বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে প্রতিটি নাগরিকের নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এছাড়াও চিন্তা, বিবেক, ধর্মের স্বাধীনতাসহ বিভিন্ন মৌলিক অধিকারগুলো এ দেশের সংবিধান দ্বারা সুরক্ষিত। এ দেশের মানুষ রাজনীতি করতে পারবে, এ দেশের মানুষ সেসব রাজনৈতিক সংগঠনে গিয়ে মিছিল, মিটিং এ অংশগ্রহণ করতে পারবে- এগুলো তার অধিকার। যখন মানুষ রাজনীতির মাঠে বৈষম্যের শিকার হবে- তখন তারা তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারবে। রাষ্ট্রকে তাদের সমস্যাগুলো জানাবে। কিন্তু সেই রাজনীতির ভাষা সংযত হওয়ার পাশাপাশি শালীনতা বজায় রাখতে হবে। মন চাইলেই তারা নোংরা বা কুরুচিপূর্ণ বক্তব্য রাখতে পারে না। এটা একদিকে যেমন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে; অন্যদিকে গণতান্ত্রের সৌন্দর্যও নষ্ট করে।

\r\nবিশেষ করে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো যখন বিরোধী দলের ভূমিকায় থাকে তখন তারা সরকারি দলকে নিয়ে নানা সমালোচনা, মিছিল, মিটিং এগুলো করতে থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এগুলোই রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া। সরকারের ভুল সংশোধনে চাপ সৃষ্টি করে তারা আন্দোলন-সংগ্রাম করে জনগণের মতামত তুলে ধরবে। বিরোধী দলের এই কাজগুলো একটি রাষ্ট্রের গণতন্ত্রকে সচল এবং শক্তিশালী করে রাখে। কিন্তু আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে রাজনীতির নামে অপরাজনীতি চলছে। যেখানে গণতন্ত্রের স্বাদ, গন্ধের লেশমাত্র পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক দলের মধ্যে চলছে অসুস্থ প্রতিযোগিতা। যে যখন ক্ষমতায় বসছে; সে তখন তার মতো করে আখের গোছাচ্ছে।

আর অপর পক্ষ জ্বালাও-পোড়াও রাজনীতি করে মাঠে নেমে গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা নিক্ষেপ করছে, ককটেল ফাটিয়ে জনজীবনে আতংক সৃষ্টি করছে। যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মোটেও কাম্য নয়। এজন্য সুস্থ ধারার রাজনীতিতে ফেরা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তা না হলে আগামীতে হাঁটি হাঁটি করে স্বাধীনতার শতবর্ষ পার করলেও আমরা বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। \r\nআমরা দেখেছি, দেশে যখন যে দল ক্ষমতায় আসে তখন তারা নিজেদের সুবিধামতো আইন প্রণয়ন করে নেয়। কীভাবে আইন করলে, কীভাবে নিয়মনীতির পরিবর্তন করলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে তারা সেই পথ বেছে নেয়। অপরদিকে বিরোধী দল রাজপথে নেমে সরকারের বিপক্ষে গিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যায়।

কিন্তু দেখা যায়, যখন যে রাজনৈতিক পার্টি বিরোধী দল হিসেবে মাঠে থাকে, তখন সে পার্টি ককটেল ফাটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পেট্রোল বোমা নিক্ষেপ করে রাস্তায় যানবাহনের চলাচল বন্ধ করে, রাস্তার ফুটপাত দিয়ে চলাচলরত মানুষকে হতাহত করে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পদ নষ্ট হয়; তেমনি রাষ্ট্রীয় অনেক সম্পদও ধ্বংস করা হয়। একদিকে সরকার অন্যদিকে বিরোধী দলের মধ্যেকার এই ককটেল আর পেট্রোল বোমার ছোড়াছুড়িতে মাঝখান থেকে দেশের অগ্রগতি থমকে যায়। দেশের অর্থনীতিতে মারাত্মক সংকট দেখা দেয়। কিছুদিন আগে আমরা দেখেছি, ক্ষমতাচ্যুত বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নানা সংঘাত এবং মারামারি হয়েছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

তবুও বিভিন্ন জায়গায় অনাকাক্সিক্ষত ঘটনা জন্ম নিয়েছে। এই আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুর, সাভার ও নারায়ণগঞ্জ এলাকায় বাস, ট্রাক ও লেগুনায় আগুন দেওয়া হয়েছে। তাহলে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করতে গিয়ে দিনশেষে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাও আমাদের দেখা প্রয়োজন। এমনকি এম্বুলেন্সে পর্যন্ত আগুন দেওয়ার ঘটনা ঘটতে দেখা গেছে। যা কোনো সুস্থ সমাজে ঘটতে পারে বলে মনে হয় না। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে হাতবোমার বিস্ফোরণ হয়েছে। রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পথচারী আহত হয়। এছাড়া সারা দেশে অনেকে আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগই সাধারণ মানুষ, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তাহলে এই ক্ষয়ক্ষতির দায় কে নেবে?

সাধারণ মানুষকে জিম্মি করে কেন রাজনৈতিক দলগুলো রাজনীতি করে? এসব প্রশ্নের উত্তর ধোঁয়াশার মতো মনে হয়। \r\nরাজনীতি হবে জনগণের স্বার্থে। রাজনৈতিক দলগুলো জনগণের উন্নয়নে কাজ করবে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। কিন্তু আমাদের দেশে সেগুলো হয় না। সুস্থ ধারার রাজনীতির চর্চা থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে না পারলে আমরা দিনের পর দিন এভাবে ক্ষতিগ্রস্ত হব। দেশ পিছিয়ে পড়বে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থকদের আরও সচেতন হওয়া উচিত। তাদের দ্বারা যেন সমাজের নিরীহ মানুষ বিপদগ্রস্ত হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বিশেষ করে বিরোধী দলের তৃণমূল নেতা-কর্মীরা যেন উত্তেজিত হয়ে এম্বুলেন্স কিংবা পুলিশের গাড়িতে, ব্যক্তিগত যানবাহনে আগুন না দেয়, সে বিষয়ে রাজনৈতিক দলের প্রথম সারির নেতাদের নির্দেশনা থাকতে হবে। এটা বলাও বাহুল্য যে, বিরোধী দলের ভূমিকায় যারা থাকে তাদের ওপর দমন-পীড়ন চালায় সরকারি দল। তাদেরকে ভীতসন্ত্রস্ত করে রাখতেই মূলত এ কার্যক্রম চালানো হয়। বিগত সরকারের আমলে এ ঘটনার বার বার পুনরাবৃত্তি ঘটেছে। একটি সময় সবকিছু উপেক্ষা করে নেতাকর্মী বা সমার্থকরা বাধ্য হয়ে রাজপথে নেমে আসে। এজন্য সরকারকেও এসব দিকে খেয়াল রাখতে হবে। সরকারের কোনো কর্মকান্ডে যেন বিরোধী দল ক্ষিপ্ত হয়ে দেশের সম্পদ নষ্ট না করে, সরকারি ভবন, পরিবহনে আগুন না দেয় সেসব বিবেচনায় নিতে হবে। আশা রাখি, যখন যে দল বিরোধী দল হিসেবে রাজপথে থাকবে তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করবে এবং যুক্তিনির্ভর আলোচনায় অংশ নিবে। কোনোভাবেই তারা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে মাঠে নেমে প্রতিবাদের ভাষা হিসেবে ককটেল আর পেট্রোল বোমা সঙ্গে করে এনে ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িয়ে পড়বে না।