দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এক একটা উচ্চশিক্ষা বা জ্ঞান বিতরণের কেন্দ্র নয়, বরং যেন ব্যবসা-বাণিজ্যের কারখানা। যে কারণে বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষার পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষায় ভর্তি হতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন শিক্ষার্থীরা। অন্যদিকে সন্তানের ভর্তির বিপুল ব্যয় নিয়ে অভিভাবকদেরও দুশ্চিন্তা ও দুর্ভাবনায় ত্রাহী অবস্থা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতি থাকায় প্রতি বছরই তারা জিম্মি করছে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের। এর পিছনে রয়েছে কয়েক কোটি টাকার ব্যবসা-বাণিজ্য, যার সিংহভাগ চলে যায় যে বা যারা পরীক্ষার আয়োজন করেন তাদের পকেটে। যার কোনো হিসাব পাওয়া যায় না।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ডিনরা এর ভাগ থেকে বঞ্চিত হন না। একটি এক রকম ওপেন সিক্রেট উদাহরণত বলা যায়, অনেক পরীক্ষার্থীর তিন বা চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন পড়ে থাকে একই দিনে। ফলে সেই পরীক্ষার্থী ও অভিভাবকরা পড়ে যান সমূহ বিপাকে। প্রায় ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েই ছুটতে হয় অন্য একটি বিশ্ববিদ্যালয়ে-ঢাকা-চট্টগ্রাম অথবা রাজশাহীতে। ফলে পরীক্ষার্থীর পাশাপাশি ছুটতে হয় অভিভাবকদেরও, বিশেষ করে নারী পরীক্ষার্থীর ক্ষেত্রে। যাতায়াতের বন্দোবস্ত ও আবাসিক দুশ্চিন্তার পাশাপাশি ব্যয় হয় লক্ষাধিক টাকার বেশি। এতকিছুর পরেও ভর্তি হওয়ার কোনো গ্যারান্টি নেই। কেননা, আসন সংখ্যা সীমিত, অন্যদিকে পরীক্ষার্থী বিপুল সংখ্যক।

ফলে অনিবার্য কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় তীব্র অনাগ্রহ লক্ষ্য করা যায়। আর এই সুযোগে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যলয়গুলো। \r\nউল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের ২৩টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষা নিয়েছিল। সর্বশেষ এই সংখ্যা নেমে এসেছে মাত্র ২০টিতে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভর্তি এক নিয়মিত বিড়ম্বনায় পর্যবসিত হয়েছে। এর ফলে মেধাবী শিক্ষার্থীদের যেমন দুশ্চিন্তা প্রবল হয়, অন্যদিকে অভিভাবকদের, সন্তানদের উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে শুরু হয় বিপুল অর্থব্যয়সহ সমূহ দুর্ভাবনা। সে অবস্থায় শিক্ষার্থীদের অহেতুক ছোটাছুটি, বিড়ম্বনা ও ব্যয় সাশ্রয়ে আমরা আশা করব, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ শুধু অর্থ ও স্বার্থের দিকটি বিবেচনা না করে, লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকের সমূহ দুশ্চিন্তা ও দুর্ভোগের বিষয়টির প্রতি সমধিক গুরুত্ব দেবেন। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়সহ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসিরও বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা বাঞ্ছনীয়। ইতোমধ্যে মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। পাশের দেশ ভারতেও সমন্বিত ভর্তি পরীক্ষার মডেল বেশ কার্যকর। এতে শিক্ষার্থীদের সময় ও অর্থের সাশ্রয় হয়। সে অবস্থায় বাংলাদেশেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিকল্প নেই।