আজ পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য– ‘সরকারি খরচে বিরোধ শেষ/সবার আগে বাংলাদেশ’। গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তবে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী দীর্ঘদিন এ অধিকার থেকে বঞ্চিত ছিল। এই সীমাবদ্ধতা দূর করতে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়েছিল। তবে সময়ের প্রয়োজনে এবং বিচারপ্রার্থী মানুষের সংখ্যা বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই একটি ঐতিহাসিক অধ্যাদেশের মাধ্যমে এই আইনটির ব্যাপক সংশোধন ও আধুনিকায়ন করা হয়েছে।
২০২৫ সালের সংশোধনী আইনগত সহায়তা কার্যক্রমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো দান করেছে। আগে এটি একটি সংস্থা হিসেবে পরিচালিত হলেও বর্তমান সংশোধনীর মাধ্যমে একে একটি পূর্ণাঙ্গ ‘অধিদপ্তরে’ রূপান্তর করা হয়েছে। এই অধিদপ্তরের প্রশাসনিক প্রধান হিসেবে একজন মহাপরিচালক পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে মাঠ পর্যায়ে আইনি সহায়তা কার্যক্রম তদারক, বরাদ্দ এবং বাস্তবায়ন আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরতে গিয়ে তাঁর কারাজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি উল্লেখ করেন, ওয়ান-ইলেভেনের সময় ১৮ মাস কারাগারে থাকাকালীন তিনি প্রত্যক্ষ করেছেন, প্রায় ৩০ শতাংশ কয়েদি শুধু তীব্র দারিদ্র্যের কারণে বিনা বিচারে বা বিনা কারণে জেল খাটছেন। তারা অপরাধী কিনা– প্রমাণের আগেই আইনি লড়াই চালানোর মতো সামর্থ্য না থাকায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রধানমন্ত্রীর এই মানবিক দৃষ্টিভঙ্গি এবং আইনমন্ত্রীর প্রতি তাঁর বিশেষ নির্দেশনা রাষ্ট্রকে নিরপরাধ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে।
২০২৫ সালের সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে এই সেবার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে যেসব বিরোধের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তিকে প্রথমেই লিগ্যাল এইড অফিসে আবেদন করতে পারবেন, সেগুলোর প্রথমটি পারিবারিক ও সামাজিক সুরক্ষা। পারিবারিক আদালত আইন ও পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ অনুযায়ী সৃষ্ট বিরোধ। তা ছাড়া সম্পত্তি ও ভূমি-সংক্রান্ত নিষ্পত্তি যেমন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, বণ্টন মামলা এবং অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ। আর্থিক বিরোধ নিষ্পত্তি– যেমন চেক ডিজঅনার সংক্রান্ত মামলা (অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত)। নারীর সুরক্ষাও এর অন্তর্ভুক্ত। যৌতুক নিরোধ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারা অনুযায়ী যৌতুকের জন্য নির্যাতন সম্পর্কিত অভিযোগ। এই সংশোধনী বাংলাদেশের বিচার বিভাগীয় ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। এর ইতিবাচক দিকগুলো হলো–
অন্তর্ভুক্তিমূলক বিচার। কেবল সচ্ছলরাই নয়, বরং সমাজের প্রান্তিক মানুষও রাষ্ট্রের খরচে মানসম্মত আইনি পরামর্শ ও সহায়তা পাচ্ছে। মামলাপূর্ব বিরোধ নিষ্পত্তি– নতুন এই সংস্কারের ফলে মানুষ আদালতে যাওয়ার আগেই লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিরোধ মীমাংসার সুযোগ পাচ্ছে। এতে আদালতের ওপর মামলার পাহাড়সম চাপ কমবে। সময় ও অর্থ সাশ্রয়–সরকারি খরচে উকিল নিয়োগ ও পরামর্শ পাওয়ার ফলে দরিদ্র বিচারপ্রার্থীদের অর্থনৈতিক বোঝা লাঘব হচ্ছে।
ন্যায়বিচার কেবল আদালতের চার দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নয়; বরং তা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। ২০২৫ সালের সংশোধিত আইনগত সহায়তা অধ্যাদেশ সে লক্ষ্য পূরণের একটি বলিষ্ঠ পদক্ষেপ। এটি কেবল আইনি নথি নয় বরং অসহায় মানুষের জন্য এক আস্থার প্রতীক। সংবিধানের মৌলিক চেতনার আলোকে এই সংস্কার বাংলাদেশের আইনি ব্যবস্থাকে আরও মানবিক, কার্যকর এবং সময়োপযোগী করে তুলেছে।
nমহসিনুল হক: স্পেশাল জজ, সিনিয়র জেলা ও দায়রা জজ, কুমিল্লা
