখ ও ঘাড়ে কামরায় তবে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নেওয়া শুরু করে দশদিন পর কুকুরটি সুস্থ থাকলে ভ্যাকসিন বন্ধ করা যেতে পারে। জলাতঙ্কের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী লুই পাস্তুর।
বর্তমানে আমাদের দেশে জলাতঙ্ক প্রতিরোধের জন্য তিন ধরনের ভ্যাকসিন পাওয়া যায়: ১) নার্ভ টিস্যু ভ্যাকসিন (NTV)- প্রতিদিন একটি করে পেটের চামড়ার নিচে মোট ১৪টি ইঞ্জেকশন নিতে হয়। সমস্ত সরকারি হাসপাতালে এ ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যায়। তবে এ ভ্যাকসিন গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ নয়। ২) হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন (HDCV)- নির্দিষ্টি দিনের ব্যবধানে হাতে মোট ৬টি ইঞ্জেকশন নিতে হয়। ৩) পিউরিফায়েড চিক- এমব্রায়ো সেল ভ্যাকসিন (PCECV)- হাতে ৬টি ইঞ্জেকশন নিতে হয়। ভ্যাকসিন চলাকালীন সময়ে অতিরিক্ত মশলাযুক্ত খাদ্য, উত্তেজক পানীয় না খাওয়া, অতিরিক্ত পরিশ্রম না করা, রাত না জাগা, স্টেরয়েড বা অন্য ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ না করা, গর্ভবতী মায়েদের বিশ্রাম নেওয়া ইত্যাদি মেনে চলা উচিত। ভ্যাকসিন চলাকালে যেন জ্বর না হয়, সর্দি কাশি না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। না জেনে জলাতঙ্কে আক্রান্ত ছাগল বা গরুর অসিদ্ধ মাংস বা না ফোটানো দুধ খেয়ে ফেললে ভ্যাকসিন নেওয়া উচিত। জলাতঙ্কে আক্রান্ত রোগীর এঁটো খাবার খেয়ে ফেললে বা রোগীর লালা শরীরের কোনও ক্ষতস্থানের সংস্পর্শে এলে ভ্যাকসিন নেওয়া উচিত।
ধর্মীয় গোঁড়ামি, তন্ত্র-মন্ত্র, ঝাড়ফুঁক, তুকতাক, তাবিজ- কবচের বিশ্বাসে আচ্ছন্ন রয়েছে অনেক মানুষ। বাহুতে লাল- কালো সুতোয় হাফ ডজন শেকড়-তাবিজ বাঁধা গণমান্য ব্যক্তির সংখ্যা নেহাত কম নয় এদেশে। অন্যান্য রোগের মতো কুকুরে কামড়ানোর ক্ষেত্রেও নুন পড়া, বাতাসা পড়া, তেল পড়া, পানি পড়া, গুড় পড়া, পিঠে থালা বসানো এরকম অজস্ত্র আজগুবি পদ্ধতিতে চিকিৎসা করেন ওঝা গুণিনেরা। এর সঙ্গে আছে বিচিত্র সব মন্ত্র। আসলে কুকুরটি যদি রেবিসে আক্রান্ত না হয় তবে রোগী (কুকুরে যাকে কামড়েছে) সুস্থই থাকে। বিশ্বাসে ওঝার নাম ছড়ায়। ফল হয় মারাত্মক যখন রেবিসে আক্রান্ত কুকুর কামড়ায়। অতএব, সোজা কথা, মৃত্যুকে যদি কেউ আলিঙ্গন না করতে চায় তবে তাকে সব বুজরুকির আশ্রয় নেয়া থেকে বিরত থাকতে হবে। চিকিৎসা নিতে হবে ডাক্তারের পরামর্শে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
