যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে। মার্কিন সেনাবাহিনী সপ্তাহজুড়ে ইরানে আক্রমণ করছে। এর কারণ এই নয়– আমরা জাতি হিসেবে আসন্ন হুমকির মুখোমুখি। বরং এর কারণ ইসরায়েলি সরকার দীর্ঘ দিন তেহরানের সঙ্গে সংঘর্ষের চেষ্টা করে আসছে। অবশেষে ওয়াশিংটনে তারা একজন আগ্রহী অংশীদার খুঁজে পেয়েছে। এই যুদ্ধ অপ্রয়োজনীয়, অযৌক্তিক, অসাংবিধানিক, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এবং সম্পূর্ণরূপে আমেরিকান জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত।
সংবিধান অনুসারে, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে; প্রেসিডেন্টের নয়। অতএব, কংগ্রেসের অনুমোদন ছাড়াই অন্য দেশে বিমান হামলা চালানো এবং ‘রেজিম চেঞ্জ’ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অবৈধ। এটি ৯/১১-পরবর্তী মার্কিন পররাষ্ট্রনীতির সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলো মনে করিয়ে দেয়, যখন ভয় ও প্রতারণার মাধ্যমে আমাদের জাতিকে ধ্বংসাত্মক যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছিল, যার মূল্য আমরা আজও দিচ্ছি।
কোনো ধরনের হুমকি কিংবা সতর্কবার্তা না দিয়ে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা করা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে। যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাকে ‘প্রতিরোধমূলক হামলা’ বলে দাবি করেছেন। মুসলমানদের পবিত্র রমজান মাসে বোমা হামলা চালানো হচ্ছে, যা তাদের বর্ধিত আধ্যাত্মিকতা ও নিজেকে নতুন করে গড়ে তোলার সময়। এই হামলা ইতোমধ্যে আমাদের জাতীয় বিবেককে কলঙ্কিত করে তুলেছে। যুদ্ধের প্রথম দিনে মিনাব শহরে মার্কিন বিমান হামলায় ১৬৫ জন স্কুলছাত্রী নিহত হয়। মার্কিন অস্ত্র আবারও আমাদের বিদেশে শিশুদের হত্যায় জড়িত করেছে। এগুলোর মানে কী?
আমাদের বলা হয়েছে, এই হামলা ‘নিরাপত্তা’ সংক্রান্ত। আমাদের আরও বলা হয়েছে, এর উদ্দেশ্য ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করা, যদিও এসব কথাবার্তা আমরা আগেও শুনেছি। ৩০ বছরেরও বেশি সময় ধরে নেতানিয়াহু জোর দিয়ে বলছেন, ইরান ‘কয়েক সপ্তাহের মধ্যে’ পারমাণবিক বোমা তৈরির কাজ সম্পন্ন করবে। সেই সপ্তাহের কথা দশকের পর দশক ধরেই চলে আসছে। নীতি হিসেবে ভয়কে বারবার ব্যবহার করা হয়েছে।
ইরান তার সব ধরনের প্রশ্নবিদ্ধ এবং প্রায়ই ক্ষতিকর আঞ্চলিক পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন সামরিক হুমকি নয়। মার্কিন জনগণ এটি বোঝে। জরিপের পর জরিপে দেখানো হয়, মার্কিনিরা মধ্যপ্রাচ্যে অবিরাম যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ চায়; আরেকটি ট্রিলিয়ন ডলারের সংঘাত নয়, যা আমাদের সৈন্যদের ক্ষতির দিকে ঠেলে দেয় এবং আরও একটি অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে।
তাহলে কেন একজন আমেরিকান প্রেসিডেন্ট, যিনি ‘আমেরিকা ফার্স্ট’-এর প্রচারণা চালিয়েছিলেন, তিনি এমনভাবে শাসন করছেন যেন তিনি ‘ইসরায়েল ফার্স্ট’ আলিঙ্গন করছেন? কেন একটি বিদেশি সরকারের দীর্ঘস্থায়ী উচ্চাকাঙ্ক্ষা পূরণে মার্কিন সৈন্য, ট্যাক্স ডলার ও বিশ্বাসযোগ্যতা ঝুঁকির মুখে ফেলা হচ্ছে? এটি একটি সুস্থ ধারার জোট নয়। এটি একটি বিষাক্ত গতিশীলতা, যেখানে যুক্তরাষ্ট্র অর্থ, অস্ত্র, কূটনৈতিক আবরণ এবং নিঃশর্ত রাজনৈতিক সহায়তা প্রদান করে। একই সঙ্গে এমন যুদ্ধে জড়িয়ে পড়ে, যা আমাদের কম নিরাপদ করে তোলে। আমাদের বলা হয়, এই যুদ্ধ মানবাধিকারের সঙ্গে যুক্ত। নারী অধিকার সম্পর্কে। কিন্তু বোমা মানুষকে মুক্তি দেয় না। বিমান হামলা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যায় না। স্কুলছাত্রীদের হত্যা করা ‘নারীবাদী’ পররাষ্ট্রনীতি হতে পারে না।
যদি মানবাধিকার সত্যিই উদ্বেগের বিষয় হতো, তাহলে আমাদের সরকার ভূ-রাজনৈতিক সুবিধার ভিত্তিতে সেগুলো বেছে বেছে প্রয়োগ করত না। আমাদের নিজস্ব মিত্র ইসরায়েল এমন একটি গণহত্যায় লিপ্ত, যা দুই লাখেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ও আহত করেছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। শিশুদের গণহত্যায় অর্থায়ন না করা আমাদের মানবিক উদ্বেগের জন্য একটি ভালো সূচনা হতো, যদিও এখনও আমরা সরকারের এ ধরনের কোনো ইঙ্গিত দেখছি না।
আমেরিকান নাগরিকরা এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার অধিকার রাখে। যখন স্বচ্ছতা ও জবাবদিহির দাবি ঘরে ঘরে, বিশেষ করে জেফ্রি এপস্টাইনের ফাইল প্রকাশের ক্ষেত্রে, তখন কেন আমাদের আরেকটি বিদেশি যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে? আমেরিকান জনগণ সততা পাওয়ার দাবি রাখে; বিভ্রান্তি নয়। এই যুদ্ধ স্থিতিশীলতা আনবে না। এটি এ অঞ্চলকে উত্তপ্ত করবে; বেসামরিক নাগরিকদের ক্ষতি করবে; মার্কিন সৈন্যদের বিপদে ফেলবে এবং সূত্রপাত ঘটাবে সম্ভাব্য একটি বৃহত্তর সংঘাতের। এতে আমেরিকান জনগণের সেবা নিশ্চিত হয় না, বরং তাদের জীবন ও নিরাপত্তাকে ঝুঁকির মুখোমুখি করে।
কংগ্রেসে বিশেষ করে যেসব সদস্য অবিরাম যুদ্ধের বিরোধিতা করেন বলে দাবি করেন, তাদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং আরও উত্তেজনা রোধ করার জন্য প্রতিটি সম্ভাব্য উপায়ে চেষ্টা করতে হবে– নির্বাচিত কর্মকর্তাদের নীরব থাকার কারণে ঝুঁকি আরও অনেক বেড়ে যেতে পারে। আমেরিকান জনগণ এই যুদ্ধ চায় না। আমাদের সরকারের এখন তাদের সেবা করার সময়, ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে এবং জবাবদিহি এড়াতে মরিয়া একজন বিদেশি নেতার এজেন্ডা বাস্তবায়নের নয়।
হুসাম আয়লুশ: যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলমানদের নাগরিক স্বাধীনতা ও অ্যাডভোকেসি সংস্থা সিএআইআরের ক্যালিফোর্নিয়া শাখার সিইও; আলজাজিরা থেকে ভাষান্তরিত
