সড়ক এখন আমাদের নিকট এক মূর্তিমান আতঙ্ক। ক্রমাগত বেড়েই চলেছে সড়কে প্রাণহানির ঘটনা। প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা খবর পাচ্ছি সড়কে প্রাণ হারানোর, যা এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনেও দেখা যাচ্ছে গতির তীব্রতা। বিগত বছর অর্থাৎ ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৫৯ জন। আহত হয়েছেন আরও ১৬ হাজার ৪৭৬ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এসব দুর্ঘটনায় ৯৬২ নারী ও ১ হাজার ৮টি শিশু নিহত হয়েছেন। ২০২৫ সালে সড়কে এই প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায়। ২০২৫ সালে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। সড়ক দুর্ঘটনা একটি জাতীয় মহাদুর্যোগে পরিণত হয়েছে।

মানুষ মারা যাচ্ছে কেবল তা নয় দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলোতেও চলে শোকের মাতম। স্বজন হারিয়ে বাকরুদ্ধ হন তারা। অবস্থা এমন, সড়ক-মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়াও নিরাপদ নয়। কখন চাকার নিচে চাপা পড়ে সে শঙ্কায় থাকতে হয়। নিজের সচেতনতা নিজেরই হওয়া ছাড়া কোনো উপায় নেই। মৃত্যুফাঁদে পরিণত দেশের সড়ক-মহসড়কগুলো। প্রতিদিন অসংখ্য মানুষকে চাকরি, ব্যবসাসহ নানা গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় শিক্ষার্থীদের। পথে সড়ক দুর্ঘটনার সমূহ আশঙ্কা থাকলেও একপ্রকার জানবাজি রেখেই চলতে হয়। কোনো উপায় নেই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বা নিয়ন্ত্রণের ব্যাপারে কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না, দায়সারা গোছের কিছু ব্যবস্থা নিয়েই শেষ! সড়ক দুর্ঘটনায় জড়িত অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড র বিধান কার্যকর করতে হবে।

কোনো ধরনের লক্কড়-ঝক্কড় মার্কা কিংবা দুর্বল ইঞ্জিনের যান যেন রাস্তায় চলাচল করতে না পারে সে ব্যাপারে কঠোর হতে হবে। রাস্তার মাঝে গাড়ি ঘোরানো, বেপরোয়া গতি, নেশা করে গাড়ি চালানো ইত্যাদি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া জরুরি। তাছাড়া ফিটনেসবিহীন যানবাহনের অবাধে চলাচল, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের বেপরোয়া মনোভাব, চলন্ত অবস্থায় মুঠোফোন বা হেডফোন ব্যবহারও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। এছাড়া রাস্তায় ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ ও আইন অমান্য করা, ছোট যানবাহনের ব্যাপক বৃদ্ধি, সড়কে চাঁদাবাজি, রাস্তার পাশে হাটবাজার, চালকের নিয়োগ ও কর্মঘণ্টা সুনির্দিষ্ট না থাকা এবং দেশব্যাপী নিরাপদ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে ইজিবাইক-ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা নির্ভর গণপরিবহন ব্যবস্থার কারণেও সড়ক দুর্ঘটনা বাড়ছে। গ্রামীণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি প্রায় নেই। ফলে যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। একই সঙ্গে শিশুরাও সড়ক ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে সচেতন নয়। এই সামগ্রিক অব্যবস্থাপনার ফলেই শিশু নিহত ও পঙ্গু হওয়ার ঘটনা বাড়ছে। আমরা সড়ক দুর্ঘটনামুক্ত একটি বাংলাদেশ প্রত্যাশা করি।