দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা। এখানে দাওয়াত বলতে ‘দাওয়াত ইলাল্লাহ’ তথা আল্লাহর দিকে আহ্বান বোঝানো হয়েছে। দাওয়াত ইলাল্লাহ সামর্থ্য অনুযায়ী প্রত্যেক মুসলিমের অপরিহার্য দায়িত্ব। রাসুল (সা.) বলেন, ‘তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও।’ (বুখারি)। আল্লাহর দিকে দাওয়াতের অনেক পদ্ধতি রয়েছে। যেমন– উত্তম কথা, উত্তম আচার-ব্যবহার ও কর্ম দ্বারা; বক্তব্য ও লেখালেখি, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান, তালিম ও তারবিয়াত, উত্তম পন্থায় বিতর্ক, প্রয়োজনে জিহাদ বা যুদ্ধের মাধ্যমে। এ সবই দাওয়াতের পদ্ধতি।
অন্যদিকে, ওয়াজ শব্দের অর্থ উপদেশ। ওয়াজ হচ্ছে দাওয়াত ইলাল্লাহর একটি গুরুত্বপূর্ণ ও বেশ প্রচলিত পদ্ধতি। মানুষকে বাতিল পথ থেকে আল্লাহর পথের দিকে নিয়ে আসার ক্ষেত্রে ওয়াজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
ওয়াজ মূলত দুইভাবে হয়ে থাকে: কথা দ্বারা ও কর্ম দ্বারা। একজন ওয়ায়েজ বা উপদেশদাতার মধ্যে একই সঙ্গে এ দুটি গুণ থাকতে হবে। সে মানুষকে মুখে যা বলবে, কর্মের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটাবে। ওয়ায়েজ কয়েক ঘণ্টা লাগাতার বয়ানের মাধ্যমে দাওয়াত দেওয়ার পর যদি নিজ কর্মে তার বিপরীত আচরণ করে, তবে তার এই বয়ানি ওয়াজ বৃথা যেতে বাধ্য। পক্ষান্তরে কেউ বয়ান না করেও শুধু কর্মে ভালো আচরণ দ্বারা মানুষকে সঠিক পথে আনতে পারে। মানুষ যখন দেখে একজন লোক মুখে যা বলে, কর্মে তার বহিঃপ্রকাশ ঘটায়, তখন মানুষ তার কথাকে গুরুত্ব দিয়ে থাকে। এই জন্য মহান আল্লাহ বলেন: ‘হে ইমানদারেরা, তোমরা যা করো না, তা কেন বল? তোমরা যা করো না, তা বলা আল্লাহর নিকট গুরুতর অন্যায়!’ (সুরাহ সফ; ২-৩)।
ওয়াজকে ফলপ্রসূ করার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, ওয়াজ করতে হবে কোরআন ও সুন্নাহ দ্বারা। এর বাইরে গিয়ে ওয়াজ করতে গেলে ওয়ায়েজ নিজেই সত্য থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, ‘তুমি তাদের উপদেশ দাও কোরআন দ্বারা, যারা আমার শাস্তির ভয় করে।’ (কাফ; ৪৫)।
অন্যত্র আল্লাহ বলেন, ‘তোমার রবের পথে ডাকো হিকমাহ ও উত্তম উপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে উত্তম পন্থায় বিতর্ক কর।’ (সুরাহ নাহল; ১২৫) এখানে হিকমাহ দ্বারা কোরআন-হাদিসের ইলম এবং উত্তম উপদেশ দ্বারা ওই ইলমকে ভদ্র ও মার্জিত ভাষায় উপস্থাপন করা বোঝানো হয়েছে। সুতরাং দাওয়াত বা ওয়াজের বিষয়বস্তু হবে দুটি– কোরআন ও সুন্নাহ বা হাদিস এবং এর ভাষা হবে মার্জিত। রাসুল (সা.) বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যেগুলোকে আঁকড়ে ধরলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না; আল্লাহর কিতাব এবং তাঁর রাসুলের সুন্নাহ।’ আল্লাহ তায়ালা মুসা ও হারুন (আ.)কে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, তোমরা উভয়ে তার সামনে নরম ভাষায় কথা বলবে যেন সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা তার মধ্যে ভয়ের সঞ্চার হয়।’ (ত্ব-হা; ৪৪)। তাই একজন ওয়ায়েজ বা বক্তা ওয়াজ করার সময় কোরআন ও সুন্নাহ– এ দুটিকে সামনে রাখবেন এবং কর্কশ ও আক্রমণাত্মক ভাষা পরিহার করে নরম ও উত্তম ভাষায় কথা বলবেন।
ওয়াজের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষকে হেদায়াতের দিকে নিয়ে আসা। ওয়াজ করার ক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে। দীর্ঘ সময় নিয়ে গভীর রাত পর্যন্ত ওয়াজ করা যাবে না, মানুষের ঘুমের ব্যাঘাত কিংবা কর্মের ব্যাঘাত ঘটে– এমন কিছু ব্যবহার করে ওয়াজ করা যাবে না। মূলত ওয়াজ হচ্ছে, যে যেখানে অবস্থান করছে সেখানেই নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের মধ্যে দ্বীনি চেতনা তৈরির চেষ্টা, নিজের ভালো ব্যবহার ও সুন্দর কর্ম দ্বারা মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করা।
আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী
