আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একদিকে আশার কথা বলা হচ্ছে, অন্যদিকে তা উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসায় রোগ শনাক্ত করা, কৃষি খাতের আবহাওয়া ও উৎপাদন বিশ্লেষণ, কর্মক্ষেত্রের কাজ সহজ করা, শিক্ষায় সহায়তা, তথ্য বিশ্লেষণসহ আরও অনেকে কাজ সহজ করে দিয়েছে। প্রশ্ন হলো, এই শক্তিশালী প্রযুক্তির অপব্যবহার হলে কী হতে পারে? এ নিয়ে পরাশক্তিগুলোও উদ্বিগ্ন। তারা এআই-এর মারাত্মক ঝুঁকি দেখতে শুরু করেছে। অন্যদিকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ঝুঁকিগুলো আরও গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন। এআই সবচেয়ে বড় শঙ্কা বাড়িয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে। বিশ্বব্যাংকের ২০২৫ সালের বিশ্লেষণে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় এআই-স¤পর্কিত চাকরির চাহিদা দ্রুত বাড়ছে।

একই সময়ে এর কারণে কিছু সহজে প্রতিস্থাপনযোগ্য কাজের চাহিদা কমেছে। বাংলাদেশের জন্য এটি বড় সতর্কবার্তা। আমাদের বিপুল তরুণ জনগোষ্ঠী প্রতিবছর চাকরির বাজারে প্রবেশ করছে। পোশাকশিল্প, ব্যাংকিং, কল সেন্টার, হিসাবরক্ষণ, অনুবাদ, তথ্যপ্রক্রিয়াকরণ, কনটেন্ট তৈরি এবং সফটওয়্যারের কাজ যদি এআই দিয়ে করা হয়, তাহলে ভবিষ্যতে নতুন চাকরি তৈরির সঙ্গে পুরোনো চাকরি হারানোর চাপও বাড়বে। যারা প্রযুক্তি ব্যবহার করতে পারবে, তারা এগিয়ে যাবে; যারা পারবে না, তারা পিছিয়ে পড়তে পারে। দ্বিতীয় বড় বিপদ হচ্ছে, ভুয়া তথ্য ও প্রতারণা করা। এআই দিয়ে এখন মানুষের ছবি, কণ্ঠস্বর ও ভিডিও নকল করা সম্ভব। ফলে একজন মানুষের নামে এমন বক্তব্য বা ভিডিও তৈরি করা যেতে পারে, যা তিনি কখনো বলেননি।

ফলে সাধারণ মানুষের পক্ষে সত্য-মিথ্যা বোঝা কঠিন হয়ে গেলে গুজব, প্রতারণা, চরিত্রহনন এবং সামাজিক অস্থিরতা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এর আলামত ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে। আন্তর্জাতিক এআই নিরাপত্তা প্রতিবেদনে এআইনির্ভর প্রতারণা, ভুয়া কনটেন্ট ও মানুষের ওপর প্রভাব বিস্তারের ঝুঁকি ইতোমধ্যে নথিভুক্ত হয়েছে। বাংলাদেশে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে, কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ার বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে। ভবিষ্যতে একটি ভুয়া ভিডিও বা কণ্ঠস্বর যদি হাজার হাজার মানুষ সত্য বলে বিশ্বাস করে, তাহলে একটি পরিবার, একটি প্রতিষ্ঠান, এমনকি একটি পুরো এলাকার ওপরও তার প্রভাব পড়তে পারে। তৃতীয় ঝুঁকি, সাইবার অপরাধ।

এআই ভালো কাজে ব্যবহার করা যায়, আবার অপরাধীর হাতেও শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে। প্রতারণামূলক বার্তা তৈরি, মানুষের দুর্বলতা খুঁজে বের করা, ভুয়া পরিচয় তৈরি কিংবা সাইবার হামলার প্রস্তুতিতে এআই ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক গবেষণাতেও এআইনির্ভর সাইবার অপরাধের প্রমাণ ও সম্ভাব্য বিস্তারের কথা বলা হয়েছে। বাংলাদেশের ব্যাংক, মোবাইল আর্থিক সেবা, সরকারি তথ্যভান্ডার এবং সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য যদি আরও বেশি ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়, তাহলে নিরাপত্তার দুর্বলতা বড় ক্ষতির কারণ হতে পারে। একজন মানুষের ব্যাংকের তথ্য, পরিচয়, ছবি বা ব্যক্তিগত নথি চুরি হলে ক্ষতি শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; তার ব্যক্তিগত জীবনও ঝুঁকিতে পড়তে পারে। চতুর্থ ঝুঁকি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। মানুষ এআইকে ব্যবহার করতে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য, ব্যবসার তথ্য, সরকারি নথি বা গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিয়ে ফেলতে পারে। এসব তথ্য কোথায় সংরক্ষিত হচ্ছে, কে ব্যবহার করছে এবং ভবিষ্যতে কী কাজে লাগানো হচ্ছে, সবসময় সাধারণ ব্যবহারকারীর পক্ষে জানা সম্ভব নয়।

বাংলাদেশের মতো দেশের জন্য এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমরা কি শুধু বিদেশি এআই ব্যবহার করব, নাকি নিজের তথ্য ও প্রযুক্তির ওপরও নিয়ন্ত্রণ রাখব? বাংলাদেশের জাতীয় এআই নীতির খসড়াতেও ডিজিটাল সার্বভৌমত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য, অবকাঠামো ও এআই ব্যবস্থার ওপর দেশের কার্যকর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। পঞ্চম ঝুঁকি, রাষ্ট্রীয় নিরাপত্তা। কোনো দেশের সরকারি নথি, গুরুত্বপূর্ণ অবকাঠামো, অর্থনৈতিক তথ্য বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য যদি এআইনির্ভর সিস্টেমের মাধ্যমে অনিরাপদ হয়ে পড়ে, তাহলে তার ক্ষতি অনেক বড় হতে পারে। ভবিষ্যতে এআইনির্ভর সাইবার হামলা কোনো দেশের বিদ্যুৎ, ব্যাংকিং, যোগাযোগ বা সরকারি ব্যবস্থাকে অচল করার চেষ্টা করতে পারে, এমন ঝুঁকি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হচ্ছে।

আরও বড় বিষয় হলো যুদ্ধ ও ক্ষমতার প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই নিয়ে প্রযুক্তিগত প্রতিযোগিতা এখন শুধু ব্যবসায়িক প্রতিযোগিতা নয়; এর সঙ্গে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত ক্ষমতার প্রশ্নও জড়িত। আগামী সপ্তাহে দুই দেশ এআই নিরাপত্তা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার উদ্যোগ নিয়েছে। এর অর্থ, এআই-এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা এখন বিশ্বের বড় শক্তিগুলোর কাছেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এআই যদি সামরিক সিদ্ধান্ত, গোয়েন্দা বিশ্লেষণ বা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থায় অতিরিক্ত ব্যবহার করা হয়, তাহলে একটি ভুল তথ্য বা ভুল সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ হতে পারে। যে প্রযুক্তি যুদ্ধ ঠেকাতে সাহায্য করতে পারে, একই প্রযুক্তির অপব্যবহার যুদ্ধের ঝুঁকিও বাড়াতে পারে। আশঙ্কার বিষয় হচ্ছে, মানুষ যদি নিজের বিচার-বুদ্ধির বদলে এআই-এর সিদ্ধান্তকে বেশি বিশ্বাস করতে শুরু করে, তাহলে মানুষের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হতে পারে। ভবিষ্যতে আরও শক্তিশালী এআই কতটা নিয়ন্ত্রণযোগ্য থাকবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যেও মতভেদ আছে। তবে আন্তর্জাতিক এআই নিরাপত্তা প্রতিবেদনে মানুষের নিয়ন্ত্রণ ও স্বায়ত্তশাসনের ঝুঁকিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আগুনের উদাহরণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগুন যেমন মানুষের প্রয়োজনীয় জিনিস, আবার নিয়ন্ত্রণের বাইরে গেলে ভয়ংকর ধ্বংস ডেকে আনে, এআইও তেমন। আগুন বন্ধ করে দেওয়া সমাধান নয়; আগুনকে কীভাবে নিরাপদে ব্যবহার করতে হয়, তার নিয়ম তৈরি করাই সমাধান। এআই-এর ক্ষেত্রেও একই নিয়ন্ত্রণ ব্যবস্থা দরকার।

বাংলাদেশের প্রথম কাজ হওয়া উচিত ঝুঁকিপূর্ণ এআই ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ ও দিকনির্দেশনা তৈরি করা। স্বাস্থ্য, আইন প্রয়োগ, ব্যাংকিং, জাতীয় নিরাপত্তা কিংবা গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তে এআই ব্যবহারের আগে নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। দ্বিতীয়ত, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, এআই দিয়ে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও কণ্ঠ শনাক্ত করার প্রযুক্তি ও আইন তৈরি করতে হবে। চতুর্থত, এআই কো¤পানিগুলোর কাজের ওপর স্বাধীন তদারকি ও জবাবদিহি থাকতে হবে। বাংলাদেশের জাতীয় এআই নীতির খসড়াতেও উচ্চঝুঁকির এআই ব্যবস্থার জন্য ঝুঁকি মূল্যায়ন, নথিপত্র, স্বচ্ছতা ও তদারকির প্রস্তাব রয়েছে। একই সঙ্গে মানুষকেও সচেতন ও সতর্ক করতে হবে। কোনো ভিডিও দেখলেই তাৎক্ষণিকভাবে বিশ্বাস করা যাবে না, কোনো কণ্ঠ শুনলেই সেটিকে সত্য ধরে নেওয়া যাবে না। ভবিষ্যতের নাগরিককে শুধু প্রযুক্তি ব্যবহার জানতে হবে না; প্রযুক্তির প্রতারণা চিনতেও জানতে হবে।

এআই বন্ধ করা যাবে না, প্রয়োজনও নেই। প্রয়োজন নিয়ন্ত্রণের মধ্যে রেখে ব্যবহার করা। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত, এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে এআই মানুষের কাজ সহজ করবে, কিন্তু মানুষের চাকরি, তথ্য, নিরাপত্তা ও স্বাধীন সিদ্ধান্তকে অরক্ষিত করে তুলবে না। তবে এআই ভালো না খারাপ, বিষয়টি এত সরল নয়। প্রশ্ন হচ্ছে, এআই-এর ক্ষমতা কার হাতে থাকবে, কী নিয়মে ব্যবহার হবে এবং ভুল হলে কে দায় নেবে। আগুনকে আমরা ঘরে রাখি, কিন্তু আগুনকে ঘরের মালিক হতে দিই না। এআই-এর ক্ষেত্রেও একই নীতি প্রয়োজন। প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণে থাকবে; প্রযুক্তি যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, এটাই হওয়া উচিৎ, বাংলাদেশের ভবিষ্যৎ এআই নীতির মূল কথা। এআইকে ভয় নয়, আবার অন্ধ বিশ্বাসও নয়। বরং নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও মানুষের স্বার্থকে সামনে রেখে এআই ব্যবহার করাই হবে সবচেয়ে দায়িত্বশীল পথ।

লেখক : রাজনীতিক ও কলামিস্ট।